All posts by jitu

মেয়ের সফল ক্যারিয়ার গড়তে ২০০ কোটি খরচ করছেন শাহরুখ খান!

ডেস্ক রিপোর্ট:

বলিউড বাদশা শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের ক্যারিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তার পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন অভিনেতা। এবার পালা মেয়ের। বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে সিনেমা প্রযোজনা করতে চলেছেন শাহরুখ।

পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতোমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটো সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন সিনেমায়।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই সিনেমা নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে?

জানা যায়, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’র চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

ফরিদপুরে সাতসকালে সড়কে ঝরলো ১৩ প্রাণ

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮ জন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় ফরিদপুর–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতেরা সবাই পিকআপের যাত্রী। তবে নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ফরিদপুর থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। দিকনগরে এই দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে- একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।

কুমিল্লায় মাই টিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোস্তাফিজুর রহমান:

মাই টিভির ১৫ বছর পদার্পন উপলক্ষে কুমিল্লায় র‍্যালি-আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসার আয়োজনে আজ ১৫ এপ্রিল সোমবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কুমিল্লা প্রতিনিধি মো. লুৎফুর রহমান, এটিএন নিউজ ও এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, আরটিভির কুমিল্লা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া, সাপ্তাহিক সীমান্ত সংবাদ ও ডেইলি অবজারভারের প্রতিনিধি মো. নজরুল ইসলাম দুলাল, রূপসী বাংলার প্রতিনিধি অশোক বড়ুয়া, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বাহার রায়হান, মানবজমিনের কুমিল্লা প্রতিনিধি মো. জাহিদ হাসান, বৈশাখী টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সমকালের কুমিল্লা প্রতিনিধি কামাল উদ্দিন, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো আবুল খায়ের, নাগরিক টিভির কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার মো. ফিরোজ হোসেন, যায়যায়দিনের কুমিল্লা প্রতিনিধি আব্দুল জলিল, চ্যানেল ২৪ এর কুমিল্লা প্রতিনিধি মো. জাহিদুর রহমান, জাগরনী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, আরটিভির প্রতিনিধি মো. সোহরাব সুমন, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, আজকের পত্রিকা’র প্রতিনিধি জহিরুল হক বাবু, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, চ্যানেল এসের প্রতিনিধি রাজিব সাহা, ঢাকা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি মহসীন কবির, রূপসী বাংলার নিজস্ব প্রতিনিধি সাইফুল সুমন, দৈনিক প্রতিদিনের বাংলাদের প্রতিনিধি মো. জাকির হোসেন, ডাক্তার ও লেখক ডা. আব্দুল আউয়াল সরকার, দুর্নীতির সন্ধানের প্রতিনিধি ম্যাক রানা, ঢাকা মেইলের কুমিল্লা প্রতিনিধি সাকলাইন জুবায়ের, ইনডিপেনডেন্ট টিভির ক্যামারাপার্সন মো. আমলগীর হোসেন, সদর দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি হাজী দেলোয়ার মজুমদার, জাতীয় অর্থনীতির কুমিল্লা ব্যুরো মো. শাহিন হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ কুমিল্লা প্রতিনিধি মারুফ কল্প, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান,ময়নামতি টোয়েন্টি ফোর টিভির গিয়াস উদ্দিন দৈনিক বাংলাদেশ সমাচারের কুমিল্লা প্রতিনিধি এনসি জুয়েল, বিজনেস বাংলাদেশর মহানগর প্রতিনিধি আয়েশা আক্তার, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. সাফি, দৈনিক আলোকিত সকালের মহানগর প্রতিনিধি হাফেজ তামিম হোসেন প্রমুখ।

তৃতীয় ধাপের উপজেলা ভোটের তফসিল আগামী ১৭ এপ্রিল

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনের তফসিল আগামী ১৭ এপ্রিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী বুধবার (১৭ এপ্রিল) কমিশনের ৩১তম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় কমিশন সভাটি অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্য সূচিতে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের তফসিলের বিষয়টি রাখা হয়েছে। বৈঠকে কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলার ভোটগ্রহণ করা হবে ২১ মে। আগামী ২৩ মে প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল কমিশন। এবারের উপজেলা নির্বাচনে বাধ্যতামূলকভাবে অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার বিধান রেখে নতুন বিধিমালা করেছে ইসি। সেই অনুযায়ী প্রথম ধাপের মনোমন জমা দেওয়ার শেষ তারিখ আজ (১৫ এপ্রিল)।

৬০ লাখ বন্দির তালিকা প্রকাশ করুক, না হয় জাতির কাছে ক্ষমা চাইতে হবে

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ৬০ লাখ নেতাকর্মী কারাবন্দি, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবি নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি মহাসচিবকে এ বিষয়ে চ্যালেঞ্জ করে এসব কারাবন্দির তালিকা চেয়েছেন তিনি।

সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তালিকা চান।

ওবায়দুল কাদের বলেন, আমি মির্জা ফখরুল ইসলামকে চ্যালেঞ্জ করছি। ছিল ২০ হাজার, হয়ে গেলো ৬০ লাখ! অবিলম্বে ৬০ লাখ বন্দির তালিকা প্রকাশ করুক। না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ১৭ এপ্রিল মুজিব নগর দিবস। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ দিবস, সেই দিনটিকে তারা অস্বীকার করে। ১০ এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশের সকার গঠন হয়, সেটা অস্বীকার করে। বিএনপি বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে, এটা আমি বিশ্বাস করি না।

বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায়। একাত্তরে তাদের যে ভূমিকা, হঠাৎ করে বাঁশিতে ফুঁ দিয়ে এমনিই তিনি ঘোষক হয়ে গেলেন! ২৪ বছরের যে আন্দোলন, এসবের কোনো দাম নেই?

