All posts by jitu

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার আগে কনডেম সেলে রাখা যাবে না : হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট:

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা যাবে না বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সাধারণ সেলে রাখার আদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে সোমবার (১৩ মে) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো.বজলুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন কারাবন্দির রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ৫ এপ্রিল, মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে জেল কোডের ৯৮০ বিধি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছিলেন উচ্চ আদালত।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য (সিএভি) অপেক্ষমান রাখা হয়। তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করা হলো।

রুল শুনানিতে আদালত এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও এস এম শাহজাহান মত নেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর তাৎক্ষণিক সাজা কার্যকর করার আইনগত কোনো বিধান নেই। মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করতে কয়েকটি আবশ্যকীয় আইনগত ধাপ অতিক্রম করতে হয়। প্রথমত, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মতে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ৪১০ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে আপিল দায়েরের বিধান রয়েছে।

দ্বিতীয়ত, হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখলে সাজাপ্রাপ্ত ব্যক্তি সাংবিধানিক অধিকার বলে আপিল বিভাগে সরাসরি আপিল করতে পারেন।

তৃতীয়ত, সংবিধানের অনুচ্ছেদ ১০৫ অনুযায়ী আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের আইনগত সুযোগ রয়েছে। সর্বোপরি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংবিধানের অনুচ্ছেদ ৪৯ এর অধীন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। রাষ্ট্রপতি উক্ত ক্ষমার আবেদন না মঞ্জুর করলে তখন মৃত্যুদণ্ড কার্যকর করার আইনগত বৈধতা লাভ করে। কিন্তু বাংলাদেশে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পরই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নির্জন কনডেম সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে রাখা হয়।

শিশির মনির আরও বলেন, জেল কোডের ৯৮০ বিধি চ্যালেঞ্জ করা হয়েছে। সেখানে বলা আছে, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের পৃথকভাবে কনডেম সেলে রাখা হবে।

তিন আবেদনকারী হলেন, চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান, সিলেট কারাগারে থাকা সুনামগঞ্জের আব্দুল বশির ও কুমিল্লা কারাগারে থাকা খাগড়াছড়ির শাহ আলম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব আসামির আপিল হাইকোর্ট বিভাগে বিচারাধীন।

২০২১ সালের ১৮ জুন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে একই বছরের ৪ সেপ্টেম্বর রিট আবেদনটি করা হয়।

সদর দক্ষিণের বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসিতে শতভাগ পাশ

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনস্থ বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি সমমান পরীক্ষায় ৪৪ জন ছাত্রী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন এবং জিপিএ-এ গ্রেড পেয়েছে ১৯ জন।

বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহাম্মদ হাজারী জানান,বিদ্যালয়টি গত বছর ২০২৩ সালের এসএসসি শতভাগ পাশ করেছিল । আগামীতেও এ বিদ্যালয় থেকে যেন শতভাগ পাশ ও জিপিএ বৃদ্ধি পায় আমরা সে অনুযায়ী সকল ছাত্রীদের গড়ে তুলবো।

কুমিল্লার সদর দক্ষিণে যুদ্ধাপরাধী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ এলাকা হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত মো: আবু বক্কর সিদ্দিক(৮০) নামের এক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১২ মে) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এবং র‌্যাব-৬, সিপিসি-১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পলাতক আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা (মুন্সিগঞ্জ) এলাকার মৃত. মান্দার সরর্দারের ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্দোলনের নামে সন্ত্রাস করলে বিএনপিকে আবারও পালাতে হবে : কাদের

ডেস্ক রিপোর্ট:

আন্দোলনের নামে সন্ত্রাস করলে বিএনপিকে আবারও পালাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের বিএনপিকে নিশ্চিহ্ন করার দরকার নেই। সরকারেরও দরকার নেই। গত ২৮ অক্টোবর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। সেদিনও দেখলাম পল্টন ময়দান থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলিগলি কোথায় দিয়ে যে পালিয়েছে, কেউ চিন্তাও করেনি।

সোমবার (১৩ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যদি তারা আবারও জ্বালাও-পোড়াও করে। তবে উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের নামে সন্ত্রাস করলে বিএনপিকে আবারও পালাতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। ২০০৭ সালে আর রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মূল নেতা পালিয়ে আছে।

ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবরও বক্তব্য দিয়েছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। শেষ পর্যন্ত দেখলাম দৌড়াতে দৌড়াতে তারা পালিয়েছে।

তিনি বলেন, তারা (বিএনপি) যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে আমরাও রাজনৈতিকভাবে মোকাবিলা করব। তারা যদি আবারও সন্ত্রাস করে তাহলে আমরাও সেভাবেই মোকাবিলা করব। আগে থেকে এ নিয়ে কিছু বলতে চাই না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে এসে কেউ আবারও বিএনপিকে মদত দেবে সে পরিস্থিতি এখন বিশ্বে নেই। যারা দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্টের কথাই ইসরায়েল শুনে না।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

কিলিয়ান এমবাপ্পের ‘বিদায়ী’ ম্যাচে পিএসজির হার

ডেস্ক রিপোর্ট:

পার্ক দ্য প্রিন্সেসে কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। এই ম্যাচই আবার পিএসজির লিগ ‘আঁ’ শিরোপা জয়ের উৎসব। পিএসজির এমন দুটি উপলক্ষ তেতো বানিয়ে দিয়েছে তুলুজ। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে হেরেছে ৩-১ গোলে। এবারের লিগ ‘আঁ’-তে এটি পিএসজির দ্বিতীয় হার।

ম্যাচ শেষে পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলের কথাতেই যা স্পষ্ট, ‘এই হার আমাদের পার্টি কিছুটা মাটি করে দিয়েছে। এমনিতে হার সব সময়ই হতাশার, সেটা আপনি চ্যাম্পিয়ন হয়ে গেলেও। বিশেষ করে এভাবে নিজেদের সমর্থকদের সামনে হারাটা।’

লিগ আঁ–তে পিএসজির এখনো দুটি ম্যাচ বাকি আছে। বাকি আছে ফ্রেঞ্চ কাপের ফাইনালও। তবে এর কোনোটিই পার্ক দ্য প্রিন্সেসে নয়। যে কারণে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়া এমবাপ্পের জন্য তুলুজের বিপক্ষে ম্যাচটি ছিল ঘরের মাঠে তার শেষ। ম্যাচের ৮ মিনিটে গোল করে নিজের বিদায়ী ম্যাচকে রাঙিয়েও তুলেছিলেন এমবাপ্পে।

কিন্তু পাঁচ মিনিট পরই তুলুজের হয়ে সমতা নিয়ে আসেন থিস ডালিঙ্গা। ম্যাচের বাকি সময়ে পিএসজি কোনো গোল করতে না পারলেও ৬৮ মিনিটে ইয়ান গোবো ও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রাঙ্ক মাগরি গোল করে পিএসজিকে হারের তেতো স্বাদ উপহার দেন।

ম্যাচ শেষে ট্রফি নিয়ে উদ্যাপনে উৎসবমুখর ছিলেন পিএসজির খেলোয়াড়েরা। উপস্থাপকের আহ্বানে সাড়া দিয়ে সমবেত কণ্ঠে এমবাপ্পের নামে স্লোগান দিয়েছেন পিএসজির সমর্থকেরা। পরে কোচ লুইস এনরিকে সংবাদমাধ্যমকে বলেন, ‘সমর্থকেরা এমবাপ্পেকে ট্রিবিউট দিয়েছে, যেটা তার প্রাপ্যও। বয়স কম হলেও সে ক্লাবের কিংবদন্তি। আমাদের সঙ্গে আরও কয়েকটা ম্যাচে সে আছে। আমি ওর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

 

বিজয়পুরে চেয়ারম্যান প্রার্থী রিপনের কেন্দ্র কমিটির সদস্য সচিবের বাড়িতে ককটেল বিস্ফোরণ

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ  উপজেলা পরিষদ নির্বাচনে  আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপনের বেলতলী  ভোটকেন্দ্রের কেন্দ্র কমিটির সদস্য সচিব “আব্দুল বাশার”, এর  বাসায়  ককটেল বিস্ফোরণ করেছে  । এ ককটেল কে নিক্ষপ করেছে বাহির থেকে তা জানা যায়নি।

উপজেলার  বিজয়পুর ইউনিয়নের  সুলতানপুর গ্রামে  রবিবার দিবাগত রাত দেড়টায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। বেশ সাড়া পাচ্ছেন  স্থানীয় লোকজনের কাছ থেকে।

চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন জানান, আমার জনপ্রিয়তা তুঙ্গে দেখে  সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে সন্ত্রাসীরা। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত চাই।

কুবি শিক্ষকদের উপর হামলাকারী ভিসিপন্থী শিক্ষকদের মৌন অবস্থান

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করে এবার মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে উপাচার্যপন্থী শিক্ষকরা। কি জন্য এই মৌন অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে তা জানতে চাইলে কথা না বলে তাড়াহুড়ো করে অবস্থান ত্যাগ করেন তাঁরা। তবে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ বলেন, আমরা কি জন্য এই কর্মসূচী পালন করতেছি তা প্ল্যাকার্ডে লেখা আছে।

রবিবার (১২ মে) দুপুর ৩টায় এই কর্মসূচি পালন করে উপাচার্যপন্থী শিক্ষকরা। কর্মসূচীতে যুক্ত না হয়ে দূর নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী।

এসময় তাঁরা শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক হোক সৌহার্দ্যপূর্ণ্য, তালা সংস্কৃতির অবসান হোক, গবেষণার পথ সুপ্রসন্ন হোক, এগিয়ে যাবে সব সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ২৮ এপ্রিল ঘটনার সুষ্ঠু তদন্ত হোকসহ নানা প্ল্যাকার্ড ব্যবহার করেন।

 

এর আগে গত ২৮ এপ্রিল উপাচার্যের নেতৃত্বে শিক্ষকদের উপর হামলা করেছেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, সহকারী প্রক্টর আবু ওবায়দা রাহিদ, জাহিদ হাসান ও অমিত দত্ত ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সিকদার। এরাসহ বিভিন্ন বিভাগের ১৭ জন উপাচার্যপন্থী শিক্ষক কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষকের মাঝে মাত্র ১৫-১৬ জন নামছেন। এখানে বুঝায় যাচ্ছে উপাচার্যের সাথে এখন কারা আছেন। এটা হাস্যকর। যারা শিক্ষকদের গায়ে হাত দিয়েছেন, বিভিন্ন নিপিড়নে সংযুক্ত হয়েছেন, যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত, যারা অবৈধ সুযোগ সুবিধা এবং অর্থ লুটপাটের সাথে জড়িত, যাদেরকে অবৈধভাবে ডিন ও চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ের আইন ভেঙে অবৈধভাবে অ্যাকাডেমিক বিশৃঙ্খলা করে বসে আছেন তারাই আজকে তারাই এখানে এসে মায়াকান্না করছেন। । এটা ভুতের মুখে রামনাম ছাড়া আর কিছু নয়। শিক্ষক সমিতি থেকে এদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ইউক্রেনে যুদ্ধের মধ্যেই রুশ প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন পুতিন

ডেস্ক রিপোর্ট:

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নতুন একজনের নামও প্রস্তাব করা হয়েছে।

অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো হলেও সের্গেই শোইগুকে পাঠানো হচ্ছে অন্য দায়িত্বে। সোমবার (১৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর থেকে সরিয়ে দিতে চলেছেন বলে ক্রেমলিন ঘোষণা করেছে। ৬৮ বছর বয়সী শোইগু ২০১২ সাল থেকে রুশ প্রতিরক্ষামন্ত্রীর পদে রয়েছেন এবং তাকে এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান নিযুক্ত করা হবে।

রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ থেকে প্রকাশিত কাগজপত্রে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর পদে সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হবেন উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভ। টানা দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করছেন এবং শোইগু সেই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছেন।

রাশিয়ার সরকারি কাগজপত্রে দেখা গেছে, প্রেসিডেন্ট পুতিন চান নিকোলাই পাত্রুশেভের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা পরিষদের দায়িত্ব নিক শোইগু। তবে পাত্রুশেভের নতুন পোস্ট কী হবে তা এখনও স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সের্গেই শোইগুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর এর কারণে প্রায়ই পুতিনকে তার (শোইগুর) জন্মভূমি সাইবেরিয়ায় মাছ ধরার সফরে যেতে দেখা যায়। মূলত সামরিক পটভূমি বা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও শোইগুকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সের্গেই শোইগু ১৯৯০ এর দশকে জরুরি ও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।

২০২৩ সালে রাশিয়ার যুদ্ধ পরিচালনার বিষয়ে ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সাথে প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েন শোইগু। প্রিগোজিন মস্কোর বিরুদ্ধে স্বল্পস্থায়ী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং ভাইরাল হওয়া অডিও বার্তাগুলোতে সেসময় তিনি শোইগুকে ‘অপ্রীতিকর ব্যক্তি’ এবং ‘বয়স্ক ক্লাউন’ হিসাবে আখ্যায়িত করেন।

তবে ২০২৩ সালের আগস্টে সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো যাওয়ার সময় ওয়াগনারের এই প্রধান বিমান দুর্ঘটনায় মারা যান।

অন্যদিকে শোইগুর বদলে প্রতিরক্ষামন্ত্রীর পদে সম্ভাব্য ব্যক্তি হিসেবে প্রস্তাবিত বেলোসভ সামান্য সামরিক অভিজ্ঞতাসম্পন্ন একজন অর্থনীতিবিদ। অনেকের কাছে এই পদের জন্য তার নাম সামনে আসাটা বেশ বিস্ময়কর।

