All posts by jitu

কুবির ৪ শিক্ষার্থী পেলেন ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

প্রথমবারের মতো ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের চারজন রোভার। এছাড়াও ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’ এ মনোনীত হয়েছেন দুই জন ইউনিট লিডার।

সোমবার ( ৩ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. তোফাজ্জল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা যায়, রোভার স্কাউটিং কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ এ মনোনীত হয়েছেন তারা। অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন, সাবেক সিনিয়র রোভারমেট মাহমুদুল ইসলাম, গার্ল-ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যা, রোভারমেট সাইদুল হাসান সিফাত ও সহকারী রোভারমেট সাইদুল আলম।

এছাড়াও ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’ এ মনোনীতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও কুবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মো. জিয়া উদ্দিন এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও গার্ল-ইন ইউনিট লিডার ড. জান্নাতুল ফেরদৌস।

গ্রুপ সম্পাদক মো. জিয়া উদ্দিন বলেন, রোভাররা যেকোন পরিস্থিতিতে দেশ ও মানুষের কল্যাণে সেবা দিতে প্রস্তুত থাকে। তারা প্রতিনিয়ত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। তাদের এই কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছরের ন্যায় এবারও ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করেছে। আমাদের কাছে অত্যন্ত আনন্দের ও গৌরবের ব্যাপার হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ৪ জন রোভার এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। আশা করি, আমাদের অর্জনের ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি অন্য রোভাররাও অনুপ্রাণিত হবে।’

উল্লেখ্য, স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

জনবল সংকটে চাঁদপুর-লাকসাম রেলপথের কার্যক্রম বন্ধ ৫ স্টেশন

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

এগারোটি স্টেশন নিয়ে চাঁদপুর-লাকসাম রেলপথ যাত্রীসেবা। এর মধ্যে বর্তমানে ছয়টি সচল থাকলেও জনবল সংকটে বাকি পাঁচটি রেল স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। এক সময় বাণিজ্যিকভাবে মালামাল পরিবহনের জন্য ট্রেন থাকলেও এখন বন্ধ।

মাল পরিবহনের ঐ রেললাইনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় স্থানীয়রা যে যার মতো দখল করছে। সম্প্রতি সদর উপজেলার রেল এলাকা ঘুরে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কার্যালয় থেকে জানা গেছে, চাঁদপুর অংশে রেল স্টেশনগুলো হচ্ছে চিতোষী, মেহার, শাহরাস্তি, ওয়ারুক, হাজীগঞ্জ, বলাখাল, মধুরোড, শাহতলী, মৈশাদী, চাঁদপুর কোর্ট ও চাঁদপুর স্টেশন। এর মধ্যে কার্যক্রম চালু আছে চিতষী, মেহার, হাজীগঞ্জ, মধুরোড, চাঁদপুর কোর্ট ও চাঁদপুর স্টেশন। এক সময় চাঁদপুর-লাকসাম, চট্টগ্রাম, ভৈরব ও সিলেটের মধ্যে আটটি ট্রেন চলাচল করত। কিন্তু এখন মাত্র দুটি ট্রেন চলাচল করে। দুটি ট্রেনই চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চালু রয়েছে। একটি আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস এবং অন্যটি সাগরিকা এক্সপ্রেস। বাকি লোকাল ছয়টি ট্রেন এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে।

মৈশাদী রেল স্টেশন এলাকার বাসিন্দা মির্জা জাকির বলেন, আমাদের মৈশাদী রেল স্টেশনে কখনই সরকারি লোকবল ছিল না। যখন লোকাল ট্রেন চলাচল করত, তখন স্বেচ্ছাশ্রমে টিকিট বিক্রির ব্যবস্থা ছিল। এখন স্টেশন আছে, জনবল নেই। বর্তমানে চলাচল করা দুটি ট্রেনের মধ্যে সাগরিকা এক্সপ্রেসে মৈশাদী স্টেশন থেকে যাত্রী চলাচল করতে পারছে। টিকিট ক্রয় করতে হয় ট্রেনে উঠার পর।

