All posts by jitu

প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি ওয়ানপ্লাস ডিভাইস উন্মোচন

দেশের বাজারে ওয়ানপ্লাসের আনুষ্ঠানিক যাত্রা

ডেস্ক রিপোর্ট:

স্মার্টফোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে দেশের স্মার্টফোন বাজারে যাত্রা শুরু করেছে।

১৪ মে সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় এই ব্র্যান্ডের প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোন – নর্ড এন৩০ এসই ফাইভজি উন্মোচন করা হয়।

আনুষ্ঠানিক এই যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশের সকল ব্যবহারকারীর জন্য ব্যতিক্রমধর্মী বিক্রয়-পরবর্তী সেবা, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করবে ওয়ানপ্লস। পাশাপাশি, ওয়ারেন্টি স্ট্যাটাস বিবেচনায় না নিয়ে ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিকাল লাইনের সমস্যার ক্ষেত্রে বিনামূল্যে রিপেয়ার সেবা দিবে প্রতিষ্ঠানটি। প্রথম পর্যায়ে সারাদেশের ৩৫টি স্থানে (২২টি সার্ভিস সেন্টার ও ১৩টি সার্ভিস পয়েন্ট) বিক্রয়-পরবর্তী সেবা পাওয়া যাবে। একই সাথে, গ্লোবাল ভার্সনের পণ্যের ক্ষেত্রে ৭ দিনের স্মার্টফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও ১২ মাসের স্মার্টফোন সার্ভিস দিবে ওয়ানপ্লাস বাংলাদেশ।

এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র আফটার-সেলস সার্ভিস ডিরেক্টর মো. রুবায়েত ফেরদৌস চৌধুরী বলেন, “আমরা নির্ভরযোগ্য বিক্রয়-পরবর্তী সেবার গুরুত্ব বুঝি। তাই, দেশের সকল ওয়ানপ্লাস ব্যবহারকারীর জন্য ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা আমাদের গ্লোবাল ভার্সন স্মার্টফোনের ডিসপ্লের ভার্টিকাল লাইনের সমস্যায় ফ্রি রিপেয়ার সার্ভিস দিবো।”

স্থানীয় উৎপাদনের শুরুতেই প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি স্মার্টফোন ‘বিগার, লাউডার, ফাস্টার’ ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি বাজারে নিয়ে আসা হয়েছে। নতুন এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ ফাইভজি প্ল্যাটফর্ম ও ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিংয়ে সক্ষম এমন শক্তিশালী ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত প্রথম মডেল নর্ড এন৩০ এসই ফাইভজি’র মধ্য দিয়ে ক্রমান্বয়ে বাংলাদেশে তৈরি ফাইভজি স্মার্টফোনের বিস্তৃত সমাহার নিয়ে আসবে ওয়ানপ্লাস।

আজ ১৫ মে থেকে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাচ্ছে; আর মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকায় ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি শোরুমে পাওয়া যাবে আগামী ২২ মে থেকে। পাশাপাশি, র‌্যাফেল ড্র’র মাধ্যমে (স্বাগত অফার) ওয়ানপ্লাস গ্রাহকদের মাত্র ৩০ টাকায় ডিভাইসটি কেনা বা ওয়ানপ্লাস নর্ড বাডস ২ বা একটি টি-শার্ট জিতে নেয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে এই ব্র্যান্ডটি। এমন আকর্ষণীয় অফারের মধ্য দিয়েই স্থানীয়ভাবে উৎপাদিত মডেল নর্ড এন৩০ এসই ফাইভজি’র যাত্রা শুরু হলো।

এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র সিইও মেঙ্ক ওয়াং বলেন, “সারাবিশ্বের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য; আর বাংলাদেশে যাত্রা শুরু করার মধ্য দিয়ে আমাদের এই লক্ষ্য পূরণের দিকে আরও একধাপ এগিয়ে গেলাম। স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে আমরা একটি প্রোডাক্ট ইকোসিস্টেম তৈরি করবো, যা ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি আরও সহজলভ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।”

