All posts by jitu

বৃহস্পতিবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)। এবার সারাদেশে তিন হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

সূচি অনুযায়ী, প্রথম দিনে বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩-২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন। মোট কেন্দ্র ৩ হাজার ৭০০টি। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৭৩৫টি।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪ লাখ ৪ হাজার ৬৩৭ পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এছাড়া রাজশাহীতে ২ লাখ ২৪৫ জন, কুমিল্লায় ১ লাখ ৮০ হাজার ৫২৭, যশোরে ১ লাখ ৫৯ হাজার ৩৭১, চট্টগ্রামে ১ লাখ ৪৫ হাজার ৫৯০, বরিশালে ৮৮ হাজার ৫৮৬, সিলেটে ১ লাখ ৯ হাজার ৪১২, দিনাজপুরে ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ এবং ময়মনসিংহে ১ লাখ ১৯ হাজার ৭৫ জন।

এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে ছাত্র ৯৪ হাজর ৮৪১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন। আর কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাাখ ২৬হাজার ৩৭৩ জন। এরমধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা আয়োজনের দায়িত্ব পালন করছে।

গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ৩০ ঘণ্টা বন্ধ

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, এসএসসি পরীক্ষার সব প্রস্তুতি শেষ। প্রশ্নফাঁস হওয়ার কোনো সুযোগই নেই। কেউ এ নিয়ে গুজব ছড়ালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের মানসিক চাপ বিবেচনায় নিয়ে এবার এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কয়েকদিন আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়ে দেন তিনি। মন্ত্রী মনে করেন কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।

তিনি বলেছেন, পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই একটা ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এ মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। তাছাড়া শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে।

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, আইন অনুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারও কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। তাই পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করেন সে বিষয়ে সবার সচেতন থাকা উচিত।
বন্ধ কোচিং সেন্টার

এদিকে, প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা আয়োজনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মার্চ পর্যন্ত একমাস সব কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রশ্নফাঁস ঠেকাতে নানা উদ্যোগ

প্রশ্নফাঁস ঠেকাতে কোচিং বন্ধ ছাড়াও নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। পরীক্ষার কেন্দ্রে জেলা পর্যায়ের ট্রেজারি ও উপজেলা বা থানা পর্যায়ে থানা হেফাজতে সংরক্ষণ করা হবে। থানা বা ট্রেজারি থেকে পুলিশ প্রহরায় প্রশ্ন কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নফাঁস বা এ সংক্রান্ত গুজব ঠেকাতে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে চলবে নজরদারি। এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি চালাবে। প্রশ্নফাঁস বা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা বোর্ডের যত নির্দেশনা

এসএসসি শিক্ষার্থীদের প্রতি শিক্ষা বোর্ড থেকেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। এছাড়া পরীক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরুর তিনদিন আগে প্রবেশপত্র সংগ্রহ করার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

এদিকে, পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।
থাকবে কুইক রেসপন্স টিম

এসএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের যে কোনো সমস্যা নিরসনে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান।

তিনি জানিয়েছেন, পরীক্ষার্থীদের যে কোনো অসুবিধা মোকাবিলা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিটি জোন কর্তৃক আলাদা আলাদা কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হবে। এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে ৯৯৯-এ ফোন করে সহায়তার আহ্বান জানানো যাবে। এক্ষেত্রে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার চেষ্টা করা হবে।

ভাসানচর পৌাঁছালো আরও ১৫২৭ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি:

২৩ ধাপে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে আরও ১৫২৭ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে। একই বহরে ৬৪০জন পুরাতন রোহিঙ্গা ছিল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে করে তাদের ভাসানচরে নিয়ে আসা হয়। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণকেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ‌দাঁড়াল ৩৩ হাজার ৫২৭। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের বিভিন্ন আশ্রয়শিবির থেকে বাসে করে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের মাঠে জড়ো করা হয়। সেখান থেকে রাত ১০টার দিকে তারা চট্টগ্রাম পৌঁছায়।

আরআরআরসি কার্যালয় সূত্রে জানা যায়, ২২ দফায় কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবির থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৩২ হাজার রোহিঙ্গাকে। ভাসানচরের আশ্রয়শিবিরে মোট এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, নতুন রোহিঙ্গাদেরে নৌবাহিনীর পেঙ্গুইন, তিমি, ডলফিন, টুনা জাহাজে নিয়ে আসা হয়। এরপর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে বিভিন্ন ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হয়।

চৌদ্দগ্রামে ডিবি’র সোর্স ও সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, থানায় অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: আব্দুল কুদ্দুস ও সাদ্দাম হোসেন জয় নামে দুই ব্যক্তির বিরুদ্ধে ডিবি’র সোর্স ও সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস ও সাদ্দাম হোসেন জয় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা (বাঁকা বটগাছ) এলাকার মৃত মাওলানা এরশাদ এর ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর রাস্তার মাথা এলাকায় একই ইউনিয়নের জামপুর গ্রামের মৃত নুরুল হক খন্দকারের ছেলে প্রবাসী মো: মুজিবুল হক খন্দকারের নিজ মালিকীয় একটি টিনশেড মার্কেটের সামনে। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসী মো: মুজিবুল হক খন্দকার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি প্রবাসী মুজিবুল হক তার নিজস্ব জায়গায় সেমিপাকা মার্কেট নির্মাণ করার জন্য একই এলাকার বাবুচি বাজারের মেসার্স হাজী ট্রেডার্স থেকে দুই বান্ডেল রড কিনে আনেন। দোকানদার ভুলক্রমে রডগুলো ভিন্ন ব্র্যান্ডের দিয়ে দেওয়ায় সেগুলো পরিবর্তন করে নিয়ে যাওয়ারকালে অভিযুক্ত আব্দুল কুদ্দুস ও সাদ্দাম হোসেন জয় নামে দুই ব্যক্তি প্রাইভেটকারযোগে ঘটনাস্থলে পৌঁছে নিজেদেরকে একজন কুমিল্লা ডিবি পুলিশের সোর্স ও অপরজন সাংবাদিক পরিচয় দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় প্রবাসী মুজিবুল হক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বিষয়টি নিয়ে তাদের সাথে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও উত্তেজিত জনতা তাদেরকে আটক করে তাদের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন জব্দ করে। পরে মোবাইল ফোন দু’টি রেখে সু-কৌশলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

যাওয়ার সময় তারা মুজিবুল হককে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। জব্দকৃত মোবাইল ফোন দু’টি নোয়াবাজার ব্যবসায়ী ও বাজার কমিটির নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত আব্দুল কুদ্দুস থানায় প্রবাসী মুজিবুল হক খন্দকার, স্থানীয় ব্যবসায়ী সহ উপস্থিত লোকজনের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। ঘটনার বিস্তারিত কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগি। স্থানীয়ভাবে বিষয়টির সমাধান না হওয়ায় ভুক্তভোগি ওই প্রবাসী মঙ্গলবার রাতে আব্দুল কুদ্দুস ও সাদ্দাম হোসেন জয় এর নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগি প্রবাসী মুজিবুল হক খন্দকার বলেন, ‘নিজ মালিকানাধীন জায়গায় দোকানঘর নির্মাণ করতে গেলে আমানগন্ডার আব্দুল কুদ্দুস ও সাদ্দাম হোসেন নিজেদেরকে ডিবি’র সোর্স ও সাংবাদিক পরিচয় দিয়ে আমার নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের সাথে পুলিশ ও র‌্যাব প্রশাসনের বড় কর্মকর্তাদের সখ্যতা আছে বলে তারা আমার ক্ষতিসাধন করা সহ প্রাণনাশের হুমকি-ধমকি দেয়। এ ঘটনায় থানা অভিযোগ দিয়েছি। লোকমুখে শুনেছি আব্দুল কুদ্দুস এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও তার ভাই সাদ্দাম হোসেন ভুয়া সাংবাদিক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

নোয়াবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জব্দকৃত মোবাইল দু’টি আমার নিকট রয়েছে। বাজার কমিটির উদ্যোগে চেয়ারম্যানের সহযোগিতায় বিষয়টির সমাধানের চেষ্টা করেছি, সমাধান না হওয়ায় ভুক্তভোগি থানায় অভিযোগ দিয়েছে বলে শুনেছি। ’

এ বিষয়ে কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার বলেন, ‘মুজিবুল হক এর মাধ্যমে বিষয়টি জেনেছি। জব্দকৃত মোবাইলগুলো মালেক সর্দার এর কাছে রয়েছে। স্থানীয়ভাবে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগি প্রবাসী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মির্জা ফখরুল-খসরুর জামিন, কারামুক্তিতে বাধা নেই

ডেস্ক রিপোর্ট:

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ফখরুল-খসরুর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

এর আগে এ মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে গত ৬ ফেব্রুয়ারি জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। আদালত শুনানির জন্য ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এ সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য। এছাড়া কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হন।

এ ঘটনার পর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে গত ২ নভেম্বর দিনগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরুকে আটক করে ডিবি। পরদিন ৩ নভেম্বর সমাবেশ চলাকালীন সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারের পর মির্জা ফখরুল বিরুদ্ধে ১১ মামলা ও আমীর খসরুর বিরুদ্ধে ১০ মামলা দায়ের করা হয়।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

২০১৯ সালের ৭ মে আফগানিস্তানের রশিদ খানের কাছ থেকে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। তারপর কেটে গেছে দীর্ঘ প্রায় ৫ বছর। সাকিবের রাজত্বে হানা দিতে পারেননি কেউ। শেষমেষ আরেক আফগানের কাছেই জায়গা হারালেন সাকিব। বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে হটিয়ে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন মোহাম্মদ নবী।

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেই শীর্ষস্থানে আরোহন করলেন নবী। প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে খেলেছেন ১৩৬ রানের দুর্দান্তে এক ইনিংস। তাতেই সাকিবকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩১৪, আর সাকিবের ৩১০। তিনে থাকা জিম্বাবুয়ের সিকান্দার রাজার রেটিং পয়েন্ট ২৮৮।

সাকিব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ছিলেন ১৭৩৯ দিন। ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এতদিন টানা শীর্ষে থাকার রেকর্ড আর কারও নেই। মূলত, চোটের কারণে বিশ্বকাপের পরে ম্যাচ না খেলাতেই তাকে টপকে যাওয়ার সুযোগ পেয়েছেন নবী।

এদিকে, নবী শীর্ষস্থানে উঠেছেন ৩৯ বছর ১ মাস বয়সে। এত বেশি বয়সে এই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওঠার রেকর্ড আর কারও নেই। এর আগে সর্বোচ্চ ৩৮ বছর ৮ মাসের সময় র‌্যাঙ্কিংয়ের চূড়ায় আরোহন করেছিলেন শ্রীলংকার তিলকরতেœ দিলশান।

আইসিসির র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, ওয়ানডে বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ যথারীতি দক্ষিণ আফ্রিকার কেশাভ মহাজার। দুই ও তিনে দুই অস্ট্রেলিয় জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা। আর ব্যাটারদের মধ্যে সবার ওপরে বাবর আজম।

টেস্টে সবার ওপরে যথারীতি নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। দুইয়ে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। আর এই সংস্করণে বোলারদের মধ্যে সবার ওপরে ভারতের জাসপ্রিত বুমরাহ। দুইয়ে কাগিসো রাবাদা। আর টেস্টে অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে রবীন্দ্র জাদেজা।

মুরাদনগরে খালের উপর পাকা বাড়ী!

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর খাস খতিয়ানের অর্ন্তভুক্ত সরকারি খাল ভরাট করে পাকা বসতবাড়ী ও দোকান নির্মাণসহ ড্রেজারের মাধ্যমে ভরাট করে দখল করে নিয়েছে প্রভাবশালী চক্র। উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল এলাকার হাজী মুকসত আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসার সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি ঘোড়াশাল খেলার মাঠ থেকে শুরু হয়ে কয়েক কিলোমিটার আয়তনের প্রাচীন এই খালটির মুরাদনগর-হোমনা
সড়ক থেকে ঘোড়াশাল খেলার মাঠ পর্যন্ত অংশটি এখন প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সদর ইউনিয়নে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি থাকলেও কর্মকর্তাদের তদারকি না থাকায় দিন দিন অস্তিত্ব হারাচ্ছে খালটি।

দখলদার শামসু মোল্লা, খালেক মোল্লা ও বাবুল মিয়া গংদের হাত থেকে খালটি উদ্ধার করতে দৃশ্যমান পদক্ষেপ
কামনা করছে এলাকাবাসী। স্থানীয় সুত্রে জানা যায়, শতবর্ষী এই খাল দিয়ে আগে নৌকা চলাচল করলেও কালের বিবর্তনে নৌকার প্রচলন চলে যাওয়ায় খালটি দীর্ঘদিন ধরে এলাকার পয়নিষ্কাশনের কাজে ব্যবহৃত হয়ে আসছিল। বর্তমানে খালের বিভিন্ন অংশে পাকা স্থাপনা তৈরী করে দখল ও ড্রেজার দিয়ে ভরাট হওয়ায় এখন অস্তিত্ব সংকটে পড়েছে প্রাচীন এই খালটি। দখলদাররা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকাবাসী মুখ
খুলতে রাজি নয়। দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থাপনা নেয়ায় খালটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

মুরাদনগর সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) খায়রুল আমান আরিফ খাল দখলের কথা স্বীকার করে বলেন কতটুকু দখল হয়েছে সেটা সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করার জন্য রিপোর্ট প্রদান করেছি। এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, দখলদারদের কবল থেকে এই খালটি পুনরুদ্ধার করার জন্য আইনানুগ কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে মুরাদনগরের বেদখল হওয়া সকল খাল উদ্ধার করা হবে।

পেরুর রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের প‌রিচয়পত্র পেশ

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।

রাষ্ট্রদূত পেরুর রাজধানী লিমায় দেশটির রাষ্ট্রপতি দিনা বলুয়ার্তের কার্যালয় গভর্মেন্ট প্যালেসে গত ৮ ফেব্রুয়ারি তার পরিচয়পত্র পেশ করেন। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্থায়ী মিশন জানায়, পরিচয়পত্র পেশ করার সময় রাষ্ট্রদূত মুহিত বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবু্দ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পেরুর রাষ্ট্রপতি ও জনগণকে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূত মুহিত বলেন, আমাদের অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশ ও পেরুর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব।

বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মুহিত বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের জন্য এটি উপযুক্ত মুহূর্ত। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও পেরুর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিপুল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে।

তি‌নি ব‌লেন, এ ছাড়া জাতিসংঘ ও বহুপাক্ষিক প্লাটফর্মের মাধ্যমে শান্তিরক্ষা, শান্তি বিনির্মাণ, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

পেরুর রাষ্ট্রপতি রাষ্ট্রদূত মুহিতের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন এবং তার মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিচয়পত্র উপস্থাপনের পর রাষ্ট্রদূত মুহিত পেরুর পররাষ্ট্র মন্ত্রী জাভিয়ের গঞ্জালেজ-ওলেচিয়া ফ্রাঙ্কো, বাণিজ্য ও পর্যটন মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডের প্রধান জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূত মুহিত এশিয়া ও ওশেনিয়া দপ্তরের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই বৈঠকে উভয়পক্ষ ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য উপায় সম্পর্কে মতবিনিময় করেন।

স্থায়ী মিশন জানায়, বাংলাদেশ সরকার সম্প্রতি পেরুর সশস্ত্র বাহিনীকে একটি রি‌মোট‌লি ওপা‌রে‌টেড ভেইকল (অারও‌ভি) প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা মিনাস্কা‌তে পেরুর শান্তিরক্ষীরা ব্যবহার করতে পারবে। আগামী এপ্রিলের কোনো একসময় ঢাকায় এ হস্তান্তর অনুষ্ঠান হবে বলে আশা করা যায়।

পেরু কর্তৃপক্ষ দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত মুহিত উল্লেখ করেন, নিয়মিত দ্বিপাক্ষিক পরামর্শ, ব্যবসায়িক ও সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো যেতে পারে। দুই পক্ষই বাংলাদেশ ও পেরুর মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শের জন্য দ্রুততার সঙ্গে একটি প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। যেমন, বাংলাদেশ ও পেরুর মধ্যে ফরেন অফিস কনসালটেশন, যা দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতির জন্য একটি প্ল্যাটফর্ম হতে পারে। রাষ্ট্রদূত মুহিত দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাব দেন। পেরুর রাষ্ট্রপতি ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

উ. কোরিয়া আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল

ডেস্ক রিপোর্ট:

উত্তর কোরিয়া পূর্ব উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে সেগুলো নিক্ষেপ করা হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহর থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। তবে সেগুলোর কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এক বিবৃতিতে জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, নজরদারি এবং সতর্কতা জোরদার করার সময় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং উত্তর কোরিয়ার কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা।

এদিকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

মনোনয়নের প্রার্থী সংখ্যাই প্রমাণ করে নারী জাগরণ ঘটেছে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ৪৮ আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশী ১৫৫৩ জন। এ সংখ্যাই প্রমাণ করে যে নারী জাগরণ ঘটেছে।

বুধবার গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন তা ব্যর্থ হতে পারে না। সে আদর্শকে ধরে রাখতেই দেশে ফিরে আসা। কবরের মাটি ছুঁয়ে শপথ নিয়েছিলাম, এ স্বাধীনতা ব্যর্থ হতে দেবো না। তাই করেছি। তবে সে চলার পথ সহজ ছিল না।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় অত্যাচার নির্যাতন সহ্য করেছে। জেল-জুলুম সব সহ্য করেই ক্ষমতায় এসেছি। জীবনের হুমকি ছিল বারবার। লক্ষ্য ছিল, যুদ্ধ করে বিজয় অর্জন করা এ দেশকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া। আজ তা অর্জন করেছি।

শেখ হাসিনা বলেন, মেয়েরা সাফ্যলের সঙ্গে যে কোনো কাজ সম্পন্ন করে। পড়াশোনায় নারী আজ এগিয়ে। কর্মক্ষেত্রেও সফলতার স্বাক্ষর রাখছে। বিভিন্ন পেশায় ভালো করছে। নানান বাধা পেরিয়ে মেয়েরা আজ খেলাধুলার মাঠে আসছে। এখানেও এগিয়েছে তারা। এখন মেয়েরা অনেক পদক আনছে।

তিনি বলেন, মেয়েরা খেলতে পারবে না, ব্যবসা করবে না- ইসলাম ধর্মেও এমন বলা নেই। প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে একজন নারী, কোনো পুরুষ নয়। সাহস করে বিবি খাদিজা এগিয়ে এসেছেন। তিনি ব্যবসা করতেন।

এসময় মনোনয়নপ্রত্যাশীদের তিনি বলেন, কাউকে পেছনে নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো। ১৫৫৩ মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাই প্রমাণ করে যে নারী জাগরণ ঘটেছে। তারাও এগিয়ে এসেছে। তবে এত প্রার্থীর মধ্য থেকে ৪৮ জনকে বেছে নেওয়া কঠিন কাজ। আপনাদের দিলেও তা আপনারা করতে পারবেন কি?

এবার বাফটার মঞ্চে দীপিকা পাড়ুকোন

ডেস্ক রিপোর্ট:

ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) মঞ্চে দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ২০২২ বিশ্বকাপ ফুটবল ফাইনাল ও গত বছর অস্কারেও দেখা গিয়েছিল হিন্দি সিনেমার এই লেডিস্টারকে।

দীপিকা নিজেই সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন। শেয়ার করেছেন বাফটার তরফ থেকে আসা একটি চিঠি।

ছবিটিতে লেখা, বাফটায় অ্যাওয়ার্ড প্রেজেন্টার হিসেবে দেখা যাবে দীপিকাকে। এতে একমাত্র বলিউড অভিনেত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। তার সঙ্গে থাকবেন ডেভিড বেকহ্যাম, কেট ব্ল্যানচেট, দুয়া লিপার মতো তারকারা। তারা বাফটার মঞ্চে এসে খাম খুলে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করবেন।

ফেব্রুয়ারির ১৮ তারিখ বসবে বাফটা অ্যাওয়ার্ডসের আসর। লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে আয়োজিত হবে এই অনুষ্ঠান। এবারের বাফটা অনুষ্ঠান সঞ্চালনা করবেন ডেভিড টেনান্ট।

এ বছর বাফটা অ্যাওয়ার্ডসের ৭৭তম আসরে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। মনোনয়নে এর পরেই রয়েছে এমা স্টোনের ‘পুর থিংস’। এটি পেয়েছে ১১টি মনোনয়ন। ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ পেয়েছে ৯টি মনোনয়ন। বছরের আলোচিত ও সবচেয়ে ব্যবসাসফল ‘বার্বি’ পেয়েছে পাঁচটি মনোনয়ন।