All posts by jitu

নোয়াখালীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জসিম উদ্দিন ও কৃষক মাসুদ মিয়ার ৫৫ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মিরা। পরে ধানগুলো মাড়াই করে কৃষকদের ঘরে তুলে দিয়েছেন তারা। এতে, গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের কারণে কারণে শ্রমিক সংকটে থাকা ওই দুই কৃষকের মুখে হাসি ফুটেছে।

রোববার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দাদপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন প্রায় ২০ জন নেতাকর্মিকে সাথে নিয়ে ধানগুলো কেটে দেন।

কৃষক জসিম উদ্দিন বলেন, ‘অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরি এবার বাড়তি। অন্যদিকে চলছে গ্রীষ্মের তাপদাহ। আবার দেশের অন্য জায়গা থেকে শ্রমিক এখনো আসা শুরু করেনি। ঝড় বৃষ্টির সংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মিরা এ খবর শুনে আমার ২৫ শতাংশ জমিতে থাকা ধানগুলো কেটে, মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি।’

কৃষক মাসুদ মিয়া বলেন, ‘ধারদেনা করে নিজের ৩০ শতাংশ জমিতে এবার বোরো ধানের চাষ করেছি। সার, বীজ ও কীটনাশকের বাড়তি দামের কারণে খরচ অনেক বেশি হয়েছে। পাকা ধানগুলো ঘরে তোলা নিয়ে চিন্তায় ছিলাম। গরমের কারণে শ্রমিকরা কাজ করতে রাজি না। করলেও বাড়তি দাম দিতে হয়। কোন প্রতিদান ছাড়াই ছাত্রলীগ নেতাকর্মিরা ধানগুলো কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে। আশা করি তারা আমার মতো অন্য কৃষকদের পাশেও দাঁড়াবে।’

ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন বলেন, ‘ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী জেলার প্রত্যন্ত অঞ্চলের শ্রমিক সংকটের কারণে যেসব কৃষক পাকা ধান ঘরে তুলতে পারছেন না আসারা তাদের ধান কেটে ঘরে তুলে দেয়ার উদ্যোগ নিয়েছি। এতে কৃষকের যেমন উপকার হচ্ছে তেমনি আমরাও কৃষকের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে।’

নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.শামছুল হুদা বাপ্পি বলেন, কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া মহৎ কাজ। বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকবে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনার ৬দিন পর যুবকের মৃত্যু

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে গত সোমবার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয় মো: কামরুজ্জামান রিয়াদ (২৯ ) নামে এক যুবক।

সড়ক দুর্ঘটনার ৬দিন পর শনিবার (২০ এপ্রিল) রাতে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুরবণ করে রিয়াদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত রিয়াদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের আগুনশাইল গ্রামের দক্ষিণ পাড়ার মাস্টার আবু রশিদ এর ছেলে।

ব্যক্তি জীবনে রিয়াদ বিবাহিত। মাত্র তিনমাস পূর্বেই সে বড় ভাইয়ের শালিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রোববার বিকালে পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই রিপন বিষয়টি নিশ্চত করেন।

জানা গেছে, গত সোমবার (১৫ এপ্রিল) দুপুরে মোটরসাইকেলযোগে আত্মীয় এর বাড়ীতে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সাথে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী কামরুজ্জামান রিয়াদ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম সহ গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রিয়াদের আপন বড় ভাই শামসুর রহমান রিপনও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসা প্রদান করেন।

আশঙ্কাজনক অবস্থায় ওইদিন সন্ধ্যায় রিয়াদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার আরো অবনতি হলে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে নিয়ে যান।

সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসকরা নীবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর শনিবার রাত সাড়ে বারটায় চিকিৎসাধিন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। রোববার সকাল এগারটায় মরহুমের নিজবাড়ীতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বুড়িচংয়ে লোহাইমুড়ি এলাকায় জালে আটক সাড়ে ৪ ফুট লম্বা অজগর, বনবিভাগ অবমুক্ত করল

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকার লোহার মুড়ি থেকে সাড়ে ৪ ফুট লম্বা একটি অজগর সাপ জালে আটক পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুড়িচং উপজেলা বন বিভাগের লোকজন অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮ টার দিকে সীমান্ত এলাকার লোহাই মুড়ি বট মুড়ায় স্থানীয় এক ব্যক্তির পুকুরের চার পাশের জালের বেষ্টনীতে আটক পড়লে দুপুর ১.৪০ মিনিটে উদ্ধার করে।