সরেজমিনে জানা যায়, চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় থেকে জেলা খাদ্যগুদাম পর্যন্ত এবং চাঁদপুর স্টেশন থেকে পদ্মা ও যমুনা ওয়েল কোম্পানির ডিপো পর্যন্ত রেললাইনগুলো বর্তমানে পরিত্যক্ত। পরিত্যক্ত রেললাইন এলাকার বাসিন্দা মোস্তফা বেপারী বলেন, গত প্রায় ২০ বছর ধরে এ পথে কোনো ট্রেন আসে না। শহরের জামতলা এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী শাহজাহান বলেন, এক সময় সার, কীটনাশকসহ অনেক পণ্যই মালবাহী ট্রেনে আসত। এখন মালবাহী ট্রেনের পণ্য পরিবহন বন্ধ রয়েছে। যে কারণে এখানকার রেললাইন পরিত্যক্ত এবং অবৈধভাবে দখল হয়ে আছে। চাঁদপুর স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) সোয়াইবুল সিকদার বলেন, চাঁদপুর-লাকসাম রেলপথের ৫১ কিলোমিটার অংশে ১১টি স্টেশন রয়েছে। এর মধ্যে ছয়টি বর্তমানে সচল। জনবল সংকট থাকায় বাকি পাঁচটি স্টেশন বন্ধ রয়েছে। তবে, স্টেশনগুলো অবকাঠামগত কোনো সমস্যা নেই।

পরিত্যক্ত রেললাইন সম্পর্কে তিনি বলেন, এক সময় এ লাইনগুলো দিয়ে পণ্য পরিবহন হতো। কিন্তু জেলা খাদ্যগুদাম এখন নদী ও সড়ক পথে পণ্য পরিবহন করছে। আর পদ্মা ও যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড নদীপথে জ্বালানি পরিবহন করছে। এতে দীর্ঘদিন ধরে লাইনগুলো এভাবেই পড়ে আছে। তিনি জানান, খাদ্যগুদাম ও ওয়েল কোম্পানি আবারও পণ্য পরিবহনের জন্য আবেদন করলে লাইনগুলো চালু করা হবে। দীর্ঘ বছর লাইনগুলো ব্যবহার না করায় কোনো কোনো স্থানে অবৈধভাবে দখল হয়ে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালনা হবে।

এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ মাঝে মাঝে ভ্রাম্যমাণ উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কয়েকদিনের ব্যবধানে আবার যেই সেই হয়ে যায় স্থানীয় প্রভাবশালীরা কর্তৃক। তবে স্থায়ীভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে অনুরোধ সচেতন মহলের।

এক সপ্তাহে সাড়ে ৯ লাখ শিক্ষার্থীর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন

ডেস্ক রিপোর্ট:

এবার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পদে পদে ভোগান্তির মুখে পড়ছেন শিক্ষার্থীরা। সার্ভার জটিলতা কাটিয়ে উঠলেও পেমেন্ট নিয়ে এখনো ভুগতে হচ্ছে ভর্তিচ্ছুদের। তারপরও আবেদন শুরুর পর ৭ দিনে প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভালো কলেজ পাওয়ার প্রত্যাশায় আবেদন করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তার দেওয়া তথ্যমতে, রোববার (২ জুন) রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত আবেদন করেছেন ৯ লাখ ৪৭ হাজার ৬১৫ জন। আবেদনকারীরা সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করার সুযোগ পেয়েছেন। তারা মোট ৫১ লাখ ৭০ হাজার ১২টি পছন্দক্রম জমা দিয়েছেন।

আবেদন করা ৯ লাখ ৪৭ হাজার ৬১৫ জনের মধ্যে সফলভাবে ফি পরিশোধ করেছেন ৯ লাখ ৩৪ হাজার ১৫৯ জন। এর আগে গত ৩০ মে পর্যন্ত আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৬৩ হাজার ৮৩৬টি। সেই হিসাবে গত দুই দিনে প্রায় ৪ লাখ শিক্ষার্থী নতুন করে আবেদন করেছেন।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘সার্ভার জটিলতার কারণে নির্ধারিত দিন ২৬ মে আবেদন শুরু করা সম্ভব হয়নি। ২৭ মে থেকে পুরোদমে আবেদন চলছে। এরমধ্যে পেমেন্টসহ আরও কিছু জটিলতার অভিযোগ পেয়েছিলাম আমরা। সেগুলো এখন সমাধান হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে আবেদন করতে পারছেন।’

গত ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থী। তবে এবার সারাদেশে কলেজ ও আলিম পর্যায়ের মাদরাসায় ২৫ লাখ আসন রয়েছে। সেই হিসাবে সব শিক্ষার্থী ভর্তির পরও প্রায় সাড়ে ৮ লাখ আসন খালি থাকবে।

