All posts by jitu

গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ১২১ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। জাবালিয়া শরণার্থী শিবির ও নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে।

এ ছাড়া পূর্ব গাজার আল-দারাজ এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। একই অঞ্চলের একটি স্কুলে বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন।

এদিকে শনিবার (১৮ মে) গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় অন্তত ১২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

আলজাজিরা বলছে, গাজাজুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। শনিবার তারা কমপক্ষে ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে হামলায় ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আশ্রয়কেন্দ্রের গেটে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ১২ জন নিহত ও আরও ২৫ জন আহত হয়েছেন।

জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ফালুজাহতে পানির জন্য লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ইসরাইল আর্টিলারি হামলা চালালে আটজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এ ছাড়া দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে হামলায় তিনজন নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম রাফাতে একটি গাড়িতে পৃথক হামলায় শনিবার আরও একজন নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় বাবর আলী

ডেস্ক রিপোর্ট:

পর্বতারোহী মুসা ইব্রাহীম থেকে বাবর আলী—এভারেস্টের চূড়ায় নিয়ে গেছেন লাল-সবুজের পতাকা। এবার দীর্ঘ ১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন বাবর আলী।

রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।

জানা গেছে, চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন চট্টগ্রামের বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক। ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় সেখান থেকে। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে প্রায় দুই মাসের মতো।

এদিকে যাত্রা শুরুর আগে বাবর আলী জানিয়েছিলেন, মাউন্ট এভারেস্টে জয় করা অনেকের স্বপ্ন। প্রতিবছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন। এভারেস্টের চূড়ায় ওঠার পর আরেক পর্বতশৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি। আমি সেই চ্যালেঞ্জটাই দিয়েছি।

সে অনুযায়ী এভারেস্ট জয়ের পর বাবরের পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসের চূড়াও জয় করা। রোববার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন সেটির চূড়ায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন বাবর। তবে চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি।

চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

ডেস্ক রিপোর্ট:

প্লে-অফ নিশ্চিত করতে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান। আর জয়ের জন্য তখনো প্রয়োজন ৩৫। ক্রিজে তখন সেট হওয়া দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। যশ দয়ালের করা শেষ ওভারটির প্রথম বলে ছক্কা হাঁকিয়ে বেঙ্গালুরুর গ্যালারি স্তব্ধ করে দিলেন ধোনি। ৫ বলে চেন্নাইয়ের চাই আরও ১১। পরিস্থিতি অনুযায়ী খুব কঠিন কিছু না। কোহলিদের চোখে-মুখে হতাশা। খুব কাছাকাছি এসেও যেন স্বপ্নভঙ্গের সুর বাজছিল। তবে দ্বিতীয় বলেই ধোনিকে ফিরিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন দয়াল। আইপিএলের সর্বশেষ আসরে রিঙ্কু সিংয়ের হাতে পাঁচ ছক্কা হজম করা ভারতীয় এ বোলার এদিন দুর্দান্ত বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে-অফেও নিয়ে গেলেন। শেষ চার বলে ডটই দিলেন তিনটি।

দুই হেভিওয়েটের লড়াইয়ে উত্তাপ আরও বাড়িয়েছে প্লে-অফের অঙ্কে। কার্যত নকআউট ম্যাচে রূপ নিয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই। এমন ম্যাচে ২৭ রানের জয়ে প্লেঅফ নিশ্চিত করেছে বেঙ্গালুরু।

টানা ছয় হারের পর যেন আরেকটা ব্যর্থ আসর শেষের অপেক্ষায় ছিল কোহলিরা। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিতো একবার বলেই ফেলেছিলেন রাতে ঘুমাতে পারেননি। মাঠে একের পর এক হার, বাইরে সমালোচনা টিপ্পনী যেন বিদ্ধ করছিল কোহলিদের। তবে এরপরের গল্পটা অবিশ্বাস্য এক কথায়। টানা ছয় হার হজমের পর পরপর ছয় ম্যাচ জিতে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেছে আরসিবি।

