All posts by jitu

এবার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের কথা বলা হয়েছে। আগামী ৫ জুন চতুর্থ ধাপে এই নির্বাচন হওয়ার কথা ছিল।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম প্রধান পদত্যাগ না করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। বাছাই চলাকালীন সিদ্ধান্ত গ্রহণের আগেই উচ্চ আদালতের আদেশ উপস্থাপন করেন তিনি। এতে বলা হয় সেলিম প্রধানের মনোনয়নপত্র গ্রহণ করার জন্য। পরে নির্বাচন কমিশনে সেটি পাঠানো হলে কমিশন নির্বাচন স্থগিত করে।

নির্বাচন–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সেলিম প্রধানের মনোনয়নপত্র সিদ্ধান্ত গ্রহণের জন্য রাখা হয়। সেলিম প্রধান মনোনয়নপত্র বাছাইয়ের আগেই ৮ মে উচ্চ আদালত থেকে আদেশ নিয়ে আসেন তাঁর মনোনয়নপত্র গ্রহণের জন্য।

৬ মে রাত ১০টায় নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার দুই ঘণ্টা আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ৮ মে নাঙ্গলকোটের নির্বাচন হওয়ার কথা ছিল। এ নিয়ে প্রথম ধাপে নাঙ্গলকোট ও চতুর্থ ধাপে চান্দিনা উপজেলা নির্বাচন স্থগিত হলো।

কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, কমিশন পরবর্তী সময়ে যে নির্দেশনা দেবে, সেই আলোকে নির্বাচন হবে।

কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে প্রথম ধাপে তিনটি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় ধাপে তিনটি উপজেলায় (একটি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই জয়ী) ২১ মে ভোট হবে। তৃতীয় ধাপে চারটি উপজেলায় ২৯ মে, চতুর্থ ধাপে দুটি উপজেলায় ৫ জুন ভোট হবে। মোট ১২টি উপজেলায় নির্বাচন হচ্ছে। দুটি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। অপর তিনটি উপজেলায় পরে ভোট হবে। সেগুলোর তফসিল এখনো ঘোষণা করা হয়নি।

দেবিদ্বার উপজেলা নির্বাচন: শাহিদা পেয়েছেন ঘোড়া ও খাদিজা পেয়েছেন দোয়াত-কলম প্রতিক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।  চেয়ারম্যান পদে শাহিদা আক্তার পেয়েছেন  ঘোড়া ও খাদিজা বিনতে রোশন পেয়েছে দোয়াত কলম প্রতিক।  এছাড়া  চেয়ারম্যান প্রার্থী মোঃ মামুনুর রশিদ পেয়েছেন আনারস প্রতিক।

সোমবার বিকেলে এ প্রতিব বরাদ্দ দেয়া হয়।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ আল কাইয়ুম পেয়েছেন  টিউবওয়েল, সাইফুল ইসলাম মাসুম পেয়েছে চশমা সোলাইমান কবির খান পেয়েছে মাইক প্রতিক এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার পেয়েছে প্রজাপতি, এবং শাহিনুর বেগম(লিপি) ফুটবল।

ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তার  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ রোশন আলী মাষ্টারের স্ত্রী। তিনিও আওয়ামী রাজনীতির সাথে জড়িত।

আগামী ২৯শে মে এ উপজেলায়  ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

অবশেষে দেশে পৌঁছালো এমভি আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট:

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির একমাস পর দেশে পৌঁছালো বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। দীর্ঘ যাত্রা শেষে সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে কুতুবদিয়ায় নোঙর করেছে জাহাজটি। বিষয়টি জানিয়েছেন জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ।

কুতুবদিয়ায় চুনাপাথরের কিছু চালান খালাস করে জাহাজটি ১৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে বাকি মালামাল খালাস করার পর বন্দর জেটিতে আসবে এমভি আব্দুল্লাহ। এর আগে মঙ্গলবার (১৪ মে) বিকেলে জিম্মিদশা থেকে মুক্ত নাবিকদের চট্টগ্রামে নিয়ে আসা হবে।

বিষয়টি নিশ্চিত করে কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘এমভি আবদুল্লাহ বর্তমানে কুতুবদিয়ায় নোঙর করেছে। জলদস্যুদের কবল থেকে মুক্ত নাবিকদের লাইটার জাহাজে করে মঙ্গলবার সরাসরি সদরঘাট কেএসআরএম জেটিতে নিয়ে আসা হবে। সেখানেই তাদের বরণ করা হবে।’

