All posts by jitu

বান্দরবানের তিন উপজেলায় ভোটগ্রহণ স্থগিত : ইসি সচিব

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, যৌথ অভিযানের মধ্যে বান্দরবানের তিন উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। থানচি, রোয়াংছড়ি ও রুমা এই তিন উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এ তিন উপজেলার ভোট করা হবে বলে জানান ইসি সচিব।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনে ষষ্ঠ উপজেলা ভোট নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।

চার নির্বাচন কমিশনার, জননিরাপত্তা বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে তিন ঘণ্টাব্যাপী সংশ্লিষ্ট সচিবদের নিয়ে এ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ও প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে– এবার উপজেলা নির্বাচনে অন্য স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হবে। চার ধাপে ভোট হওয়ায় জেলা পর্যায়ে সংশ্লিষ্টদের চাহিদা অনুযায়ী মোতায়েন করা হবে। পার্বত্য জেলা বান্দরবানে বিশেষ করে রুমা, থানচি ও রোয়াংছড়িতে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। আপাতত এ তিনটি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এ নির্বাচন করা হবে।

মো. জাহাংগীর আলম বলেন, অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থাগুলোর সুপারিশের ভিত্তিতে এ তিনটি উপজেলার নির্বাচন পরে করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আগামী ৮ মে রোয়াংছড়ি ও থানচিতে ভোট হওয়ার কথা রয়েছে। রুমার ভোট হওয়ার কথা রয়েছে ২১ মে।

এবার প্রথম ধাপে ১৫০ ও দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলার ভোট হওয়ার কথা রয়েছে। তৃতীয় ধাপে ১১২টির ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।

২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে একদল সশস্ত্র সন্ত্রাসী। পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকটির ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে। দু-দিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান তিনি।

রুমার ঘটনার একদিন পর ৩ এপ্রিল থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকেও দিনদুপুরে অর্থ লুটের ঘটনা ঘটে। দুটি ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে লুট হওয়া অস্ত্র-অর্থ উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুমা ও থানচিতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যের যৌথ বাহিনী। যৌথ বাহিনীর এ অভিযানে সমন্বয় করছেন সেনাবাহিনী। যৌথ বাহিনীর এ অভিযানে বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২১ নারীসহ ৭১ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে সোমবার পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের এক ‘সদস্যের’ নিহতের খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবাঞ্চিত ঘোষণার আল্টিমেটাম

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

৭ দফা দাবি আদায়ে এবার প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ২৪ ঘণ্টার ভিতরে ব্যবস্থা গ্রহণ না করলে উপাচার্য ও কোষাধ্যক্ষকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করবেন বলে জানান । এদিকে রোববার থেকে সশরীরে ক্লাস করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের।

ড. তাহের জানান, দাবি আদায়ের লক্ষ্যে ২৪ ঘণ্টার সময় দিচ্ছি। যদি আমাদের দাবিসমূহ বাস্তবায়ন না করা হয় তাহলে তাহলে বৃহস্পতিবার উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। যেহেতু উপাচার্যের সকল অপকর্ম করেছেন কোষাধ্যক্ষের ইঙ্গিতে, সেজন্য আমরা কোষাধ্যক্ষকেও অবাঞ্ছিত ঘোষণা করব।

তিনি আরও বলেন, রবিবার থেকে সশরীরে ক্লাসে ফিরবে শিক্ষকরা। গরমের মধ্যে সশরীরে ক্লাস কেন জানতে চাইলে তিনি বলেন, কুমিল্লা অন্যান্য জায়গার চেয়ে তাপমাত্রা কম, আর এতদিন ক্লাস মিস হওয়া ক্লাস গুলো পুষিয়ে দেওয়ার জন্য শিক্ষক সরাসরি ক্লাসে জয়েন করবে।
তবে শিক্ষক সমিতির সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ক্লাস নিয়েছে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি কেউ শিক্ষক সমিতির সিদ্ধান্ত অমান্য করে শিক্ষক সমিতি যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড এএফএম আবদুল মঈনকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে দাবি ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩ দফায় ক্লাস বর্জন করেন শিক্ষক সমিতি। এছাড়াও প্রশাসনের বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রায় ১২ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন।

কুমিল্লায় শারীরিক প্রতিবন্ধীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রং মিস্ত্রিকে মৃত্যুদণ্ড

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় শারীরিক প্রতিবন্ধী গুলশান আরার সহিত অবৈধ দৈহিক সম্পর্ক জনিত কারণে গুলশানকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মোঃ মুকবুল হোসেন নামের এক রং মিস্ত্রিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। ২৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলী এ রায় দেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মুকবুল হোসেন কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানাযায়- ২০১৫ সালের ১১ আগস্ট সন্ধ্যা ৭টায় চা আনার জন্য দোকানে গিয়ে বাড়ীতে ফিরে না আসায় তাঁর স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজির একপর্যায়ে পাশের বাড়ীর আফসানা (৮) ধৈনছা ক্ষেতে গুলশানের মরদেহ দেখতে পেয়ে শোর চিৎকার দিয়ে গুলশানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ পড়িয়া থাকতে দেখে চান্দিনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সূত্রে আরও জানা যায়, শারীরিক প্রতিবন্ধী ভিকটিম গুলশান আরা (২৫) এর সহিত আসামি মোঃ মুকবুল হোসেন (৩৫) এর অবৈধ দৈহিক সম্পর্ক জনিত কারণে গর্ভবতী হওয়ায় তাঁকে বিয়ের প্রস্তাব দিলে আসামি মোঃ মুকবুল হোসেন তা প্রত্যাখান করে এবং ঘটনারদিন ভিকটিম গুলশান আরাকে বাড়ী হতে ডেকে গুলশানের বাড়ীর পূর্ব পাশে তাজু মিয়ার ধৈনছা ক্ষেতে নিয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে ভিকটিমের বাবা কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মৃত আঃ রব এর ছেলে মোঃ শরীফ (৬২) বাদী হয়ে ২০১৫ সালের ১২ আগস্ট দণ্ডবিধির ৩০৪/৩৪ ধারার বিধানমতে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার দাস মামলার ভিকটিম নিহত গুলশান আরা (২৫) এর মোবাইল ফোনের সূত্র ধরে ঘটনার ১৮ দিন পর একই গ্রামের মনুমিয়ার ছেলে আসামি মোঃ মুকবুল (৩৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করিলে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার দাশ ঘটনার তদন্তপূর্বক আসামি মোঃ মুকবুল হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারার বিধানমতে ২০১৬ সালের ২৫ জানুয়ারি বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার নং-১৭)। তৎপর মামলাটি বিচারে আসিলে ২০১৬ সালের ২রা অক্টোবর সংশ্লিষ্ট ধারায় চার্জ গঠনক্রমে রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ মুকবুল হোসেন এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। সেই সাথে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ে আসামির মৃত্যু দণ্ডাদেশ হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়ায় পর্যন্ত ফাঁসি রুজ্জুতে ঝুলিয়ে মৃত্যু দণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করেন।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মুকবুল হোসেন আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

প্রকাশ থাকে যে, আসামি মোঃ মুকবুল হোসেন ২০১৫ সালের ৩০ আগস্ট হতে অধ্যাবদি জেল হাজতে আটক রয়েছে। আরও জানা যায়, ভিকটিম গুলশান আরা তার চার বোন এক ভাইয়ের মধ্যে গুলশান আরা (২৫), শারমিন (২০) ও আবু সাঈদ (৩০) জন্মলগ্ন থেকে প্রতিবন্ধী।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষে বিজ্ঞ কৌশলী অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ নেয়ামত উল্যাহ চৌধুরী (জামান) বলেন- আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।

দাউদকান্দিতে মাদরাসার পাশেই পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকায় পুকুর থেকে নুসরাত(১২) নামে এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ভুলিরপার ক্বারী আজগর আহমদ ইন্টারন্যাশনাল ইসলামীয়া মাদরাসার পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুসরাত ওই মাদরাসার ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হাইধরকান্দি গ্রামের প্রবাসী রবিউলের মেয়ে। মেয়েটিকে পাঁচদিন আগে ওই মাদরাসায় ভর্তি করানো হয় বলে জানায় তার সহপাঠীরা।

সহপাঠী ফাতেমা ও ফাহিমা বলেন, গত শুক্রবারে নুসরাত ও তার ছোট ভাই এখানে ভর্তি হয়। সোমবার রাতে আমরা একসাথে ঘুমাইছি। ফজর নামাজের জন্য উঠে দেখি নুসরাত রুমে নেই। সকাল বেলা শুনি পুকুরে ভেসে আছে।

নুসরাতের মা মোর্শেদা বেগম বলেন, পাঁচদিন আগে মেয়ে ও ছোট ছেলেকে মাদরাসায় দিয়েছি। এখানেই থাকতো। আজ সকালে আমাকে ফোন করে আসতে বলে। এসে শুনি আমার মেয়ে আর দুনিয়াতে নেই। পুকুর থেকে নাকি তার ভাসমান লাশ তুলেছে। কিন্তু আমার মেয়েতো সাতার জানতো।

দাউদকান্দি মডেল থানার ওসি তদন্ত মোঃ শহিদুল্লাহ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। মাদরাসার পাশেইপ পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরো বলেন, পুরো মাদরাসাটি সিসি ক্যামেরা লাগানো দেখেছি। এগুলো পর্যালোচনা করে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে রহস্য বের হয়ে আসবে।

এদিকে তীব্র গরমের কারনে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্টান সাত দিনের ছুটি ঘোষণা করা হলেও দাউদকান্দিতে অনেক কিন্ডারগার্টেন ও মাদরাসা নির্দেশনা অমান্য করে খোলা রেখেছে কিভাবে, এমন প্রশ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরফাতুল আলম বলেন, যেসকল প্রতিষ্টান নির্দেশনা অমান্য করেছে তাদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন ২৮ এপ্রিল

 

স্টাফ রিপোর্টার:

“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” -এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে আসছে ২৮ এপ্রিল রবিবার সারাদেশের ন্যায় কুমিল্লায়ও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দেশের আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত হবে।

তদুপলক্ষে কুমিল্লা জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে সকাল সোয়া ৮টায় বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত অঙ্গনে এসে শেষ হবে। এরপর মেলা উদ্বোধন শেষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে।

ওই অনুষ্ঠানে কুমিল্লা জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির সকল বিচারকগণ ও কর্মকর্তা-কর্মচারীগণ, কুমিল্লা বারের বিজ্ঞ আইনজীবীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ বিচারপ্রার্থী জনসাধারণকে যথা-সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নাসরিন জাহান এবং জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ২২শে এপ্রিল তাদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ উপলক্ষে বিশাল বর্ণাঢ্য রেলির , কেক কাটা ও নানা আয়োজনে পালন করেছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান মিয়া চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন ঘরে ঘরে ঐক্য গড় বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার প্রতিষ্ঠা কর, খুব শীঘ্রই ৭ দফা দাবিতে বিশাল আন্দোলনের ডাক দেওয়া হবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব হাবিবুর রহমান কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান,প্রধান বক্তা মো শফিকুল ইসলাম বাবু কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মহাসচিব সচিব,এছাড়াও কেন্দ্রীয় কমিটির নানা নেতৃবৃন্দ ছিলেন।এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতিনাতনি সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জয়।

আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দগণ, বীর মুক্তিযোদ্ধা সন্তানগণ নাতিনাতনিগণ, ঢাকা জেলা মহানগর উত্তর দক্ষিণের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।

কাতারের সঙ্গে ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় দুই দেশের মধ্যে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

এর আগে আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন কাতারের আমির। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

এর আগে সকাল সোয়া ১০টায় রাজধানীর তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটোসেশনে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিমের।

এদিকে আজ বিকালে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির। এরপর সন্ধ্যায় বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন তিনি।

সোমবার বিকালে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর।

ডেটা সেবায় সর্বোচ্চ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে শীর্ষে অবস্থানে রবি

নিজস্ব প্রতিবেদক:

দেশের সামষ্টিক অর্থনীতিতে চ্যালেঞ্জ ও তীব্র প্রতিযোগিতা থাকার পরেও ডেটা সেবা থেকে আয়ের ওপর নির্ভর করে সামগ্রিক আয়ের প্রবৃদ্ধি ধরে রেখেছে রবি। মোট ডেটা গ্রাহকের বিচারে এই খাতে সর্বোচ্চ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে রবি ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে তার অবস্থান সুদৃঢ় করেছে।

নেটওয়ার্ক শক্তিশালী করতে চলতি বছরের প্রথম প্রান্তিকে নতুন ৫৭৭টি ফোরজি সাইট যুক্ত করেছে রবি। পরিষেবার মান উন্নত করার জন্য এই ধরনের উদ্যোগের ফলে রবির ৮১ শতাংশের বেশি ডেটা গ্রাহক এখন ফোরজি ব্যবহারকারী, যা এই খাতে সর্বোচ্চ।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে।

বছরের প্রথম প্রান্তিকে রবির আয় হয়েছে দুই হাজার ৫১৬ দশমিক ২ কোটি টাকা। যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেশি। একই সময়ের ব্যবধানে ডেটা থেকে আয় বেড়েছে ২৫ দশমিক ৭ শতাংশ।

রবির আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এবং এমোর্টাইজেশন (ইবিআইটিডিএ) গত বছরের একই প্রান্তিকের তুলনায় ১৬ শতাংশ বেড়ে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ৪৮ দশমিক ৫ শতাংশ মার্জিনসহ ১ হাজার ২২০ দশমিক ২ কোটি টাকা হয়েছে। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে কর-পরবর্তী মুনাফা (পিএটি) ছিল ১০৬ দশমিক ৭ কোটি টাকা, আর কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল শূন্য দশমিক ২ টাকা।

চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৮১ লাখে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ। ফোরজি ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৫৫ লাখ। রবির গ্রাহকদের ৭৫ শতাংশেরও বেশি ডেটা ব্যবহার করেন যা এই খাতে সর্বোচ্চ।

চলতি বছরের প্রথম প্রান্তিকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে এক হাজার ৬০৫ দশমিক ৫ কোটি টাকা, যা ২০২৪ সালের প্রথম প্রান্তিকে রবির অর্জিত আয়ের ৬৩ দশমিক ৮ শতাংশ। এ সময়ে ৩৬৬ দশমিক ২ কোটি টাকা মূলধনী বিনিয়োগ করেছে কোম্পানিটি।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাজীব শেঠি বলেন, আমরা দেখতে পাচ্ছি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির প্রভাব আমাদের গ্রাহকদের মোবাইল ব্যবহারের ওপর পড়ছে। একই সঙ্গে লক্ষণীয় যে, স্মার্টফোন ডিভাইসের ব্যবহারের প্রসার অনেকাংশে থমকে গেছে। পাশের অন্যান্য দেশের তুলনায় ডেটা ব্যবহার বাড়ানোর অনেক সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে হলে অতি সত্বর স্মার্টফোন ব্যবহারের প্রসার বাড়াতে সরকার থেকে নীতি সহায়তা প্রয়োজন।

গুণগত মান নিশ্চিত করে সেবা দেওয়ার বিষয়টি তুলে ধরে রাজীব শেঠি বলেন, ‘গ্রাহকের অভিজ্ঞতা দিয়েই বলা যায়, আমাদের নেওয়া উদ্যোগের মাধ্যমে নেটওয়ার্কে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যার জন্য আমি গর্বিত। গত এক বছরে গড় ডেটা স্পিড শতভাগেরও বেশি বেড়েছে বেড়েছে। সারাদেশে কভারেজ ও নেটওয়ার্কের সর্বত্র ধারাবাহিক স্পিড নিশ্চিত করার মাধ্যমে এ উন্নতি অর্জন করা হয়েছে। কল ড্রপের হার একইভাবে গত এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। আমরা নিশ্চিত যে পরিসেবার গুণমান বৃদ্ধির উপর চলমান উদ্যোগ গ্রাহকের আস্থা অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে। ’

মালয়েশিয়ায় মাঝ আকাশে নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার মাঝ আকাশে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর একটি অনুষ্ঠানের মহড়ায় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।

স্থানীয় মিডিয়ার খবরে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই এদের মধ্যে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপরই হেলিকপ্টার দুটি মাটিতে পড়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, ওই দুটি হেলিকপ্টারে অন্তত ১০ জন ক্রু ছিলেন। তাদের সকলেই নিহত হয়েছেন।

মালয়েলিয়ার লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ বেঁচে নেই।