৩ ধাপে আবেদন ও ফল প্রকাশের সূচি

প্রথম ধাপ

এ ধাপে আবেদন শুরু হবে ২৬ মে সকাল ৮টায়, চলবে ১১ জুন রাত ৮টা পর্যন্ত। ১২-১৩ জুন আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি এবং পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। একই সময়ে (১২-১৩ জুন) এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। ১৪-১৮ জুন ঈদুল আজহা উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে।

আগামী ২৩ জুন রাত ৮টায় প্রথম ধাপে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে। ২৩ জুন ফল প্রকাশের পর থেকে ২৯ জুন রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৪ জুলাই পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

দ্বিতীয় ধাপ

৩০ জুন শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদন। এ ধাপে আবেদন চলবে ২ জুলাই রাত ৮টা পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। ৫ থেকে ৮ জুলাই রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। ১২ জুলাই দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

তৃতীয় ধাপ

৯-১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন শুরু হবে। ১২ জুলাই তৃতীয় ধাপের ফল প্রকাশ এবং ১৩-১৪ জুলাই তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে।

ভর্তি

১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত তিন ধাপে নির্বাচিত এবং সফলভাবে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে। এরপর ৩০ জুলাই অনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

অর্থনীতি সমিতির ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকার বিকল্প বাজেট পেশ

ডেস্ক রিপোর্ট:

২০২৪-২৫ অর্থবছরের জন্য ১১ লাখ ৯৫ হাজার ৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

তাদের এ বাজেটের আকার চলতি অর্থবছরে সরকারের বাজেটের চেয়ে ১ দশমিক ৫৭ গুণ বেশি।

সোমবার (৩ জুন) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে এ বিকল্প বাজেট প্রস্তাব করেন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আইনুল ইসলাম। এতে সূচনা বক্তব্য দেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমদ।

আগামী ১০ বছরে ৭টি লক্ষ্য অর্জনের জন্য এ বিকল্প বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান আইনুল ইসলাম।

এগুলো হলো- ৭০-৮০ শতাংশ মানুষকে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত করা, বৈষম্য সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা, ধনির সম্পদ দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বণ্টন, উন্নয়নে দেশজ অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব, মানুষকে বিজ্ঞানমনস্ক ও আলোকিত করার সুযোগ তৈরি এবং শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

আইনুন ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক সংকট-মন্দাজনিত অনিশ্চিত বিদ্যমান। এসবের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে সরকারের নীতিনির্ধারকদের ভাবতে হবে।

অর্থনীতি সমিতির বাজেটে ২৪টি বিষয়ে ৩৪১টি সুপারিশ করা হয়। বাজেটে ১০ লাখ ২৪ হাজার ১১২ কোটি টাকা আসবে রাজস্ব থেকে। অন্যদিকে ১ লাখ ৭০ হাজার ৭১৯ কোটি টাকা ঘাটতি থাকবে। বিকল্প বাজেটে সরকারের আয়ের উৎস ২৭টি। নতুন উৎসের প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে রয়েছে অতিরিক্ত মুনাফার ওপর কর, সেবা থেকে প্রাপ্ত কর, বিদেশি পরামর্শক ফি ইত্যাদি।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে কোনো বৈদেশিক ঋণের প্রয়োজন হবে না। এই বাজেট বাস্তবায়ন হলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দরিদ্র-নিম্নবিত্ত শ্রেণির অবস্থান থেকে শক্তিশালী-টেকসই একটি মধ্য-মধ্যবিত্ত শ্রেণি অবস্থানে উত্তরণ করা সম্ভব।

এদিকে ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকার বাজেট উত্থাপন করতে পারেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সত্য ঘটনা অবলম্বনে বানানো হয় ভৌতিক এই সিনেমা!

