All posts by jitu

শিশুখাদ্যে কেমিক্যাল ব্যবহারের দায়ে চাঁদপুরে এক ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

শিশুখাদ্যে কেমিক্যাল ও বিষাক্ত কাপড়ের রং ব্যবহার করার দায়ে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টির তাহের স্টোরের মালিক মোহাম্মদ আনাসকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালত চাঁদপুর এর জ্যেষ্ঠ জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. মোরশেদ আলম অভিযুক্ত ব্যবাসয়ীর উপস্থিতিতে এই রায় দেন।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সামছুল আলম রমিজ নিয়মিত অভিযানে গিয়ে তাহের স্টোরের বিরুদ্ধে শিশুখাদ্য আইনে ২০২৩ সালের ২৩ নভেম্বর মামলাটি দায়ের করেন। সে সময় ওই ব্যবাসীর দোকানে শিশুদের খাদ্যে কেমিক্যাল, বিষাক্ত কাপড়ের রং, চকলেট, আইচ ললিপপ, কেন্ডি চকলেট, লিচু, রঙ মেশানো কাপ আচার, খেলনাযুক্ত শিশু খাদ্য ও লজেন্স এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য পাওয়া যায়।

স্বাস্থ্য পরিদর্শক সামছুল আলম রমিজ জানিয়েছেন, ব্যবাসয়ী আনিস এসব অনুমোদন বিহীন কেমিক্যাল মিশ্রিত শিশু খাদ্যসমূহ উপজেলার বাজারগুলোর বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি ও সরবরাহের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ১০ লাখ টাকা জরিমানা আদেশ দেয় আদালত।

বাজার সিন্ডিকেটে বিএনপির যোগসাজশ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে : কাদের

ডেস্ক রিপোর্ট:

বাজার সিন্ডিকেট ও মজুতদারির সঙ্গে কারা জড়িত এবং তাদের সঙ্গে বিএনপির কোনো যোগসাজশ আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে। খতিয়ে দেখতে হবে এ ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কি না। তারাই এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা এবং নির্বাচিত সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে তারা অপচেষ্টা চালাতে পারে। সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কি না খতিয়ে দেখতে হবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক যে পরিস্থিতি, অর্থনৈতিক সংকট। সারাবিশ্বে আজ যে অস্থিরতা চলছে, তার প্রভাব-প্রতিক্রিয়া বাংলাদেশেও পড়বে। কথা হচ্ছে সরকার বিষয়টিকে কীভাবে মোকাবিলা করছে। শেখ হাসিনা ক্রাইসিস ম্যানেজার হিসেবে যথাযথ দায়িত্ব পালন করছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও তিনি বিভিন্নভাবে প্রয়াস অব্যাহত রেখেছেন।

কোন দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে- এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সিঙ্গাপুরে রুটিন হেলথ চেকআপে গিয়েও তিনি দেখেছেন, সেখানে জিনিসপত্রের দাম দিগুণ-তিনগুণ বেড়েছে। আমাদের দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেষ্টা হচ্ছে। এখানে সরকার নিষ্ক্রিয় নেই। প্রধানমন্ত্রী সারাক্ষণ সংকট মোকাবিলায় সময় দিচ্ছেন। আমাদের এখানে কোনো অবহেলা নেই। সরকার সব পদক্ষেপ নিয়ে যথাযথভাবে চেষ্টা করছে। গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখোমুখি সারা দুনিয়াই।আমেরিকা, ইউরোপ, উন্নত, অনুন্নত বিশ্বেও এই সংকট চলছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে এই সংকটের মধ্যেও নির্বাচনে বিএনপি আসেনি। আন্দোলনে ব্যর্থ হয়ে, নির্বাচন যখন হয়েই যাচ্ছে তখন তারা বলেছিল বাংলাদেশে নির্বাচনের পর মার্চ মাসে দুর্ভিক্ষ হবে। আমাদের ক্রয়ক্ষমতা আছে। এখনই গ্রাম পর্যন্ত আলোকসজ্জা শুরু হয়ে গেছে। একটা লোকও কি না খেয়ে মারা গেছে?

