All posts by jitu

সদর দক্ষিণে স্কুল  ছাত্রীর আত্মহত্যায় প্ররোচণা মামলার প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকার  স্কুল  ছাত্রী নাহিদা আক্তার মীমের  (১৭) আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি কুখ্যাত  মাদক ব্যবসায়ি  ও সন্ত্রাসী খায়রুল হাসান শুভ (৩৪) এখনো ধরাছোঁয়ার বাইরে । এলাকায় তার যাতায়াত থাকলেও পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারেনি।

স্কুল ছাত্রী নাহিদা আক্তার মীমকে বিয়ে করার প্র্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে একটি বাড়িতে রেখে ২/৩ দিন নির্যাতন করে খায়রুল হাসান শুভ। তাকে সহায়তা করে মামলার দ্বিতীয় আসামি মো: রাজন মিয়া।

১১ মে রাত ১১ টার দিকে নিজ বাড়িতে কীটনাশক বিষ খেয়ে আত্মহত্যা করে।

এ মামলার প্রধান আসামি খায়রুল হাসান শুভ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকার  খোকন মিয়ার ছেলে। অপর আসামি রাজন মিয়া শ্রীবল্লভপুর এলাকার  সুরুজ মিয়ার ছেলে। শুভ’র  বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।

এ ঘটনায় নিহতের মা পারভীন আক্তার ১৩ মে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে পারভীন আক্তার উল্লেখ করেন, আমার স্বামী মামুন মিয়ার সাথে ‘বিগত আনুমানিক ৮/৯ বছর পূর্বে আমার ডিভোর্স হয়। এরপর থেকে আমরা পৃথক পৃথকভাবে বসবাস করি। আমাদের উক্ত সংসারে ৩ মেয়ের জন্ম হয়। তার মধ্যে মৃত নাহিদা আক্তার মীম (১৭) আমার বড় মেয়ে । মামুন মিয়ার সাথে আমার ডিভোর্স হওয়ার পর হতে আমার মেয়েরা কিছুদিন আমার বাড়ীতে এবং কিছুদিন তার বাবার  বাড়ীতে থাকত। এলাকার মাদক ব্যবসায়ি খায়রুল হাসান শুভ (বিবাহিত) আমার স্কুল পড়ুয়া মেয়ে নাহিদা আক্তার মীম (১৭) এর মোবাইল নাম্বার সংগ্রহ করে বিবাহের প্রলোভনে দেখিয়ে তার সাথে অবিরত ফোনালাপ করতো।  এক পর্যায়ে আমি বিষয়টি টের পেয়ে আমার মেয়েকে আমাদের দুরসম্পর্কের আত্মীয় রাজনের বাড়ীতে পাঠাইয়া দেই । হঠাৎ গত ৯ মে  রাজন আমাকে বলে যে, খায়রুল হাসান শুভ আমার নাবালিকা মেয়ে নাহিদা আক্তার মীমকে কক্সবাজার নিয়ে গেছে। এরপর আমি নিরুপায় হয়ে  আমার মেয়ে নাহিদা আক্তার মীমকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকি । খোঁজাখুঁজির এক পর্যায়ে গত ১১ মে দুপুরে আমার মেয়ে নাহিদা আক্তার মীম তার ব্যবহৃত নাম্বার ইমু হতে আমার মেঝো মেয়ে মাহি আক্তারের ব্যবহৃত মোবাইল নাম্বারের ইমুতে ফোন করে ও ম্যাসেজ দিয়া বলে যে, খায়রুল হাসান শুভ ২/৩ দিন আগে তাকে বিয়ে না করে এবং কক্সবাজার না নিয়ে অজ্ঞাতনামা আরো ২/৩ জন মিলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করেছে। তারা আমাকে বলেছে- তোর মত মেয়েকে কেউ বিয়ে করবে না। তুই বিষ খেয়ে মর। পরে রাত ১১ মে রাত ৮ টায় আমার মেয়ে মীম তার বাবার বাড়িতে গিয়ে কীটনাশক বিষ থেয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় দ্বিতীয় আসামি রাজন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ । তবে প্রধান আসামি শুভ এখনো গ্রেফতার হয়নি। সে প্রায় এলাকায় ঘোরাঘুরি করে।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক মো: মোতাব্বির হোসেন জানান, আসামি শুভ খুব চালাক। আমরা  বেশ কয়েকবার অভিযান চালিয়েছি। সে পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আম্বানিপুত্রের বিয়ের দ্বিতীয় অনুষ্ঠানের জন্য ৭৫০০ কোটি টাকায় ক্রুজ ভাড়া!