‘নাবিকদের জেটিতে বরণ করার জন্য কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নাবিকদের স্বজনদের কেউ কেউ এসময় জেটিতে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। তারা নাবিকদের বরণ করে নেবেন।’ -মিজানুল ইসলাম।অবেশেষে দেশে পৌঁছালো এমভি আবদুল্লাহ, কুতুবদিয়ায় নোঙরজাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান এসআর শিপিং সূত্রে জানা গেছে, মঙ্গলবার এমভি আবদুল্লাহ জাহাজের দায়িত্ব নেবে নতুন একটি নাবিক দল। বর্তমান নাবিকরা দীর্ঘ ভ্রমণ ও জিম্মিদশার ট্রমা কাটিয়ে ওঠার জন্য ছুটিতে যাবেন। তবে তারা মঙ্গলবারেই ছুটি পাচ্ছেন কি না এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

কয়লা নিয়ে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে ফেরার সময় জিম্মি জাহাজটি এবার দেশের পথে বহন করছে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর। আজ দুপুরে জাহাজটি দেশের জলসীমায় কুতুবদিয়ার দিকে এগোচ্ছিল।

গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের উদ্দেশে রওনা হয় এমভি আবদুল্লাহ। ১২ মার্চ বাংলাদেশি ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। দেশটির উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে জাহাজটি জিম্মি করা হয়।

এর ৩২ দিন পর গত ১৪ এপ্রিল জাহাজটি মুক্ত করে দেয় জলদস্যুরা। এর পরই সেটি সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে। টানা এক সপ্তাহের সমুদ্রযাত্রা শেষে ২১ এপ্রিল বিকেলে জাহাজটি আল হামরিয়াহ বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

প্রতীক পেলেন বুড়িচং উপজেলার ৯ জন প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি:

আসন্ন বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন বুড়িচং উপজেলার ৯ জন প্রার্থী।

বুড়িচং উপজেলায় মোট প্রার্থী ৯ জন এর মধ্যে ৪ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

গতকাল সোমবার বেলা ১১ টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে মিলনায়তনে রিটার্নিং অফিসার প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে লটারি ও সিলেকশনের মাধ্যমে এই চার উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

চার চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার আনারস প্রতীকের চাহিদা থাকলেও বাছির খাঁনের আবদার রেখে তাকে আনারস প্রতীক দিয়ে নিজে ঘোড়া প্রতীককে বেঁচে নেয়। বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম লড়বে দোয়াত- কলম প্রতীক নিয়ে। কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দারের প্রতীক টেলিফোন।

বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. বাছির খাঁন।

ভাইস চেয়ারম্যান পদে মো. জসীম উদ্দিন পেয়েছে মাইক প্রতীক, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আল আজাদ পেয়েছে উড়োজাহাজ প্রতীক, মেজবাউল খাঁন আসিফ পেয়েছে বই প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. লাভলী আক্তার পেয়েছে ফুটবল প্রতীক, মোসা. পান্না আক্তার পেয়েছে কলস প্রতীক।

বার্ড-এর মহাপরিচালক হিসেবে সাইফ উদ্দিনের যোগদান

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ।

তিনি গত ১২ মে কুমিল্লা বার্ডে যোগদান করেন।

বার্ড-এ যোগদানের পূর্বে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে সিভিল সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) হতে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সভায় যোগদানের জন্য তিনি ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইতালী, জার্মানী ও ভারতসহ ২০ এর অধিক রাষ্ট্র সফর করেন।

কৃষ্ণচূড়ার রঙে নবরূপে চৌদ্দগ্রামের প্রকৃতি

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম :

লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুলের সমারোহে নবরূপে সেজেছে কুমিল্লার চৌদ্দগ্রামের প্রকৃতি। গ্রীষ্মের তীব্র তাপদাহে যখন মানুষ হাঁপিয়ে উঠেছে, ঠিক তখনই কৃষ্ণচূড়া ফুল প্রকৃতিতে এনেছে নতুন সাজ। চারিদিকে সবুজের বুক চিরে রক্তিম লাল আভা জানান দিচ্ছে প্রকৃতির নয়নাভিরাম রূপের। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার সহ চৌদ্দগ্রামের বিভিন্ন বিদ্যাপিঠ ও সরকারি-বেসরকারি অফিস প্রাঙ্গণকে কৃষ্ণচূড়া ফুল সাজিয়েছে এক অপরূপ সাজে। প্রকৃতি যেন সেজেছে কৃষ্ণচূড়ার রঙে। পরিবেশে ফিরেছে নতুন সৌন্দর্য্য। মনকাড়া এ প্রকৃতি ছুঁয়েছে প্রকৃতি প্রেমীদের হৃদয়ের গহীনতম অংশ।

