All posts by jitu

মুরাদনগরে সুদের টাকা পরিশোধ না করায় উলঙ্গ করে নির্যাতন, কৃষকের আত্মহত্যা

মাহবুব আলম আরিফ, মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় হারুনুর রশিদ নামের এক কৃষককে উলঙ্গ করে নির্যাতন করেছে দুই নারী সুদ ব্যবসায়ী। এ অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে ওই কৃষক। এ ব্যাপারে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন নিহতের স্ত্রী আছিয়া বেগম।

গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে নিজ বাড়ির পুকুর পাড়ের গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায, মুরাদনগর উপজেলার ধামঘড় ইউনিয়নের মইয়াকান্দা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে কৃষক হারুনুর রশিদ (৫০) একই গ্রামের মৃত শহীদ মিয়ার মেয়ে বিউটি আক্তার ও হিরন মিয়ার মেয়ে নাজমা বেগম এর কাছ থেকে ৭০ টাকা সুদে আনেন। সেই টাকার লভ্যাংশ প্রতিবছরে ২৬ হাজার টাকা পরিশোধ করতে না পারায় সোমবার রাতে কৃষক হারুনুর রশিদের নিজ ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায় বিউটি ও নাজমা। পরে তার পরনের লুঙ্গি ও গেঞ্জি খুলে নির্যাতন চালায় তারা। এ সময় হারুনুর রশিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে ফেলে রেখে চলে যায় তারা। সেই অপমান সইতে না পেরে পরদিন সকালে গলায় রশি দিয়া আত্মহত্যা করেন কৃষক হারুনুর রশিদ।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হব।

নাগরিকদের রাখাইন ছাড়তে নির্দেশ ভারতের

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। জান্তা সেনাদের সঙ্গে বিরোধ, সংঘর্ষে কার্যত ভেঙে পড়েছে দেশটির নিরাপত্তা ব্যবস্থা। এমনকি বাংলাদেশ ও ভারতে বাড়ছে অনুপ্রবেশ। প্রাণে বাঁচতে সীমান্তে ভিড় জমাচ্ছেন মিয়ানমারের নাগরিকরা।

এমন অবস্থায় ক্রমঅবনতিশীল পরিস্থিতির কারণে ভারতীয়দের মিয়ানমারের রাখাইন প্রদেশে না যেতে সতর্কতা জারি করেছে ভারত। এমনকি নাগরিকদের যারা সেখানে আছেন তাদের এখনই রাখাইন ছাড়তেও নির্দেশ দিয়েছে ভারত।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতীয় নাগরিকদের মিয়ানমারের রাখাইন প্রদেশে ভ্রমণ না করতে মঙ্গলবার পরামর্শ দিয়েছে ভারত। দেশটির সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর ভারত এই প্রথম এই ধরনের সতর্কতা জারি করল।

এনডিটিভি বলছে, মিয়ানমারে সহিংসতা বৃদ্ধির পর দেওয়া প্রথম নির্দেশনায় টেলিযোগাযোগ নেটওয়ার্কে ব্যাঘাত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতিসহ বিদ্যমান পরিস্থিতির কারণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয়দের রাখাইন প্রদেশে ভ্রমণ না করতে বলেছে।

এতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ল্যান্ডলাইনসহ টেলিযোগাযোগের মাধ্যম ব্যাহত হওয়া এবং প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতির পরিপ্রেক্ষিতে সকল ভারতীয় নাগরিককে মিয়ানমারের রাখাইন প্রদেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘যে সকল ভারতীয় নাগরিক ইতোমধ্যেই রাখাইন প্রদেশে রয়েছেন তাদের অবিলম্বে প্রদেশটি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ব্যাপকভাবে সহিংস বিক্ষোভের সাক্ষী হয়ে আসছে মিয়ানমার।

আর রাখাইন প্রদেশসহ দেশটির অন্যান্য অনেক অঞ্চলে গত বছরের অক্টোবর থেকে সশস্ত্র জাতিগোষ্ঠী এবং মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই দেখা গেছে। দুই পক্ষের মধ্যে সংঘাত গত বছরের নভেম্বর মাস থেকে ভারতের সীমান্তবর্তী মিয়ানমারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলে দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে করে মণিপুর এবং মিজোরামের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগও বেশ বেড়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনী তার বিরোধীদের লক্ষ্য করে এবং সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনাকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