বুড়িচং উপজেলা বন কর্মকর্তা মোঃ ময়হাবুবুর রহমান জানান শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি কালীকৃষ্ণ নগর সাব বিটের দায়িত্ব রত জাহাঙ্গীর আলম কে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি আরও জানান উপজেলা বাকশীমূল ইউনিয়নের সীমান্ত ঘেষা লোহাই মুড়ি বটমুড়া এলাকার স্থানীয় এক ব্যক্তির মাছের পুকুরের চার পাশে (নিরাপত্তার) দিয়ে ঘিরে রাখে। গত শনিবার রাতে বা ভোরে ভারতীয় এলাকা থেকে সাড়ে ৪ ফুট লম্বা একটি অজগর সাপের বাচ্চা জালে আটক পড়ে।

স্থানীয় আব্দুল মান্নান নামের এক ব্যক্তি বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ উপজেলা বন কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমানের সাথে সংযোগ করে দেন। এর কিছু ক্ষণ পর বন কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান স্থানীয় কালি কৃষ্ণ নগর সাব বিটের দায়িত্ব রত মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী কে ঘটনাস্থলে পাঠান। তিনি দুপুর ১.৪০ মিনিটে ঘটনাস্থলে এসে আনন্দ পুর বন বিভাগে দিয়ে জঙ্গলে অবমুক্ত করেন অজগর সাপটি।

বন কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান বলেন ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্ত থেকে অজগরে বাচ্চাটি খাবারের সন্ধানে আসে। লোহাইমুড়ি এলাকার ওই বট মুড়ার পুকুরে খাবার খেতে এসে জালে আটক পড়ে।

বিএনপি রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে। অথচ বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যুদস্ত বিএনপি।

রোববার (২১ এপ্রিল) দুপুরে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুরভিসন্ধিমূলক, কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে। যে কারণে জনগণ বার বার তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপির নেতারা তাদের দুঃশাসনের দুর্বিষহ দিনগুলোতে জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চায়।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন-অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। যা দেখে বিএনপির গাত্রদাহ হয়। বিভিন্ন সময় বিএনপি ও তার দোসরদের যৌথ উদ্যোগে প্রযোজিত ও পরিচালিত সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উসকানি সৃষ্টির পাঁয়তারা করছে।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের নিকট রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে। অথচ বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যুদস্ত বিএনপি। এই ঝাঁকুনি হলো বার বার পরাজয়ের ঝাঁকুনি। হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপির নেতাদের বোধশক্তি লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ, রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে।’

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে তাদের অর্জনগুলো নাকি বর্তমান সরকার ধ্বংস করেছে! অথচ অন্ধকারের অপশক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিভূ সন্ত্রাসী দল বিএনপি দেশের অগ্রগতি ও জনগণের ভাগ্যোন্নয়নে কী ভূমিকা রেখেছে? বরং দেশের গণতন্ত্র ধ্বংস করে হত্যা, গুম ও ষড়যন্ত্রের রাজনীতির প্রচলন করেছিল।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান। আসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান বিরোধী দল ও মত দমনে ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছিল। বিএনপি-জামাত জোট সরকারের আমলে বাংলাদেশ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপির আমলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান গড়ে তো ওঠেই নি, বরং তারা ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে সেগুলোকে যেন বিএনপির কার্যালয় ও হাওয়া ভবনের সঙ্গে অঙ্গীভূত করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। এগুলোই বিএনপির অর্জন, যা জনগণ বর্জন করে আসছে। জনগণ দ্বারা বর্জিত বিএনপি কখনোই ইতিবাচক কিছু অর্জন করতে পারবে না।

বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের জনগণের ভাগ্যোন্নয়নে বরাবরের ন্যায় জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ ও সুদৃঢ় নেতৃত্বে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জনগণ চেয়েছে বলেই বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। দেশের স্বার্থ আর জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আর সরকার যে জনগণের সেবক বাংলাদেশে এই ধারণা প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ দেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন। তাই যে অপশক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তারা স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ বা শত্রু হিসেবে গণ্য হবে।

শিব নারায়ণ দাসের মহাপ্রয়াণে কুবি শিক্ষক সমিতির শোক প্রকাশ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের মহাপ্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রবিবার (২১ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৭০ সালের ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল বর্তমান সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নম্বর কক্ষে রাত ১১টার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন কুমিল্লার কৃতি সন্তান শিব নারায়ণ দাস। জাতি তার অনবদ্য এ অবদানকে গভীরভাবে স্মরণে রাখবে। বরেণ্য এই দেশপ্রেমিকের মহাপ্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ।

এর আগে গত ১৯ এপ্রিল ২০২৪ তারিখ সকাল সাড়ে ৯টায় স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার, বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুঃসংবাদ পেল চেন্নাই সুপার কিংস

ডেস্ক রিপোর্ট:

আইপিএলে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। একের পর এক রেকর্ড ভাঙা হায়দরাবাদ এরই মধ্যে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে। অন্যদিকে, চারে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

চলতি আইপিএলে মিশ্র অভিজ্ঞতা চেন্নাইয়ের। ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স উপহার দিতে পারলেও চেন্নাইয়ের বাইরে যেন অতি সাধারণ এক দল। এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ হেরেছে মুস্তাফিজরা, সবকটিই চেন্নাইয়ের বাইরের মাঠে।

আইপিএলের অর্ধেকের মতো ম্যাচ শেষ। এখনো পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দল সাতটি ম্যাচ খেলে জয় পেয়েছে ছয়টিতেই। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে উঠে এসেছে হায়দরাবাদ। প্যাট কামিন্সেরা সাতটি ম্যাচ খেলে জিতেছে পাঁচটিতে। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। তৃতীয় স্থানে নেমে গেছে কেকেআর। শ্রেয়াস আইয়াররা ৬টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে।

কেকেআরের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান পয়েন্ট রয়েছে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টসেরও। নেট রান রেট ভালো থাকায় তৃতীয় স্থানে কলকাতা। কেকেআরের নেট রান রেট ১.৩৯৯। চেন্নাই এবং লখনৌ সাতটি করে ম্যাচ খেলেছে। নেট রান রেটের নিরিখে তারা রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে। রুতুরাজ গায়কোয়াড়ের দলের নেট রান রেট ০.৫২৯। অন্যদিকে, লোকেশ রাহুলদের নেট রান রেট ০.১২৩।

পয়েন্ট তালিকায় ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। দু’দলের সংগ্রহ ৬ পয়েন্ট। মুম্বাই সাতটি ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটিতে। হার্দিক পান্ডিয়ার দলের নেট রান রেট -০.১৩৩। একটি ম্যাচ বেশি খেলেছে সৌরভ গাঙ্গুলীর দিল্লি। রিশভ পন্থেরা আটটি ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে। তাদের নেট রান রেট -০.৪৭৭। ৬ পয়েন্ট নিয়েও অষ্টম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। শুভমান গিলের দল সাতটি ম্যাচ খেলে তিনটি জিতেছে। তাদের নেট রান রেট -১.৩০৩।

পয়েন্ট তালিকায় নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শিখর ধাওয়ানের পাঞ্জাব সাতটি ম্যাচ খেলে জয় পেয়েছে দু’টিতে। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সবার নিচে বিরাট কোহলিরা। সাতটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত একটি জয় পেয়েছে বেঙ্গালুরু।

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার বিকাল ও রাতে  পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে উপজেলার আলকরা ইউনিয়নের লাটিমি রাস্তার মাথা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয় সৈকত নামে এক যুবক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সৈকত ফেনীর শর্শদী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে মহাসড়কের মিয়াবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার পৌরসভাধিন গোমারবাড়ী গ্রামের আনু মিয়ার নাতি বলে জানা গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, ‘সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ চলছে। গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা ২৫ এপ্রিল। এর মধ্যেই ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে শিক্ষা বোর্ডগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

রোববার (২১ এপ্রিল) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত (বিলম্ব ফি ছাড়া) বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ৬ মে পর্যন্ত।

এদিকে, বিলম্ব ফিসহ ফরম পূরণ চলবে ৭ থেকে ১২ মে পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের পর শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন ১৩ মে পর্যন্ত।

ঘোষিত এ সময়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করতে বলা হয়েছে এবং বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে দায়িত্ব নিয়ে নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

কোন বিভাগে কত ফি

এইচএসসি পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি ১১০ টাকা, ব্যবহারিকের ফি পত্রপ্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি পরীক্ষার্থীপ্রতি ৫০ টাকা, মূল সনদ বাবদ ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা নেওয়া হচ্ছে।

এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১০০ টাকা তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

কেন্দ্র ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীকে ৪৫০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের পত্রপ্রতি ২৫ টাকা দিতে হবে। আর ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

শিক্ষা বোর্ড বলছে, বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে এ ফি এর সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। এছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও ১৪০ টাকা যোগ হবে।

এদিকে, আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। গত ২ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ১২-২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

বোর্ডগুলোর পূর্বঘোষণা অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাও পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে (সিলেবাস) অনুষ্ঠিত হবে।

ইসরায়েলের অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা: ইরান

ডেস্ক রিপোর্ট:

ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। তবে তেল আবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।

শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

এদিকে আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল দুটি বা তিনটি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো।

আবদুল্লাহিয়ান জানান, যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরাইলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক কাজ না হয়, ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরাইল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে।

গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইরানের ইসফাহান শহরের কাছে হামলা চালায় ইসরাইল। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরাইলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে তাদের পরমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে।

এর আগে গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরাইলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছিল ইসরাইল।