All posts by jitu

ইউরোর জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

ইউরো চ্যাম্পিয়নশিপ হলো ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের তালিকায় অন্যতম। গোটা ইউরোপ মহাদেশে ফুটবল যুদ্ধে কার মাথায় উঠে সেরার শিরোপা, সেদিকে নজর থাকবে পুরো বিশ্বের। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠেয় এই আসরকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে পর্তুগাল।

মঙ্গলবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। যে দলের অধিনায়কের ভার দেওয়া হয়েছে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সি এই ফুটবলার সৌদি ক্লাব আল নাসেরের হয়ে দারুন ছন্দে আছেন।

দলে আছেন ৪১ বছর বয়সি ডিফেন্ডার পেপের অন্তুভুর্ক্তি। কাতার বিশ্বকাপের পর অনেকে তার শেষ দেখে ফেললেও মার্টিনেজের স্কোয়াডে ঠিকই জায়গা করে নিয়েছেন পোর্তের এই রক্ষনভাগের খেলোয়াড়। দলে ডাক পেয়েছেন চোট থেকে ফেরা মিডফিল্ডার পেদ্রো নেতো। এছাড়াও চমক হিসেবে আছেন ২১ বছর বয়সি উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইকো। মার্চে পর্তুগিজ জাতীয় দলে প্রথম অভিষেক হয়েছিল কনসেইকোর। এবার তিনি ইউরোর দলেও সুযোগ পেলেন।

মার্টিনেজের এই দলে প্রিমিয়ার লিগ খেকে ডাক পেয়েছেন মোট ৯ জন। ম্যানচেস্টার সিটি থেকে আছেন তারকা মিডফিল্ডার বার্নাডো সিলভা ও ডিফেন্ডার রুবেন দিয়াস। আছেন ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেজ ও দিয়াগো দালোত। অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ধারে বার্সেলোনায় খেলা জোয়াও ফেলিক্সও জার্মানির ফ্লাইট ধরবেন।

২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এবারের আসরে আগামী ১৮ জুন খেলবে প্রথম ম্যাচ, চেক রিপাবলিকের বিপক্ষে। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও টুর্নামেন্টটিতে প্রথমবারের মতো সুযোগ পাওয়া জর্জিয়া। আগামী ১৪ জুন থেকে শুরু হবে মেগা টুর্নামেন্ট।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে সফলতম দল আয়োজক জার্মানি নিজেই। তিনবার ইউরোপ সেরার খেতাব গিয়েছে তাদের ঝুলিতে।

ইউরোর জন্য পর্তুগালের স্কোয়াড

গোলরক্ষক: দিয়াগো কস্তা, জোসে সা, রুই প্যাট্রিসিও

ডিফেন্ডার: অ্যান্টিনিও সিলভা, দানিলো পেরেইরা, দিয়োগো দালোত, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নেলসন সেমেদো, নুনো মেন্দেস, পেপে, রুবেন দিয়াস

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও নেভেস, জোয়াও পালিনিয়া, ওতাভিও মনতেইরো, রুবেন নেভেস, ভিতিনিয়া

ফরোয়ার্ড: বার্নাডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়াগো জটা, ফ্রান্সিসকো কনসেইকো, গঞ্জালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও

‘ওয়েলকাম-৩’ থেকে সরে দাঁড়ালেন সঞ্জয়

ডেস্ক রিপোর্ট:

বলিউড ছবি ওয়েলকামের সবচেয়ে প্রতীক্ষিত সিক্যুয়ালগুলো ওয়েলকাম-৩ নির্মাণের ঘোষণা আসে চলতি বছরের শুরুতে। আইকনিক কমেডি ছবির তৃতীয় অংশের নাম ওয়েলকাম টু দ্য জঙ্গল।

এই আনন্দদায়ক সংবাদটি প্রধান অভিনেতা অক্ষয় কুমার এবং ফিরোজ নাদিয়াদওয়ালা একটি হাস্যকর ভিডিওসহ শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে জানা যায় ছবির কাস্টের নামও। যার মধ্যে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন সঞ্জয় দত্ত।