ঘরের মাঠ চিন্নাস্বামীতে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রানের বড় পুঁজি গড়েছিল আরসিবি। দলের হয়ে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন ফ্যাফ ডু প্লেসি। জয়-পরাজয় ছাপিয়ে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানেই ছিল চেন্নাই। বেঙ্গালুরুর বিপক্ষে জিততে বড় টার্গেট হলেও ২০১ রান করলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯১ রানেই থেমেছে ধোনিরা। অর্থাৎ ১০ রান স্বল্পতায় কপাল পুড়েছে তাদের।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে চিন্নাস্বামীতে আগ্রাসী ছিলেন বিরাট কোহলি ও ডু প্লেসিরা। বড় লক্ষ্যের কথা মাথায় রেখেই খেলেছেন একের পর এক বিগ শট। প্রথম তিন ওভারেই আসে ৩১ রান। এরপর বৃষ্টি বাধায় কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। তবে তাতে ওভার কাটা যায়নি।

বৃষ্টির পরও নিজের আগ্রাসী ব্যাটিং চালিয়ে গেছেন কোহলি। স্ট্রাইকরেট নিয়ে চলা সমালোচনার জবাব দিলেন পরিস্থিতি অনুযায়ী আগ্রাসী এক ইনিংস খেলে। ২৯ বলেই অবশ্য থামে তার ইনিংস। করেছেন ৪৭ রান। অন্যদিকে, ফাফ ডু প্লেসিও খুব একটা ধীরগতিতে ছিলেন না। তবে কোহলির বিপরীতে খানিক ম্লানই ছিল তার ইনিংস।

কোহলি না পারলেও বেঙ্গালুরু অধিনায়ক পেয়ে যান ফিফটি। সেটাকে যদিও টেনে বড় করা হয়নি। ৩৯ বলে ৫৪ করে থামে তার ইনিংস। ক্যামেরন গ্রিন এবং রজত পতিদার এরপর খেলেছেন দুর্দান্ত দুই ইনিংস। রানের অঙ্কে বড় না হলেও দলের স্কোরের চাকা ঘুরিয়েছে তাদের ওই দুই ক্যামিও। ২৩ বলে ৪১ রজতের। আর ১৭ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন গ্রিন। ম্যাক্সওয়েল আর দীনেশ কার্তিকও খেলেছেন ২০০ এর বেশি স্ট্রাইকরেটে। তাতেই বেঙ্গালুরু পেয়ে যায় ২১৮ রানের বড়সড় এক পুঁজি।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান রুতুরাজ গায়কোয়াড়। ম্যাক্সওয়েলের বলে ফাইন লেগ অঞ্চলে খেলতে গিয়ে গোল্ডেন ডাকে ফেরেন তিনি। ওয়ানডাউনে নামা ড্যারিল মিচেলও রান পাননি। ৪ রান করে আউট হন তিনি। দ্রুত দুই উইকেট পতনের পর চেন্নাইয়ের ইনিংস সামলান রাচিন রবীন্দ্র ও অজিঙ্কা রাহানে। ভালোই খেলছিলেন তারা। এমন সময় বেঙ্গালুরুকে ম্যাচে ফেরান লকি ফার্গুসন। নিজের প্রথম বলেই ৩৩ রানের মাথায় রাহানেকে আউট করেন তিনি। অন্যদিকে স্বপ্নিল সিংহ ও ম্যাক্সওয়েল চেন্নাইয়ের ব্যাটারদের হাত খুলে খেলার সুযোগ দিচ্ছিলেন না।

ম্যাক্সওয়েলের এক ওভারে ১৯ রান নিয়ে চেন্নাইকে স্বস্তি দিয়েছিলেন রাচীন রবীন্দ্র। অর্ধশত রানও পূর্ণ করেন কিউই এ ওপেনার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। শিবাম দুবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৬১ রানের মাথায় রান আউট হন রাচিন। পরের ওভারেই আউট হন শিবম। ১৫ বলে ৭ রান করেন তিনি। ১১৯ রানে ৫ উইকেট পড়ে যায় চেন্নাইয়ের।

জাদেজা ও স্যান্টনার জুটি বাঁধার চেষ্টা করেন। কিন্তু স্যান্টনারের শট শূন্যে লাফিয়ে তালুবন্দি করেন ডুপ্লেসি। বোঝা যাচ্ছিল এই ম্যাচ জিততে কতটা মরিয়া তারা। স্যান্টনার আউট হলে নামেন ধোনি। প্লে-অফে উঠতে ২৪ বলে ৬৩ রান করতে হতো চেন্নাইকে। যশ দয়ালের এক ওভারে ওঠে ১৩ রান। শেষ তিন ওভারে দরকার ছিল ৫০ রান। ধোনি, জাদেজা ক্রিজে থাকায় স্বস্তিতে ছিল না বেঙ্গালুরু। সিরাজ ১৮তম ওভারে দেন ১৫ রান।