কুমিল্লায় যোগ দিলেন ইংলিশ হার্ডহিটার ব্যাটার উইল জ্যাকস

ডেস্ক রিপোর্ট:

৭ ফেব্রুয়ারি শেষ হচ্ছে পাকিস্তানের একাধিক খেলোয়াড়ের এনওসি মেয়াদ। যে তালিকায় আছেন বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নাম। পাকিস্তান জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটার চলে যাচ্ছেন নিজের দেশে। সেখানে নিজস্ব ঘরোয়া লিগ পিএসএলে খেলতে হবে তাকে।

কিন্তু রিজওয়ানের জায়গা খুব বেশি সময় শুন্য থাকছে না কুমিল্লার জন্য। রাতারাতি এক ইংলিশ হার্ডহিটারকে উড়িয়ে এনেছে তারা। সেই ইংলিশ ক্রিকেটারও খুবই পরিচিত বাংলাদেশের জন্য। তিনি উইল জ্যাকস। পাদপ্রদীপের আড়ালে থাকা এই ব্যাটারকে বিশ্বক্রিকেটে পরিচিত করিয়েছিল বিপিএল। এবার আবার আসছেন তিনি এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

২০২২ সালেও উইল জ্যাকস ছিলেন কাউন্টি ক্রিকেটার। আনকোরা এই মুখকে তুলে আনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের হয়ে খেলতে এসে দারুণ পারফর্ম করেছিলেন। ওই আসরে বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন এই ব্রিটিশ তারকা। ১১ ম্যাচে ১৫৫.০৫ স্ট্রাইকরেটে উইল জ্যাকস করেন ৪১৪ রান।

জ্যাকস এরপর সুযোগ পান ইংল্যান্ড জাতীয় দলে। নামের সুবিচারও করেছেন তিনি। নিয়মিত না হলেও সাদা বলের ফরম্যাটে আলো ছড়িয়েছেন।

অবশ্য এবারের বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন জ্যাকস। এরইমাঝে যোগ দিয়েছেন টিম হোটেলে। বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে কুমিল্লা লিখেছে, ‘অপেক্ষার পালা শেষ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ কাঁপাতে চলে এসেছেন উইল জ্যাকস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে তাকে জানাই উষ্ণ স্বাগতম।’

বিপিএল খেলে যাওয়ার পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগেও দেখা যেতে তাকে। খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ৭টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। নতুন করে বিপিএলে তার কাছ থেকে বড় কিছুই নিশ্চিতভাবে প্রত্যাশা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মুরাদনগরে সিসা পোঁড়ানোর দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

শাহ ইমরান:

মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া, রামপুর, ইলিয়টগঞ্জ এলাকায় সিসা পোঁড়ানোর (পুরাতন ব্যাটারী) বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর ও মুরাদনগর উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

সিসা পোঁড়ানোর (পুরাতন ব্যাটারী) অপরাধে নিউ হাবিব এন্টারপ্রাইজ, বাবুটিপাড়া, রামপুর, ইলিয়টগঞ্জ, মুরাদনগর, কুমিল্লা নামক প্রতিষ্ঠান কর্তৃক এস.আর.ও- ৪৫ আইন/২০২১ মোতাবেক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লংঘন করায় ২ লক্ষ টাকা ধার্য্য ও আদায় করা হয় এবং সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেছেন মুরাদনগর থানা পুলিশ।

দেশের প্রথম ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেস ‘অ্যাপসিটি’ চালু করল গ্রামীণফোন

স্টাফ রিপোর্টার :

ডিজিটাল ধারাকে রূপান্তরের লক্ষ্যে দেশের প্রথম ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেস “অ্যাপসিটি” নিয়ে এলো শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। উদ্ভাবনী প্রযুক্তি, স্মার্ট সল্যুশন এবং সংযুক্ত থাকার সুবিধা নিয়ে এই প্ল্যাটফর্মটি অ্যাপ ডেভেলপার এবং পাবলিশার উভয়কে বিটুবি ও বিটুসি গ্রাহকের সাথে সংযুক্ত করে যা ‘স্মার্ট বাংলাদেশ’গড়ার পথকে সুগম করবে।