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রমজানে সরকারের বেশ কিছু কার্যক্রম চলমান ছিল। তা অব্যাহত থাকবে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতদিন জনগণের প্রয়োজন থাকবে, ততদিন এ প্রোগ্রাম থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সালমান খানের বাড়িতে হামলার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং যা বলল

ডেস্ক রিপোর্ট:

পহেলা বৈশাখের ভোরে (১৪ এপ্রিল) অভিনেতা সালমান খানের বাড়ির সামনে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুই অজ্ঞাত ব্যক্তি। তারপর থেকেই উৎকণ্ঠা বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছিল পুলিশ। তবে বেলা বাড়তেই সামনে এলো হুমকির চিঠি। গোটা ঘটনার দায় স্বীকার করে নিল বিষ্ণোই গ্যাং। শুধু ঘটনার দায় স্বীকারই করেনি তারা, সমাজমাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে অভিনেতাকে। খবর এনডিটিভি’র।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই লিখেছেন, ‘আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তা-ই সই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পার—আমরা কত দূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না… দাউদ ও ছোটা শাকিল নামের যে দুজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রী রাম।’

মৃত্যুর হুমকি দিয়েও নিস্তার নেই, সালমানের বাড়ির সামনে গোলাগুলিমৃত্যুর হুমকি দিয়েও নিস্তার নেই, সালমানের বাড়ির সামনে গোলাগুলি

গত বছর থেকেই ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড ভাইজান। বেশ ক’বার সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন তাদের মূল হোতা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে সালমানের নাম জড়িয়েছিল। তারই প্রতিশোধ নিতে অভিনেতাকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গ্যাং। গত বছর ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে ‘খতম তালিকা’য় রেখেছেন, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছে সালমানের নাম। তাঁকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করছেন ওই গ্যাংস্টার। এবার প্রায় অভিনেতার বাড়িতে হামলা করার মতো ঘটনা ঘটিয়ে ফেললেন তারা।

অটোচালকের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

অটোচালক শফিউল্লার হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

সোমবার(১৫এপ্রিল) বেলা ১১টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এতে কুমিল্লা মুখি লেনের গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

পরে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক এবং দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর ঘটনাস্থলে যান। আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।

অপরাধীকে সনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।

জানা যায়, ঈদের আগেরদিন বুধবার রাত নয়টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫) । একদিন পর শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের ডোবা থেকে তার হাত পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের সনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে ।
হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর বলেন, যান চলাচল স্বাভাবিক করতে একাধিক টিম কাজ করছে।

মুস্তাফিজের দুর্দান্ত ক্যাচের প্রশংসায় গিলক্রিস্ট

ডেস্ক রিপোর্ট:

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মুস্তাফিজের করা বলে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক ক্যাচ নিয়েছিলেন মাথিশা পাথিরানা। চলতি আইপিএলের শুরু থেকেই মুস্তাফিজ আর পাথিরানাকে একে অন্যের প্রতিপক্ষ ভাবা হয়েছিল। যদিও সেদিন পাথিরানা মুগ্ধ করেছিল সবাইকে। আর গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে সেই ক্যাচের প্রতিদানই যেন ফিরিয়ে দিলেন বাংলাদেশের পেসার।

মাথিশা পাথিরানার বলে ডিপ থার্ডম্যান সীমানায় দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মুস্তাফিজ। বিপজ্জনক ব্যাটার সূর্যকুমার যাদবকে ফিরতে হয়েছে ফিজের সেই অসাধারণ ক্যাচের কল্যাণে। সূর্যকুমারের এই ক্যাচ চলতি আইপিএলের সেরা ক্যাচ হতেই পারে। পাথিরানার বলে তুলে দিয়েছিলেন থার্ডম্যানে। আর একটু হলেই ছয় হয়ে যাচ্ছিল। কিন্তু মুস্তাফিজ সেই ক্যাচ ধরেন। ভারসাম্য সামলাতে না পেরে বল উপরে ছুড়ে দিয়েছিলেন। বাউন্ডারির ভেতরে একটি পা রেখে ভারসাম্য ফিরিয়ে আবার মাঠের ভেতরে এসে ক্যাচ লোফেন। রিভিউ দেখার পর আউট দেওয়া হয়।

ম্যাচে অবশ্য বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে দিয়েছেন ৫৫ রান। তবে নিয়েছেন একটি উইকেট। যদিও দিনশেষে ফিজ প্রশংসায় ভেসেছেন ক্যাচের জন্য। যেই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টও।

গিলক্রিস্ট মনে করেন পাথিরানার সেই এক ওভারেই খেলার মোমেন্টাম ঘুরে গেছে, ‘মুস্তাফিজের ক্যাচটা দারুণ ছিল। ওই এক ওভারে দুই উইকেট যাওয়ায় মোমেন্টাম ঘুরে যায়।’

ওয়াংখেড়ের ফ্ল্যাট উইকেটে মুস্তাফিজের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। হয়েছেও তাই। দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন এই কাটার মাস্টার। চিপাকের ধীরগতির উইকেটের বাইরে আরেকবার সংগ্রাম করতে হয়েছে। যদিও সাবেক কিউই ক্রিকেটার সাইমন ডুল মনে করেন ফিজের বোলিং পরিকল্পনামাফিকই ছিল।

‘মুস্তাফিজ ওয়াইড দিচ্ছিলো কিন্তু পেছন থেকে ধোনি হাত তালি দিচ্ছিলো। আপনাকে বুঝতে হবে ওয়াইড গেলেও তারা তাদের প্ল্যান থেকে সরে আসেনি। ওয়াইড যাবে এটা জানতো তারা তবুও পরিকল্পনাতে স্থির ছিল।’

এদিকে গতকালের ম্যাচের পর আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে ভালোভাবেই টিকে রইলেন বাংলাদেশের এই পেসার। ৫ ম্যাচ খেলে ৯.১৫ ইকোনোমিতে পেয়েছেন ১০ উইকেট।

ইরানের হামলার জবাবে পাল্টা হামলার সিদ্ধান্ত ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট:

ইরানের প্রতিশোধমূলক হামলার জবাবে পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধাকালীন মন্ত্রিসভা। তবে সেই হামলা কখন এবং কোন মাত্রায় হবে তা নিয়ে দ্বিধাবিভক্তি রয়েছে।

স্থানীয় সময় রবিবার বিকালে ইসরায়েলের পাঁচ সদস্যের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়।

যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনের আহ্বান ও খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সতর্ক ও কৌশলগতভাবে চিন্তা’ করার পরামর্শ দেন। এর প্রেক্ষাপটে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সিদ্ধান্তগুলো স্থগিত রেখেছে। তবে তারা সংক্ষিপ্ত সময়ের নোটিসেই তা কার্যকর করতে পারবে বলে চ্যানেল ১২ এর খবরে বলা হয়েছে।
ইসরায়েল হায়ুম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন- ‘জবাব দেওয়া হবে।’

আর এনবিসি নেট্য়ার্ক ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এখনও সিদ্ধান্ত হয়নি, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বিকল্প পন্থাগুলো উপস্থাপন করতে বলা হয়েছে এবং এটা পরিষ্কার যে ‘ইসরায়েল জবাব দেবে।’

ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানের বিরুদ্ধে বদলা নেওয়ার পক্ষে। তবে জবাবের সময় এবং মাত্রা নিয়ে দ্বিধাবিভক্ত রয়েছে।

যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকটি হয় ইরানি হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে। শনিবার রাতে ইরান নজিরবিহীন হামলা চালায় ইসরায়েলে। এ সময় তারা প্রায় ৩৫০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলে। ইসরায়েল দাবি করেছে, এগুলোর ৯৯ শতাংশই সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

বেশ কয়েকটি হিব্রু মিডিয়ায় বলা হয়েছে, এই ব্যাপক হামলার প্রেক্ষাপটে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ এবং তার ন্যাশনাল ইউনিটি পার্টির সহকর্মী গাদি আইজেনকট (যুদ্ধকালীন মন্ত্রিসভার পর্যবেক্ষক) উভয়ে ইরানে পাল্টা হামলার প্রস্তাব করেন।

তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, আইডিএফ প্রধান হারজি হ্যালেভি এবং অন্যরা প্রস্তাবটির দৃঢ় বিরোধিতা করেন। তারা মনে করেন, একইসাথে এত পদক্ষেপ গ্রহণ করতে গেলে প্রচুর চাপের সৃষ্টি হবে।

এদিকে পৃথক একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে চ্যানেল ১২ দাবি করেছে, ইসরায়েলি হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র ভেটো দেবে না। তবে বিষয়টি তাদেরকে আগে জানাতে হবে এবং সমন্বিত হামলা চালাতে হবে। যুক্তরাষ্ট্র অবশ্য সরকারিভাবে জানিয়েছে- তারা ইরানে ইসরায়েলের কোনও পাল্টা হামলায় অংশ নেবে না।

চ্যানেল ১২ আরও দাবি করেছে, ইসরায়েল এখন সংযত থাকার বিনিময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত চুক্তি করতে চাচ্ছে এবং তা করতে চাচ্ছে ফিলিস্তিন ইস্যুতে কোনও ধরনের প্রতিশ্রুতি না দিয়েই।

সূত্র: টাইমস অব ইসরায়েল