ডেস্ক রিপোর্ট:

এ মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে আলোচিত বিয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। গত জানুয়ারিতে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান হয়। এরপর মার্চে অনন্ত ও রাধিকা মার্চেন্টের প্রথম প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করেছিল আম্বানি পরিবার। গুজরাটের জামনগরে দুজনের প্রাক-বিবাহ অনুষ্ঠানই রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল।

আবারও এক প্রাক্-বিবাহ অনুষ্ঠান আলোচনায় চলে এসেছে। এবার বিদেশের মাটিতে বসেছে এই অনুষ্ঠানের আসর। তবে স্থলভাগে নয়, ভাসমান এক জাহাজে হচ্ছে এই প্রাক্-বিবাহ অনুষ্ঠান। ইতালিতে বিলাসবহুল ক্রুজ় ভাড়া করা হয়েছে এই প্রাক্-বিবাহ অনুষ্ঠানের জন্য। ২৯ মে থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। চলবে ১ জুন পর্যন্ত।

যে ক্রুজ়ে অনন্ত ও রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে, তা আদতে একটি ভাসমান প্রাসাদ। যে কোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এই ক্রুজ।

সংবাদমাধ্যমে প্রকাশ, সাত হাজার ৫০০ কোটি টাকার এই বিলাসবহুল ক্রুজ়টি ভাড়া করেছেন মুকেশ আম্বানি। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জন্য ক্রুজ়ের যে স্যুইটগুলো ভাড়া করা হয়েছে, তার প্রত্যেকটির জন্য আম্বানিদের খরচ হয়েছে প্রায় ৬০ লাখ টাকা।

প্রায় ৬০০ অতিথিকে নিয়ে দক্ষিণ ফ্রান্স থেকে পাড়ি দিয়েছে বিলাসবহুল একটি জাহাজ। দীর্ঘপথ অতিক্রম করে ইতালিতে ফিরবে। এই ক্রুজ়ে অতিথিদের জন্য রয়েছে এক আরামদায়ক স্পা। এ ছাড়া জিম, সুইমিংপুলও শোভা বাড়িয়েছে এই ক্রুজ়ের। যোগব্যায়াম করার জায়গাও আছে এখানে। ভোজনরসিকদের জন্য রয়েছে বিপুল আয়োজন।

‘বাংলাদেশের জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন’

ডেস্ক রিপোর্ট:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (০১ জুন) সাভারের ব্র্যাক সিডিএমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত ‘ক্লাইমেট ফাইন্যান্স এক্সেস অ্যান্ড মোবিলাইজেশন ইন বাংলাদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন শুধুমাত্র একটি পরিবেশগত বিষয় নয়; এটি একটি অর্থনৈতিক, সামাজিক এবং উন্নয়নমূলক বিষয় যা আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। জলবায়ু অর্থায়ন সংগ্রহ আমাদের নিম্ন-কার্বন, জলবায়ু-সহনশীল অর্থনীতিতে রূপান্তরকে সমর্থন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমাদের বেসরকারি খাতের বিনিয়োগ, আন্তর্জাতিক জলবায়ু তহবিল এবং উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থাকে কাজে লাগাতে হবে। আমাদের শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে এবং জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার, ব্যবস্থাপনা ও ব্যবহার কার্যকর করার জন্য আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

