All posts by jitu

কবে ঈদুল আজহা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট:

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কবে ঈদ হতে পারে তা নিয়ে মানুষের আগ্রহের কমতি থাকে না। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবার ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে এ তারিখ জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সরকারি সংস্থাটির হিসাব অনুযায়ী, শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার কথা। সেক্ষেত্রে দেশে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আবহাওয়াবিদ নাইমা বাতেন স্বাক্ষরিত জিলহজ মাসের চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়েছে, আগামী ৬ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ মান সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন ৬টা ৪৪.১ মিনিটে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ০.০০৪২ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ২২ মিনিট আগে চন্দ্রাস্ত হবে।

পরের দিন শুক্রবার (৭ জুন) ৬টা ৪৪.৫ মিনিট সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১.০০৪৫ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪১.৯ মিনিট পর চন্দ্রাস্ত হবে। ওই দিন বিকেল ৪টা ১৫.৬ মিনিটে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে।

পরের দিনে শনিবার (৮ জুন) ৬টা ৪৪.৮ মিনিটে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ২.০০৪৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার এক ঘণ্টা ৩৮.১ মিনিট পর চন্দ্রাস্ত হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে, ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমে ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে। সেখানে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী, চান্দ্র মাস শুরু হাওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে।

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার (৮ জুন) জিলহজ মাস শুরু হবে। এক্ষেত্রে আগামী ১৭ জুন (১০ জিলকদ, সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এক্ষেত্রে জিলকদ মাস ২৯ দিনেই শেষ হবে। শুক্রবার চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। তখন জিলহজ মাস শুরু হবে রোববার (৯ জুন)। সেক্ষেত্রে ১৮ জুন (মঙ্গলবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

চৌদ্দগ্রামে দুই কাভার্ডভ্যানের মাঝে পড়ে নিহত ২ ভাই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের মাঝে পড়ে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন এবং মো. সাগর। তারা দুইজনেই কাভার্ডভ্যানের সহকারী ও আপন ভাই ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার ভোর রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান সড়কের মাঝখানে যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে যায়। পরে অন্য একটি কাভার্ডভ্যানের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে সেটিকে চালু করার চেষ্টা করে। সামনের কাভার্ডভ্যানের সহকারী দুইজন নষ্ট কাভার্ডভ্যানটিকে চালু করতে সহযোগিতা করছিল। এ সময় একই লেনে ছুপুয়া এলাকায় এলে তৃতীয় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নষ্ট কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে দুইজন ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও বলেন, এ ঘটনার পর কাভার্ডভ্যান তিনটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পেছন থেকে ধাক্কা দেওয়া তৃতীয় কাভার্ডভ্যানের চালক এবং সহকারী পালিয়ে গেলে তাদের আটক করা যায়নি।

চাঁদপুরে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা জব্দ

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের ডাকাতিয়ার মোহনায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়। সোমবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এতথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল আজ সকালে সদর থানাধীন ডাকাতিয়া নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পুরাতন লঞ্চঘাট সংলগ্ন ট্রলার ঘাটের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ দৃষ্টি গোচর হয়। অতঃপর ব্যাগ দুটি তল্লাশী করে ০৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু 

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে পুকুরের পানিতে ডুবে মো. জুনায়েদ (৬) নামে এক শিশু মারা গেছে।

উপজেলা সদরের উত্তর আরিফাইল গ্রামে সোমবার দুপুরে (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

জুনায়েদ ওই এলাকার মো. হারুণ মিয়ার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায় জুনায়েদ। এসময় সবার অগোচরেই সে ডুবে যায়। এক পর্যায়ে পানিতে মরদেহ ভেসে উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা রূপায়ন টাওয়ারে ব্যবসায়ীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহ ইমরান:

কুমিল্লায় রূপায়ণ দেলোয়ার টাওয়ারে দোয়া ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩ জুন কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত রূপায়ণ দেলোয়ার টাওয়ারে দোকান মালিকদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন কুমিল্লা অফিসের এজিএম মোঃ রফিকুল হায়দার, কান্ট্রি সার্ভিস ডিপার্টমেন্টের মোঃ মামুন হোসেন, মার্কেটিং এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের জৈষ্ঠ্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, এছাড়া দেলোয়ার হোসেন, থিয়েটার এন্ড এন্টারপ্রাইজ এর অহিদুল রহমানসহ আরও অনেকে।

মত বিনিময় সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রামে চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলামের বিরামহীন প্রচারণা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

আগামী ৫ জুন চতুর্থ ধাপে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তৌহিদুল ইসলাম। তিনি মোটর সাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন উপলক্ষে সমর্থক ও কর্মীদের নিয়ে রোববার ও সোমবার দিনব্যাপী শ্রীপুর ইউনিয়নের কলাবাগান, উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার, চৌদ্দগ্রাম পৌরসভা, আলকরা, গুনবতী, কনকাপৈত, বাতিসা, মুন্সিরহাট, শুভপুর ইউনিয়নের কাদৈর বাজার, কাশিনগর গণসংযোগ করেন। তৌহিদুল ইসলাম শ্রীপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি ১৯৮২ সালে শ্রীপুর প্রসন্ন একাডেমী থেকে এসএসসি, ১৯৮৪ সালে কুমিল্লা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে সৌদিআরবে প্রবাস জীবন শুরু করেন।