ডেস্ক রিপোর্ট:

বলিউডে প্রথম ভৌতিক সিনেমা তৈরি করে ‘রামসে ব্রাদার্স’ প্রযোজনা সংস্থা। টিভিপর্দায় রমরমিয়ে চলছিল তাদের ভূতের সিরিয়াল, সিনেমা। যেসবের মাঝে ‘জি হরর শো’- আজও ভোলেনি ভারতীয় দর্শকেরা।

এই ‘রামসে ব্রাদার্স’-এর তৈরি বহু ভৌতিক সিনেমার মধ্যে একটা ছবি নাকি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। যেই সিনেমাটির নাম ‘ভিরানা’।

সত্য ঘটনা অবলম্বনেই ১৯৮৮ সালে বানানো হয়েছিল এই ছবি। খোদ রামসে-র নাতনি আলিশা কৃপালানি তার লেখা বই ‘আমাদের বাড়ির পেছনের ভূত’-এ সেই ঘটনা উল্লেখ করেছেন।

ঠিক কী ঘটনা ঘটেছিল? কোন ঘটনা থেকে বানানো হয় ‘ভিরানা’?

আলিশা লেখেন, ১৯৮৩ সালে মহাবালেশ্বরের পুরোনো মন্দির থেকে শুট শেষ করে মুম্বাইয়ে বাড়ি ফিরছিলেন শ্যাম রামসে। পথে এক মহিলাকে তিনি লিফট দেন। মহিলা অসম্ভব সুন্দরী ও লাস্যময়ী ছিলেন।

গাড়িতে একসঙ্গে কিছুটা পথ অতিক্রম করার পর শ্যাম বুঝতে পারেন, তার পাশে বসা মহিলা স্বাভাবিক নন। আচমকা মহিলার পায়ের দিকে তাকাতেই কেঁপে ওঠেন পরিচালক। মহিলার পায়ের পাতা ছিল উল্টো। এরপরই সেই লাস্যময়ী নারী একটি কবরস্থানের পাশে নেমে যান।

পুরো ঘটনায় ভয়ানক ভয় পান শ্যাম রামসে। যেই ঘটনা থেকেই ‘ভিরানা’ বানানোর সিদ্ধান্ত নেন তিনি। যেই সিনেমার গল্পে দেখা যায়, এক সুন্দরী ডাইনি পুরুষদের নিজের রূপের জালে ফাঁসিয়ে খুন করে।

১৯৮৮ সালের ৬ মে মুক্তি পায় ‘ভিরানা’। নায়িকা জ্যাসমিন ঢুন্না রাতারাতি স্টার হয়ে যান এক সিনেমাতেই। পর্দায় এই নায়িকাকে দেখে প্রেমে পরে যান দাউদ ইব্রাহিমের মতো মাফিয়া।

৬০ লাখ টাকায় বানানো এই ছবি দেড় কোটির ব্যবসা করে সে সময়ে। তবে এই এক সিনেমার পরেই বলিউড ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান জ্যাসমিন। অনেকে মনে করেন দাউদ ইব্রাহিমের নজর পড়ায় সিনেমায় আর অভিনয় করেননি তিনি।

প্রেম করে চাচাতো বোনকে গোপনে বিয়ে করায় সৌরভকে খুন

ডেস্ক রিপোর্ট:

চাচাতো বোনের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক, গোপনে করেছিলেন বিয়েও। ওমর ফারুক সৌরভের পরিবার মেনে নিলেও, মানতে পারেননি মেয়ের পরিবার। সেই ক্ষোভেই সৌরভকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

ময়মনসিংহ সদরের মনতলা এলাকায় ব্রিজের নিচে লাগেজে খণ্ডিত দেহ ও তার পাশ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধারের পর রোববার (২ জুন) বিকেলে মেলে পরিচয়। খবর পেয়ে রাতেই ছুটে আসেন পরিবারের সদস্য ও সৌরভের বন্ধুরা। হত্যার ঘটনায় রাতেই হয়েছে মামলা।

স্বজনরা জানান, প্রেমের সম্পর্ক ছিল ওমর ফারুক সৌরভ ও তার চাচাতো বোন ইসরাত জাহান ইভার। গত ১২ মে ঢাকায় যান ইভা। পরে সৌরভের এক বন্ধুর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সৌরভ-ইভা। এরপর নিজের বাসাতেও নিয়ে গিয়েছিলেন সৌরভ। ওইদিনই ইভা চলে আসেন ময়মনসিংহে। দুই দিন পর ময়মনসিংহে এসে চাচা-চাচিকে বুঝানোর চেষ্টা করেন সৌরভ। কিন্তু না মেনে উল্টো তাকে মেরে ফেলার হুমকি দেন।