এ সময় মজুতদার ও সিন্ডিকেট নিয়ে মন্ত্রী বলেন, যারা মজুতদার তাদের খুঁজে বের করা হচ্ছে। কারা কোথায় সমস্যা সৃষ্টি করছে এবং রাজনৈতিক যে সংশ্লিষ্টতা, বিএনপির কোন যোগসাজশ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ ও নাবিকদের উদ্ধারে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে কাদের বলেন, জিম্মিদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই সক্রিয়। জিম্মি ২৬ জনের ইন্সুরেন্সও আছে। দুর্ভিক্ষপীড়িত সোমালিয়ায় আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতি। এখানে মুক্তিপণ আদায় মূল লক্ষ্য। আমাদের পক্ষ থেকে যোগাযোগের কোনো ঘাটতি নেই।

ড. ইউনূসের সাজা নিয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নেতিবাচক প্রভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ড. ইউনূস একজন ব্যক্তি। জানতে চাই তিনি যুক্তরাষ্ট্রের কে? তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের আইন-আদালত আছে। যা সবার জন্য সমান। এখানে শ্রমিকেরা পাওনা না পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছেন। আইন-আদালত সব দেশের নিজস্ব ব্যাপার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দাবি তো করতেই পারে। দাবির যৌক্তিকতা কতটুকু সেটাও তো আমাদের ভেবে দেখতে হবে। সরকার এখানে উদাসীন নয়। এই বিএনপি এখন বেগম জিয়াকে নিয়ে বড় বড় কথা বলে, সরকারের সমালোচনা করে। কিন্তু বছরের পর বছর তত্ত্বাবধায়কের মামলা নিয়ে আদালতে তারা আইনি লড়াই করেনি শুধু, বিচারকে প্রলম্বিত করেছে। অসুস্থ হলে হাসপাতালে যেতে হবে। আজ এটা স্বীকার করতেই হবে। শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন।

বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতাদের সঙ্গে আয়োজিত এ মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি নাবিকদের উদ্ধারের চেষ্টা, দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়

ডেস্ক রিপোর্ট:

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হলেও জিম্মিদের হত্যার শঙ্কায় পরে পিছিয়ে যায় ওই জাহাজটি।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক জিম্মি নাবিক।

তিনি বলেন, ‘গতকাল রাতে (বুধবার দিনগত রাত) নেভির একটা জাহাজ আমাদের উদ্ধার করার চেষ্টা করছে। এরা (জলদস্যুরা) আমাদের দেয়নি। ওরা (উদ্ধারে আসা জাহাজ) বাইরে থেকে ফায়ার করেছে। তখন জলদস্যুরা বলছে আমরা (বাংলাদেশি নাবিকরা) হোস্টেজ (জিম্মি) আছে। ওরা (উদ্ধারে আসা জাহাজ) যদি হামলা করে, তাহলে আমাদের মেরে ফেলবে।’

জিম্মি নাবিক বলেন, ‘এরপর ওরা সরে গেছে। ওরা (উদ্ধারে আসা জাহাজ) ২০ নটিক্যাল মাইল দূরে থেকে আমাদের অনুসরণ করছে। আমাদের ক্যাপ্টেনকে বলছে, ওরা আমাদের ফলো করছে, ২০ ন্যাটিক্যাল মাইল দূরে দূরে থাকছে। যথাসম্ভব ওরা কাছে আসতে পারবে না।’

উদ্ধার করতে আসা জাহাজটি বুধবার বিকেল থেকে বাংলাদেশি জাহাজটিকে অনুসরণ করছিল। তথ্যদাতা বলছেন, সেটি সোমালিয়ান নেভি কি না নিশ্চিত না। ধারণা করা হচ্ছে, আরব আমিরাত বা অন্যকোনো আরব দেশের হবে।

ওই জাহাজের নাবিকরা মাইক ব্যবহার করে বাংলাদেশি নাবিকদের বারবার আশ্বস্ত করেন। এবং জলদস্যুদের জাহাজ ত্যাগ করার আহ্বান জানান। ফায়ার করেন। কিন্তু জিম্মিদের মেরে ফেলার হুমকিতে তারা ২০ নটিক্যাল মাইল পিছু হটেন।

জিম্মি নাবিকের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সোমালিয়ান সময় সকাল ১০টায় জাহাজটি নোঙর করেছে। এখন অন্য দস্যুদের হাতে হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। তিনি আশঙ্কা করছেন এরপর হয়তো আর যোগাযোগ করা সম্ভব হবে না।

এদিকে ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর (আইএমবি) বরাত দিয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমানে জাহাজটি সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ২০ মাইল দূরে অবস্থান করছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ২০ মাইল দূরে অবস্থান করছে। গারাকাড উপকূলে পৌঁছাতে জাহাজটির আর মাত্র দুই ঘণ্টার মতো সময় লাগতে পারে।’

এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সে সময় জাহাজটি সোমালিয়া উপকূল থেকে ৪৫০ ন্যাটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। দস্যুদের কাছে জিম্মি আছেন ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু।

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জাহাজটি জলদস্যুর কবলে পড়ে। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে জাহাজটি ভারত মহাসাগর থেকে সোমালিয়া নিয়ে যাওয়ার কাজ শুরু করে দস্যুরা। বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে এমভি আবদুল্লা সোমালিয়া উপকূল থেকে প্রায় ২৭৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

এমভি আব্দুল্লাহ দেশের শীর্ষ শিল্প গ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ। এটি একটি বাল্ক কেরিয়ার। এর দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার এবং প্রস্ত ৩২ দশমিক ২৬ মিটার। প্রথমে জাহাজটির নাম ছিল ‘গোল্ডেন হক’। বাংলাদেশের কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় ‘এমভি আবদুল্লাহ’।

ঐশ্বরিয়া যে পুরুষের প্রেমে মরিয়া ছিলেন

ডেস্ক রিপোর্ট:

ঐশ্বরিয়া রাই বচ্চন। সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। যার রূপ-গুনে মুগ্ধ ছিলেন হাজারো তরুণ-যুবক। কিন্তু এই অভিনেত্রী কি না একজনের প্রেমে মরিয়া ছিলেন। কে সেই পুরুষ?

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন-এর প্রতিবেদন অনুসারে, ছোটবেলা থেকেই রূপে-গুনে এগিয়ে ছিলেন ঐশ্বরিয়া। সৌন্দর্যের পাশাপাশি দারুণ মেধাবীও ছিলেন তিনি। স্কুলে পড়ার সময়েও তার মেধার ছাপ ছিল সকল ক্ষেত্রে। যে কারণে এক শিক্ষিকার পরামর্শ শুনে মডেলিং দুনিয়ায় পা রাখেন। এরপরই জীবন পাল্টে যায় তার।

বিশ্বসুন্দরী হওয়ার আগেই অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন ঐশ্বরিয়া। তার মন জেতার জন্য রীতিমতো লড়াই করতেন পুরুষেরা। তবে অভিনেত্রী নাকি একজনকে বেশ পছন্দ করতেন। যার জন্য তাকে অন্তর্জালে লড়াই করতে হত অভিনেত্রী মণীষা কৈরালার সঙ্গে! কে ছিলেন সেই পুরুষ, যার মন পাওয়ার প্রতিযোগিতা চলেছিল এই দুই সুন্দরীর মাঝে?

সেই ব্যক্তির নাম রাজীব মুলচান্দানি। ঐশ্বরিয়ার ক্যারিয়ারের শুরুতে তার সঙ্গেই প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। রাজীব ছিলেন সে সময়ের বেশ নামকরা ফটোগ্রাফার। যিনি ঐশ্বরিয়ার একাধিক ফটোশুট করেছেন। তখনই নাকি রাজীবকে মনে ধরে নায়িকার।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জেতার আগের ঘটনা। রাজীবকে নিয়ে সেসময় রীতিমতো টানাটানি চলত অভিনেত্রীদের মাঝে। বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী মণীষা কৈরালার সঙ্গেও বেশ ঘনিষ্ঠ ছিলেন রাজীব। ঐশ্বরিয়ার সঙ্গে তার মেলামেশা বেড়ে যাওয়াকে ভালোভাবে নেননি তিনি। দুই সুন্দরীর মধ্যে তৈরি হয় বিবাদ।

এসবই পুরোনো ঘটনা। এরপর ঐশ্বরিয়াও ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হন। ১৯৯৯ সালে সঞ্জয় লীলা ভানসালীর ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সালমান খানের প্রেমে পড়েন এই নায়িকা। একসঙ্গে অভিনয় করতে গিয়ে কাছাকাছি চলে আসেন দু’জন। প্রায় দুই বছরের মতো সম্পর্ক ছিল দু’জনের।

কিন্তু একটা সময় সালমানের উপর নির্যাতনের অভিযোগ তুলে সম্পর্ক থেকে বের হয়ে আসেন ঐশ্বরিয়া। এর কয়েক বছর পর অভিষেক বচ্চনকে বিয়ে করেন নায়িকা। বর্তমানে এই অভিনেতার সঙ্গেই তার সুখের সংসার।

মেসি মোহনীয়তায় জিতল ইন্টার মায়ামি

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের টানা ফুটবলে লিওনেল মেসি এখন ক্লান্ত। পুরো ৯০ মিনিট ফুটবল পিচে থাকাটাই যেন এই আর্জেন্টাইনের জন্য বড় চ্যালেঞ্জ। মায়ামির শেষ ম্যাচে তিনি ছিলেন না। তাতে হারের মুখও দেখেছেন টাটা মার্টিনোর শিষ্যরা। আজ (বৃহস্পতিবার) মেসি মাঠে নেমেছেন। তবে খেলেননি পুরো ম্যাচ। ৫০ মিনিটের মাথায় উঠে গেলেন তিনি।