সেখানে তিনি ব্যবসা করেন। তিনি ঢাকা ইউনাইটেড হাউজিং প্রাঃ লিমিটেড ও আল খামিজ ট্রাভেলসের পরিচালক। তাঁর বাবার নামে গ্রামে শরীফপুর মোতালিবিয়া দাখিল মাদরাসা রয়েছে।

তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, আমি মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। সমাজের গরীব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। সকলে আগামী ৫ জুনের নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিবেন। আমি আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।

কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এছাড়া জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্যও নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (৩ জুন) সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা, সড়ক, রেলপথ ও নৌ পথের নিরাপত্তা এবং জনগণের নিরাপদ যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বের সময় আইজিপি এ নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি এবং ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা অনলাইনে সংযুক্ত ছিলেন।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা, গার্মেন্টস ও শিল্পকারখানা, ট্রাফিক ব্যবস্থাপনা, কোরবানির পশু পরিবহন ও ক্রয়-বিক্রয় এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি সভায় উপস্থাপন করা হয়। সভা থেকে আইজিপি ঈদে ঘরমুখো মানুষের গমনাগমন স্বস্তিদায়ক করার জন্য হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশকে নির্দেশ দেন।

আইজিপি বলেন, ঈদ সামনে রেখে মহাসড়কে ও সড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ির চলাচল বন্ধ থাকবে। সড়ক অথবা নৌপথে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে পশুবাহী গাড়ির সামনে গন্তব্য স্থান উল্লেখ করে ব্যানার লাগানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

আইজিপি কোরবানির পশু পরিবহনে কেউ বাধা সৃষ্টি করলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার জন্য অনুরোধ করেন। পশু ব্যাপারীদের অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। দুর্ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়িতে বা ট্রাকে ভ্রমণ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান আইজিপি।

গুরুত্বপূর্ণ ঈদ জামায়াতের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, ঈদের ছুটিতে অনেকে বিনোদনকেন্দ্রে বেড়াতে যাবেন। বিনোদন কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সবাই মিলে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা আসন্ন পবিত্র ঈদুল আজহায় একটি সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হবো।

সরকারি অফিসের নতুন সময়সূচি

ডেস্ক রিপোর্ট:

দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। ঈদুল আজহার পর নতুন সূচি ধরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আসন্ন ঈদুল আজহার পরে এই অফিস সময়সীমা কার্যকর হবে।

এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সেসময় এমন সিদ্ধান্ত নেয় সরকার।

দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে বেনজীর যেকোনো জায়গায় যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে কোর্ট বা দুদকের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায়, তিনি চাইলে যেকোনো জায়গায় যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এন্টিগা ও নিউইয়র্ক সফর পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তি‌নি।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ৬ জুন দুদকে তলব করা হয়েছে। কিন্তু তিনি দেশে নেই বলে খবর চাউর হয়েছে। য‌দি তি‌নি দেশে না থেকে থাকেন তবে তার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে কিনা- জানতে চান এক সাংবা‌দিক।

জবাবে হাছান মাহমুদ বলেন, তার দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কোর্টও দেয়নি, দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যেকোনো জায়গায় যেতেই পারেন।

তি‌নি বলেন, ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তাহলে তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন।

বেনজীর-আজিজ এ সরকারের সৃষ্টি বলে বিএনপির অভিযোগ রয়েছে। এ অ‌ভিযোগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃ‌ষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। সরকারের কোনো হাত নেই বিধায় দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে, যার কারণে বিষয়গুলো উঠে এসেছে।

তি‌নি বলেন, আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। এটাতো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিস্কার।

মাঝ আকাশে ২ বিমানের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল পাইলটের

ডেস্ক রিপোর্ট:

পর্তুগালে মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। একটি এয়ার শো-এর সময় মাঝ আকাশে এ সংঘর্ষ হয়। এতে একজন পাইলট নিহত ও আরেকজন আহত হয়েছেন। দক্ষিণ পর্তুগালে রোববার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পর্তুগিজ বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বিকালে ছয়টি ছোট বিমান একটি এয়ার শো-তে অংশ নেয়। একপর্যায়ে বিকেল ৪টা ৫ মিনিটে দুটি বিমান দুর্ঘটনার মুখে পড়ে।

এ ঘটনার একটি ভিডিও একজন দর্শক ধারণ করেছেন। পরে তিনি সেটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, আকাশে ছয়টি বিমান একসঙ্গে উড়ছে। এদের মধ্যে থেকে হঠাৎ একটি বিমান আরেকটির গায়ে ধাক্কা দেয়। এতে বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়।

বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেন, বিমান দুর্ঘটনায় একজন স্প্যানিশ নাগরিক মারা গেছেন। তিনি দুর্ঘটনা কবলিত একটি বিমানের পাইলট ছিলেন। আরেকজন আহত পাইলট পর্তুগিজ নাগরিক। তিনি কিছুটা আঘাত পেয়েছেন। বেজা হাসপাতালে নেওয়ার আগে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো এটিকে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা বলেছেন, এ এয়ার শো আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল। সবাই এই আনন্দ ভাগ করে নেবে। তবে এটি এখন বেদনার মুহুর্তে পরিণত হয়েছে।