সৌরভের মায়ের অভিযোগ, ইভাকে কানাডা পাঠিয়ে দেওয়ার পর তার ছেলেকে ডেকে এনে হত্যা করেছে তারই আপন চাচা। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মাইন উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে ওমর ফারুক সৌরভ। সপরিবারে ঢাকায় থাকতেন তারা। সৌরভ ঢাকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে পরিবার।

মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

অর্থ মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব সরাসরি নাকচ করায় ও বীর মুক্তিযোদ্ধার কাছে বিদ্যুৎ প্রকৌশিলীর ঘুষ চাওয়ার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদে, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অবস্থান, বিক্ষোভ মিছিল হয়েছে স্থান ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে তারিখ ২জুন ২০২৪ সকাল ১১ টায়

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি নাকচ করায় ও বীর মুক্তিযোদ্ধার কাছে বিদ্যুৎ প্রকৌশলীর ঘুষ চাওয়ার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মহানগর উত্তরের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া বলেন, মাননীয় অর্থমন্ত্রী ও অর্থ সচিবের মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। বীর মুক্তিযোদ্ধার কাছে বিদ্যুৎ প্রকৌশলীর ঘুষ চাওয়ার তীব্র প্রতিবাদ জানান।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দুর্নীতি দমন কমিশন কে শক্তিশালী করার দাবি জানান, ২৪ ২৫ সালের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কিছু অর্থ বরাদ্দ রাখার দাবি জানান কোটা সংস্কার করে হলে সংরক্ষণসহ কোটা ফেরত এর দাবি জানান কোটা সংরক্ষণ না থাকায় মুক্তিযোদ্ধার সন্তানরা নাতিরা লিখিত পরীক্ষায় পাশ করার পরও তাদের নেওয়া হচ্ছে না যা খুবই দুঃখজনক ।

আরো বক্তব্য রাখেন মহাসচিব জনাব মো:শফিকুল ইসলাম বাবু,ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান, মোঃ জুয়েল মিয়া,যুগ্ম মহাসচিব আবু সুফিয়ান ফারুক ভূঁইয়া,আবু সুফিয়ান, মামুন হাওলাদার অন্যান্য কেন্দ্রীয়,মহানগরের নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন ওমর শরীফ সাধারণ সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ঢাকা মহানগর উত্তর, সার্বিক পরিচালনায় ছিলেন দেলোয়ার হোসেন সহ-সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,সেলিম নয়ন দপ্তর সম্পাদক উত্তর মহানগর, সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন ডাকাত গ্রেফতার

 

শাহ ইমরান:

কুমিল্লা গোমতী নদীর বেড়ীবাধের উপরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই(নি.) মোহাম্মদ আব্দুল আউয়াল সুমন ও সঙ্গীয় অফিসার ফোর্সের যৌথ অভিযানে ডাকাতির উদ্দেশ্যে অবস্থানরত এই ডাকাত চক্রকে আটক করা হয়।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা ও আইসি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছানোর পর ডাকাত দল পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো, সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মৃত মোঃ আবুল হোসেনের ছেলে সোহেল মোল্লা, একই গ্রামের মৃত জেহান উদ্দিনের ছেলে নেয়ামতুল, বরুড়া থানার দেওরা গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে বিল্লাল হোসেন, একই গ্রামের মইন উদ্দিনের ছেলে আল-আমিন।

অভিযানে ডাকাতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি স্টীলের চাপাতি, একটি লোহার তৈরি কোড়াবাড়ি এবং ৪টি লোহার রড উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা নং-০৬ একটি মামলা রুজু করা হয়েছে।

মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দেশটির পাহাং রাজ্যের জালান তেমেরলোহ-জেরান্তুত’র মধ্যবর্তী সড়কে দুই লরির সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

তেমেরলোহ জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মাজলান হাসান জানান, তেমেরলোহ থেকে জেরান্তুতগামী লরিটি ডানদিকের জংশনে প্রবেশের জন্য অপেক্ষমাণ ছিল। এসময় পামওয়েলের ফল বোঝাই আরেকটি লরি এসে পেছনে ধাক্কা দেয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ধাক্কা দেওয়া লরিটির ভেতরে থাকা ২৮ বছর বয়সী বাংলাদেশি হেলপার ঘটনাস্থলেই মারা যান। সেইসঙ্গে ডান হাতে গুরুতর আঘাত পান লরিটির চালক। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপর লরির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনায় নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।