দেশের সকল প্রযুক্তিপ্রেমী মানুষের জন্য স্মার্টফোন প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে ওয়ানপ্লাস এর ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের সকল পণ্য বাংলাদেশ নিয়ে আসছে। এছাড়া, ব্যবহারকারীর ডিজিটাল জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ওয়ানপ্লাস ওয়াচ ২, ওয়ানপ্লাস প্যাড ২ সহ আরও নানান আইওটি পণ্য বাজারে নিয়ে এসেছে ব্র্যান্ডটি। প্রযুক্তিপ্রেমীরা নিচের লিঙ্ক থেকে আরও বিস্তারিত জানতে পারবেন -https://www.oneplus.com/bd/n30-se ।

 

‘বিএনপির কারণে স্বাস্থ্য ব্যবস্থায় স্থবিরতা নেমে আসে’

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত আমরা সরকারে ছিলাম না। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আমাদের দেশের মানুষ প্রাথমিক যে স্বাস্থ্যসেবা পাবে সেই সুযোগটা বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের জনসংখ্যা এবং স্বাস্থ্য ব্যবস্থায় স্থবিরতা নেমে আসে।

বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আইসিপিডি থার্টি গ্লোব্যাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে দীর্ঘ সংগ্রামের পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা দায়িত্ব নেওয়ার পর জাতির পিতার নেওয়া পদক্ষেপ অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করি। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছানোর জন্য সারা দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন কাজ শুরু করি। সেই সময় জাতীয় পুষ্টি কর্মসূচি গ্রহণ করি। নারী উন্নয়ন ও ক্ষমতায়নে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করি। নারী শিক্ষা বিস্তার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ করার ক্ষেত্রে ছিল আমাদের আন্তরিক প্রয়াস।

তিনি আরও বলেন, জাতির পিতার নিদের্শে ’৭৩-৭৮ সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জনস্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাশনাল কাউন্সিল কমিশন গঠন করেন। জাতির পিতাকে হত্যা করার পরে এদেশে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। এরপর সমস্ত অর্জনগুলো একে একে নষ্ট করে দেওয়া হয়।

তিনি বলেন, ২০০৯ সালে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে পুনরায় সরকার পরিচালনার দায়িত্বে আসার পর আমরা আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশনের ১৫টি মূলনীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি ২০১২ প্রণয়ন করি। মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুহার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, শিশু ও কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করি। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিক প্রকল্প আবারও চালু করি। বর্তমানে সারা দেশে সাড়ে ১৪ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবাসহ ৩০টি অতি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এর মধ্যে প্রায় তিন হাজার ক্লিনিকে স্কিলড বার্থ অ্যাটেনডেন্স সেবা প্রদান করা হচ্ছে।

শেখ হাসিনা আরও বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ৩ হাজার ২৯০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা, শিশু ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ২ হাজার ২০০টি কেন্দ্র থেকে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে। প্রসূতিসেবা প্রদানের জন্য এসব কেন্দ্রে ৪ জন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০১০ সালে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আমি ৩০ হাজার ধাত্রী নিয়োগের অঙ্গীকার করেছিলাম। এর ধারাবাহিকতায় আগামী কয়েক বছরের মধ্যে ২০ হাজার ধাত্রী নিয়োগ করা সম্ভব হবে বলে আমি আশা করি।

শেখ হাসিনা বলেন, মাতৃ স্বাস্থ্য সেবায় জরুরি প্রসূতি সেবা নিশ্চিত করতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। ‘মা টেলিহেলথ সার্ভিস’-এর মাধ্যমে প্রসূতি মায়ের গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণ এবং শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ বাস্তবায়নের মাধ্যমে ১৩ লাখ উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা, শপিং মল, রেল স্টেশনসহ বিভিন্ন জায়গায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। একইসঙ্গে সরকারি-বেসরকারি প্রতিটি কর্মস্থলে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র’ স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে। গত ১৫ বছরে এসব উদ্যোগের ফলে বর্তমানে বাংলাদেশে শিশুমৃত্যু হার প্রতি হাজারে ২১ জন; যা ২০০৬ সালে ছিল হাজারে ৮৪ জন। একইভাবে মাতৃমৃত্যু হার প্রতি লাখে ২০০৬ সালের ৩৭০ জন থেকে ১৩৬ জনে হ্রাস পেয়েছে।

