All posts by jitu

নিয়ন্ত্রণহীনতায় ঘটছে দুর্ঘটনা, উত্তরের মেয়র বারবার আশ্বাস দিলেও সংকটের সমাধান হয়নি

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ (১৩) গাড়িচাপায় নিহত হয়। এ নিয়ে গত তিন বছরে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় অন্তত ১৩ জনের প্রাণ গেছে। এর কারণ সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িগুলোর চালকরা বেপরোয়া। সড়কে চলা মানুষ ও যানবাহনকে কিছুই মনে করেন না তারা। কোনো নিয়মকানুনের ধার ধারেন না। মানেন না ট্রাফিক আইন। ইচ্ছামতো গাড়ি চালান। চালকদের এমন বেপরোয়া ও উগ্রতার কারণে সংস্থার গাড়িগুলো প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে। মারা যাচ্ছে মানুষ। বিভিন্ন সময় মেয়র দক্ষ চালক নিয়োগে আশ্বাস দিলেও সংকটের সমাধান হয়নি।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, বিশেষজ্ঞ ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের মতে, এসব দুর্ঘটনার জন্য দায়ী মূলত সিটি করপোরেশনের বর্জ্য পরিবহন ব্যবস্থার বিশৃঙ্খলা। অতীতে একাধিক দুর্ঘটনার তদন্তে গাড়িচালকদের গাফিলতি পাওয়া গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি তদন্ত কমিটির প্রতিবেদনেও সংস্থাটির পরিবহন বিভাগের অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র উঠে আসে। একই সঙ্গে সরকারি সংস্থার গাড়ি হওয়ায় ট্রাফিক পুলিশও তাদের কিছু বলছে না। ট্রাফিক আইন অমান্য করলেও তাদের কোনো শাস্তি বা মামলা হচ্ছে না। প্রায়ই ময়লার গাড়িগুলো উল্টোপথে বেপরোয়া গতিতে চলাচল করলেও ট্রাফিক পুলিশ আটকায় না। সিটি করপোরেশনের গাড়িচালকদের নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোরও অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, ‘ট্রাফিক পুলিশ সাধারণ নাগরিকের গাড়ি সড়কে দাঁড় করিয়ে কাগজপত্র দেখে, ড্রাইভিং লাইসেন্স চেক করে, অপরাধ করলে মামলা দেয়। কিন্তু সিটি করপোরেশনের ময়লার গাড়িগুলো কখনই চেক করে না। সরকারি সংস্থার গাড়ি হওয়ায় ড্রাইভিং লাইসেন্স না থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এ ছাড়া করপোরেশনের দক্ষ গাড়িচালক থাকে না। মশক কর্মী, হেলপার ও বহিরাগত কর্মী দিয়ে গাড়ি চালাতে দেখা যায়। সিটি করপোরেশনও এসব চালককে মনিটরিং করে না। এ অনিয়ম বন্ধ করতে হবে। সবার জন্য সমান নিয়ম থাকতে হবে। তাদের জবাবদিহির আওতায় আনা গেলে বেপরোয়া গতি, আচরণ অনেকটাই কমে আসবে। একই সঙ্গে সিটি করপোরেশনের মনিটরিং সিস্টেমে পরিবর্তন আনতে হবে। গাড়ির ভিতর ড্যাশ ক্যামেরা ও স্পিড ক্যামেরা বসিয়ে করপোরেশন থেকে মনিটরিং করলে এসব দুর্ঘটনা কমানো যেত।’ এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্ধারিত গাড়িচালক গাড়ি না চালিয়ে অন্যকে দিয়ে ভাড়া খাটিয়ে গাড়িটি চালানো হয়েছে। এ ধরনের অনিয়ম কোনোভাবে বরদাশত করা হবে না। এ ঘটনায় কঠোরতর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ রকম কার্যক্রমে যারা জড়িত সবার বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের ঘটনায় আগেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িতদের চাকরিচ্যুত করা হয়েছে।’

তিন বছরে ১৩ প্রাণহানি : সর্বশেষ বৃহস্পতিবার মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ (১৩) গাড়িচাপায় নিহত হয়। এ নিয়ে গত তিন বছরে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় অন্তত ১৩ জনের প্রাণ গেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচাপায় ২০২১ সালের ২৪ নভেম্বর গুলিস্তানে প্রাণ হারান নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান। পরদিন দুপুরে পান্থপথ এলাকায় সংবাদকর্মী আহসান কবির খানের মৃত্যু হয়। সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাঈমের মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমেছিল শিক্ষার্থীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী গাড়িচাপায় ২০২৩ সালের ৬ মার্চ মারা যান আবু তৈয়ব (২৬) নামে একজন কাপড় ব্যবসায়ী। ২০২২ সালে ময়লার গাড়ি দুর্ঘটনায় অন্তত চারজন মারা যান। ওই বছরের ২ এপ্রিল খিলগাঁওয়ে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম নামে এক নারী নিহত হন। ২৩ জানুয়ারি মহাখালীর উড়ালসড়কের কাছে ময়লার গাড়ির ধাক্কায় শিখা রানী ঘরামির মৃত্যু হয়। তিনি ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। একই বছরের জুলাইয়ে মিরপুরে পুলিশ স্টাফ কলেজের সামনে ময়লার গাড়ির চাপায় সাব্বির আহমেদ নামে এক তরুণ নিহত হন। ওই বছরের ৩১ মে রাতে মুগদার টিটিপাড়া মোড়ে দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নাজমা বেগম নামে এক পথচারী নারী নিহত হন। ২০২১ সালে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় সাতজন নিহত হওয়ার তথ্য জানা গেছে।

দাউদকান্দিতে ইউপি সদস্য পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড( হরিপুর- চররামনগর) সদস্য পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখানে এক হাজার ৭৯৩ জন ভোটার।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদিন(৫১) গত ২৫ জানুয়ারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে ওয়ার্ডটি শুন্য করেন নির্বাচন কমিশন। দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ইউসুফ-উর-রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আবুল হাসেম নামের এক ভোটার বলেন, অল্প বয়সে মেম্বার মৃত্যু বরণ করায় আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। পরিবারের সকলে মিলে সকাল সকাল ভোট প্রদান করলাম।

আমেনা বেগম নামের এক ভোটার বলেন, সকাল বেলা ভোট দিয়েছি পছন্দের প্রার্থীকে। কোন সমস্যা হয়নি।
ইউপি সদস্য পদে মোট সাজনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ লিল মিয়া (কদম ফুল)
মোঃ ফিরোজ (ফুটবল) বলেন ভোট গ্রহনের শান্তিপূর্ণ পরিবেশের জন্য প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে এতেই আমরা খুশি।

প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে উপনির্বাচনকে শান্তপূর্ন করতে বিপুল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়। এছাড়া সহকারী কমিশনার(ভূমি) জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।

শিক্ষক সমিতির সভাপতিকে মারতে তেড়ে গেলেন কুবি রশিদুল ইসলাম শেখ

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহেরকে মারতে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে আইকিউএসির পরিচালক ও উপাচার্যপন্থী শিক্ষক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ বিরুদ্ধে।

শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কোষাধ্যক্ষের সাথে শিক্ষক সমিতির আলোচনার সময় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান কে অবাঞ্ছিত ঘোষণা করার পরও বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ এনে তার গাড়ি আটকে দেয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সাথে ট্রেজারারের কথা চলাকালীন আইকিউএসির ডিরেক্টর অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ পিছন থেকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহেকে মারতে তেড়ে যান। এসময় শিক্ষক সমিতি ও উপাচার্যপন্থী শিক্ষকরা দফায় দফায় বাগবিতণ্ডায় জড়ান। উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রশাসন যে কমিটি গঠন করে অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম শেখ ঐ কমিটির অন্যতম সদস্য।

প্রত্যক্ষদর্শী রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন বলেন, ট্রেজারারের অনুমতিক্রমে যখন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছিলেন তখন আইকিউএসির ডিরেক্টর শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপর হামলা করেন। বর্তমান পরিস্থিতি সমাধানের জন্য প্রশাসন থেকে যে চিঠি দিয়েছিল, সাধারণ সম্পাদক সেই চিঠিই পড়ছিলেন। কিন্তু ওনি কি বুঝে হামলা করলেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন এটা আমার বোধগম্য নয়। এমন হতে পারে তাদের চিঠি তাদেরই বিরুদ্ধে গেছে অথবা চিঠির ভাষা তারা নিজেরাই বুঝতে পারেননি। এজন্য হামলা করতে পারে। তবে ওনি একজন শিক্ষক হিসেবে এভাবে আরেকজন শিক্ষককে উদ্দেশ্য করে গালিগালাজ করলেন এবং হামলা করলেন তা কোনোভাবেই শিক্ষকসুলভ আচরণ না।

অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমাদের শিক্ষক সমিতির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ট্রেজারারকে অবাঞ্ছিত ঘোষণার পর ওনি পরিবহন সেবা গ্রহণ করতে পারবে না। তাই আমরা ওনাকে এ বিষয়ে রিকুয়েষ্ট করতে আসি। কিন্তু ঘটনার একপর্যায়ে আইকিউএসির ডিরেক্টর শিক্ষক সমিতির সভাপতির উপর হামলা করেন। ওনি ট্রেজারারের ইন্দনেই হামলা করেছে। শিক্ষক সমিতির সভাপতির উপর হামলা করা মানে আমাদের সকল শিক্ষকদের উপর হামলা। এখন আমাদের দাবি অতি দ্রুত তাকে আইকিউএসির ডিরেক্টরের পদ থাকা বরখাস্ত করতে হবে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমাদের সাধারণ সম্পাদক ট্রেজারারকে উদ্দেশ্য করে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন পিছন থেকে আইকিউএসির ডিরেক্টর বলেন, এগুলো মিথ্যা। তখন আমি বলছি ওনাকে (শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক) বলতে দেন। কিন্তু তখন ওনি সুযোগ না দিয়ে আমার দিকে মারতে তেড়ে আসেন।

এবিষয়ে আইকিউএসির ডিরেক্টর ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো.রশিদুল ইসলাম শেখ বিষয়টিকে অস্বীকার করে বলেন, তাদের এ অভিযোগ মিথ্যা। তারা সেখানে চিঠির ভুল ব্যখ্যা করতেছিলো আমরা সে চিঠির সঠিক ব্যখ্যা চেয়েছি। সবার সবার সামনে চিঠির ভুল ব্যখ্যা করতেছিলো তখন কাউকে না কাউকে প্রতিবাদ করতে হতো। তখন আমি প্রতিবাদ করেছি। খোঁজ নিয়ে দেখেন অতীতে তারা কি করেছে আর আমি কি করেছি। আমি কারো সাথে খারাপ ব্যবহার করেছি কিনা খোঁজ নিয়ে দেখেন। তারা এবিষয়টি নিয়ে ডাহা মিথাচার করেছে।

সৌদি আরবে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি কয়েকদিনের এই সফরে গাজা যুদ্ধবিরতি এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত প্রতিরোধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, রোববার সৌদি আরবের উদ্দেশে পাড়ি দেবেন ব্লিঙ্কেন। সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরাইলের মধ্যকার দীর্ঘ ছায়া যুদ্ধের পর প্রথমবারের মতো তিনি ওই অঞ্চলে সফরে যাচ্ছেন। এই সফরে উপসাগরীয় আরব দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গাজায় যুদ্ধবিরতির চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন ব্লিঙ্কেন। হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি নিশ্চিতের বিষয়েও আলোচনা করবেন তিনি।

ম্যাথিউ মিলার জানান, সংঘাত ছড়িয়ে না পড়ার গুরুত্বের বিষয়ে জোর দেবেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য চলমান প্রচেষ্টা নিয়েও আলোচনা করবেন তিনি।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের হামলার আগে সৌদি আরব এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়ে আলোচনা চলছিল। তবে হামাস এবং ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। আলোচিত ৭ অক্টোবরের পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন।

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না : কাদের

ডেস্ক রিপোর্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। রোববার (২৮ এপ্রিল) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বনানী কবরস্থানে এ শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।

আওয়ামী লীগের পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতেই ৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড। খুনিদের মদত দিয়েছে জিয়া-মোশতাক চক্র। এর মধ্যদিয়ে দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু। শেখ হাসিনা দেশে ফিরে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন। বর্তমানে সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে।

তিনি বলেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে।

শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল তৎকালীন গোপালগঞ্জ মহকুমা বর্তমানে জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ছিলেন সংস্কৃতিপ্রেমী এবং একজন ক্রীড়াবিদ।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দি ছিলেন। সেখান থেকে পালিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্ব দেন। শেখ জামাল ধানমন্ডি থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথচলা শেষে ভারতের আগরতলা পৌঁছান এবং সেখানে মুজিব বাহিনীতে যোগদান করে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরে সম্মুখ সমরে অংশ নেন।

শেখ জামাল ছিলেন একজন দেশপ্রেমিক চৌকস-মেধাবী সেনা অফিসার। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সের প্রথম ব্যাচের কমিশনপ্রাপ্ত অফিসার। ১৯৭৪ সালে শেখ জামাল যুগোস্লাভিয়ার মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন। এরপর ব্রিটেনের স্যান্ডহার্স্ট একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ঢাকা সেনানিবাসস্থ দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন।

দ্বিতীয় ইস্টবেঙ্গলে চাকরিকালে স্বল্প সময়েই অফিসার ও সৈনিকদের মাঝে তিনি অসাধারণ পেশাগত দক্ষতা ও আন্তরিকতার ছাপ রেখেছিলেন। কয়েক সপ্তাহেই শেখ জামাল অফিসার ও সৈনিকদের মধ্যে তাদেরই একজন হয়ে যান। ট্রেনিং গ্রাউন্ডে, রণকৌশলের ক্লাসে, অবস্টাকল ক্রসিংয়ে অংশ নিয়ে সৈনিকদের মুগ্ধ করেন। ব্যাটালিয়ন বক্সিং টিমের সদস্যদের প্রশিক্ষণ দিতেন।