কিন্তু হঠাৎ সঞ্জয় দত্ত ছবিতে কাজ করবেন না বলে জানা গেছে। যা অনেকের কাছেই অবাক করার মতো বিষয়। বলিউড হাঙ্গামার একটি সূত্র জানায়, সঞ্জয় দত্ত তার প্রস্থানের জন্য তারিখের সমস্যাকেই দায়ী করেছেন। তিনি তার প্রিয় বন্ধু অক্ষয়কে সমস্ত বিষয় জানিয়ে দিয়েছেন, যিনি পয়েন্টগুলোকে বিবেচনা করেন এবং কোনো প্রকার ঝামেলা তৈরি না করে তাকে যেতে দিয়েছে।

সঞ্জয় দত্ত জানান, ওয়েলকাম টু দ্য জঙ্গল শুটটি একটি অপরিকল্পিত উপায়ে ঘটছে, স্ক্রিপ্টে অনেক পরিবর্তন, শুটের সঠিক সময় বা তারিখ ঠিক না হওয়ায় তার সমস্যা হচ্ছিল, তাই তিনি প্রোজেক্ট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।

সঞ্জয় দত্ত ইতোমধ্যে ১৫ দিনের শুট করেন, যা চলচ্চিত্র নির্মাতাদের বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। তার শুটগুলো ধরে রাখতে হবে নাকি পুরোপুরি সরিয়ে ফেলতে হবে তা নিয়ে তারা নিশ্চিত ছিলেন না। অবশেষে, তারা একটি প্লট টুইস্ট তৈরি করেন, যেখানে সঞ্জয় দত্তের চরিত্রটি কয়েকটি দৃশ্যের পরে হারিয়ে যায়। বলিউড হাঙ্গামার সূত্রটি আরও প্রকাশ করেছে, ‘সঞ্জয় দত্ত প্রথম শিডিউলে ওয়েলকাম টু দ্য জঙ্গলের কিছু মজার অংশের জন্য শুট করেছেন, এবং নির্মাতারা তাই তাকে অতিথি শিল্পী হিসাবে ছবিতে রাখবেন।

ওয়েলকাম টু দ্য জঙ্গল-ছবির কাস্টে রয়েছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেঠি, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, রাভিনা ট্যান্ডন এবং লারা দত্ত। ছবিটি ২০২৪ সালের ক্রিসমাসে মুক্তি পাবে।

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু এক বিরাট ক্ষতি : পুতিন

ডেস্ক রিপোর্ট:

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাইসিকে খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন।

এছাড়া রাইসির মৃত্যুর পর ইরানের সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন রুশ এই প্রেসিডেন্ট। বুধবার (২২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ বা স্টেট ডুমার চেয়ারম্যানের সাথে বৈঠকের সময় মস্কোর কাছে রাইসিকে ‘খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ’ বলেও বর্ণনা করেন পুতিন।

আনাদোলু বলছে, ইরানে সাবেক প্রেসিডেন্ট রাইসির অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্টেট ডুমার চেয়ারম্যান ভলোদিন। এর আগে মঙ্গলবার তার সঙ্গে বৈঠকের সময় মর্মানিতক এই ট্র্যাজেডির জন্য তার আন্তরিক সমবেদনা পৌঁছে দিতে রাশিয়ান প্রেসিডেন্ট ভলোদিনকে আহ্বান জানান।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরান ও ইরানি জনগণের জন্য প্রথম এবং সর্বাগ্রে বিরাট বড় ক্ষতি। তিনি একজন অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার, একজন স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী মানুষ ছিলেন যিনি তার জাতীয় স্বার্থে মাধ্যমে ছিলেন অনুপ্রাণিত। অবশ্যই, তিনি প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ ছিলেন এবং তার সাথে কাজ করাটা ছিল আনন্দের। আমি কেবল এটাই মনে রাখতাম যে, আমরা যদি কোনও বিষয়ে একমত হই তবে আমরা সর্বদা নিশ্চিত থাকতে পারি সেসব চুক্তি পূরণ হবে।’

পুতিন আরও বলেন, মস্কো তেহরানের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত কারণ দেশটি রাইসি প্রশাসনের অধীনে রয়েছে এবং রাশিয়া-ইরান সম্পর্ক যাতে এইভাবে অব্যাহত থাকে তা নিশ্চিত করার জন্য সবকিছু করবে মস্কো।