আজ ঢাকার একটি হোটেলে এই অ্যাপ মার্কেটপ্লেসটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান পেটার-বরে ফারবার্গ, গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গ্রামীণফোনের টেলকো-টেক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ, অ্যাপ মার্কেটপ্লেস “অ্যাপসিটি” একটি ইউনিফাইড প্ল্যাটফর্ম যা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবং সফ্টওয়্যার এজ এ সার্ভিস (SaaS) সলিউশনস নিয়ে আসবে। অ্যাপ স্টোর এবং এপিআই হাব উভয় প্ল্যাটফর্মে কার্যকর এই মার্কেটপ্লেসটি কনটেন্ট সরবরাহকারী এবং অ্যাপ্লিকেশন ডেভেলপার উভয়কে ব্যক্তি ও কর্পোরেট গ্রাহকদের সাথে সংযুক্ত করে। অ্যাপসিটি-এর একটি অনন্য বৈশিষ্ট্য হলো এতে বিল্ট-ইন অ্যান্ড্রয়েড, আইওএস, এবং টেলকো এপিআই সুবিধা রয়েছে, যা বিটুবি ও বিটুসি উভয় প্ল্যাটফর্মে কার্যকর। এই বৈশিষ্ট এটিকে বাংলাদেশের প্রথম ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেসে পরিণত করেছে। এই উন্নয়নটি নন-কোডারদের অ্যাপ ডেভেলপমেন্টে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে নতুন পথ উন্মোচন করবে, যা সহজ অ্যাপ তৈরির জন্য প্ল্যাটফর্মের নির্দেশিত ইউ আই এর সাথে সমন্বয় করা যা বিদ্যমান কিছু বিখ্যাত প্ল্যাটফর্মের সাথে তুলনীয়।

দেশের প্রথম সমন্বিত বিটুবি অ্যাপ মার্কেটপ্লেসের দাবিদারও এই প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের রেটিংয়ের পাশাপাশি কিউরেটেড এক্সপার্ট রেটিংও চালু করেছে ’অ্যাপসিটি, যা প্রচলিত অ্যাপ মার্কেটপ্লেস থেকে আলাদা। টেলকো বিলিং এবং প্রচলিত অর্থ পরিশোধ প্রক্রিয়ার পাশাপাশি ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সুবিধাও যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। অন্যান্য অ্যাপ মার্কেটপ্লেসের তুলনায় প্ল্যাটফর্মটিতে রয়েছে বিস্তৃত পেমেন্ট চ্যানেল সুবিধা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি উদ্ভাবনে গ্রামীণফোনের অগ্রণী ভূমিকার প্রশংসা করে বলেন, ”আমাদের জাতীয় লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট জাতির জন্য একটি স্মার্ট ভবিষ্যত নিশ্চিত করতে ’অ্যাপসিটি’ বিশেষ ভূমিকা রাখবে। উদ্ভাবনের পাশাপাশি “স্মার্ট বাংলাদেশ” গড়তে তরুণ উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।“ তরুণদের সম্পৃক্ত করতে প্রতিমন্ত্রী আরও বলেন, “অ্যাপসিটি বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের জনগণই এটি গড়ে তুলবে। একটি স্মার্ট জাতি গড়ার লক্ষ্যে অ্যাপসিটি’র জন্য আয়োজিত হ্যাকাথনে অংশগ্রহণের জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।“

গ্রামীণফোনের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান পেটার-বরে ফারবার্গ বলেন, ”গ্রামীণফোন ’অ্যাপসিটি’ গড়ে তোলায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি শুধু ডেভেলপারদেরই ক্ষমতায়ন করবেনা, পাশাপাশি সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতার অগ্রগতিতেও ভূমিকা রাখবে। “স্মার্ট বাংলাদেশ” এর প্রতি আমাদের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে, এই ইন্ডাস্ট্রি-ফার্স্ট উদ্যোগটি দেশের প্রযুক্তিগত অগ্রগতি এবং ডিজিটাল রূপান্তরে অবদান রাখার জন্য আমাদের চলমান প্রচেষ্টাকে প্রতিফলিত করে।”

গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান বলেন, “’অ্যাপসিটি’ এর মাধ্যমে আমরা আরও সংযুক্ত এবং স্মার্ট ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছি। এই প্ল্যাটফর্মটি একটি স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, এবং টেকসই ইকোসিস্টেম তৈরি করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গিকে ধারণ করে। শুধু প্রথাগত টেলিযোগাযোগ সেবা প্রদান নয়, আমাদের উদ্দেশ্য মানুষেকে সংযোগের আওতায় এনে সমাজের ক্ষমতায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। গ্রামীণফোন অত্যাধুনিক আইসিটি এবং আইওটি সমাধানগুলি অন্তর্ভুক্ত করার জন্য তার পোর্টফোলিওকে ঢেলে সাজিয়েছে, যাতে একটি আন্তঃসংযুক্ত বিশ্বের গতিশীল চাহিদা পূরণে আমরা এগিয়ে থাকি।”

অনুষ্ঠানে গ্রামীণফোনের উদ্ভাবনী সেবার বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। পণ্যের সহজীকরণ এবং গ্রাহক অভিজ্ঞতা নিয়ে কথা বলেন চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব। জিপিফাই-এর মতো স্মার্টহোম সল্যুশন নিয়ে আলোচনা করেন চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম। চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ আলো’র স্মার্টলাইফ সম্পর্কে কথা বলেন যা পরবর্তী প্রজন্মের উদ্ভাবনী আইওটি প্রোডাক্ট লাইন ও অ্যাপ।

ব্যাট নিয়ে ক্রিকেট বাজারে আত্মপ্রকাশ এমকেএস স্পোর্টসের

সুমন আহমেদ:

গত ডিসেম্বরে বাংলাদেশের প্রথম ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক হিসেবে আইসিসি থেকে স্বীকৃতি পায় এই প্রতিষ্ঠান। জাতীয় ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের (এম), ইমরুল কায়েসের (কে) এবং ব্যাট যিনি কাস্টমাইজ করবেন বা তৈরি করবেন সেই এইচএম আফতাব শাহিনের (এস) নামের প্রথম অক্ষর মিলিয়ে এই ‘‘এমকেএস’’ নাম রাখা হয়েছে।

আইসিসি থেকে ‘‘এমকেএস স্পোর্টস’’ নামে অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। শুরুতে ব্যাট নিয়ে ক্রিকেট বাজারে আত্মপ্রকাশ করেছে তারা। আপাতত হ্যান্ড গ্লাভসও আছে তাদের। দ্রুতই বল প্রস্তুতে পা বাড়াতে এমকেএস। নতুন হলেও ইতিমধ্যে এমকেএস ব্যাটের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে দেশের বাজারে। দেশে বিক্রির আগেই ইংল্যান্ড থেকে অর্ডার আসছে ব্যাটের।

প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধনে এদিন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন থেকে শুরু করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ উপস্থিত ছিলেন। এছাড়া এই ব্যাটের শুভেচ্ছাদূত হওয়া যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন, আকবর আলি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান এবং রিশাদ হোসেন উপস্থিত ছিলেন।

মুরাদনগরে এবার দ্বিগুণহারে তোলা হচ্ছে জিবির টাকা, প্রতিবাদে অটোরিক্সা চালকদের ধর্মঘট

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধে ধর্মঘট পালন করেছে অটোরিক্সা চালকরা।

মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ের সামনে কয়েকশো অটোরিকশা চালক এই ধর্মঘট পালন করে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। তার এই ঘোষণার এক মাস না যেতেই, আবারো শুরু হয়েছে সেই চাঁদাবাজি। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে উপজেলা সদরের আল্লাহর চত্বর ও কোম্পানীগঞ্জ বাজার এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে জোরপূর্বক আদায় করা হচ্ছে জিবির টাকা। আর এই টাকা পরিশোধ করতে অনিহা প্রকাশ করলেই মারধরের শিকার হচ্ছে চালকরা।

অটোরিক্সা চালকরা জানায়, জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধের ঘোষণার পর স্বস্তিতে থাকলেও বর্তমানে আবারও সেই চাঁদাবাজির আতঙ্কে দিশেহারা অটোরিক্সা চালকরা । এ বিষয়ে বিভিন্ন মহলে জানিয়ে কোন কাজ না হওয়ায় এই ধর্মঘট পালন করেছে তারা। তাদের দাবি সকল প্রকার জিবির নামে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি স্থানীয় এমপির ঘোষণা উপেক্ষা করে যারা দ্বিগুণ হারে জিবির টাকা আদায় করছে, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর জানান, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করে নি। খবর নিয়ে দেখছি।

এ বিষয়ে জানতে স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায় নি।

প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার দপ্তর তোফায়েল হোসেন মজুমদার স্বাক্ষরিত ও রেজিস্ট্রার দপ্তরের সিল সম্বলিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