১৯৭৫ সালের ১৪ আগস্ট ব্যাটালিয়ন ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে নিজ দায়িত্ব পালন করেন তিনি। ওই দিন রাতে ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নৃশংসভাবে খুন হন শেখ জামাল।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে পানি ঘন্টা

 

শাহ ইমরান:

সরকারি নির্দেশনা অনুযায়ী রবিবার সকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি খেতে ভুলে না যায় সেই লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ চালু ও পানি সরবরাহের জন্য নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে।

শনিবার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানাগেছে। এ চিঠি প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও সব গণমাধ্যম কর্মীদের কাছেও এ চিঠি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, প্রচণ্ড তাপদাহে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতে আমরা নিজস্ব উদ্যোগে এ ব্যতিক্রমী পানি ঘণ্টা চালু করেছি। যতদিন তাপপ্রবাহ অধিক থাকবে, পানি ঘণ্টা ততদিন চালু থাকবে বলে জানান তিনি।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন,জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান স্যারের উদ্যােগে এ ব্যতিক্রমী পানি ঘণ্টা চালু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে পানি ঘন্টা চালু হয়েছে এটা একটি মহতি উদ্যোগ এতে সকল শিক্ষার্থী খুব খুশি এবং আনন্দিত। এতে করে তাদের শরীর ও মন সতেজ থাকবে। লেখা পড়ায় বাড়তি মনোযোগ থাকবে এবং শরীর সুস্থ থাকবে। যতদিন তাপপ্রবাহ অধিক থাকবে, পানি ঘণ্টা ততদিন চালু থাকবে।

খেলাধুলা করতে গিয়ে হাজীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত প্রাইভেটকারের ধাক্কায় তরিকুল ইসলাম (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজীগঞ্জ-কচুয়ার সড়কের কাজিরগাঁও বাটার গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিশু শিক্ষার্থী উপজেলার উত্তর পশ্চিম রাজারগাঁও এলাকার নূরনবী পাটওয়ারীর ছেলে। হাজীগঞ্জ আল কারীম মাদ্রাসার ছাত্র তরীকুল ইসলাম খেলাধূলা করতে গিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্টো গ-৩১-৭৪০৬ নম্বরের একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন তরীকুলকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে লাশ হাজীগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা যায়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

কর্মস্থলে না থাকা চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট:

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন বলেছেন, হাসপাতালে কেন ডাক্তার থাকে না- এ বিষয়ে মহাপরিচালক এবং মন্ত্রণালয়ের সবাইকে বলা হয়েছে। ইতোমধ্যে অনেককে শোকজ করা হয়েছে ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি মাত্র তিন মাস হলো দায়িত্ব নিয়েছি। এ তিন মাসে আমার নির্দেশ হলো তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নতি করা।

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া ১০০-শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যে ২১ জন ডাক্তার পদায়ন করা হয়েছে। আমি খেয়াল রাখব তারা আসেন কিনা? না আসলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তার সংকট এক দিনের সমস্যা নয়, এটা বহু দিনের সমস্যা। স্ট্যান্ডার্ড সেটাপের অনুমোদন হয়েছে। জনবল সংকট কাটানোর জন্য দ্রুত কাজ করা হচ্ছে। গরমের কারণে হাসপাতালগুলোতে বেড খালি রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ ডেন্টাল কলেজ চালু করা ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি মাত্র নতুন এসেছি। এগুলো আমি দেখব। আমি সব সময় সারপ্রাইজ ভিজিট করি এবং সারা দেশেই করছি। আমাদের স্বাস্থ্য খাতে ভালো কাজও হচ্ছে। ইতোমধ্যে পঞ্চগড়ে যে হাসপাতালটি পাঁচ বছর বন্ধ ছিল- সেটি খোলা হয়েছে এবং অপারেশনও হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে সরকারিভাবে প্রয়োজনীয় এন্টিবায়োটিকের সাপ্লাই আছে। ভবিষ্যতে যাতে এগুলো সাধারণ মানুষ পায় সে বিষয় নিয়ে কাজ করা হবে। এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ভ্যাকসিন প্ল্যান্ট হচ্ছে- প্রধানমন্ত্রী অগ্রাধিকারভিত্তিক একটি প্রকল্প। এটি নিয়ে আমরা কাজ করছি। দ্রুত এ প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগ করা হবে। আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন তৈরি করতে পারব, তত তাড়াতাড়ি দেশের বাইরেও রপ্তানি করতে পারব। এটি বাংলাদেশের একটি যুগান্তকারী প্লান্ট হবে।