সাবের চৌধুরী বলেন, উন্নত দেশগুলোর নৈতিক এবং আইনগত দায়িত্ব রয়েছে উন্নয়নশীল দেশগুলোকে তাদের জলবায়ু কর্মে সহায়তা করার। আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের তাদের প্রতিশ্রুতিগুলো সম্মান করতে এবং পর্যাপ্ত আর্থিক সহায়তা করার আহ্বান জানাই।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, সুইডেনের দূতাবাসের উন্নয়ন সহযোগিতার উপ-প্রধান নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রোম, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার এবং উন্নয়ন পরিচালক ম্যাট ক্যানেল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশের প্রতিনিধি স্টেফান লিলারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এমপি আজীম হত্যায় জড়িত সিয়াম নেপালে আটক

ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্ত করতে শনিবার (১ জুন) সকালে নেপালের উদ্দেশে রওয়ানা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

ডিবি পুলিশ ও এনসিবির একজনসহ মোট চারজনের একটি দল নেপালের উদ্দেশে রওয়ানা দেয়।

সকাল ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ গেটে গণমাধ্যমকে বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি৷ এছাড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিরাও নেপালে যাওয়া সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।

তিনি বলেন, ডিবির হাতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গে‌ছে। সেসব তথ্য ক্রস‌চেক করা হবে।

হারুন বলেন, ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী নেপালের কাঠমান্ডুর মাটিকে পালানোর রুট হিসেবে ব্যবহার করছেন। এর মধ্যে আমাদের সংসদ সদস্য আনার হত্যার মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন এই কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে চলে গেছেন। আরও অনেক আসামি এখানে আত্মগোপনে থাকতে পারে বলে আমাদের কাছে খবর আছে। এর আগেও অনেক শীর্ষ সন্ত্রাসীর নেপালে থাকার কথা শুনেছি। আমরা যখন যেখানে গিয়েছি তাদের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে। কলকাতা পুলিশের সঙ্গে কিন্তু আমাদের ভালো যোগাযোগ ও সম্পর্ক হয়েছে। মূলত আমরা তদন্তের কাজে নেপাল যাচ্ছি। আমরা কাঠমান্ডু পুলিশের সঙ্গে ইন্টারেকশন ও তদন্ত কাজে সহযোগিতা চাইব।

সিয়াম হাসান নামে নেপালে একজনকে আটক করা হয়েছে। সেজন্যই কি আপনারা নেপাল যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, সব বিষয় নিয়েই আমরা কাঠমান্ডু যাচ্ছি। অনেক আসামিই সেখানে থাকতে পারেন। আমরা যাচ্ছি তথ্য সংগ্রহ করতে। আমরা মনে করি যে, ভবিষ্যতে যাতে কোনো অপরাধী অপরাধ সংঘটিত করে নেপালে বা কাঠমান্ডু যেতে না পারে। সে বিষয়টি আমরা কাঠমান্ডু পুলিশকে জানাব। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় কয়েকজন আসামি কাঠমান্ডু গেছেন। এরপর কেউ অন্যত্র চলে গেছেন। কেউ সেখানে থাকতে পারেন। সেই বিষয়েই তদন্ত করতে কাঠমান্ডু যাচ্ছি।

এর আগে কিন্তু আপনি বলেছিলেন, সিয়াম হাসান নেপালে থাকতে পারেন। এ ব্যাপারে জানতে আপনার মন্তব্য কী? এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, আমরা কিন্তু পুলিশ সদর দপ্তরের এনসিবির মাধ্যমে ইন্টারপোলকে চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে সংসদ সদস্য আনার হত্যায় জড়িত সিয়ামসহ কয়েকজন আসামি কাঠমান্ডু থাকতে পারেন। তারা যদি থাকে তাহলে তাদের যেন গ্রেপ্তার করা হয় সেজন্য অনুরোধ করেছি। এই বিষয়ে অগ্রগতি জানতে আমরা নেপাল যাচ্ছি।