তিনি ভলোদিনকে বলেন, ‘দয়া করে, আমার এই কথাগুলো ইরানের নেতৃত্বের কাছে পৌঁছে দিন।’

উল্লেখ্য, গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয়। দীর্ঘ তল্লাশি অভিযান শেষে সোমবার পাহাড়ি ও তুষারাবৃত এলাকা থেকে ওই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হুসেইন কোলিভান্দ সোমবার জানান, হেলিকপ্টারটির সকল যাত্রী এবং ক্রু দুর্ঘটনায় মারা গেছেন।

ভাইস চেয়ারম্যান পদে চাঁদপুরের তিন উপজেলায় প্রার্থীদের প্রাপ্ত ভোট

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে শেষ হয়। জেলার এই তিন উপজেলার ২৮৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এদিন রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

তারই অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. নুরুল হায়দার সংগ্রাম। হাজীগঞ্জ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন কামরুজ্জামান সুমন। আর শাহরাস্তি উপজেলায় বিজয়ী হয়েছেন মো. ইমদাদুল হক।

ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলায় ৪ লাখ ১৭ হাজার ১১১ জন ভোটারের মধ্যে ১৩৪ টি ভোট কেন্দ্রে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মো. নুরুল হায়দার সংগ্রাম। তিনি ৫১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী আবুল বারাকাত মো. রেজওয়ান পেয়েছেন ৪০ হাজার ৫৭৬ ভোট। এছাড়াও তালা প্রতীকের প্রার্থী মো. হারুনুর রশিদ হাওলাদার পেয়েছেন ১৫ হাজার ৮২ ভোট।

কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুমন।

এদিকে শাহরাস্তি উপজেলার ২ লক্ষ ৬ হাজার ২৪৪ জন ভোটারের মধ্যে ৬৫ টি ভোট কেন্দ্রে ৫৮ হাজার ৯৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী মো. ইমদাদুল হক। তিনি পেয়েছেন ২২ হাজার ৮৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ ইরান পেয়েছেন ১৯ হাজার ৬৬ ভোট। এছাড়াও টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. ওমর ফারুক পেয়েছেন ১০ হাজার ৫৩৭ ভোট, মাইক প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম খলিল পেয়েছেন ৩ হাজার ৫১৮ ভোট ও তালা প্রতীকের প্রার্থী মো. নুর আলম পেয়েছেন ২ হাজার ৬৬৭ ভোট।

চাঁদপুরের তিন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন যারা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে শেষ হয়। জেলার এই তিন উপজেলার ২৮৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এদিন রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

তারই অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন। হাজীগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজি। আর শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. মুকবুল হোসেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন। তিনি ৫০ হাজার ৮৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান দোয়াত কলম প্রতীকের প্রার্থী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী পেয়েছেন ৩৭ হাজার ৬৬৯ ভোট।

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজি। তিনি পেয়েছেন ২৬ হাজার ৫৬৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের মো. জসিমউদ্দিন পেয়েছেন ২৪ হাজার ৭৯৮ ভোট।

শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের মো. মুকবুল হোসেন। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৬৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ২৫ হাজার ৯৯০ ভোট।

জনগণের জানমাল রক্ষা করা পুলিশের প্রধান দায়িত্ব

ডেস্ক রিপোর্ট:

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আমরা আজ যে জায়গায় বসে আছি এই জায়গাটি একটি পবিত্র জায়গা, পবিত্র ভূমি। এই ঐতিহাসিক রাজারবাগ থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে গভীর রাতে যারা প্রথম সাড়া দিয়েছিলেন তারা এই রাজারবাগের পুলিশ সদস্য।

মঙ্গলবার (২১ মে) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২২ এর আওতায় ৩১৭ জন ও ডিএমপি শিক্ষাবৃত্তি ২০২৩ এর আওতায় ৮১৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, তোমরা যারা এখানে রয়েছ, তোমাদের পিতা যারা পুলিশে কাজ করছেন তাদের পূর্বসূরিরা অকুতোভয় সৈনিক। যারা দেশ মাতৃকার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সামান্য থ্রি নট থ্রি রাইফেল নিয়ে। দীর্ঘ ছয় ঘণ্টা যুদ্ধ করেছিলেন এবং বিশ্ববাসীকে বাংলাদেশের বাঙালিদের অস্তিত্ব জানান দিয়েছিলেন; সেই সব বীর সদস্যদের উত্তরসূরি আমরা। আর তোমরা সেই গর্বিত পিতাদের গর্বিত সন্তান। এখানে ১ হাজার ১৩১ জন কৃতি শিক্ষার্থী রয়েছে, এখানে হাজার তারার মেলা বসেছে। তোমাদের যে অর্থ দেওয়া হয়েছে এটা বড় কথা নয়, তোমাদের যে কৃতিত্ব দেওয়া হচ্ছে এটাই সম্মানের বিষয়।

