All posts by jitu

একনেকে ১৪৩৩৭ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

ডেস্ক রিপোর্ট:

রোহিঙ্গাদের উন্নয়নসহ ১১ টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৫৪১ কোটি ৫২ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৭ হাজার ৮৭৯ কোটি ১৫ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৮৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয় করা হবে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব) আব্দুস সালাম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) আব্দুল বাকী, এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. এমদাদউল্লাহ মিয়ান।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাধীন কর্ণফুলী নদী এবং সংযুক্ত খালসমূহের বিভিন্ন স্থানে ভাঙন রোধকল্পে তীর সংরক্ষণ কাজ প্রকল্প। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প। নওগাঁ জেলার মহদেবপুর উপজেলায় ৪৮০০০ মেট্রিকটন ধারণ ক্ষমতাসম্পন্ন চালের আধুনিক স্টিল সাইলো নির্মাণ প্রকল্প। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। টেকনিক্যাল অ্যাসিসটেন্স ফর রিপুওউরপচিং অব এগ্রিকালচারাল পাবলিক সাপোর্ট টুওয়ার্ডস এ সাসটেইনেবল ফুড সিস্টেম ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ প্রকল্প। বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ২টি স্লিপওয়ে নির্মাণ প্রকল্প। কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেগমগঞ্জ চৌরাস্তা এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চারলেন সড়ক উন্নয়ন প্রকল্প। হোস্ট অ্যান্ড ফোরসিবিলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস ডিসপ্লেলেসড রোহিঙ্গা পপুলেশন ইনহ্যান্সমেন্ট অব লিভস থ্রো এ মাল্টি-সেক্টরাল এপ্রোচ প্রজেক্ট ইনফ্রাকচার রিলেটেড প্রকল্প। ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরটুনিটিস ফর হোস্ট কম্যুনিটিজ অ্যান্ড এফডিএমএন পপুলেশন প্রকল্প। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প।

কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

 

শাহ ইমরান:

কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ৭টি অটোরিক্সা উদ্ধার এ সময় ৭ টি অটোরিকশা, ৪ টি ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোঃ শহিদুল ইসলাম ওরফে জাবেদ(২৬) মোঃ শরীফ (২৫), মোঃ রুবেল (২৮), চৌদ্দগ্রাম উপজেলার মোঃ আমির হোসেন (৩২) ও মোঃ সোহাগ হোসেন (২৫)। গেলো কয়েকদিন ধরে কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন , গ্রেফতারকৃতরা কিছুদিন আগে দুই চালক হত্যার পর তাদের অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ চক্রের মূলহোতারা চোরাই অটোরিকশা কমদামে কিনে দ্রুত রং পরিবর্তন করে বিক্রি করতো। এই চক্রের ৫ জন গ্রেফতারের ঘটনায় মূলহোতারা আত্মগোপনে আছে। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে অবিলম্বে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, উপকূলীয় উপদ্রুত অঞ্চলে মানুষের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ৪০ লাখ মানুষকে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণসহ দুর্গত মানুষদের সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবরে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকার্ত ও মর্মাহত হয়েছি। এহেন মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই টিকে থাকে। যুগযুগ ধরে এদেশের কষ্টসহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে গেছে। আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা-বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে।

মির্জা ফখরুল বলেন, গতকাল দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু, ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দূর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের ছোবলে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করেছি। এছাড়া ঘূর্ণিঝড়ে দেশের উপকুলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস, বিপুলসংখ্যক মানুষ আহত, নিখোঁজ এবং গবাদী পশু, ফসলী জমি ও গাছপালা বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমি মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি-তিনি যেন ঘূর্ণিঝড় কবলিত সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষদেরকে কষ্ট সইবার ক্ষমতা দান করেন। ঘূর্ণিঝড়ে ১৬ জন মানুষের প্রাণহানির ঘটনায় তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।

হাজীগঞ্জে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরের দরজা ভেঙে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরও এক শিশু।

সোমবার (২৭ মে) গভীর রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই বাড়ির বৃদ্ধা হালিমুন নেছা এবং তার নাতি ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২)। আরেক নাতনি গুরুতর আহত হালিমাকে (১৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুর রশিদ।

স্থানীয়রা জানান, কুয়েতপ্রবাসী মো. ইউসুফের মা হালিমুন নেছা তার নাতি ও নাতনিকে নিয়ে আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাদের বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এমন ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।

হাজীগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুর রশিদ বলেন, প্রচণ্ড ঝড়বৃষ্টিতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। দাদি ও নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামী ২ জুন

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখে মানুষের জন্য আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রেল ভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন রেলমন্ত্রী মো.জিল্লুল হাকিম।