আরেক প্রশ্নের জবাবে হারুন বলেন, কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার জিহাদ তালুকদারকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। বাংলাদেশে আমাদের মূল আসামি কয়েকজন আছে। তাদের সঙ্গে তো কথাবার্তা হয়েছে। এমপি আনার হত্যায় জড়িতরা ছাড়াও অনেক অপরাধী কিন্তু কলকাতা রুটকে ব্যবহার করছে। সংসদ সদস্য আনার হত্যায় জড়িতরা যে কলকাতা রুট ও কাঠমান্ডু রুট ব্যবহার করেছে সেটা আমরা কলকাতাকে যেমন বলেছি, নেপালকেও বলব।

এর আগে গত ১২ মে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। সেদিন সন্ধ্যা ৭টার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। পরের দিন, ১৩ মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে দুপুর ১টা ৪১ মিনিটে গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি। পরে বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি।

চলে যাওয়ার পর সন্ধ্যায় আনার তার বন্ধু গোপালকে জানান, তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন। পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে বন্ধু গোপালকে ফোন না দেওয়ার জন্য সতর্ক করেছিলেন।

গত ১৫ মে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় এমপি আনার বন্ধু গোপালকে জানান, তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সঙ্গে আছেন। তাকে ফোন করার দরকার নেই। একই বার্তা পাঠান বাংলাদেশে তার ব্যক্তিগত সহকারী রউফের কাছেও।

১৭ মে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গোপালকে ফোন করেন। ওই সময় তারা গোপালকে জানান, তার (আনার) সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। পরিবারের পক্ষ থেকে ওই দিন ঢাকায় থানায় অভিযোগ করা হয়। এরপর থেকে এমপি আনারের খোঁজ পাওয়া যায়নি।

২০ মে এমপি আনারের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে। তারা জানতে পারে, কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউমার্কেট এলাকায়। এরপর ১৭ মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে। পরে বুধবার (২২ মে) ভারতের এনডিটিভির খবরে বলা হয়, কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্লাটে এমপি আনারকে খুন করা হয়েছে।

আজ থেকে বাংলাদেশসহ ১৫ দেশের শ্রমিক মালয়েশিয়ায় ঢুকতে পারবেন না

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ৩১ মে’র পর বাংলাদেশসহ ১৫ দেশের শ্রমিক দেশটিতে ঢুকতে পারবেন না। ভিসা পেয়েও যারা মালয়েশিয়া আসতে পারছেন না, তাদের দ্রুত নেওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন মো. শামীম আহসান। রাতভর বিমান বন্দরে তিনি অবস্থান করেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, কাউন্সেলর লেবার সৈয়দ শরিফুল ইসলাম, প্রথম সচিব প্রেস সুফি আব্দুল্লাহিল মারুফ ও ওয়েলফেয়ার অ্যাসিসটেন্ট শিহাব হোসাইন।

সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, মালয়েশিয়া রাত ১২টার পর বাংলাদেশ থেকে আসা কর্মীরা নির্বিঘ্নে ইমিগ্রেশন পার করছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। ৩১ মে বাংলাদেশ ত্যাগ করে যারা মালয়েশিয়ায় আসছেন ১২টার পরেও তারা ইমিগ্রেশন পার হয়েছেন।

এখন পর্যন্ত যারা দেশটিতে পোঁছেছেন তাদের অনেকেই বিমানবন্দরে আটকা পড়েছেন। এই মুহূর্তে বিমানবন্দরের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থান করতে দেখা গেছে। এ অবস্থায় এয়ারপোর্টের শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখছে কর্তৃপক্ষ।