শেষ দুই ওভারে চেন্নাইকে করতে হতো ৩৫ রান। ধোনি বড় শট খেলতে না পারলেও জাদেজা সপাটে ব্যাট চালাচ্ছিলেন। আরও একবার চেন্নাইয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন তিনি। ফার্গুসনের সেই ওভারে উঠে ১৮ রান। শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। মাত্র ৭ রান দিয়ে বেঙ্গালুরুকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন যশ দয়াল।

নিরাপদ সড়ক নিশ্চিত করণে চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম শুরু

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

‘নো হেলমেট নো ফুয়েল’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে জেলা পুলিশের উদ্যোগে এবং শহর ও যানবাহন শাখার আয়োজনে বিশেষ অভিযান শুরু হয়েছে। শনিবার (১৮ মে) সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুর্ঘটনা প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে হেলমেট পরিধান নিশ্চিতে পূর্বঘোষণা অনুযায়ী ট্রাফিক জনসচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।

অভিযানের শুরুতেই হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনতামুলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। এসময় পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়। এদিকে শহরের শৃঙ্খলা ও যানজট এড়াতে ট্রাফিক বিভাগে একটি রেকার সংযুক্ত করা হয়। সেটিরও উদ্বোধন করেন পুলিশ সুপার। জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলাসহ প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সড়কে দুর্ঘটনা রোধে আপনাদের সচেতনতা জরুরী। তাই মোটরসাইকেল চালকগণ অবশ্যই মাথায় হেলমেট পরিধান করবেন। অন্যথায় জননিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নির্দেশনা দিয়েছেন হেলমেট ছাড়া কাউকে ফুয়েল দেয়া যাবে না। সারাদেশেই কার্যক্রম চালু হয়েছে। চাঁদপুরেও পুলিশ একযোগে ৮ উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করছে। হেলমেট বিহীন যারা মোটরসাইকেল নিয়ে সড়কে বের হবে তাদেরকে ট্রাফিক আইনের আওতায় আনা হবে।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ডিআই-১ ডিএসবি মনিরুল ইসলাম, সদর মডেল থানার ওসি মোঃ শেখ মহসীন আলম, চাঁদপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মাহফুজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ভিবি) ওসি এনামুল হক চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সেই আলোকে চাঁদপুর জেলা পুলিশও এই বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে।

চৌদ্দগ্রামে উদয়ন ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন

ফখরুদ্দীন ইমন:

স্বল্প খরচে দ্রুত সময়ে সেবার প্রতিশ্রুতি নিয়ে দোয়া-মুনাজাত এর মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রামে উদয়ন ইন্টারন্যাশনাল (ট্যুর এন্ড ট্রাভেলস্) এর শুভ উদ্বোধন করা হয়েছে । গত শুক্রবার (১৭ই মে) সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ জন্তুর আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, চৌদ্দগ্রাম বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ নজির আহাম্মদ।

