All posts by jitu

দেবিদ্বারে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় আসা নেতাকর্মীদের উপর হামলা!

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে মতবিনিময় সভায় আসা আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর একাধিক জায়গায় হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বনকুট এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগের সভাপতি সফিউদ্দিন সফিসহ স্হানীয় বিভিন্ন নেতাকর্মীদের মত বিনিময় সভায় আসার পথে বাঁধা প্রদান করেন এমপি আবুল কালাম আজাদের লোকজন। এ সময় এমপি আজাদের লোকজনের হামলায় ৬ জন আহত হয়। এ সময় যানবাহনও ভাঙচুর করা হয়।

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী বলেন, সংসদ সদস্য আবুল কালাম আজাদের নির্দেশে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রনি ও যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে বিভিন্ন মোড়ে মোড়ে মত বিনিময় সভায় আসা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা হয়।

মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সফিউদ্দিন সফির সভাপতিত্বে এ সময় আরো উপস্হিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশান আলী মাস্টার, দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী ও কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সাহিদা রোশন প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের পর গত চার মাস ধরে বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে। মারধর করে আহত করা হয়েছে শত শত আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীদের। আমাদের অপরাধ একটাই, আমরা নৌকার পক্ষে কাজ করেছি। আওয়ামী লীগের নেতা কর্মীদের মিথ্যা মামলায় আসামি করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসব অন্যায়ের বিচার চাই আমরা।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য আন্দোলন ও সংগ্রাম করে জেল খেটেছেন। আমরা সেই স্বাধীনতার মহান স্থপতির আদর্শের রাজনীতি করি। তাই আপনারা ভয় পাবেন না, অন্যায় কারীদের বিরুদ্ধে প্রতিবাদী হন। ইনশাল্লাহ জয় আমাদের হবে। দেবিদ্বারে অন্যায়ের প্রতিবাদ করতে হবে সকলকে। গণ আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যায়ের প্রতিবাদ না করলে দেবিদ্বারে শান্তি আসবে না।

সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, রাজনীতি কখনো পুজি হতে পারে না। যখন পুজি হয় তখন জমি দখল হয়, হামলা-মামলা, চাদাবাজি হয়। প্রকৃত রাজনীতি করলে টাকা পয়সার মালিক হওয়া যায় না। তবে সম্মান পাওয়া যায়। আমি ১৫ বছরে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। দেবিদ্বার ছিল শান্তির জায়গা। আর এখন দেবিদ্বারজুড়ে হামলা-মামলা ও মারধরের ঘটনা ঘটছে। আজ মতবিনিময় সভায় আসার পথে মোড়ে মোড়ে বাঁধা দেয়া হল,মারধর করা হল। আপনারা এখন ক্ষমতায়, কিসের এত ভয় আপনাদের? একটা মতবিনিময় সভাকে কেন এত ভয়? দেবিদ্বারে গত ৪০ বছরে যা হয় নি,গত ৪ মাসে তা হচ্ছে দেবিদ্বারে। এই জুলুম-নির্যাতনের বিচার হবে একদিন । কোন ছাড় দেয়া হবে না। আগামী উপজেলা নির্বাচনে দেবিদ্বারকে আবর্জনামুক্ত করতে হবে, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেবিদ্বার গড়ে তুলতে হবে।

মত বিনিময় সভায় আসার পথে বিভিন্ন মিডিয়ায় কর্মরত উপজেলার সাংবাদিকদেরও বাঁধা প্রদান করা হয় ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সংবাদকর্মী জানান, বর্তমানে আমরা খুব খারাপ সময় পার করছি। পথে পথে আমাদের বাধা প্রদান করা হয়েছে যাতে আমরা এই মত বিনিময় সভায় আসতে না পারি। আমাদের বলা হয়েছে আমরা যেন এই সংবাদটি প্রকাশ না করি।

উল্লেখ্য যে, মত বিনিময় সভায় আগামী ২৯ মে দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রোশন আলী মাস্টার কিংবা তার সহধর্মিনী সাহিদা রোশনকে প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানান স্থানীয় নেতাকর্মীরা।

চমক রেখে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ দলে জায়গা পাচ্ছেন এখনো টি-টোয়েন্টি অভিষেক না হওয়া দুই ক্রিকেটার। কিছুটা অপ্রত্যাশিত এই চমক রেখেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের রায়ান রিকেলটন এবং হলিউডবেটস ডলফিনের বোলার ওটনিয়েল বার্টম্যান যাচ্ছেন প্রোটিয়াদের হয়ে বিশ্বকাপ খেলতে।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাদা বলের কোচ রব ওয়াল্টার আজ (মঙ্গলবার) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। দলের অধিনায়ক থাকছেন এইডেন মার্করাম। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর এটিই হবে তার প্রথম বিশ্বকাপ।

অবশ্য এই দুজন ছাড়া বাকি সব ক্ষেত্রেই অভিজ্ঞতার কদর করেছে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার থাকছেন স্কোয়াডে। আর আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা ত্রিস্টান স্টাবস অবধারিতভাবেই জায়গা করে নিয়েছেন।

চার পেসার হিসেবে বিশ্বকাপের টিকিট পাচ্ছেন কাগিসো রাবাদা, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি এবং আনরিখ নরকিয়া। স্পিনার হিসেবে কেশব মহারাজ এবং তাবরিজ শামসির সঙ্গী হচ্ছেন বোর্ন ফর্টুইন। ট্রাভেলিং রিজার্ভ নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি।

রায়ান রিকেলটন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসর এস২০ এর দ্বিতীয় আসরে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। এমআই কেপটাউনের হয়ে ৫৮.৮৮ গড়ে ৫৩০ রান করেছিলেন তিনি। অন্যদিকে বার্টম্যান সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ৮ ম্যাচে শিকার করেছেন ১৮ উইকেট। বর্তমানে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড :

এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমেন, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।

ট্রাভেলিং রিজার্ভ : নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি

হজের ভিসা আবেদনের সময় বাড়লো ৭ মে পর্যন্ত

ডেস্ক রিপোর্ট:

চলতি বছর হজে যেতে ভিসা আবেদনের সময় বাড়লো। আগামী ৭ মে পর্যন্ত ভিসা আবেদন করা যাবে।

মঙ্গলবার (৩০ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল বেধে দেওয়া হলেও আবেদন এখনও চালু আছে। আগামী কয়েকদিন ভিসা আবেদন চালু থাকবে।’

এর আগে গত ১৮ এপ্রিল হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো চিঠিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৪ সনের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির মোনাজ্জেম/স্বত্ত্বাধিকারীদের জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে আগামী ২৯ এপ্রিল হজযাত্রীদের ভিসা বন্ধ হয়ে যাবে। হজ কার্যক্রম পরিচালনাকারী সব এজেন্সি/লিড এজেন্সিকে ওই তারিখের আগেই হজযাত্রীদের জন্য বাড়ি/হোটেল ভাড়া ও যাতায়াতের জন্য বাস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করে ভিসা কার্যক্রম সম্পন্ন করতে হবে।

২৯ এপ্রিলের মধ্যে আবশ্যিকভাবে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দিয়ে চিঠিতে বলা হয়, এজেন্সির অবহেলার কারণে হজযাত্রীদের হজে গমন অনিশ্চিত হলে সে এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিন্তু এখনও অনেক হজযাত্রীর ভিসা হয়নি। এ অবস্থায় ভিসার আবেদনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করে ধর্ম মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে সময় ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজ পালন করবেন। আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, ছুটি থাকছে বৃহস্পতিবার পর্যন্ত

ডেস্ক রিপোর্ট:

চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসার ছুটি বহাল থাকছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তবে বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেছেন। এর মধ্যে বুধবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে। এরমধ্যে যদি আবহাওয়া পরিস্থিতি উন্নতি হয় তবে বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি। এক্ষেত্রে হাইকোর্টের কোনো আপত্তি থাকার কথা নয়। কারণ তাপমাত্রার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। যেখানে যদি আবহাওয়ার স্বাভাবিক হয় তবে আদালতের আপত্তি থাকার কথা নয়। এজন্য বুধবার পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে চাই।

রমজান, ঈদুল ফিতর ও তীব্র তাপপ্রবাহের কারণে সাতদিনসহ মোট ১ মাস ৩ দিনের ছুটি শেষে রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিল। কিন্তু অনেক জায়গায় শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ায় যেসব এলাকায় গরমের তীব্রতা বেশি সেসব এলাকার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার নতুন করে ২৭ জেলার স্কুল-মাদ্রাসা একদিন বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সোমবার হাইকোর্টের আদেশের পর অসন্তুষ্ট হয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আপিল করার কথা জানান। ওইদিন শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হবে?

সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব তা পালন করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

সোমবার আদেশে আদালত বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) রয়েছে সেগুলোতে যথারীতি পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চলবে। এছাড়া যদি কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য করা থাকে সেক্ষেত্রে সিডিউল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রেণিকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি নেই, তীব্র গরমের কারণে এ ধরনের প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলো বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য থাকলে নির্ধারিত সময়সূচিতে পরীক্ষা নেওয়া যাবে বলেও জানান এ আইনজীবী।

চার বছরের সম্পর্কের ইতি টানলেন শ্রুতি হাসান

ডেস্ক রিপোর্ট:

গত চার বছর ধরে আসামের জনপ্রিয় ইলাস্ট্রেটর ও সঙ্গীত শিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বিমানবন্দরে হোক কিংবা কোনো অনুষ্ঠানে সব জায়গায়ই তাদের যুগল হিসেবে দেখা যেত। একত্রবাস করতেন এই জুটি।

সম্প্রতি তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। কিন্তু, আচমকাই ভেঙে যায় শ্রুতি-শান্তনুর সম্পর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তনুর সঙ্গে সমস্ত ছবি ও পোস্ট মুছে ফেলেছেন শ্রুতি।

ইনস্টাগ্রামেও আর একে অপরকে অনুসরণ করছেন না তারা। তবে মাস কয়েক আগেও তাদের দেখে বোঝার উপায় ছিল না যে, তাদের ভিতরে দূরত্ব তৈরি হয়েছে। মাস দুয়েক আগেই প্রেম ভাঙে শান্তনু-শ্রুতির। শোনা যাচ্ছে, হঠাৎ দুজনের বোঝাপড়ার সমস্যা দেখা দিয়েছে। সে কারণেই আলাদা হয়ে গেলেন তারা। যদিও শ্রুতির সঙ্গে সম্পর্ক ভাঙার বেশ কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে শান্তনু জানান, শ্রুতির প্রেমিক হয়ে সর্বদা লোকের নজরে থাকতে হয় তাকে। মাঝেমধ্যে নানা কটাক্ষের মুখেও পড়তে হয়েছে, এবার প্রেম ভাঙায় কী বললেন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক?

শ্রুতির সঙ্গে সম্পর্ক কেন ভাঙল, সেই প্রশ্নের মুখে পড়তে হয় শান্তনুকে। তিনি বলেন, দুঃখিত, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করছি না।

একইভাবে মুখে কুলুপ এঁটেছেন শ্রুতিও। এই সময়টা বোন অক্ষরার সঙ্গেই কাটাচ্ছেন তিনি। অন্তত অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলে তেমন ইঙ্গিতই মিলছে। যদিও একসময় শ্রুতি ও শান্তনু দুজনেই জানান, সম্পর্কে থাকলেও বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চান না তারা।

“দাউদকান্দি সাহিত্য সংসদ’র স্বরচিত কবিতা পাঠ”

স্টাফ রিপোর্টার:

সাহিত্য প্রেমীদের প্রিয় সংগঠন ‘দাউদকান্দি সাহিত্য সংসদ-এর আয়োজনে স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক কবি আলী আশরাফ খান’র সভাপতিত্বে ও দাউদকান্দি সাহিত্য সংসদ’র প্রতিষ্ঠাতা ও সদস্য সচীব সাংবাদিক শরীফ প্রধান-এর সঞ্চালনায় কবিতা পাঠ’র আসরটি সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে কবিতা পাঠ করেন, ছড়াকার খন্দকার আল মামুন। বিশেষ অতিথি হিসেবে ভয়েস আর্টিস্ট এসএম মিজান, গীতিকার ইউসুফ নাছির কবিতা পাঠ করেন। অন্যান্যের মধ্যে কবিতা পাঠ করেন, মোহাম্মদ শাহআলম সরকার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো: কামরুল হাসান, মোহাম্মাদ আবু জাফর, রোকশানা আক্তার ও মহিউদ্দিন।

স্বরচিত কবিতাগুলোর মধ্যে ছিলো, স্রস্টার দয়া ও মহিমার বর্ননা, তীব্রতাপদাহ, দাউদকান্দি আমার জন্ম ভূমি, আমি মুসলীম, কিশোর গেং, সমসাময়িক বিষয়, প্রেম ও প্রকৃতি নিয়ে। কবিতা পাঠ শেষে কামরুল হাসানের একক ও যৌথ লেখা ৩টি কবিতার বই কবি আলী আশরাফ খানকে উপহার দেন।

টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট:

দেশজুড়ে তীব্র দাবদাহ চলছে। গরমে অতিষ্ঠ মানুষ। এরই মধ্যেই সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, আগামীকাল থেকে তাপদাহ কমবে এবং দু-তিন দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টির হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহ দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রকোপ বেশি থাকবে। সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। এপ্রিলের বাকি দুদিনও থাকবে তাপপ্রবাহের দাপট। তবে মে মাসের প্রথম সপ্তাহ দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে আরও বলা হয়, যশোর ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে অতি তীব্র এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ মুহূর্তে।

এ ছাড়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে। এ অবস্থা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে।

১ মের আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া এবং বৃষ্টিসহ বৃষ্টিবজ্র হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক
থাকতে পারে।

এছাড়াও বিরাজমান তাপ প্রবাহ কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের পূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৯ সৈন্য

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ৯ সৈন্য নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলে সেনা সদস্যদের বহনকারী এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার নয়জন সেনা সোমবার উত্তর বলিভার বিভাগে তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মূলত দেশের এই অঞ্চলেই বৃহত্তম কোকেন কার্টেলের বিরুদ্ধে লড়াই করছে দক্ষিণ আমেরিকার এই দেশটির সামরিক বাহিনী।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, গালফ ক্ল্যান গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের জন্য নতুন সৈন্যদের সরবরাহ করার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ে।

বিধ্বস্ত এই হেলিকপ্টারটি ছিল রাশিয়ার তৈরি এমআই-১৭ মডেলের। অবশ্য প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বা দেশটির সামরিক বাহিনীর কেউই রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে কিছু বলেনি।

এছাড়া হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঙ্গে গালফ ক্ল্যান গোষ্ঠীর কোনও সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও উল্লেখ করা হয়নি। কলম্বিয়ায় এই গোষ্ঠীটির ৪ হাজার সশস্ত্র যোদ্ধা রয়েছে।

প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় স্থাপন করা হবে

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় আওয়ামী লীগের নিজস্ব দলীয় কার্যালয় স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের এমপি ইঞ্জিঃ আব্দুস সবুর। তিনি বলেছেন, স্থানীয় আওয়ামী লীগকে তাদের নিজস্ব অফিস স্থাপন করতে সবধরনের সহযোগিতা করা হবে।

সোমবার(২৯ এপ্রিল) বিকালে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর আরো বলেন, প্রতিটি ইউনিয়নে একটি কার্যালয় থাকা দলের জন্য প্রয়োজন। ইতোমধ্যে মধ্যে একাধিক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান দলীয় কার্যালয়ের জন্য জায়গা দান করার ঘোষণা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ ধন্যবাদ জ্ঞাপন করছি।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে । অনলাইনের মাধ্যমে পুরো দেশের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগও পিছিয়ে থাকবে না। প্রাতিষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে দাউদকান্দি আওয়ামী লীগকে স্মার্ট করতে চাই। সেজন্য দলীয় সকল নেতাকর্মীর সহযোগিতা প্রয়োজন।

দাউদকান্দি উপজেলা আওয়ামীলী সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশির উল আলম মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজীসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যানগন।