হাইকমিশনার বলেন, ভিসা পাওয়ার পরও যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় আসতে পারছেন না, তাদের যেন দ্রুত নিয়ে আসা যায় তার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ৫ লাখ ২৭ হাজারের বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে হাইকমিশন। এ পর্যন্ত ৪ লাখ ৭২ হাজারের বেশি কর্মী মালয়েশিয়ায় এসেছে। আমরা নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা যেন প্রতিশ্রুত কাজে যোগদান করতে পারেন। বিভিন্ন জটিলতায় হয়তো তারা আসতে পারছেন না। কিন্তু আমাদের প্রচেষ্টা চলমান।

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। গত বছর সেখানে গেছেন ৩ লাখ ৫১ হাজার ৬৮৩ জন কর্মী। এ পর্যন্ত ৪ লাখ ৭২ হাজারের বেশি কর্মী মালয়েশিয়ায় এসেছেন।

শনিবার (১ জুন) থেকে বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রায় ৩০ হাজার অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে পড়ছেন।

বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে কোনো কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গত জানুয়ারি মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বাংলাদেশসহ ১৫টি দেশের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি পুনরায় করার অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, ভারত ও ইন্দোনেশিয়া থেকে কর্মী যায় মালয়েশিয়ায়।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার পিএইচডি গবেষক মো. আরিজ মিথুন বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়ে যা হচ্ছে, তা দুর্বৃত্তপনা। এখানে সিন্ডিকেটের জয়জয়কার। এটা কোনো নিয়ম হতে পারে না, ভিসার মেয়াদ থাকার পরও ওই দেশে ঢুকতে পারবে না।

তিনি বলেন, দুই দেশের এখানে দায় রয়েছে। এতে ব্যবসায়ী সিন্ডিকেটের জয় হয়েছে, হেরেছেন প্রবাসী শ্রমিকেরা। অথচ এই প্রবাসী শ্রমিকদের টাকায় দেশ চলে। আমরা চাই সরকার এ ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন করে প্রকৃত সত্য খতিয়ে দেখুক। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবি জানান তিনি।

বিশ্বকাপের আগে চেন্নাই স্মরণ করল মুস্তাফিজকে

ডেস্ক রিপোর্ট:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। আপাতত ব্যস্ত আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। আর এই মেগা আসরে নামার আগে মুস্তাফিজকে শুভকামনা জানিয়েছে চেন্নাই।

গতকাল শুক্রবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে চেন্নাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের জার্সিতে করা মুস্তাফিজের অফিশিয়াল ছবিটি দিয়ে তার ক্যাপশনে ফ্যাঞ্চাইজিটি লিখেছে, ‘জাতীয় দলের দায়িত্বে ফিজ।’

চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। দলটার হয়ে প্রথম ম্যাচেই বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মুস্তাফিজ। ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে।

এরপর দলে পাথিরানা ফিরলেও আর বাদ পড়েননি। ফিজও দলের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আইপিএল ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির আসনটা ধরে রেখেছিলেন।

এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষদিকে ২৮ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধোনির দল।

কেউই আইনের ঊর্ধ্বে নয় : জো বাইডেন

ডেস্ক রিপোর্ট:

পর্ন তারকাকে ঘুষ প্রদানের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে আদালতের রায় প্রদানের ঘটনায় কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে রায় নিয়ে মাতামাতির পরিবর্তে নিজের দল ডেমোক্রেটিক পার্টির কর্ম-সমর্থকদের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজে অবশ্য এ ইস্যুতে কিছুই বলেননি বাইডেন, তার প্রতিনিধি হিসেবে বিবৃতি দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির এই শীর্ষ নেতার তার নির্বাচনী প্রচার-প্রচারণা টিমের পরিচালক মাইকেল টেইলার এবং হোয়াইট হাউস মুখপাত্র ইয়ান স্যামস। স্থানীয় সময় বৃহস্পতিবার আদালত রায় ঘোষণার কিছু সময় পর এক বিবৃতি টেইলার বলেন, ‘আজ নিউ ইয়র্কের আদালতে আরও একবার প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয়; কিন্তু আজকের রায় যুক্তরাষ্ট্রের জনগণকে সুন্দর ভবিষ্যতের পথে নিয়ে যেতে পারবে না।’