জলবায়ু নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছি

ডেস্ক রিপোর্ট:

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কীভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

লু বলেন, আমাদের চমৎকার আলোচনা হয়েছে। পরিবেশ সুরক্ষায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কীভাবে একসঙ্গে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা করেছি।

ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ইস্যুতে একসঙ্গে কাজ করার কথাও জানান তিনি।

আজ থেকেই নো হেলমেট, নো ফুয়েল কার্যকরের নির্দেশ সেতুমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে কোথাও হেলমেট ছাড়া বাইকারদের যেন তেল দেওয়া না হয় আজ থেকেই তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৫ মে) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে সড়ক পরিবহণ উপদেষ্টা পরিষদের সভায় এমন নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি। এখানে হেলমেট ছাড়া নরমালি দেখা যায় না। সবাই হেলমেট পরে। আমরা যে পলিসিটা নিয়েছি তা মফস্বলেও চালু করেন। ডিসি-এসপি সাহেবদের বলেন যে, ওইসব জায়গাতেও কাউকে তেল দেওয়া হবে না, যদি হেলমেট না থাকে।

সেতুমন্ত্রী বলেন, আজ সিদ্ধান্তই নিলাম। শুধু ঢাকা শহর করলে হবে না। পুরো বাংলাদেশ করতে হবে। নো হেলমেট নো ফুয়েল এই নীতিতে আমরা যাব। এই সিদ্ধান্তই আজ নিলাম।

এত উন্নয়নের পরও সড়ক, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেতুমন্ত্রী। বলেন, সড়কে পরিবহণে যদি শৃঙ্খলা না আসে তাহলে নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কী লাভ।

ঝালকাঠিতে ভয়াবহ বাস দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ৪০ বছরের পুরনো গাড়ি কীভাবে সড়কে চলে। এতদিন কী করছিল বিআরটিএ, জানতে চান কাদের।

সভায় ঢাকার দুই সিটি মেয়র, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

১৮৬৫১ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট:

হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৮ হাজার ৬৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৪৭টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন তারা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৪ হাজার ৯০৪ জন।

বুধবার (১৫ মে) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে । আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

এখন পর্যন্ত ৭৪ হাজার ৮৯৭ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরপর সময় ৭ মে পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ ভিসা আবেদন করার সময় বাড়িয়ে ১১ মে করা হয়। সেই সময়ের মধ্যেও সব হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি। পরে সৌদি কর্তৃপক্ষের কাছে ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন জানানো হয়। এখনো ভিসা কার্যক্রম চলছে।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

বাইউস্ট এ এমবিএ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি কুমিল্লাস্থ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট ) এমবিএ তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল হক, পিএসসি, পিএইচডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকরাম খান, সিনিয়র ম্যানেজার, এইচআর, ব্র্যান্ডিক্স আপ্যারালস বাংলাদেশ লিঃ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক রিদুয়ানুল মুস্তাফা ।

নবীন শিক্ষার্থী হাবিবা সুলতানা ঝুমি, প্রাক্তন শিক্ষার্থী দিলশাদ জাহান ও বাহার উদ্দিন তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।

স্কুল অব বিজনেসের ভারপ্রাপ্ত ডীন ড. ফাতেমা জোহারা শিক্ষার্থীদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি মোঃ আকরাম খান তার বক্তব্যে কর্মজীবনে সফলতার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতার উপর আলোকপাত করেন ।

উপাচার্য তার বক্তব্যে শিক্ষার্থীদের জীবন গঠনে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মোঃ তহিদুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এমবিএ শিক্ষার্থী চন্দ্রিমা বড়ুয়া সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. কমিজ উদ্দিন আহমেদ আলমসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ ও সম্মানিত শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০১৯ সাল থেকে এক্সিকিউটিভ এমবিএ চালুর মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় এমবিএ প্রোগ্রামের যাত্রা শুরু হয়।

পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

পেরুতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। দেশটির পাহাড়ী আয়াকুচো অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বাসটি ৪০ জন আরোহী নিয়ে আন্দিজ পর্বতের দিকে যাচ্ছিল। সেখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। খবর এএফপির।

আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের বলেন, ইতোমধ্যেই ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনের মরদেহ বাসের নিচে আটকা পড়ে আছে। তিনি ওই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াইবার ভেগা জানিয়েছেন, শিলাবৃষ্টিসহ খারাপ আবহাওয়ার কারণে বাকি তিনজনের মরদেহ উদ্ধারে সময় লাগছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সকালে লিমা থেকে আয়াকুচো শহরের যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে।

ভাঙাচোরা রাস্তায় দ্রুত গাড়ি চালানোসহ বেশ কিছু কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৩০ এপ্রিল কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালে পেরুতে ট্রাফিক দুর্ঘটনায় মোট তিন হাজার ১৩৮ জন প্রাণ হারায়। সরকারি তথ্য অনুযায়ী, ৭০ শতাংশ দুর্ঘটনা চালকের দক্ষতার অভাব, ক্লান্তি বা সাধারণ কিছু কারণে হয়ে থাকে।

কুবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

 

চাঁদনী আক্তার , কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ১৬ আবর্তনের শ্রী স্বপ্নীল মুখার্জি নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সমালোচনা ও প্রতিবাদ করতে দেখা দিয়েছে।

কয়েকটি ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তার ফেসবুক আইডি থেকে গত ২০শে ফেব্রুয়ারি ছোটদের বর্ণমালা শেখার একটি বইয়ের একটি পৃষ্ঠার ছবি (একটি গিটারের ছবিসহ লিখা আছে গ-তে ‘গান বাজনা ভালো নই’) ছবি নিয়ে ক্যাপশন (ছবি তো গিটারের, গান কীভাবে আসলো? ছবি কই আকছে। এটা তো রং করছে। আতশবাজি ফোটানোর সাথে রং তামাশার সম্পর্ক কি?) দিয়ে পোস্ট করেন।

পোস্টের মন্তব্যে তিনি আসিফ আহমেদ নামে এক জন ব্যক্তিকে মেনশন করে বলেন, “হযরত যেখানেই যেত যুদ্ধ করতো। বদর না ফদর আরো কত কি নাম আছে। এলাকার মানুষগুলাকে একটা দিনও শান্তি দেয়নি।”

তিনি একই ব্যক্তিকে মেনশন করে আরো মন্তব্য করেন, “এ জন্যই মুসলিমদের সাথে কথা বলি না কারণ তাদের ব্রেইন নাই। আফগানিস্তান নিয়ে কথা বলতে বলতে হিন্দুধর্মের দেবতা টেনে নিয়ে এসে বলে টপিকের মাঝে থাকতে।”

তার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) প্রতিবাদের ঝড় উঠেছে।
সেখানে রোমান সরকার নামে একজন লিখেছেন, ‘সে দীর্ঘদিন ধরে বহুবার মহানবী হযরত মুহাম্মদ (স.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আসছে। তার দৃষ্টান্ত মূলক শাস্তি ও বহিষ্কার চাই।’

কামরুল ইসলাম নামে এক লিখেছেন, ‘দ্রুত ওর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক!’