উদয়ন ইন্টারন্যাশনালের পরিচালক সাংবাদিক মো: বেলাল হোসাইনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, স্বদেশ ব্রিক্স এর পরিচালক, উপজেলা যুবলীগ নেতা হাসান ইমাম রিপন, সাংবাদিক মো: আক্তারুজ্জামান, উদয়ন ইন্টারন্যাশনালের পরিচালক মো: গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ের শিক্ষক লোকমান হোসেন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন, সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন মিলন, যুবনেতা লিয়াকত শিকদার, চৌদ্দগ্রাম মডেল কলেজের সাবেক শিক্ষক বেলাল হোসেন শাকিল, সাংবাদিক আবু বকর সুজন, মুহা. ফখরুদ্দীন ইমন, ইউসুফ মজুমদার, কাজী সেলিম, সামাজিক ব্যক্তিত্ব বিল্লাল হোসেন, মাওলানা কাজী আব্দুল কাদের, হাফেজ মর্তুজা মজুমদার, আবদুল কাদির পাটোয়ারী, ইসমাইল মজুমদার, ব্যবসায়ী খোরশেদ আলম, শরীফুল ইসলাম, মো: মিলন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যে উদয়ন ইন্টারন্যাশনালের পরিচালক গিয়াস উদ্দিন ও বেলাল হোসাইন জানান, ‘এ প্রতিষ্ঠানের মাধ্যমে পবিত্র হজ্ব ও ওমরা ভিসা সেবা, ভিজিট ভিসা, বিভিন্ন দেশের এয়ার টিকেট ক্রয়, শর্ত-স্বাপেক্ষে টিকেটের তারিখ পরিবর্তন, ভিসা প্রসেসিং, মেডিকেল, মক্কা, মদিনায় হোটেল বুকিং, ভিজিট ও ফ্যামিলি ভিসার ফাইল প্রসেসিং, ভারতের ভ্রমন ও মেডিকেল ভিসার ফাইল প্রসেসিং, হজ্বের ফিঙ্গার, পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনসহ এ সংক্রান্ত বিভিন্ন সেবা স্বল্প খরচে দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।

সকলের আন্তরিক সহযোগিতা পেলে আমরা গ্রাহকদের কাঙ্খিত সেবা প্রদান করতে পারবো বলেই বিশ্বাস করি।’

বুড়িচংয়ে চেয়ারম্যান পদপ্রার্থী তারিক হায়দারের টেলিফোন প্রতীকের গন সংযোগ ও উঠান বৈঠক

কুমিল্লা প্রতিনিধি:

শনিবার সারাদিন কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ তারিক হায়দার এর টেলিফোন প্রতীকের উদ্যোগে বুড়িচং সদর ইউনিয়নের উপজেলা সদরে সাধারণ ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং তার টেলিফোন প্রতীকে ভোট প্রার্থনা করেন বুড়িচং বাজারের সকল দোকান পাঠ ব্যবসা প্রতিষ্ঠানে কৌশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। এর তিনি প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন কে সঙ্গে নিয়ে পূর্নমতি পথসভা, আরাগ আনন্দ পুর, জগতপুর, জরুইন, হরিপুর সহ বিভিন্ন এলাকায় গন সংযোগ করেন।

এলাকার সকল গ্রামে গিয়ে ব্যপক গন সংযোগ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন স্বপন।

প্রধান বক্তা অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ( টেলি ফোন প্রতীকের) হাজী মোঃ তারিক হায়দার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক লাভলী আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম ওরফে আব্দুল হক মাষ্টার, কেবি এ হান্নান, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের চেয়ারম্যান,।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আইয়ূব নবী, জহিরুল ইসলাম,লিটন রেজা মেম্বার, আবু হাসান, দুলাল হোসেন মাষ্টার, কবির হোসেন, শরীফুল ইসলাম, আল হেলাল, ইয়াসমিন মেম্বার।

আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, আহসানুল আহমেদ শিপন মেম্বার, হবি উল্লাহ হনি মেম্বার,ছাত্র নেতা হাসান ভূইয়া, রাজিব, আসিফ আকবর, প্রমূখ। এসময় ভোটার ও কর্মী সমর্থক সহ বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে পাওয়ার ট্রিলারের চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পাওয়ার টিলারে চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ঘাতক চালক পলাতক রয়েছে।

নিহত মো.রিফাত (৬) উপজেলার চর জুবলি ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের রেজোয়ানুর রহমানের ছেলে। সে স্থানীয় পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এলাকার বাঁধের হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁধের হাট এলাকা থেকে মাটি নিয়ে যাচ্ছিলো পাওয়ার টিলার । এ সময় রাস্তায় শিশুটি চলন্ত পাওয়ার টিলারে উঠতে চেষ্টা করে। ওই সময় পাওয়ার টিলারের নিচে শিশুটি চাপা পড়ে মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।

ওসি কাউছার আলম ভূঁইয়া আরও বলেন,নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাওয়ার ট্রিলারটি জব্দ করে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবার সৌদি আরবে সুইম স্যুটে ফ্যাশন শো’র আয়োজন

ডেস্ক রিপোর্ট:

প্রথমবারের মতো সাঁতারের পোশাকের (সুইম স্যুট) ফ্যাশন শো, তাও আবার রক্ষণশীল সৌদি আরবে। গতকাল শুক্রবার ছক ভেঙে এই ঐতিহাসিক ফ্যাশন শোটির আয়োজন করা হয় দেশটিতে। পুলের ধারে আয়োজিত এই ফ্যাশন শোয়ে বেশিরভাগ মডেলের কাঁধ ও পা উন্মুক্ত ছিল। এমনকি তাদের শরীরী অবয়বও দৃশ্যমান ছিল।

এই ফ্যাশন শোয়ে মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের তৈরি করা পোশাকে ফ্যাশন শোতে অংশ নেন মডেলরা। এর মধ্য দিয়ে সাঁতারের পোশাকের মডেলদের সমন্বিত প্রথম এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হলো সৌদি আরবে। যেখানে পর্দানশীল পোশাকের পরিবর্তে উন্মুক্ত সুইমিং কস্টিউমে দেখা যায় মডেলদের।

এই ফ্যাশন শোটি সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে উদ্বোধনী রেড সি ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়। রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ, সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কেন্দ্রস্থলে তথাকথিত গিগা-প্রকল্পগুলোর একটি।

উল্লেখ্য, সৌদি আরবে নারীদের জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। যা মেনে না চললে রয়েছে নানান ধরনের শাস্তির ব্যবস্থাও। সেই দেশের বিধিনিষেধের বেড়াজাল টোপকে সাঁতারের পোশাকে এই প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন করা হলো। যা নিয়ে এরই মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেউ কেউ।

সূত্র : জিও টিভি, ডন ও এএফপি।

আড়াই কোটি টাকা পাচ্ছেন প্রতারণার শিকার বাংলাদেশি শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার জোহরবারুতে প্রতারিত হওয়া ৭৩৩ জন বাংলাদেশি শ্রমিককে তাদের পাওনা বেতন বাবদ আড়াই কোটি টাকা দেওয়া হবে। দেশটির শ্রম বিভাগ জানিয়েছে, মোট অপরিশোধিত বেতনের পরিমাণ ১০ লাখ ৩৫ হাজার ৫৫৭ রিংগিত। যা বাংলাদেশি অর্থে আড়াই কোটি টাকারও বেশি।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় শুক্রবার (১৭ মে) এক বিবৃতিতে জানিয়েছে, কর্মসংস্থান আইন ১৯৫৫ এর ধারা ৬৯(৪) এর অধীনে জোহর শ্রম অধিদফতর এখন নিয়োগকর্তাকে দায়রা আদালতে এনে শ্রম আদালতের জারি করা আদেশ কার্যকর করবে।

গত ফেব্রুয়ারিতে জোহরবারুতে ৭৩৩ জন প্রতারিত বাংলাদেশি শ্রমিকের খোঁজ মেলে। তাদের প্রায় ৪ মাস ধরে বিনা বেতনে কাজ করানো হয়েছিল এবং প্রতিশ্রুতি অনযায়ী কাজও দেওয়া হয়নি। এর আগে গত ৫ ফেব্রুয়ারি জোহর শ্রম অধিদফতর এই শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য ৪৫ দিনের সময় বেঁধে দিয়েছিল। কিন্তু সেই সময়ে নির্ধারিত টাকা পরিশোধ করেনি কর্তৃপক্ষ।

মালিকপক্ষ দোষী সাব্যস্ত হলে, কোম্পানি প্রতিটি অপরাধের জন্য ৫০ হাজার রিঙ্গিত বা ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে এবং শ্রমিকদের পাওনা মজুরি নিষ্পত্তি করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিটির বিরুদ্ধে চলা মোট ১০টি তদন্তের মধ্যে ৪টিতে মামলার অনুমতি দেওয়া হয়েছে। বাকি ৬টি অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও কোম্পানিটিতে বিদেশিকর্মী নিয়োগের কোটা প্রত্যাহার করা হয়েছে এবং নিয়োগকর্তাকে নতুন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, একটি বিশেষ ‘নিয়োগকর্তা পরিবর্তন প্রক্রিয়া’ (পিটিএম) এর মাধ্যমে মোট ৬৯২ জন ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মীকে এরই মধ্যে নতুন কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে।