All posts by jitu

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাসান (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার দারু মিয়ার ছেলে।

নিহত হাসানের চাচাতো ভাই আরিফ জানান, হাসান বিভিন্ন সময় সীমান্তের ওইপার থেকে চিনি চোরাচালানে শ্রমিকের কাজ করতেন।

সোমবার সকালে সীমান্ত থেকে চিনি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, বিএসএফের গুলিতে একটি ছেলে মারা গেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, বিএসএফের গুলিতে নিহত যুবক সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। তার শরীরে একটি গুলি বিদ্ধ হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তাপপ্রবাহে ইউরোপে ৩০ শতাংশ মৃত্যু বেড়েছে

ডেস্ক রিপোর্ট:

সাম্প্রতিককালে ইউরোপে গরমের তীব্রতা বেড়েছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বা মানবদেহ এই তাপমাত্রার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। সোমবার (২১ এপ্রিল) ইউরোপের কোপারনিকাস জলবায়ু মনিটরিং সার্ভিস ও বিশ্ব আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থা দুইটি গত বছরের তীব্র তাপপ্রবাহের বিষয় নিয়ে ইউরোপের জলবায়ুর ওপর প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের জুলাইতে দক্ষিণ ইউরোপের বিভিন্ন মাত্রার তাপপ্রবাহের বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মূলত যারা বাইরে কাজ করে, বয়স্ক ও যাদের হৃদরোগজনিস সমস্যা ও ডায়াবেটিস রয়েছে তাদের এ ধরনের অতিরিক্ত গরমে স্বাস্থ্য ঝুঁকি বেশি।

গত জুলাইতে ইতালির কিছু অংশে স্বাভাবিকের চেয়ে সাত শতাংশ বেশি মৃত্যু রেকর্ড করা হয়। সে সময় ৪৪ বছর বয়সী এক ব্যক্তি রোড মার্কিং করার সময় অজ্ঞান হন ও মারা যান।

২০২৩ সালে স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসের কিছু অংশ দশ দিন পর্যন্ত চরম তাপপ্রবাহের মুখোমুখি হয়। সে সময় ৪৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অনভূত হয়। এমন পরিস্থিতিতে হিট স্ট্রোকের আশঙ্কা থাকে।

প্রতিবেদনে বলা হয়, গত ৩০ বছরে তাপপ্রবাহজনিত সমস্যার কারণে ইউরোপে মৃত্যু প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

ইইউ এর পরিবেশ সংস্থা গত মাসে সরকারগুলোকে জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রস্তুত ও বাইরে কাজ করে এমন কর্মীদের চরম তাপ থেকে রক্ষার আহ্বান জানিয়েছে।

ইতিহাসে সবচেয়ে বেশি গরম ছিল গত বছর। ইউরোপ হলো বিশ্বের দ্রুততম উষ্ণতার মহাদেশ।

এই তীব্র তাপপ্রবাহের অন্যতম কারণ হলো গ্রিন হাউজ গ্যাসের নির্গমন। তাছাড়া আবহাওয়ার প্রাকৃতিক ইভেন্ট এল নিনোও এক্ষেত্রে অবদান রেখেছে।

সূত্র: রয়টার্স

না ফেরার টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি

ডেস্ক রিপোর্ট:

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আর নেই।

সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

একমাস আগে হঠাৎ করেই তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন।

মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়াও চেয়েছিলেন অভিনেতা। ক্যানসার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন। তবে ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা।

অভিনয়ে তিন দশকের বেশি সময় পার করেছেন রুমি। এই দীর্ঘ সময়ে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। ১৯৮৮ সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের ‘এখনো ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার।

টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি। এবারের ঈদে বেশ কটি নাটকেও দেখা গেছে এই অভিনেতাকে। বর্তমানে তার অভিনীত ‘বকুলপুর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।

গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষার জন্য নতুন করে দর্শকের কাছে প্রশংসা পাচ্ছিলেন।

তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো– ‘সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘মেকাপ ম্যান’, ‘ঢাকা টু বরিশাল’, ‘ঢাকা মেট্রো লাভ’, ‘জার্নি বাই বাস’, ‘জমজ-৫’, ‘জমজ-৬’, ‘জমজ-১০’, ‘রতনে রতন চিনে’, ‘২০০ কদবেলী ইত্যাদি।

কুমিল্লায় সিএনজিচালককে হত্যার দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মো. রাসেল নামের সিএনজিচালিত অটোরিকশাচালককে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে গিয়াসউদ্দিন (২৩) ও নাঙ্গলকোট উপজেলার গান্দাচী গ্রামের আনা মিয়ার ছেলে অলি উল্লাহ (৩০)।

এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় টুংকু মিয়া নামের একজনকে বেকসুর খালাস এবং মামলা চলাকালীন একরামুল হক পাগলা নামের এক আসামি মারা গেলে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রোববার (২১ এপ্রিল) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, হত্যার শিকার মো. রাসেল ভাড়ায় অটোরিকশা চালাতেন। ২০১৯ সালের ১৮ জুন দণ্ডপ্রাপ্ত দুজনসহ মারা যাওয়া অপর আসামি যোগসাজশে রাসেলের অটোরিকশা ভাড়ায় নেন। পরে রাতে আসামি একরামুল হক অটোচালক রাসেলের পরিবারের লোকজনকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে রাসেলের বাবা জয়নাল আবেদিন ধার করে ৫০ হাজার টাকা একরামুল হক পাগলার বিকাশ নম্বরে পাঠান।

কিন্তু তাতেও মুক্তি না দিয়ে কুমিল্লা নগরীর রাজাপাড়া মোড়ে রাসেলকে ইয়াবা ট্যাবলেট খাওয়ার কথা বলে বিমানবন্দর এলাকায় জঙ্গলের ভেতরে নিয়ে আসামি অলি উল্লাহ, গিয়াস উদ্দিন ও একরামুল হক পাগলা রাসেলের প্যান্টের বেল্ট খুলে শ্বাসরোধ করে হত্যা করে এবং কাদামাটি দিয়ে ঢেকে মরদেহ গুম করে রাখে।

এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে চৌদ্দগ্রাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুন উর রশিদ, উপপরিদর্শক সুজন কুমার মজুমদার এবং উপপরিদর্শক মিন্টু দত্ত মামলাটি তদন্ত করেন। তদন্তের শুরুতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি একরামুল হক পাগলা ও গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে তারা ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন কাঠগড়ায় উপস্থিত থাকলেও অলি উল্লাহ পলাতক রয়েছেন।

চাঁদপুরে একযোগে সর্বজনীন পেনশন স্কিমের ২২৭ বুথের উদ্বোধন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

জীবন সাজাবে জীবন বাঁচাবে সামাজিক সুরক্ষা রক্ষাকবচ সর্বজনীন পেনশন স্কিম’ এই প্রতিপাদ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলায় একযোগে ২২৭টি রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে একযোগে এসব রেজিস্ট্রেশন বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল হাসান।

২২৭টি রেজিস্ট্রেশন হচ্ছে- উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ৯টি, সহকারী কমিশনার ভূমি অফিসে ৮টি, পৌরসভায় ৭টি, ইউনিয়ন পরিষদে ৯৩টি, ইউনিয়ন ভূমি অফিসে ৬৫টি, মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি, সিটি ব্যাংকে ৪টি, মতলব দক্ষিণ থানায় ১টি এবং উপজেলার অন্যান্য অফিসে ৪টি।

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হলে, দেশের প্রাপ্ত বয়স্ক নাগরিক পেনশন সুবিধা নিতে পারবেন। শারিরীক অক্ষমতার সময় পেনশন আপনাকে স্বাচ্ছন্দ্য এনে দিবে, সরকারের সর্বজনীন পেনশন স্কীম অবসর বয়সে আপনার জীবন সাজাতে দায়িত্ব সহায়ক ভূমিকা পালন করবে। জাতীয় সংসদের প্রণীত আইনের ভিত্তিতে সরকারের পেনশন স্কীমের ওপর আস্থা রেখে দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল সচেতন নাগরিকের হতাশামুক্ত জীবনের লক্ষ্যে এ স্কীম গ্রহণ করা উচিৎ বলে মনে করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইমরান শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বলিউড নিয়ে প্রীতি জিনতার বিস্ফোরক মন্তব্য, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট:

‘ভাইয়াজি সুপারস্টার’ ছবিতে সবশেষ দেখা গিয়েছিল গালে টোলপড়া হাসি দিয়ে দর্শক হৃদয়ে ঝড় তোলা বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে। বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে থাকলেও হঠাৎ করে আলোচনায় তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি পুরোনো ভিডিও। ভিডিওতে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা কথা বলেছিলেন বলিউড দুনিয়ার বাস্তবতা নিয়ে। তিনি জানিয়েছিলেন, বলিউড ইন্ডাস্ট্রি ছেলেমেয়ের জন্য নিরাপদ জায়গা নয়।

ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সেই ভিডিওতে তিনি স্বীকার করেছেন, স্টারকিড কিংবা বলিউডে যাদের পরিচিত কেউ নেই, তাদের নানা হয়রানির শিকার হতে হয়। পায়ের তলার মাটি শক্ত করতে মনের বিরুদ্ধে গিয়ে করতে হয় এমন কিছু কাজ, যা অনেকে কল্পনায়ও ভাবতে পারবেন না।

প্রীতির কথায়- ‘বলিউডে ছবি পাওয়ার জন্য যতদূর খুশি যেতে পারে ছেলেমেয়েরা। যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তারা মাথা তুলে দাঁড়াতে পারে না। তবে শুধু ফিল্মি ব্যাকগ্রাউন্ডের কথা বলছি না, যে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলেই এ সমস্যা। সেসব ছেলেমেয়ের জন্য বলিউড নিরাপদ জায়গা নয়।’

প্রীতি আরও জানিয়েছেন, তিনি নিজেও ফিল্মি ব্যাকগ্রাউন্ডের একজন হিসেবে এমন অনেক প্রস্তাব পেয়েছেন, যা তার কাছে কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না। তবুও হাল ছেড়ে দেননি। নিজের অভিনয়ের প্রতি বিশ্বাস ধরে রেখেছিলেন। যার সুবাদে কারও সহযোগিতা ছাড়াই চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তবে এটাও সত্য, নেপথ্যে কেউ না থাকলে অথবা কারও সহযোগিতা ছাড়া বলিউডে নিজের জায়গা তৈরি করা মুশকিল।

বেনজীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদকে ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক:

অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদক অনুসন্ধান শুরু না করলে তিনি হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন।

রোববার (২১ এপ্রিল) দুদকের চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন তিনি। এ সময় তিনি বেনজীরকে নিয়ে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন আবেদনের সঙ্গে সংযুক্ত করেন। আবেদনে বেনজীর আহমেদের পাশাপাশি তার স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে ওঠা অভিযোগও অনুসন্ধান করে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

জানতে চাইলে সৈয়দ সায়েদুল হক সুমন গণমাধ্যমকে বলেন, বেনজীরের দুর্নীতি নিয়ে যে অভিযোগ আসছে পত্রিকায়, হেডলাইন হয়েছে, তা নিয়ে এ পর্যন্ত কোনো ইনকোয়ারির (অনুসন্ধান) ব্যবস্থা না দেখে দুদকে এসে নাগরিক হিসেবে আবেদন করে বলেছি, এর (অভিযোগের) ইনকোয়ারি করা দরকার। কারণ সাবেক আইজিপির যদি এত সম্পদ থাকে, তবে বাংলাদেশ পুলিশের মধ্যে যারা সৎ অফিসার আছেন, তারা খুব বেশি হতাশাগ্রস্ত হবেন। দেশে যারা সৎ আছেন, তাদের ওপর ব্যাপক প্রভাব পড়বে; আর যারা অসৎ, তারা মোটামুটি প্রতিযোগিতায় নামবেন। যদি অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে তারা বলবেন আমরা সবাই বেনজীর হইতে চাই। আমার কাছে মনে হয়েছে, দেশের জন্য এটি ভয়ানক বিষয়।