চিঠিতে তিনি বলেন, জনাব আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমি মো. তোফায়েল হোসেন মজুমদার গত ০৫/০৯/২০২৩ ইং তারিখ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে আমার পক্ষে উক্ত দায়িত্ব পালন করা সম্ভবপর নয়। এমতাবস্থায়, আমি অদ্য ০৬/০২/২০২৪ ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করলাম। অতএব, উপর্যুক্ত প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এদিকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মূলত পদত্যাগ করার বিষয় হচ্ছে কিছু শিক্ষকদের ইস্যুর জন্য। যেমন শিক্ষকদের নিয়োগ বোর্ড আটকিয়ে রাখা, শিক্ষকদের প্রমোশন না দেওয়া, শিক্ষকদেরকে প্রাপ্য ছুটি না দেওয়া এবং নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্রে অযৌক্তিক শর্ত জুড়ে দেওয়া। এইগুলোর প্রতিবাদে আমি মনে করি যে এই প্রশাসনের সাথে থাকলে এই দায়ভার আমার উপরও চলে আসবে। প্রশাসনে সাথে থেকে এই বিষয়গুলো নিয়ে তো প্রতিবাদ করা যাবে না। তাই আমি হল প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করলাম।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২২ মার্চ দায়িত্ব পালনে উপাচার্যের সাথে সমন্বয়হীনতা ও অস্বস্তিবোধের কথা বলে পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের।

আগামী ১৪ মার্চ সংরক্ষিত ৫০ নারী আসনের ভোট

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং স্বতন্ত্রদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তফসিল অনুযায়ী, সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি, আপিল করা যাবে ২২ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৪ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

স্কুলে বিমান হামলা চালাল মিয়ানমারের জান্তা, নিহত ৪ শিশু

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের কারেনি বা কায়াহ রাজ্যের একটি স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় চার শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

কারেনি সেনাবাহিনীর মুখপাত্র কো হপোন নাইং ইরাবতীকে জানিয়েছেন, যুদ্ধবিমানগুলো সোমবার সকালে গ্রামের ওপর দিয়ে উড়তে থাকে। একপর্যায়ে স্কুলটিতে বোমাবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই তিন শিশু নিহত হয় ও আরও অনেকে আহত হয়।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) কায়াহ রাজ্যের ডেমোসো শহরের একটি স্কুলে ওই হামলা চালায় জান্তা বাহিনী। ডেমোসোর একজন স্বেচ্ছাসেবক জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে ডাউসিই গ্রামের ওই স্কুল ভবন লক্ষ্য করে দুটি যুদ্ধবিমান দুটি বোমা নিক্ষেপ করে। হামলায় স্কুলের ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।

ওই স্বেচ্ছাসেবক আরও বলেন, ওই এলাকায় জান্তা বাহিনী ও সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে কোনো সংঘাতের ঘটনা না ঘটলেও ওই হামলা চালানো হয়। ডেমোসো শহরের প্রায় ১০ মাইল পশ্চিমে কারেনি রাজ্যের রাজধানী লোইকাও যাওয়ার রাস্তায় পড়ে ডাউসিই। এই এলাকাটি আংশিকভাবে কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) নিয়ন্ত্রণে।

তিনি জানান, স্কুলটিতে শিশু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পড়ে। জান্তা বিমান হামলা ও গোলাগুলি থেকে রক্ষা করার জন্য স্কুল কম্পাউন্ডে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বাঙ্কার রয়েছে। কিন্তু হামলাটি হঠাৎ করে হওয়ায় শিশুদের সেখানে নেওয়ার সময় পাওয়া যায়নি।

ইরাবতীর প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে কারেনি প্রদেশে ব্যাপক বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। কারণ এখানকার বাসিন্দারাই মূলত ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল।

কারেনি হিউম্যান রাইটস গ্রুপের তথ্যানুযায়ী, জান্তা বাহিনী গত বছর কারেনি প্রদেশে ১৬০টিরও বেশি আর্টিলারি স্ট্রাইক ও ৭৬টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ১৮০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত ও ১৪০ জন আহত হয়েছে।

অন্যদিকে, অ্যাডভোকেসি গ্রুপ প্রগ্রেসিভ কারেনি পিপল বলছে, এই বছরের ১ জানুয়ারি পর্যন্ত জান্তা বাহিনীর বিমান হামলায় কারেনির ৪৬টি ধর্মীয় ভবন, ২২টি স্কুল, ১৪টি হাসপাতাল ও অন্তত ২ হাজার ২৮১টি বাড়ি ধ্বংস হয়েছে।