‘জনগণকে একটি সুন্দর ভবিষ্যত উপহার দিতে হলে ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই ওভাল অফিসের (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়) বাইরে রাখতে হবে। আর তা কেবল ব্যালট বাক্সের মাধ্যমেই সম্ভব।’

জো বাইডেনের পূর্বসূরি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ— পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক ইস্যুতে তার মুখ বন্ধ রাখার জন্য ২০১৬ সালের নির্বাচনের আগে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী বাজেট থেকে এই অর্থ স্টর্মিকে দিয়েছিলেন তিনি এবং এ সংক্রান্ত নথিতে সেই ঘটনা গোপন করেছিলেন।

মামলায় তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। আগামী ১১ জুলাই রায় ঘোষণা করবেন আদালত।

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাউন্সিল কার্যালয়ের মুখপাত্র ইয়ান স্যামস এক বার্তায় বলেন, ‘আদালতের রায়কে সম্মান জানাচ্ছি। এর বেশি কিছু আর বলার নেই।’

জানা গেছে, এই মুহূর্তে হোয়াইট হাউসেও নেই ট্রাম্প। নিজের বড় ছেলে বিউ বাইডেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ডেলাওয়্যার অঙ্গরাজ্যে স্ত্রী জিল বাইডেনসহ অবস্থান করছেন তিনি। মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৫ সালে মৃত্যু হয়েছিল বিউ বাইডেনের।

প্রসঙ্গত, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হচ্ছেন বাইডেন, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনেও দু’জনের দ্বৈরথ হয়েছিল, তবে সেবার ডোনাল্ড ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট এবং জো বাইডেন ছিলেন প্রার্থী।

নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে যখন ট্রাম্পের মামলার বিচারকাজ চলছিল, সে সময় মাঝে মাঝে প্রকাশ্যে এ নিয়ে ট্রাম্পের উদ্দেশে রসিকতা করলেও অধিকাংশ সময় এ ইস্যুতে চুপ ছিলেন জো বাইডেন।

মার্কিন রাজনীতি বিশ্লেষকরা মতে, এই রায় যুক্তরাষ্ট্রের তরুণ ভোটারদের মধ্যে খানিকটা সাড়া ফেলেছে, তবে ভোটার টানার জন্য বাইডেন এ সুযোগ গ্রহণ করবেন— এমন সম্ভাবনা কম।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডেভিড ক্যারল এ প্রসঙ্গে বলেন, ‘আমরা মনে হয় না ভোটার টানতে বাইডেন এই ইস্যুর ব্যবহার করবেন। কারণ এই রায় অনেক বড় একটি ব্যাপার। এটি ঐতিহাসিক।’

শিলাস্তিসহ তিন আসামি এবার ৫ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার তিন আসামির ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- তানভীর, শিমুল ভূঁইয়া ও শিলাস্তি রহমান।

শুক্রবার দুপুরে আট দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের ফের ৮ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফজুর। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারও আগে বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আজিম। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজিম।

বাড়ি থেকে বেরোনোর পাঁচদিন পর গত ১৮ মে বরাহনগর থানায় আনোয়ারুল আজিম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি তিনবারের এই সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজিম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি মরদেহ।

আনোয়ারুল আজিম ভারতে খুন হওয়ার ঘটনায় বুধবার ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার এজাহারে এমপির মেয়ে উল্লেখ করেন, ৯ মে রাত ৮টার দিকে আমার বাবা মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ সদস্য ভবনের বাসা থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ১১ মে ৪টা ৪৫ মিনিটে বাবার সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তায় কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাই। ১৩ মে আমার বাবার ভারতীয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল- ‘আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি আছে। আমি অমিত শাহের কাছে যাচ