দুদক পদক্ষেপ না নিলে কী করবেন, জানতে চাইলে সুমন বলেন, ‘পরিষ্কার, হাইকোর্টে যাব। ’

সুমনের আবেদনের পর সুপ্রিম কোর্টে দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘জানতে পেরেছি প্রাক্তন আইজিপি বেনজীর আহমেদের সম্পদ নিয়ে যে খবর ছাপা হয়েছে তার ওপর ভিত্তি করে ব্যারিস্টার সায়েদুল হক সুমন দুদকে একটি দরখাস্ত দাখিল করেছেন। তার এ দরখাস্তের পরিপ্রেক্ষিতে দুদক তার আইন ও বিধি অনুসারে অভিযোগ যাচাই-বাছাই করবে। কমিশন যদি মনে করে এটি দুদকের আওতার মধ্যে পড়ে, তাহলে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এক প্রশ্নে এ আইনজীবী বলেন, এখানে ব্যক্তি মুখ্য নয়। কে কি, তা এখানে ইস্যু নয়। দুদক দেখে যে অভিযোগটি তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কি না। কমিশন দেখবে তথ্যে সত্যতা কতটুকু। এখানে অনেকগুলো ধাপ আছে। তিনি (সায়েদুল হক সুমন) আজ যে দরখাস্ত দিয়েছেন, তা যাচাই-বাছাই কমিটিতে যাবে। কমিটি তা দেখে সিদ্ধান্ত দেবে। এরপর কমিটির সিদ্ধান্তের আলোকে কমিশন যদি মনে করে অনুসন্ধান করা উচিত, তারা সেটি করবে।

আবেদনে বলা হয়েছে, বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের ৩০তম আইজি ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান। চাকরিতে থাকাকালে তার স্ত্রী ও মেয়েদের নামে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে খবর প্রকাশ হয়েছে, এসব সম্পদ তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

প্রতিবেদনের তথ্যের বরাত দিয়ে সুমনের আবেদনে বলা হয়েছে, বেনজীর আহমেদের বৈধ আয়ের চেয়ে তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের পরিমাণ অনেক বেশি। ফলে তিনি চাকরিতে থাকাকালে পদ-পদবী, ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ অর্জন করেছেন বলে মনে করার যথেষ্ট কারণ আছে। ফলে বেনজীর আহমেদ এবং তার স্ত্রী-সন্তানদের সম্পদের তদন্তে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

তাপমাত্রা বাড়ার কারণ জানালেন চিফ হিট অফিসার বুশরা আফরিন

ডেস্ক রিপোর্ট:

গরম নিয়ে আপাতত স্বস্তির খবর নেই। এপ্রিলজুড়েই তাপমাত্রার আধিক্য থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় ভ্যাপসা গরম আরও তীব্র হতে পারে বলেও জানানো হয়েছে।

রাজধানীসহ দেশজুড়ে বয়ে চলা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড গরমে জনজীবনে করছে হাঁসফাঁস। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। প্রখর রোদে পথঘাট সব কিছুই উত্তপ্ত। কোথাও সড়কের পিচ গলতে শুরু করছে। গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি।

গরমের তীব্রতা বাড়ায় শনিবার থেকে সারা দেশে চলছে তিন দিনের হিট অ্যালার্টের সতর্কতা।

পরিস্থিতি যখন এমন- তখন স্বভাবতই প্রশ্ন উঠছে, কী করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন? গত বছরই বুশরা এ পদে নিয়োগ পেয়েছেন। তিনি বলেন, দায়িত্ব পেয়ে তিনি বসে নেই। চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার। পরিস্থিতি মোকাবিলায় আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সেটার চেষ্টা করছেন।

ঢাকায় বাস করেন প্রায় ৪ কোটি ৪২ লাখ মানুষ। তার ওপর গ্রাম থেকে এসে মানুষ প্রতিনিয়তই ঢাকায় ভিড় জমাচ্ছেন। একদিকে বাড়ছে মানুষ অন্যদিকে ঢাকা পরিণত হচ্ছে কংক্রিটের জঙ্গলে। সেই সঙ্গে ঢাকায় কমছে সবুজ। বুশরা বলেন, ‘ঢাকা শহরের প্রায় ৮০ শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে। এর ফলে নানারকম সমস্যার সঙ্গে বাড়ছে তাপমাত্রাও।’

দিন দিন বাড়তে থাকা জনসংখ্যার ঘনত্বের কারণে সংকটে পড়া ঢাকার তাপমাত্রা গ্রামাঞ্চলের চেয়ে বেশি হচ্ছে। এ সমস্যা সব থেকে বেশি হচ্ছে ঢাকার বিভিন্ন বস্তি অঞ্চলে। বুশরা জানান, এ বস্তিগুলোতে পয়োনিষ্কাশন ব্যবস্থা ও খাবার পানির ঘাটতি রয়েছে। সেখানকার ঘরগুলো তৈরি ধাতু বা টিন দিয়ে। গরমে সেগুলো ভয়াবহ আকার ধারণ করে। তার ওপর ওই অঞ্চলে বিদ্যুতের সমস্যাও বেশি।

তিনি বলেন, গরমের কারণে শারীরিক নানা সমস্যা বাড়ছে। শুধু তাই নয়, গরমের কারণে বাড়ছে নানা গার্হস্থ্য সমস্যাও। এর সঙ্গে ঢাকার বাতাসের মান কমে যাওয়ার সঙ্গে নানা রকম দূষণও বাড়ছে।

তীব্র দাবদাহ মোকাবিলায় বুশরা বলেন, এ অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত ‘হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেন’ চালাচ্ছেন। তার মতে, ঢাকা এবং আশপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি।

তিনি বলেন, আমাদের এখানে রাস্তার ধারে ২ লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয়। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণও করতে হবে। নগরে বনায়ন করা খুব জরুরি। এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আগে সেখানে সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি। আমাদের এখানে আরও অনেক পার্ক এবং সবুজে ঘেরা জায়গা দরকার। তাতে তাপমাত্রা যেমন কমবে, তেমনই পাখিসহ নানা প্রাণীও ফিরে আসবে।

ব্যক্তি উদ্যোগেও নগরবাসীকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন চিপ হিট অফিসার। বুশরা বলেন, তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি… আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল, টুপি, ফ্যান, ছাতার মতো জিনিসপত্র সাথে রাখি তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি।

দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হচ্ছেন সাবেক অর্থমন্ত্রীর ভাই সারোয়ার

স্টাফ  রিপোর্টার:

আওয়ামী লীগের দলীয় নির্দেশ অমান্য করে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সাংসদ  ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে লালমাই উপজেলার দুতিয়াপুর নিজ বাসায়  সংবাদ সম্মেলন করে  প্রার্থী হওয়ার  ঘোষণা দেন তিনি।

গোলাম  সারোয়ার বর্তমানে সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি সব মিলিয়ে টানা তিন দফা দায়িত্ব পালন করছেন।  এছাড়া তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গোলাম সারওয়ার সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক যৌথ সভার সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান প্রার্থী পদে নাম ঘোষণা করেছে।  সদর দক্ষিণ উপজেলাবাসী ও আমার সব নেতাকর্মীর চাপে দলের বিভাজন দূর করতে, দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং মাননীয় সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের মানসম্মান রক্ষার্থে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। অনলাইনে আমি চেয়ারম্যান পদে আবেদন করেছি। ইতোমধ্যে আমি দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কাজ শুরু করেছি। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অনুধাবন করতে সক্ষম হবেন এবং এই উপজেলায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এটা আমার প্রত্যাশা।

উল্লেখ্য যে,   উপজেলা পরিষদ নির্বাচনে সারাদেশের এমপি-মন্ত্রীদের আত্মীয়দের প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঠোর অবস্থানের কথা জানিয়ে আসছেন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীদের আত্মীয়দের প্রার্থী হওয়ার বিষয়ে কঠোর অবস্থানে কেন্দ্রীয় আওয়ামী লীগ।