All posts by jitu

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাকির হোসেন হাজারী , দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে এলাকায় মাদকসেবন, বিক্রি ও চুরির প্রতিবাদে এবং যুব সমাজকে মাদক থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের নারান্দিয়া এলাকায় ব্যানার হাতে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।

মিছিল শেষে দক্ষিণ নারান্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবদ সভায় বক্তব্য রাখেন সমাজসেবক ও ব্যবসায়ী রুহুল আমিন শিকদার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, কাউয়াদি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আউয়াল প্রধান, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি মহসিন শিকদার, দৌলতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বেপারী, দৌলতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য বিল্লাল হোসেন মেম্বার , ব্যবসায়ী শামীম মোল্লা, ব্যবসায়ী মফিজ উদ্দিন বেপারী, চিকিৎসক আমিরুল ইসলাম টিটু ও দোকানদার দীন ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত কয়েকমাস যাবত আমাদের এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন ও ব্যবসার আস্তানা গড়ে উঠেছে। প্রকাশ্যে অপ্রকাশ্যে প্ররোচনা শিকার হয়ে এলাকার তরুন যুবসমাজ দিনের পর দিন মাদকে আসক্ত হচ্ছে। এতে এলাকায় চুরির ঘটনা ঘটছে।

তাই মাদক মাদক সেবন ও বিক্রি বন্ধ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণরীরা।

কুমিল্লা জিলাস্কুল-২০০১ ব্যাচের রি-ইউনিয়ন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলাস্কুল-২০০১ ব্যাচের রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। এতে ওই ব্যাচের ১৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮ টায় জিলা স্কুল প্রাঙ্গণে বন্ধুর আগমন শুরু হয়। সেখানে বন্ধুদের মাঝে টি-শার্ট, স্যুভেনির বিতরণ করা হয়। বন্ধুরা তখন সবার কুপন সংগ্রহ করে নেয়। এরপর ঈদ কোলাকুলি, বেশ খোশগল্প শুরু হয়।

সকাল সাড়ে ৯টায় জিলাস্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুল হাফিজের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং পরে বন্ধুদের সরব অংশগ্রহনে বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়, যেখানে সকল বন্ধুরা অংশগ্রহণ করে। এ পুর্ণমিলনীতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিক্ষক মোসলেহ উদ্দিন, শিক্ষক শাহজাহান, সুদিপ্তা ম্যাডাম, শিক্ষক নুরুল হক, শিক্ষক আব্দুল ওহাব ও আসমা ম্যাডাম।

বেলা ১১ টায় স্কুল মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। বন্ধুরা ক্রিকেট খেলায় মত্ত হয়, যা ছিল উপভোগ্য। বন্ধুদের আড্ডা ও হৈচৈ-তে মুখরিত হয়ে উঠে কুমিল্লা জিলা প্রাঙ্গণ।

দুপুরে জুম্মার নামাজ শেষে প্রয়াত শিক্ষক ও বন্ধুদের জন্য দোয়ার আয়োজন করা হয়। দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষক সম্মাননা, স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬ টায় কনসার্ট শুরু হয়। রাত ৮ টায় কনসার্ট শেষ হয়। জ্বালা জ্বালা মনজুড়েসহ ৯০ দশকের অসংখ্য গানে বন্ধুরা হারিয়ে যায় শৈশবস্মৃতিতে। রাত ৮ টায় আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ প্রাণের মেলায় উপস্থিত ছিলেন ব্যাংকার ইলিয়াস আহমেদ ইমন, মোশাররফ হোসেন, প্রকৌশলী রাজিব, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আজিজ সিহানুক, চিকিৎসক তৌহিদুর রহমান সজীব, চিকিৎসক  হাসিব, হেলাল, ইবনে সিনা, একম রউফ আসিফ, মাহাদি হাসান, ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন, চিকিৎসক রিয়াজ, চিকিৎসক কাউছার, মুজাহিদ, নাভিন, সৌরভ, ফুয়াদ, রুবেল, কাওছার, দীপন, ওপেল, জামশেদ, জসিমসহ ওই ব্যাচের বন্ধুরা।

উপজেলা নির্বাচনে স্থানীয় এমপি হিসেবে নিরপেক্ষ থাকার ঘোষণা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী

মনোহরগঞ্জে এলজিআরডি মন্ত্রী
‘দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা নির্বাচনে প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে’

স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, দলীয় মনোনয়ন না থাকায় এবারের উপজেলা নির্বাচন প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। যারা কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে পেরেছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিল, মানুষকে ন্যায় বিচারের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে, তারা উপজেলা নির্বাচনে নিজেদের গ্রহণযোগ্যতা পরীক্ষা করে দেখতে পারেন।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে অবস্থিত নিজ বাড়িতে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে এক ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য হিসেবে নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়ে এ সময় বলেন, আওয়ামী ও সহযোগী সংগঠনের যে কেউ চাইলে প্রার্থী হতে পারেন। তবে সমাজিক যোগাযোগমাধ্যমসহ কোথাও একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করা থেকে বিরত থাকতে হবে।

মো.তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক দুরাবস্থার মধ্যেও দেশের মানুষ তুলনামূলক ভালো অবস্থায় আছে। দেশে খাদ্য ঘাটতি দূর হয়েছে, শতভাগ বিদ্যুৎয়ান হয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।

মন্ত্রী এ সময় মানব সম্পদ উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, মানুষের সক্ষমতা ও রুচি উন্নত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। যোগ্যরাই টিকে থাকে তাই মানব সম্পদ উন্নয়ন অপরিহার্য। সমাজে সবাইকে সৎ আচরণ অনুশীলন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সামাজিক সুবিচার নিশ্চিত করলে মানুষ শান্তিতে থাকতে পারে।

ঈদ পুনর্মিলনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব।

এদিকে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা.তাহসীন বাহার সূচসাসহ কাউন্সিলররা। অনুষ্ঠান শেষে তাঁরা এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলামের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো.কামাল হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো.শাহাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দাউদকান্দিতে নিখোঁজের ৩৬ ঘন্টা পর অটোচালকের লাশ উদ্ধার

জাকির হোসেন হাজারী:
নিখোঁজের ৩৬ ঘন্টা পর দাউদকান্দির গৌরীপুর এলাকার ডোবা থেকে শফিউল্লাহ (৩৫) নামে অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫)। পেশায় অটোরিকশা চালক।

চাচাত ভাই নাছির উদ্দীন বলেন, সফিউল্লাহ ছয় মাস আগে এনজিও থেকে টাকা তুলে অটোরিকশাটি কিনে চার সন্তান নিয়ে কোন রকমে সংসার চালাতো। ঈদের আগেরদিন সন্ধ্যার পর সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও তার খোজ পাইনি। পরে পুলিশকে জানানো হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, আজ শুক্রবার(১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের মাটির সড়কের পাশে ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ওমর ফারুক লাশটি উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় হত্যাকারীদের সনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

তিতাসে কড়িকান্দির ব্যবসায়ীদের সাথে সারওয়ারের ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. সারওয়ার হোসেন বাবু।

তিনি আসন্ন তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলাজুড়ে মানুষের সাথে মতবিনিময় করে যাচ্ছেন।

আগামী মাসে তিতাস উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।

দেবিদ্বারে অপহরণের পর যুবককে পিটিয়ে হত্যা, সাবেক চেয়ারম্যান আটক

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে অপহরণের পর আবু সায়েম (৩৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক এক চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাতেই উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলমকে আটক করেছে পুলিশ। তবে তার ছেলে মামুন পলাতক রয়েছে বলে জানা গেছে।

নিহত সায়েম উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের চাষারপাড় গ্রামের আবদুর রহিম সরকারের ছেলে। আবু সায়েমের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত আবু সায়েমের শ্বশুর স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, গত সোমবার সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে আমার মেয়ের জামাই সায়েমকে অপহরণ করে চেয়ারম্যান খোরশেদ আলমের ছেলে আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী। অপহরণের খবর পেয়ে ঢাকার বিভিন্ন স্থানে আমরা তাকে খোঁজাখুঁজি করি। এক পর্যায়ে বিকাল ৫টায় খোরশেদ চেয়ারম্যান আমাকে ফোনে জানায়, সায়েম তার ছেলে মামুনের কাছে আছে। মামুন আমার জামাইয়ের নিকট যৌথ ব্যবসার যে টাকা পাবে সে টাকা ফেরত দিলে ছেড়ে দেওয়া হবে।

পরে রাত সাড়ে ৭টায় চেয়ারম্যান খোরশেদ আমাকে যাত্রাবাড়ির বাবুবাজার এলাকার একটি বাসায় সায়েমের সঙ্গে দেখা করায়। সেখানে সিদ্ধান্ত হয় আজ মঙ্গলবার সকালে চেয়ারম্যানের বাড়িতে লেনদেনের বিষয়টি মীমাংসা করা হবে। আমি সায়েমকে আমার সঙ্গে নিতে চাইলে চেয়ারম্যান বলে ‘সায়েম তার জিম্মায় থাকবে’। সেখান থেকে তারা রাতেই সায়েমকে নিয়ে প্রাইভেটকারে দেবিদ্বার চলে আসে। প্রাইভেটকারে জায়গা না থাকায় আমি বাসে করে দেবিদ্বারে রওয়ানা হই। আমি কুমিল্লা ময়নামতি এলাকায় আসার পর রাত সাড়ে ১০টায় চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে জানায়, সায়েম চা খাওয়ার কথা বলে তাদের নিকট থেকে পালিয়ে গেছে।

পরে রাত সোয়া ১টায় চেয়ারম্যান আবার ফোনে জানায় সায়েম খুবই অসুস্থ, তাকে আমি ও আমার স্ত্রী দেবিদ্বার সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি দ্রুত হাসপাতালে আসো। পরে আমি হাসপাতালে গিয়ে দেখি সায়েমের মরদেহ নিচে পড়ে আছে। মরদেহের চোখ-মুখ ফোলা, গলায় ও পিঠে অসংখ্য দাগ। পরে আমি থানায় খবর দিলে পুলিশ এসে খোরশেদ চেয়ারম্যানকে আটক করে থানায় নিয়ে যায়।

সায়েমের ছোট ভাই আবু কাউছার সরকার জানান, গত কয়েক বছর আগে আমার বড় ভাই ব্যবসায়ী কাজে টাকার প্রয়োজন হলে সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমের ছেলে মামুনের নিকট থেকে ১৫ লাখ টাকা নিয়ে যৌথ ব্যবসায় পার্টনার করে। বর্তমানে ব্যবসার অবস্থা কিছুটা অবনতি হলে ওই টাকার জন্য মামুন আমার ভাইকে চাপ সৃষ্টি করলে তাকে ৭ লাখ টাকা পরিশোধ করা হয় এবং বাকি টাকার জন্য একটি খালি চেক দেওয়া হয়। পরে মামুন ওই চেক দিয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে আদালতে দুটি মামলা করে।

ওই মামলা চলমান থাকাবস্থায় মামুন ও তার বাবা আমার ভাইকে সন্ত্রাসী নিয়ে অপহরণ করে। রাতে সায়েম ভাই আমাকে ফোন দিয়ে বলেন আমার পিকআপভ্যানটি মামুনকে দিয়ে দিলে তাকে ছেড়ে দিবে। এই কথা শুনে আমি পিকআপভ্যানটি মামুনকে দিয়ে দেই। এরপরও আমার ভাইকে চেয়ারম্যান ও তার ছেলে সন্ত্রাসী নিয়ে পিটিয়ে হত্যা করে। আমরা এ ঘটনায় খোরশেদ চেয়ারম্যান ও তার ছেলের ফাঁসি দাবি করছি।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, নিহত সায়েমের স্বজনরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম থানা পুলিশের হেফাজতে আছেন। সায়েমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হলে চেয়ারম্যানকে গ্রেফতার দেখানো হবে।

যুক্তরাষ্ট্রে ঈদের নামাজ শেষে সাকিবকে দেখে ভুয়া ভুয়া স্লোগান

 

ডেস্ক রিপোর্ট:

জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান এবার ঈদ করছেন যুক্তরাষ্ট্রে। দুই কন্যা ও ছেলেসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি আপলোড করেছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সম্প্রতি নিউইয়র্কের কাছে লং আইল্যান্ডে একটি বাড়িও কিনেছেন সাকিব। বুধবার (১০ এপ্রিল) সেখানে ঈদ উদযাপন করেছে মুসলিম সম্প্রদায়। সেখানকার জ্যামাইকা মুসলিম সেন্টারে সবচেয়ে বড় ঈদ জামাত হয়।

সেখানে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন সাকিব। তবে এদিন তাকে অস্বস্তিতে সময় কাটাতে দেখা গেছে। কিছুটা নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। প্রথমে কালো জ্যাকেট ও মাস্কে ক্যামেরা থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেন সাকিব। তবে কোনভাবেই বিষয়টি সম্ভব না হওয়ায় মাথা নিচু করে থাকার চেষ্টা করেন তিনি।

এ সময়ে নিউইয়র্কে ঈদের নামাজে তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন সেখানে উপস্থিত সমর্থকরা। এর আগে, বিপিএলের ঢাকা পর্বের পর সিলেট পর্বেও তাকে গ্যালারিতে থাকা দর্শকদের মুখ থেকে ভুয়া-ভুয়া স্লোগান শুনতে হয়েছে।

এমন বিব্রতকর পরিস্থিতিতেও নিজেকে সামলে নেন তিনি। কোন প্রতিক্রিয়া না দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। বিব্রত হওয়ার পরও বেশ শান্তই ছিলেন সাকিব। নামাজ শেষে দ্রুতই এলাকা ছেড়ে চলে যান সাকিব।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে প্রত্যক্ষদর্শীকে বলতে শোনা যায়, জ্যামাইকা মুসলিম সেন্টারে  ঈদের নামাজ এবং সংবাদ সংগ্রহ করতে যাই। খুতবা শুরু হওয়ার আগে যথারীতি স্থানীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যের শেষে হঠাৎ করে একজনকে বলতে শুনা যায়, অলরাউন্ডার সাকিব আল হাসান এখানে আছেন, নামাজ পড়বেন। ঠিক তখনই পিছন থেকে অনেকেই ভুয়া ভুয়া বলে উঠেন। আমি তখন ঈদের দিন হিসেবে পজিটিভলি সেই দৃশ্য রেকর্ড করিনি। হঠাৎ করে লক্ষ্য করলাম একজন (ভাই) সেলফি তুলার জন্য সাকিবের কাছে এসে সেলফি তুলেন। একপর্যায়ে সাকিব ওই লোকের ওপর খেপে যান, তখন আমি দেখে বিষয়টি আঁচ করতে পেরে কুইক ক্যামেরা ওপেন করে দৃশটি ভিডিও শুট করলাম।

আরও বলতে শোনা যায়, পাশাপাশি আরও অনেক সাংবাদিক ছিলেন, তখন একপর্যায়ে তিনি (সাকিব) দোয়া না করেই মাঠ ত্যাগ করেন। আমি তখন জিজ্ঞেস করলাম, সাকিব (ভাই) কি হয়েছে, দোয়া করেই চলে যাচ্ছিলেন কেন একটু যদি বলতেন। তিনি কিছু না বলাতে আবার আমি জিজ্ঞেস করলাম (ভাই); কিছু একটু বলেন কেন এই ঘটনাটি ঘটেছে? আসলে যারা তার প্রিয় তারকার পাশে দাড়িয়ে একটা ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেন এবং অনেকেই লাইনে দাড়িয়ে থাকেন। কিন্তু তারা একবারও চিন্তা করেন না যে আমি আজকে সেলিব্রিটি হয়েছি সেইসব ভক্তদের কারণে। একবারও ভাবেন না যে আমি সাকিব হয়েছি; তাদের কারণে যারা কি না; আমার নাম ধরে চিৎকার দিয়ে উল্লাস করে। তারপরেও আমি সাকিবের প্রতি পজিটিভ যদি তিনি তার রিয়েকশন বা তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে পারেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের প্রায় দুই হাজার মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বুধবার (১০ এপ্রিল) জেলার ১৩টি উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আজ সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলার পূর্ব সাঁতাড়া রাবার ড্যাম এলাকায় চিরি নদী ঈদগাহ মাঠে শতাধিক মুসল্লি সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এ ছাড়া দিনাজপুর শহর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে কয়েক শ পরিবার।

ফুলবাড়ি উপজেলা থেকে ঈদের নামাজ পড়তে আসা ডা. এস এম ওয়ালিউর ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করি। একদিন আগেই ঈদের আনন্দ উপভোগ করতে পেরে ভালোই লাগছে।

চিরি নদী ঈদগাহ মাঠের ইমাম মোহাম্মদ আব্দুল আলিম বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখি ও ঈদ উদযাপন করি। কেননা রাসুল (সা) বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়। আমরা মনে করি, পৃথিবীর যে কোনো প্রান্তে ঈদের চাঁদ উঠলে ঈদের নামায পড়া যাবে।

দিনাজপুর ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন জানান, এবার জেলার ১৩ থানায় প্রায় ৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতে প্রায় শতাধিক মুসল্লি অংশ নিয়েছেন।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, চিরিরবন্দরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সকাল ৯টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাদের নিরাপত্তায় পুলিশ নিয়োজিত ছিল।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়ার রীতি শুরু হয়। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছর তা বাড়ছে।