মন্ত্রী বলেন, গতবারের ঈদযাত্রা সবার সহযোগিতায় ভালোভাবে সম্পন্ন করেছিলাম। এবারও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা নিশ্চিত করতে কয়েক দফা মিটিং করেছি। ঈদযাত্রা শেষ হওয়া পর্যন্ত আমাদের সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

জিল্লুল হাকিম বলেন, টিকিট কালোবাজারি আমরা সফলভাবে নিয়ন্ত্রণ করেছি। একেবারে যে গেছে সেটি বলবো না। এখনও কিছু আছে। আমরা চেষ্টা করছি। স্পেশালসহ ৩৬৬টি ট্রেন চলাচলের ব্যবস্থা করেছি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১২ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২ জুন, ১৩ জুনের টিকিট পাওয়া যাবে ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন, ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট পাওয়া যাবে ৬ জুন।

রাতে আবারও যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বেশিরভাগ দলই চলে গিয়েছে দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। গতকাল (সোমবার) থেকে শুরু হয়েছে বিশ্বকাপের নির্ধারিত প্রস্তুতি ম্যাচ। তবে বাংলাদেশের জন্য প্রস্তুতি শুরু হয়েছে আরেকটু আগেভাগেই।

গেল মঙ্গলবার (২১ মে) থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বলয়ে ঢুকেছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সেদিন মুখোমুখি হয়েছিল টাইগাররা। তবে যুক্তরাষ্ট্রে নিজেদের শুরুটা মোটেও ভালো হয়নি টিম বাংলাদেশের। সেই ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে অপ্রত্যাশিতভাবে হেরেছিল টাইগাররা। টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পরার মতো।

সবার প্রত্যাশা ছিল, সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু হয়েছিলো তার উল্টোটা। ম্যাচের এক পর্যায়ে ১২ রানে ৫ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে মাত্র ৬ রানে হেরে সিরিজ খুইয়ে বসে টাইগাররা। আর এরই সাথে বরণ করে নেয় এক লজ্জার রেকর্ড।

আইসিসির সহযোগী সদস্যের কাছে সিরিজ হারার নজির গড়ে পূর্ণশক্তির পূর্ণ সদস্য দল বাংলাদেশ। যদিও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। কিন্তু তাতেও সমলোচনার ঝড় থেমে থাকেনি।

এবার সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আবারো মাঠে নামতে যাচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। টেক্সাসের ডালাসে আজ (মঙ্গলবার) রাত সাড়ে নয়টায় মুখোমুখি হবে দুই দল। তবে এবার দ্বিপাক্ষিক সিরিজ না। বরং আইসিসির নির্ধারিত বিশ্বকাপ প্রস্তুতির সূচিতে খেলবে টাইগাররা।

খেলাটি সরাসরি কোন চ্যানেলে দেখা যাবে সেটি সম্পর্কে এখনো জানা যায়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ লিটন দাসদের এদিন নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ। যদিও শেষ ম্যাচে অবিচ্ছিন্ন শতরানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। আজ লিটন ও শান্তর ফর্মে ফেরার পালা।

অফিসিয়াল স্বীকৃতি না থাকায়, এই ম্যাচে চাইলে পুরো স্কোয়াডের সবাইকে বিভিন্ন সময় মাঠে নামাতে পারবে বাংলাদেশ। এক্ষেত্রে আইসিসির নিয়মের শিথিলতা থাকবে। বিশ্বকাপের জন্য মূল একাদশ পরখ করে নেয়ার ক্ষেত্রে এই ম্যাচের প্রতি তাই থাকবে বাড়তি নজর।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ১ জুন শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগাররা। তারপর ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযানে নামবে টিম বাংলাদেশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। ২৬ মে যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, তা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে আরও দুইদিনের পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করেছে বিশ্ববিদালয় কর্তৃপক্ষ। সেগুলোর মধ্যে ৫ জুনের পরীক্ষা ৬ জুন এবং ২৭ জুনের পরীক্ষা ২৯ জুন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিনের সই করা সংশোধিত রুটিন থেকে এসব তথ্য জানা গেছে।

সংশোধিত রুটিনে বলা হয়েছে, উল্লেখিত তিনদিন ছাড়া গত ১৮ এপ্রিল প্রকাশিত রুটিন অনুযায়ী অন্য সব দিনের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত জরুরি যেকোনো তথ্যের প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মু. সাইফুল ইসলাম নিশাতের ০১৩১৩-০৫২৩৬১ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শাকিরা!

ডেস্ক রিপোর্ট:

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান জুলাই মাসে। শোনা যাচ্ছে, এবার অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং পার্টিতে মঞ্চ কাঁপাতে পারেন শাকিরা।

২৯ মে থেকে জুন ১ পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রয়েছে আরও চমক। শুধু শাকিরাই নয়, স্টেজ মাতাতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমান। আম্বানি পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, শাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১০ থেকে ১৫ কোটি টাকা।

জানা গেছে, অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি-ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্ত-রাধিকা। ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত, সমুদ্রপথে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি। এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় ৮০০ জনের বেশি অতিথি রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ৬০০ জন কর্মী।

প্রি-ওয়েডিং সেলিব্রেশনে সপরিবার শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিতদের তালিকায় থাকবেন সালমান খানও। এছাড়াও রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, সিদ্ধার্থ-কিয়ারা জুটি হাজির থাকবেন এই অনুষ্ঠানে। তবে নিক জোনাস ছাড়া আর কোনও বিদেশি তারকা হাজির থাকবেন কিনা প্রি-ওয়েডিংয়ে, তা এখনও জানা যায়নি।

ইতোমধ্যেই লন্ডনে গিয়ে এই ক্রুজের আয়োজন শুরু করে ফেলেছে আম্বানি পরিবার। বিদেশে প্রি-ওয়েডিং সেরে মুম্বাইতে বিয়ের আসর বসবে। তবে দিল্লিতেও একদফা সেলিব্রেশন হতে পারে বলে জানা গেছে।

জোড়া গোলে নতুন রেকর্ড রোনালদোর

ডেস্ক রিপোর্ট:

রেকর্ড ও রোনালদো যেন একে অপরের পরিপূরক। ইউরোপের শীর্ষ লীগ থেকে পাড়ি জমিয়েছেন মরুর দেশ সৌদিতে। কিন্তু রেকর্ড তার পিছু ছাড়েনি। তাড়া করে বেরিয়েছে সর্বত্র। চলে এসেছেন ক্যারিয়ারের সায়াহ্নে। কিন্তু তারপরেও নিত্য নতুন রেকর্ড গড়ে পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই পর্তুগিজ তারকা জানান দিলেন, এখনো ফুরিয়ে যাননি তিনি।

বয়সটা চল্লিশ ছুঁইছুঁই। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে এমন কিছু নেই যা জয় করেননি তিনি। সৌদিতে পাড়ি জমিয়েছেন দুই মৌসুম আগে। একবার আরব ক্লাব চ্যাম্পিয়ন কাপ ছাড়া দলীয় সাফল্য তেমন একটা ধরা দেয়নি। তবে ব্যক্তিগত সাফল্যের বিচারে রোনালদো এখনো অদ্বিতীয়। তার দল আল নাসের সৌদি প্রো লীগে শিরোপা হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে। তবে তিনি নিজে গড়েছেন এক অনন্য কীর্তি। সৌদি প্রো লীগের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখন তার।

গতকাল সোমবার দিবাগত রাতে আল ইত্তিহাদের বিপক্ষে মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামে আল নাসের। ইতোমধ্যে আল হিলাল শিরোপা নিশ্চিত করে ফেলায় এই ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তবে রোনালদোর সামনে ছিল রেকর্ডের হাতছানি। সৌদি ফুটবল লীগের ইতিহাসে এর আগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ছিল আব্দের রাজ্জাক হামদাল্লার। ২০১৮-১৯ মৌসুমে রোনালদোর ক্লাবের হয়েই এই কীর্তি গড়েন বর্তমানে আল ইত্তিহাদের হয়ে খেলা মরক্কোর এই স্ট্রাইকার। তার গোল সংখ্যা ছিল ৩৪। রোনালদো তাকে টপকে করলেন ৩৫ গোল।

এইদিন দলের পক্ষে প্রথম দুইটি গোলই করেন সিআরসেভেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথমবারের মতো বল জালের দেখা পায়। নেপথ্যে নায়ক রোনালদো। প্রথম গোলের পরেই যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটের মাথায় করেন আরো একটি গোল। আর এতেই ৩৫ গোল করে অনন্য রেকর্ড গড়ে তোলেন তিনি।

৭৪ মিনিটের মাথায় তাকে বদলি করা যায়। শেষ অব্দি আল-নাসর ৪-২ ব্যবধানে আল ইত্তিহাদের সাথে জয় লাভ করে। এই জয়ের মাধ্যমে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করে আল-নাসর। ১৪ পয়েন্ট বেশি নিয়ে রেকর্ড ১৯ তম শিরোপা জিতে আল হিলাল। ৩৪ ম্যাচ শেষে অপরাজিত থেকে লিগ শেষ করা আল হিলালের পয়েন্ট ৯৬।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনালদো। ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো আল-নাসরেও বারবার প্রমাণ করেছেন নিজের গোলের ক্ষুধা। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মৌসুমে ৪৪ ম্যাচে রোনালদো গোল করেছেন ৪৪টি।

রেকর্ড ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’ চলতি মৌসুমে সিআরসেভেনের সামনে বাকি আর একটি ম্যাচ। সেই ম্যাচে আছে শিরোপা জয়ের সম্ভাবনা। শুক্রবার রাতে কিং কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের মুখোমুখি হবে আল নাসর।

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সারাদেশে ৩০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ‘ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার’ এর আওতায় ২৭ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।