তবে অন্যান্য বিশ্লেষকদের দৃষ্টিতে, প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার অর্থনীতিকে চলমান যুদ্ধের প্রচেষ্টার সাথে আরও ঘনিষ্ঠভাবে সারিবদ্ধ করতে চাইছেন, আর এই পদক্ষেপটি সেই ইঙ্গিতই দিচ্ছে।

বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভ রোজেনবার্গ বলেছেন, সের্গেই শোইগুকে তার পদ থেকে সরিয়ে দেওয়াটা আশ্চর্যজনক কিছু নয়, কারণ তার অবস্থান দুর্বল হয়ে পড়েছে এবং কিছু সময় ধরে কথা হচ্ছিল- তিনি তার পদ হারাতে পারেন। ইউক্রেনে রাশিয়ার অভিযান সামরিক বিপর্যয়ের পাশাপাশি সেনা ও বস্তুগত বড় ক্ষতির কারণে জর্জরিত হয়েছে।

তিনি আরও বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী হিসাবে একজন অর্থনীতিবিদ থাকা ক্রেমলিনের পরিবর্তিত অগ্রাধিকারগুলোকেই প্রতিফলিত করছে। রাশিয়ার অর্থনীতি এখন যুদ্ধের পর্যায়ে রয়েছে, তাই যুদ্ধে অর্থায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যথেষ্ট অর্থ থাকা অত্যাবশ্যক।

কুমিল্লায় পুলিশ পরিচয়ে ছিনতাইকারী ৫ সদস্যকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পুলিশ পরিচয়ে ছিনতাইকারী পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত পুলিশের বিভিন্ন সরঞ্জাম এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে সুমন ও একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সুজন, নগরীর উত্তর চর্থা এলাকার খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান, কুমিল্লার বরুড়া উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে মো. রাকিব হোসেন ও কুমিল্লা শহরতলীর চাঁনপুর গ্রামের সুমন মিয়ার ছেলে রাহিদুল ইসলাম মাহি।

রোববার (১২ মে) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি কুমিল্লা নগরীর কয়েকটি স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি ঘটনায় পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছিল।

ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত পোশাক, হাতকড়া, জুতা, অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার ছিনতাইকারী চক্রটি কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেলযোগে এসে পথচারীদেরকে পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ ও অস্ত্রশস্ত্র দেখিয়ে ছিনতাই করত। পরে বৃহস্পতিবার (৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মূলহোতা সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমনকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে তার সহযোগী সুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে, একটি পাইপগান, ২টি কার্তুজ, একটি রামদা এবং ওয়ারড্রবের ভেতর থেকে ছিনতাইকৃত একটি বার আনা ওজনের স্বর্ণের চুড়ি, বিভিন্ন তালার ১১০টি চাবি, হাইওয়ে পুলিশের ডিপ সাইন সংযুক্ত ২ সেট পোশাক ও বিডি পুলিশের কেডস জুতা এক জোড়া, একটি হ্যান্ডকাপ, ছিনতাইকৃত মহিলাদের ভ্যানিটি ব্যাগ ১০টি, ২টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারে কম্পোজকৃত লেমিনিটিং করা এবং তার ভাড়া বাসার উঠানের পাশে রাখা একটি হেলমেটসহ একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, একটি র‍্যাপ রোড মাস্টার মোটরসাইকেল, একটি পালসার ১৫০ সিসিমোটর সাইকেল, একটি পিকআপ গাড়ি, একটি তালা কাটার, স্টিলের কভার সহ ২টি চাকু, একটি এসএস স্টিলের হাতলযুক্ত দ্বিফলা কুড়াল, ৫টি কাঠের হাতলযুক্ত হাতুড়ী, ৩টি বিভিন্ন সাইজের সেলাই রেঞ্জ এবং ছিনতাইকৃত ১১টি ব্যাক প্যাক ও ১০টি মানি ব্যাগ, একটি সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত ৫টি মহিলাদের পার্সব্যাগ এবং ছিনতাই পরবর্তী ভাগে পাওয়া ১২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, আরেকটি ছিনতাইকারীর দল নগরীর ঠাকুরপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী এক মহিলার কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাই করে। পরে অভিযোগ পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১১ মে) রাতে অটোরিকশাচালক মো. রাকিব হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে চালকের দেওয়া তথ্যমতে অপর দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি একটি, এক ভরি ৪ আনা ওজনের স্বর্ণ, একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি আইফোন, একটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নতুন করে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, কুমিল্লা সদর সার্কেল কামরান হোসেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনে থোয়াই মারমা প্রমুখ।