শামিম হোসেন নামে এক জন লিখেছেন, ‘এটা পুরান , অন্তত ১০০ বারের উপরে ওয়ার্নিং দেওয়া হইছে এবং প্রতিবারই খুব নত হয়ে মাফ চাইছে। আমাদের সিনিয়র, আমরা (১৫ ব্যাচ) এবং তার বর্তমান ব্যাচ (১৬) এর পোলাপান এরপর দুই চোখেও দেখতে পারেনা শুধু ফেসবুকে এসব কমেন্টের জন্য। কিন্তু এখন মনে হচ্ছে আর নয়, এটার বিরুদ্ধে এবার একটা ব্যবস্থা করতেই হবে। ‘

পিন্না মিম নামে একজন লিখেছেন, ‘অল্পবিদ্যা যে ভয়ংকর,সেইটা এই ছেলে মনে হয় ভুলে গেছে।কোনো কিছুর প্রেক্ষাপট না জেনেই এমন মন্তব্য কীভাবে করতে পারে এই ছেলে!’

আব্দুল আজিজ সজিব নামে এক জন লিখেছেন, ‘আইনি ব্যবস্থা নিতে হবে।তাকে তার সহপাঠী এবং সিনিয়ররা আগেও সতর্ক করেছিল, কিন্তু সে সোজা হয় নাই। এখন এই ঘটনা।’

এদিকে ধর্মীয় অবমাননার কারণে তাঁর সহপাঠীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছে।

তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটস থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস এর সিনিয়র রোভারমেট তোফাজ্জল হোসেন।

এছাড়াও বর্তমানে তিনি সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ সংগঠনের কার্যনির্বাহী সংসদ ২০২৩-২৪ এর প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি ফেসবুকে তার বিরুদ্ধে অভিযোগ দেখেছি এবং এটা যেহেতু ধর্মীয় ইস্যু আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করে রেখেছি। যখন লিখিত অভিযোগ পাবো তখন তদন্ত করে পদক্ষেপ নেওয়া হয়। আমাদের কাছে এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে আমরা আগামীকাল প্রক্টোরিয়াল বডি বসবো। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হবে। যদি সত্যতা প্রমাণিত হয়, তাহলে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, এ ব্যাপারে আমি অবগত না। তবে একজন শিক্ষার্থী হিসেবে সে ধর্ম অবমাননা করতে পারে না। তবে অবমাননার অভিযোগ প্রমাণিত হলে বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, প্রশাসন থেকে পদক্ষেপ নিবে।

সনাতন বিদ্যার্থী সংসদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শাখার সাধারণ সম্পাদক শ্রী দ্বীপ চৌধুরী বলে, স্বপ্নীল খুবই নিন্দনীয় কাজ করেছে। একজন মহান ব্যক্তি নিয়ে সে এই ধরনের কথা বলতে পারে না। আমাদের সংগঠন মানুষকে নিন্দা করা সমর্থন করে না। তার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমাদের সংগঠনের কেন্দ্র থেকে ব্যবস্থা গ্রহণ করবেন।

ধর্মীয় অবমাননা কারণ জানতে তাকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের নম্বর ব্লক করে দেন।

ডোনাল্ড লু নিয়ে কথা বলতে চাই না, কর্মসূচি নিয়ে ভাবছি: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

সরকারবিরোধী আগামী কর্মসূচি নিয়ে মিত্র দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, সার্বিক বিষয় নিয়ে আমাদের বিশ্লেষণ হয়েছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের কর্মসূচি দেওয়া যায় সেটা নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি।

গণধিকার পরিষদের তরুণ নেতারা আগামী আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

মার্কিন সহকারি মন্ত্রী ডোনাল্ড লু র ঢাকা সফর নিয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের জনগণ কারও ওপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। জনগণ নিজেরদের শক্তি দিয়ে নিজেদের পায়ের ওপর ভর করে ৭০ সালের পূর্বেও আন্দোলন সংগ্রাম করেছে। ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীতে আমরাও জনগণের ওপর ভর করে আন্দোলন সংগ্রাম করছি। সুতরাং এটা নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না।’

গণধিকার পরিষদের একাংশের নুরুল হক বলেন, রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের যুগপৎ আন্দোলন চলমান থাকবে।

বিকেল পৌনে ৫টায় শুরু হওয়া ওই বৈঠকে বিএনপির পক্ষে আরও ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। অন্যদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকে বৈঠকে অংশ নেন।