মহাসড়কের দুইপাশে বিস্তৃত মাঠ, মাঠে সবুজ ঘাস। সড়কের মাঝখানের ডিভাইডারে লাগানো কৃষ্ণচূড়া গাছে লাল ফুলের সমারোহ। গ্রীষ্মের তপ্ত রোধে হিমেল বাতাস আর রঙিন কৃষ্ণচূড়া গাছের শীতল ছায়া। এ যেন প্রকৃতির অনাবিল সৌন্দর্য্য। বৃক্ষ প্রেমী সহ সাধারণ মানুষের হৃদয়ে মুগ্ধতা ছড়িয়েছে নবরূপে সজ্জিত এ প্রকৃতি। প্রকৃতির এই রক্ত রঙিন পাগলপারা সৌন্দর্য্য শুধু গ্রীষ্মেই পাওয়া যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চোখ ধাঁধানো টুকটুকে লাল কৃষ্ণচূড়ায় সেজেছে গ্রীষ্মের প্রকৃতি। দূর থেকে দেখলে মনে হয়, বৈশাখের রৌদ্দুরের সবটুকু উত্তাপ গায়ে জড়িয়ে নিয়েছে রক্তিম পুষ্পরাজি। সবুজ চিরল পাতার মাঝে যেন আগুন জ্বলছে। গ্রীষ্মের ঘাম ঝরা দুপুরে কৃষ্ণচূড়ার ছায়া যেন অনাবিল প্রশান্তি এনে দেয় অবসন্ন পথিকের মনে। তাপদাহে ওষ্ঠাগত পথচারীরা পুলকিত নয়নে, অবাক বিস্ময়ে উপভোগ করে এই সৌন্দর্য্য। শীতল হাওয়ায় জুড়ায় প্রাণ।

কৃষ্ণচূড়া বাঙালির কাছে অতিপরিচিত একটি ফুল। বাঙালির কবিতা, সাহিত্য, গান ও নানা উপমায় এর রূপের মোহনীয় বর্ণনা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। মোহনীয় রূপে প্রকৃতির শোভা বর্ধনকারী এ বৃক্ষ এখনো গ্রামবাংলার পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দেখা যায়। প্রকৃতিতে গ্রীষ্মের ছোঁয়া পড়ার সঙ্গে সঙ্গেই কৃষ্ণচূড়া তার রক্তিম আভা ছড়ানোর মাধ্যমে জানান দেয়- সে এখনও টিকে আছে প্রকৃতিকে সাজাবে বলে। যুগ যুগ ধরে প্রকৃতির ঐতিহ্য বহন করছে কৃষ্ণচূড়া।

প্রকৃতপক্ষে কৃষ্ণচূড়ার আদি নিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে। বিদেশ থেকে আমদানিকৃত এ বৃক্ষ যেন এখন বাঙালির ঐতিহ্যেরই একটা অংশ হয়ে গেছে সবার অগোচরে। এ দেশে এসে পরিচিত হয়েছে নতুন নামে। এর সবচেয়ে বড় খ্যাতি হচ্ছে মোহনীয় রক্তিম আভা। সবুজের বুক চিরে বের হয়ে আসা লাল ফুল এতটাই মোহনীয় যে, এক পলক দেখতে পথিচারীরাও থমকে দাঁড়াতে বাধ্য হন।

কৃষ্ণচূড়া ফুলে রঙিন হয়েছে সমগ্র চৌদ্দগ্রাম উপজেলার প্রায় প্রতিটি স্থান। মহাসড়ক সহ প্রতিটি বাইপাস সড়কে দেখা মিলেছে কৃষ্ণচূড়ার রঙিন আভা। উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, কৃষ্ণচূড়া তার লাল আবীর নিয়ে পাকা সড়কের পাশে ঠায় দাঁড়িয়ে আছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনায় ফুটেছে রক্তিম কৃষ্ণচূড়া। দেখে মনে হচ্ছে কৃষ্ণচূড়া তার সমস্ত রঙ প্রকৃতির মাঝে ছড়িয়ে দিয়েছে।

স্থানীয়রা সহ অনেকেই সড়কের পাশের কৃষ্ণচূড়া তলায় আসেন ছবি তুলতে। আবার অনেককে দেখা যায় বিশ্রাম নিতে। বিশেষ করে উত্তর বঙ্গ থেকে আসা দিনমুজুরদের প্রায় প্রতিনিয়ত দেখা যায় সড়কের পাশের কৃষ্ণচূড়া গাছের নিচে বসে একটু শীতল হাওয়া উপভোগ করতে। তীব্র গরমে তারা প্রশান্তি খোঁজেন কৃষ্ণতলায়।

মো: মোশাররফ হোসেন নামের এক পথিক বলেন, কৃষ্ণচূড়া গাছের তলে পরিবেশটা খুবই ঠান্ডা। এখানে বাতাসে গা জুড়ায় পথিক সহ স্থানীয়রা। এছাড়া অনেকেই ঘুরতে, প্রকৃতি দেখতে ও ছবি তুলতে আসেন এখানে। আবার অনেকেই গাড়ি থামিয়ে বিশ্রাম নেন কৃষ্ণচূড়া গাছের নীচে বসে। একটুখানি শীতল হাওয়া যেন তাদের হৃদয়ে প্রশান্তির ছোঁয়া বিলিয়ে দেয়।

চৌদ্দগ্রাম উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, কৃষ্ণচূড়ার আদি নিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে। এই বৃক্ষ শুষ্ক ও লবণাক্ত অবস্থা সহ্য করতে সক্ষম। ক্যারাবিয়ান অঞ্চল, আফ্রিকা, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশে এটি জন্মে। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণচূড়া শুধুমাত্র দক্ষিণ ফ্লোরিডা, দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডা, টেক্সাসের রিও গ্রান্ড উপত্যকায় পাওয়া যায়। কৃষ্ণচূড়া আপন মহিমায় প্রকৃতিতে রঙিন করে তোলে।

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে পরীক্ষায় পাস করলেন মা ও মেয়ে

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে চলতি বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাস করেছে মা ও মেয়ে।

মা নুরুন্নাহার বেগম ও মেয়ে নাসরিন আক্তার নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাস করেন।

রবিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মেয়ে নাসরিন মানবিক বিভাগ থেকে জিপিএ-২.৬৭ পেয়েছে। নুরুন্নাহার একই বিদ্যালয়ের কারিগরি (ভোকেশনাল) শাখা থেকে জিপিএ-৪.৫৪ পেয়েছেন।

নুরুন্নাহারের বয়স ৪৪ বছর ও নাসরিনের বয়স ১৮ বছর। নুরুন্নাহার বেগম নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের (১.২.৩ নম্বর ওয়ার্ডের) সংরক্ষিত সদস্য।

এসএসসি পরীক্ষায় মা ও মেয়ের একসঙ্গে পাস করার ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। লোকজন ইউনিয়ন পরিষদ মেম্বার নুরুন্নাহার বেগমের প্রশংসা করছেন।

নুরুন্নাহার বেগম জানান, আমার মেয়েও আমার সাথে পাস করেছে। এতে আমি মহাখুশি। তিনি বলেন, আমি আরও পড়তে চাই। নিজের দুই সন্তানকেও পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পড়াশোনার কোনো বয়স নেই বলে তিনি মনে করেন।

তিনি বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায়। শ্বশুর বাড়ির লোকজন ছিলেন রক্ষণশীল। এ অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। এক পর্যায়ে মেম্বার নির্বাচিত হই। এ নিয়ে দুইবার মেম্বার। সবার অনুমতি নিয়ে আবার পড়াশোনা করি। কেননা, লেখাপড়ার কোনো বিকল্প নেই বলে মনে করি।

চৌদ্দগ্রামে জামাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা যুবলীগ নেতা জামাল উদ্দিন প্রকাশ বাক্কা জামাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো: মফিজুর রহমান খন্দকার (৫২) ও মো: রেজাউল করিম বাবলু (৪২) কে  গ্রেফতার করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

গ্রেফতার হওয়া  মফিজ উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ও বাবলু একই ইউনিয়নের আলকরা গ্রামের নজির আহম্মদ এর ছেলে।