তিনি বলেন, পুলিশের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা করা, জনগণের জানমাল, সরকারি সম্পদ হেফাজত করা। অন্য যেকোনো সংস্থার কর্ম ঘণ্টা আছে কিন্তু পুলিশের কোনো কর্ম ঘণ্টা নেই। দিনরাত ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিয়োজিত থাকতে হয়। পরিবারকে সময় দেওয়া এবং পরিবারের খোঁজখবর নেওয়ার সময়টুকুও হাতে থাকে না। তারপরও তোমরা কিন্তু থেমে নেই, তোমাদের এই কৃতিত্বই তারই প্রমাণ।

হাবিবুর রহমান বলেন, জীবনে চলার পথে আমরা কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তির জীবনী অনুসরণ করে চলি। আমিও তোমাদের একজন ব্যক্তির জীবন অনুসরণ করতে বলব, তিনি আর কেউ নন, আমাদের সবার শ্রদ্ধাভাজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যদি তার জীবন, কর্ম, চিন্তাসহ সবকিছু পর্যালোচনা করি তাহলে আমরা দেখব তিনি একজন আদর্শ মানুষের প্রতিকৃতি।

শিক্ষার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আমরা যখন শিক্ষা গ্রহণ করি তখন শিক্ষার উদ্দেশ্য কী তা আমাদের মাথায় রাখতে হবে। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় বেশির ভাগ শিক্ষার্থীর উদ্দেশ্য থাকে বড় হয়ে একটি ভালো চাকরি করবে। তারা চাকরি কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রতি ঝুঁকে থাকে। কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ববোধ অর্জন করা, সংরক্ষণ করা ও জীবনে তা প্রতিফলিত করা, সেই বিষয়টি সব সময় তোমাদের বিবেচনায় রাখতে হবে।

চাটখিলে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন, জুতা মিছিল

নোয়াখালী প্রতিনিধি:

কেন্দ্র থেকে সকল এজেন্টকে বের করে দেওয়া, ব্যালটে প্রকাশ্যে সিলমারা, ভুয়া এজেন্ট সাজিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী জেড এম আজাদ খান ।

মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে বারোটার দিকে চাটখিল পৌরসভার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।

চেয়ারম্যান পদে প্রার্থী জেড এম আজাদ খানের অভিযোগ, মঙ্গলবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর ১৫ মিনিট শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এর পরই উপজেলার প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে জোরপূর্বক দোয়াত-কলম প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের লোকজন জোরপূর্বক বের করে দেন। একই সময় বিভিন্ন কেন্দ্রে আনারস প্রতীকে ভুয়া এজেন্ট বসিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করা হয় এবং ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জোরপূর্বক দোয়াত কলম প্রতীকে সিল মারা হয়। এছাড়া বিভিন্ন কেন্দ্রে দোয়াত কলম প্রতীকের লোকজন প্রিজাইডিং কর্মকর্তার সহায়তায় আগেই ব্যালট পেপারের সিল মেরে রেখেছেন। এ পরিস্থিতিতে তিনি ভোট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন।

জেড এম আজাদ খানের অভিযোগ, ব্যালট ব্যাপারে আগে সিল মারার কয়েকটি ভিডিও তিনি রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের লোকজনকে পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু তারা তার অভিযোগ অনুযায়ী কোন ব্যবস্থা নেননি। আজাদ খান জানান, তিনি শুধু মাত্র সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চেয়েছিলেন প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন সেটি করতে ব্যর্থ হয়েছে। তাই তিনি এই পাতানো নির্বাচন বাতিল দাবি করেন।

আজাদ খানের অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য দোয়াত কলম প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি কল রিসিভ করেননি।

অপরদিকে, দুপুর দেড়টার দিকে প্রার্থী জেড এম আজাদ খান বাড়ির সামনের চাটখিল টু সোনাইমুড়ী সড়কে জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগে তার সমর্থকরা সড়ক অবরোধ করে জুতা মিছিল করে। এ সময় ইসি ও প্রতীদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর কবিরকে ব্যঙ্গ করে নানা স্লোগান দিতে থাকে তারা। ওই সময় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে ভোটাররা। একই সাথে তারা পুনর্র্নিবাচন দাবি করে।

প্রার্থীর অভিযোগ ও ভোট বর্জনের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম আরা বলেন, ভোট বর্জন প্রার্থীর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত । এ বিষয়ে তার কিছু বলার নেই।

তবে একটি কেন্দ্রে আগে যেকয়টি ব্যালট পেপারে সিল মারা পাওয়া গেছে, সেগুলো বাতিল করা হয়েছে। এছাড়া কোন কেন্দ্র থেকে এজেন্টদেরকে বের করে দেওয়া কিংবা ভুয়া এজেন্ট বসিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রার্থী তার কাছে করেননি। প্রার্থী যেসব অভিযোগ করেছেন সেগুলোর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে

ডেস্ক রিপোর্ট:

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২১ মে) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, আজ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সারা দেশে ১৫৬ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হয়েছে ১৩২ উপজেলায় এবং ইভিএম মেশিনে ভোট হয়েছে ২৪ উপজেলায়। নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে দু-এক জায়গায় হাতাহাতি হয়েছে। এসব ঘটনায় এক থেকে দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু নির্বাচনকে ঘিরে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচন মোটামুটি ভালো এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভোটের হার নিয়ে সিইসি বলেন, ভোটার উপস্থিতির হার ৩০ শতাংশের উপর হতে পারে। সঠিক এবং নির্ভুল তথ্য আগামীকাল পাবেন। তবে নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন খুব তৎপর ছিল। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য ছিল। এর মধ্যেও কোথাও কোথাও মিডিয়ার কিছু কর্মী আহত হওয়ার খবর আমরা শুনেছি। বিভিন্ন অনিয়মে যখন তারা সাহস করে ছবি তুলতে গিয়েছেন তখন হেনস্থার শিকার হতে হয়েছে। তবে সঠিক তথ্য এখনো পাইনি। বিচ্ছিন্ন হাতাহাতির কারণে ৩৩ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে এক থেকে দুজনের অবস্থা গুরুতর হতে পারে।

তিনি বলেন, গতকাল (সোমবার) রাতে একটি ঘটনায় একজনের হাত কেটেছে। সেটা আমি স্বচক্ষে দেখেছি, বেশ গুরুতর আঘাত। তবে আজ আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল। যেখানে অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে তারা ব্যবস্থা নিয়েছেন। এ পর্যন্ত মোট আটক করা হয়েছে ২৫ জনকে। অন্যায়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টার কারণে ১০ জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভোটকেন্দ্রে একজন সাধারণ ভোটার এবং একজন আনসার সদস্য মৃত্যুবরণ করেছেন উল্লেখ করে সিইসি বলেন, দুজন নিহত হয়েছেন। তবে সেটি ভোটকেন্দ্রের সহিংসতাকে কেন্দ্র করে নয়। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

সিইসি আরও বলেন, দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলা পরিষদের নির্বাচনে তিন পদে এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে অধিকাংশ উপজেলার ভোটকেন্দ্রে ছিল ভোটার খরা। এ ছাড়া বিভিন্নস্থানে গুলিবর্ষণ, সংঘর্ষ ও প্রিসাইডিং কর্মকর্তা আটকসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন।

সারা দেশে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম। এ নির্বাচনে ১৫৬টি উপজেলায় ১৩ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬ দশমিক ৯ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। দুপুর ১টায় নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

দ্বিতীয় ধাপের নির্বাচনে রাজশাহী, রাজবাড়ী, লক্ষ্মীপুর, লালমনিরহাট, ফরিদপুর, কুমিল্লা, পটুয়াখালী, নেত্রকোণা, জামালপুরসহ অধিকাংশ জেলার উপজেলায় সারাদিন ভোটার উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে।