All posts by jitu

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল

ডেস্ক রিপোর্ট:

পুরো শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘর-বাড়ি, দোকান-পাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছ-পালা। প্রাণহানিও হয়েছে। মোংলা, সাতক্ষীরার শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেমাল।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নে রাতভর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘর-বাড়ি, গাছ-পালা। জেলার অন্য এলাকাতেও ঝোড়ো হাওয়া বইছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে।

রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কলাপাড়া, খেপুপাড়া ও কুয়াকাটায়। এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বিষখালি-সন্ধ্যা, পায়রা, আন্ধারমানিক, গলাচিপা ও তেতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আশঙ্কার তুলনায় আগেভাগেই ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। বাতাসের তোড়ে এসব এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমাল থেকে ফুফু ও বোনকে রক্ষা করতে গিয়ে মো. শরীফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বরগুনায় তলিয়ে গেছে ২৭ গ্রাম, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আমতলী ও তালতলী উপজেলার ২৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে উপজেলা নির্বাহী অফিস।

বলেশ্বর নদীর পানিতে পিরোজপুরের মঠবাড়িয়ার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।

বাগেরহাটের বলেশ্বর,পানগুছি-খাসিয়াখালি এবং দড়াটানা নদীর পানি বিপদ সীমার উপরে। এতে শরণখোলা ও মোড়লগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত। রেমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে চার ফুট পানি বেড়ে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। করমজলসহ বনের উঁচু এলাকাগুলোও জোয়ারের পানিতে তলিয়ে গেছে। সদর হাসপাতালের কোন একসাইড ভেঙে ভিতরে পানি ঢুকেছে। বাগেরহাটে পাঁচ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

মোংলার শ্যালা নদী ও পশুর নদীর পানি বিপদসীমার অনেক উপরে। রাস্তা ভেদ করে জয়মুনি এলাকায় পানি ঢুকে পড়েছে।

রাজধানীতে রেমালের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইছে।

চট্টগ্রামেও রেমালের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। কক্সবাজারে বঙ্গোপসাগরে জোয়ারে প্লাবিত হয়েছে ২১ টি গ্রাম।

নোয়াখালীর হাতিয়ার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।

খুলনার দুর্যোগপ্রবণ উপকূলীয় উপজেলা দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের অনেক জেলায় গুড়ি গুড়ি থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়টি। এরপর দুর্বল হয়ে স্থলভাগে উঠবে। সকাল নাগাদ এটি দুর্বল হয়ে যাবে ।

রোববার (২৬ মে) দিবাগত রাত ২টার পর ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ড. মল্লিক বলেন, রেমালের প্রভাবে সোমবার (২৭ মে) ও মঙ্গলবারও (২৮ মে) সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হবে। সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কুমিল্লাসহ ৬ জেলায় ৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে জোয়ারের পানি। এছাড়া ঝড়ের দাপটে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি, দেয়াল ও গাছপালা। এরই মধ্যে পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) থেকে সোমবার (২৭ মে) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুমিল্লা

কুমিল্লা নগরীতে নির্মাণাধীন ৭তলা ভবনের দেওয়াল ধসে সাইফুল ইসলাম সাগর (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) বেলা ১১টার দিকে নগরীর শাকতলা এলাকায় নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। মৃত স্কুলছাত্র সাইফুল ইসলাম সাগর ওই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ছাত্র। তিনি শাকতলা এলাকার অলী আহমেদের ছেলে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল

বরিশাল নগরের রুপাতলী এলাকায় সোমবার (২৭ মে) ভোর ৪টার দিকে একটি ভবনের ছাদের ওপরের নির্মানাধীন দেয়াল ধসে পাশের খাবারের হোটেলের ওপর পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- লোকমান হোটেলের মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান। এ ঘটনায় শাকিব নামে আরও এক হোটেলের কর্মী আহত হয়েছেন। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৫নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, ঝড়ো বাতাসে তিনতলা ভবনের ছাদের ওপরের নির্মাণাধীন একটি দেয়াল ধসে পাশের টিনশেড খাবার হোটেলের ওপর পড়ে। এ সময় ওই হোটেলের মালিকসহ দুই কর্মচারী ঘুমিয়ে ছিল। তারা টিনের চাল ও দেয়ালের নিচে চাপা পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ভোলা

ভোলার লালমোহন উপজেলায় ঘর চাপায় মনেজা খাতুন (৫৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতের দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় প্রচণ্ড বাতাসে নিজ ঘর ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। তার বাবার নাম সিদ্দিক মাঝি। মৃতের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।

সাতক্ষীরায় রোববার (২৬ মে) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকাত মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মৃত শওকাত মোড়ল গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালী

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে ফুফু ও বোনকে রক্ষা করতে গিয়ে মো. শরীফ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়। ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফের ফুপু মাতোয়ারা বেগম কাউয়ারচর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিল। দুপুর ২টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যায়। এ সময় সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা ৫ থেকে ৭ ফুট পানিতে প্লাবিত ছিল। সাঁতার কেটে তারা ফুফুর ঘরে যাওয়ার সময় সমুদ্রের ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যায়। পরে ঘণ্টাখানেক পর ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এছাড়া বাউফলে ঝোড়ো হাওয়ায় একটি পরিত্যক্ত টিনশেড দোতালা ঘরচাপায় করিম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাতে ঝড়ের সময় বৃদ্ধ করিম পরিত্যক্ত ওই ঘরে আশ্রয় নেন এবং রাতের যে কোনো সময় ঝোড়ো হাওয়ায় ঘর ভেঙে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের উপজেলা পরিষদ এলাকার কাছে এ ঘটনা ঘটে।

বৃদ্ধের বাড়ি পটুয়াখালী বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামে। তিনি ভিক্ষা করতেন।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, মরদেহের পরিচয় পাওয়া গেছে। আনুষ্ঠানিকতা শেষ করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক যুবক মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বায়েজিদের চন্দ্রনগর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম সাইফুল ইসলাম হৃদয় (২৬)। তিনি নির্মাণাধীন ভবন পাশ দিয়ে হেটে যাওয়ার সময় ধসে পড়া দেয়ালের চাপা পড়ে। এতেই তার মৃত্যু হয়। বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার সারাদিন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে ৩ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সদর দক্ষিণে বিদ্যালয়ে ক্লাস চলা অবস্থায় দেয়াল ধসে শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিদ্যালয়ে ক্লাসরত অবস্থায় পার্শ্ববর্তী নির্মাণাধীন সাততলা ভবনের দেয়াল (লিংটার) ধসে সাইফুল ইসলাম সাগর (১২) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৭ মে) বেলা পৌনে ১১টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও চৌমুহনী এলাকায় নুর আইডিয়াল স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সাগর সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের অলি হোসেনের ছেলে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর প্রতিদিনের মতো সোমবার সকালে বিদ্যালয়ে যায়। ক্লাস চলা অবস্থায় বিদ্যালয়ের পূর্বপাশে নির্মাণাধীন সাততলা ভবনের একটি লিংটার ভেঙে ওই বিদ্যালয়ের টিনশেড ভবনে পড়ে। এ সময় বিদ্যালয়ের চাল ভেঙে ওই শিক্ষার্থীর মাথায় পড়লে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় ওই ক্লাসে থাকা শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্মাণাধীন ভবনের লিংটার বিদ্যালয়ের চালে পড়লে তা ভেঙে শিক্ষার্থীর মাথায় পড়লে গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন : রিজভী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বিএনপি নেতাদের কারাগারে নিলে তিনি ঈদের চেয়ে বেশি আনন্দ পান।

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দি করে রেখেছেন। তাকে চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তার না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এসে বিচার কার্যকর করা হবে— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন? তার আগে আপনার বিচার হয়ে যায় কি না… পরিস্থিতি এমন পর্যায়ে… আপনি এমন ডুবতে শুরু করেছেন, তল খুঁজে পাচ্ছেন না। পুকুরের তলায় যে ভূমি, সেই ভূমিতে আপনার পা পড়ছে না। এখন আপনি ডুবছেন।

বর্তমান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে দাবি করে রিজভী বলেন, যত ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে। ওই সুদ পরিশোধ করতে হবে। প্রধানমন্ত্রী আপনার সরকারের পাপের সুদসহ আপনার যে বিচার হবে ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন। আপনার ছাত্রলীগ ডাকাতি করে, নারীর শ্লীলতাহানি করে, যুবলীগ টেন্ডারবাজি করতে গিয়ে গত ১৬-১৭ বছরে প্রায় ৫০ জন লোককে হত্যা করেছে। এই পাপগুলোর জন্য কি এদেশের আইনে বিচার হবে না?

বিএনপির সিনিয়র এই যুগ্ম-মহাসচিব বলেন, যাদের আপনি এমপি বানিয়েছেন তারাই তো টাকাগুলো পাচার করেছে। তাদের প্রতিপক্ষ এমপিকে কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে-বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কী করে?

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন। এতে বক্তব্য রাখেন— স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো প্রমুখ।

ঘূর্ণিঝড় রেমালে তৃতীয় ধাপের ১৯ উপজেলার ভোট স্থগিত : ইসি সচিব

ডেস্ক রিপোর্ট:

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান।

ইসি সচিব বলেন, মূলত আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোটগ্রহণ করতে মাঠ প্রশাসন, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতোমধ্যেই গতকাল সন্ধ্যায় থেকে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে। যার ফলে কোথাও ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং ৯ নম্বর বিপদ সংকেত ঘোষিত হয়। এই পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী যেসব নির্বাচনী এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ, বেড়িবাঁধ ভেঙেছে, কোথাও কোথাও গাছ উপড়ে গেছে এবং কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সবকিছু বিবেচনায় নিয়ে এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশাল জেলার গৌরনদী, আগুনঝারা, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, মোট ১৯ উপজেলার ভোট আপাতত স্থগিত হয়েছে। এই ১৯টি উপজেলার ভোট স্থগিতের ফলে আগামী ২৯ মে ৯০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ১৯ উপজেলায় এখনও পানি জমে আছে। যার ফলে স্থানীয় প্রশাসন এসব এলাকার ভোট পিছিয়ে দিতে অনুরোধ করেছে।

আবহাওয়া ভালো হলে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন

ডেস্ক রিপোর্ট:

আবহাওয়া ভালো হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘রেমালে’ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে অনেক বেশি। বেড়িবাঁধ ভেঙেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বৈদ্যুতিক লাইন, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা দুর্যোগে সহযোগিতার নামে ফটোসেশন করে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

উপকূলবর্তী এলাকার দলীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, অনেক এলাকা এখনো পানির নিচে। ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। নগদ অর্থ দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনাবিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

ঝড়ের সময় ঘরচাপা পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলার দৌলতখানে ঘরচাপা পড়ে মাইশা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাইশা দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. মনির হোসেনের মেয়ে।

নিহতের বাবা ও স্থানীয়রা জানান, রোববার (২৬ মে) রাতে মনির হোসেন তার বসতঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে তার বসতঘরে পড়ে। ওই সময় ঘরচাপা পড়ে মাইশার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে তাদের পরিবারের আরও তিনজন আহত হন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এছাড়া ঘরচাপা পড়ে লালমোহনের পশ্চিম চরউমেদ গ্রামে মনেজা খাতুন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে ঝড়-টর্নেডোর আঘাতে ১৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে টর্নেডো। দেশটির টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো এবং আরও বেশ কিছু ছোট-বড় ঝড়ের আঘাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন স্থানে উদ্ধার কাজ চলছে। স্থানীয় সময় শনিবার শেষের দিকে ঝড় আঘাত হানার পর থেকে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

টেক্সাসের কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন একটি সংবাদ সম্মেলনে বলেন, ডালাসের উত্তরের ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাতজন নিহত হয়েছেন। লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

টর্নেডোর আঘাতে বাড়ি-ঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়ে গেছে। এছাড়া হাইওয়েতে বেশ কিছু গাড়ি উল্টে গেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শনিবার রাতে ওকলাহোমা অঙ্গরাজ্যের মায়েস কাউন্টিতে ঝড়ের আঘাতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনি জানজেন ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে আরকানসাসে রোববার সকালে ঝড়ের আঘাতে পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গাছ-পালা উপড়ে গেছে।

এছাড়া অনেক এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে কেনটাকির লুইসভিলে আরও একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ। বেশ কিছু এলাকায় এখনও টর্নেডোর সতর্কতা জারি রয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপের জার্সি উন্মোচনের কথা ছিল জিম্বাবুয়ে সিরিজের শেষ দিনে। দল ঘোষণার পর জার্সি উন্মোচন হবে এমনটাই জানা গিয়েছিল প্রাথমিক খবরে। কিন্তু দল ঘোষণার পর আসেনি সেই আকাঙ্খিত জার্সি। মাঝে বাংলাদেশ দল খেলেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে সিরিজ। সেই সিরিজটাও হেরেছে লজ্জাজনকভাবে।

এতকিছুর পর অবশেষে ২৭ মের প্রথম প্রহরে বিশ্বকাপের জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে স্কোয়াডের গ্রুপ ছবি আকারে প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি।

চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রঙ। পুরো জার্সিতেই বাঘের ডোরাকাটা আবছা ছাপ রাখা হয়েছে। কাঁধে লাল রেখাও নেমে গিয়েছে বাঘের চামড়ার আদলে। মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে থাকছে সোনালি রঙের ছাপ। জার্সিতে বাংলাদেশ এবং স্পন্সরের নাম রাখা হয়েছে সাদা রঙে। একই রঙে থাকছে বিশ্বকাপের লোগোটাও।

এর আগে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে টাইগারদের স্কোয়াড ও জার্সি উন্মোচন করা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বেলায় সেটি হয়নি। তবে এবার স্যুট-বুটেড হয়ে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে।

উল্লেখ্য, আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।