সোমবার (১৩ মে) ভোর রাতে কুমিল্লা সদরের শাসনগাছা এলাকা থেকে পলায়নকালে তাদেরকে গেফতার  করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক  লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল সোমবার ভোর রাতে কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মফিজুর রহমান খন্দকার ও রেজাউল করিম বাবলু নামে চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন প্রকাশ বাক্কা জামাল হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামীকে আটক করে। আইনী প্রক্রিয়া শেষে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন, বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব এর অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ০৮ জানয়ারি রাতে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের তৎকালীন সভাপতি মো: জামাল উদ্দিন প্রকাশ বাক্কা জামালকে ডেকে নিয়ে মহাসড়কের পদুয়া রাস্তার মাথা এলাকায় গুলি ও ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করে দুর্বত্তরা। এ ঘটনায় নিহতের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে ১০ জানুয়ারি আলকরা ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু সহ ২১ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৪/১০.০১.২০১৬) দায়ের করেন। পরবর্তীতে একই বছর ১৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার তদন্তপূর্বক স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে প্রধান আসামী ইসমাইল হোসেন বাচ্চু সহ ২৩ জনের বিরুদ্ধে ৩৬৪/৩০২/৩৪ ধারার বিধানমতে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। পরবর্তীতে আদালতে মামলাটির বিচারকার্য শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত রোববার (১২ মে) দুপুরে প্রধান আসামী সহ ০৯ জনের বিরুদ্ধে মৃত্যুদন্ড, ০৯ জনের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও সেই সাথে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান এবং ০৫ জনকে বেকসুর খালাস প্রদান করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। এ রায় প্রদানকালে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী মো: আলী হোসেন সহ বেকসুর খালাস পাওয়া অপর দুই আসামী আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ মার্চ-২০২৪ তারিখে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: আলী হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে র‌্যাব।

মামলার এজাহার সূত্রে আরো জানা গেছে, আলকরা ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু নির্বাচিত হয়ে ইউনিয়নের সাধারণ জনগণের উপর অত্যাচার, অপকর্ম, চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকান্ড শুরু করে। যুবলীগ নেতা জামাল উদ্দিন তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলে ভিকটিমের সাথে চেয়ারম্যান বাচ্চুর শক্রতা সৃষ্টি হয়। এ ঘটনার জেরে ইউপি চেয়ারম্যান বাচ্চু কয়েকবার ভিকটিমকে হত্যার চেষ্টা করেন। পরবর্তীতে অপরাপর আসামীরা পরষ্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে ২০১৬ সালের ০৮ জানুয়ারি রাতে ডেকে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথা এলাকায় প্রথমে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে থানায় মামলা দায়েরের করেন। পরে তদন্ত সাপেক্ষে আদালতে চার্জশীট দেয় পুলিশ। বিচারকার্য শেষে রোববার (১২ মে) এ মামলার রায় ঘোষণা করে আদালত।

হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেস্ক রিপোর্ট:

হজযাত্রীদের সবাই যাতে পবিত্র হজ পালন করতে পারেন সে জন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম তাকে (প্রধানমন্ত্রী) উদ্ধৃত করে বলেন, সৌদি আরবের উচিত হজযাত্রীদের জন্য ভিসা অনুমোদনের সময় বাড়ানো, যাতে তারা পবিত্র হজ পালন করতে পারেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর বিষয়টি উত্থাপন করেছেন।

রাষ্ট্রদূত বলেন, যেসব হজযাত্রী এখনও হজ পালনের জন্য ভিসা পাননি তাদের ভিসা প্রদানের উদ্যোগ নিচ্ছেন তিনি।

বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি ১০ হাজারের বেশি হজযাত্রী।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ প্রকাশ করেন এবং সেসব প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

জবাবে শেখ হাসিনা বলেন, যাচাই-বাছাই এবং পরীক্ষা শেষে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে।

এ প্রসঙ্গে তিনি তাকে আশ্বস্ত করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ বিষয়টি খতিয়ে দেখবে।

ফিলিস্তিন ইস্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য আরেকটি চালান প্রস্তুত করছে এবং ইতোমধ্যে তার দেশ দুইবার সহায়তা পাঠিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্ব ফিলিস্তিনের সঙ্গে রয়েছে।

সৌদি রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার দেশে প্রায় ৩২ লাখ বাংলাদেশি রয়েছেন, যারা বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনীতিতে অবদান রাখছেন।

প্রধানমন্ত্রী সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বৈধ পন্থায় à