তবে যেটুকু সময় মেসি মাঠে ছিলেন, ততটাই যেন যথেষ্ট ছিল মায়ামির জন্য। ন্যাশভিলের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের দ্বিতীয় লেগে দলকে মেসি জেতালেন ৩-১ গোলে। দলের জয়ের পথে নিজে এক গোল করেছেন। লুইস সুয়ারেজকে দিয়ে করিয়েছেন অন্যটি। আরেক গোলের মালিক রবার্ট টেইলর।

শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছিল লিওনেল মেসি-লুইস সুয়ারেজের ইন্টার মায়ামি। সে ম্যাচেও গোল পেয়েছিলেন মেসি এবং সুয়ারেজ। তবে সেদিন তাদের ভুগতে হয়েছিল বেশ। কিন্তু ঘরের মাঠে আজ মেসির জাদুতে শুরুতেই দুমড়ে যায় ন্যাশভিল। সেখান থেকে আর ম্যাচে ফেরাই হয়নি তাদের। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল।

ম্যাচের ৮ মিনিটে মায়ামির প্রথম গোলটি আসে সুয়ারেজের কাছ থেকে। ন্যাশভিলের ডিফেন্ডারদের বোকা বানিয়ে অনেকটা এগিয়ে যান সুয়ারেজ। আর সঙ্গে ছিল মেসির নিখুঁত থ্রু বল। গোলরক্ষকের দুই পায়ের মধ্য দিয়ে সুয়ারেজের শট চলে যায় জালে। এর আগে মেসি নিজে চেষ্টা করেছেন। ফ্রিকিকও পেয়েছেন। তবে মায়ামির গোলের খাতা খুলেছে সুয়ারেজের কল্যাণে।

মেসি গোল করেন ম্যাচের ২৩ মিনিটে। ডি–বক্সে দিয়েগো গোমেজের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। এ নিয়ে টানা ৪ ম্যাচে গোল পেলেন মেসি। মায়ামির হয়ে ৫ ম্যাচে মেসির গোল ৫টি, করিয়েছেন আরও ৪টি।

২-০ গোলে এগিয়ে থেকেঅ বিরতিতে যায় ইন্টার মায়ামি। বিরতি থেকে ফেরার ৫ মিনিট পরই মেসিকে তুলে নেন মায়ামি কোচ মার্টিনো। মেসির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন টেইলর। ৬৩ মিনিটে সুয়ারেজের মাপা ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তিনিই। ন্যাশভিলের স্যাম সারিডজ গোল করে ব্যবধান কমান ম্যাচের ৯৩ মিনিটে।

শেষ ষোলোয় মনটেরি ও সিনসিনাটির মধ্যকার ম্যাচে যে দল জিতবে, তাদের বিপক্ষে শেষ আটে খেলবে মেসির মায়ামি। ম্যাচটি হবে আগামী ২ এপ্রিল।

পাটের নতুন পণ্য উৎপাদন বৃদ্ধি ও বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

পাটের নতুন নতুন পণ্য উৎপাদন ও নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, পাট শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, যা মোটেও শুভ ছিল না। পাটকলগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। পাটের জন্য রহস্য উদ্ভাবনের মাধ্যমে পাট ও পাট শিল্পের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। নতুন নতুন পণ্য উৎপাদন বৃদ্ধি ও বাজার খুঁজতে হবে।

আজ (বৃহস্পতিবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সোনালী আঁশ সোনালী দিনের হাতছানি দিচ্ছে, যথাযথ কাজে লাগাতে হবে। পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ব্যবহারে সুযোগ বেড়েছে। পাট থেকে উৎপাদিত রপ্তানিপণ্যে প্রণোদনা দেবে সরকার।

পুরস্কার পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান
পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেছেন।

১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/ বিজ্ঞানী/ উদ্ভাবক ২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি ৩. সেরা পাট উৎপাদনকারী চাষি ৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ৫.পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান ৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল ৭.পাটের সুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান ৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ৯. বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান ১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং ১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা, এ ১১টি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হয়েছে।

মারা গেলেন কুবির সাবেক উপাচার্য আমির হোসেন খান

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টার দিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।

অধ্যাপক ড. আমির হোসেন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ ও কাউন্সেলিং কেন্দ্রের পরিচালক নিযুক্ত হন।

২০০৯ সালের ২৩ নভেম্বর তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করা হয়। ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। উচ্চমাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক রচনা করে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

অভিযানের টের পেয়ে চাঁদপুরে কেজিতে পেঁয়াজের দাম কমল ২৮ টাকা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানের টের পেয়ে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৯৫টাকার পরিবর্তে বিক্রি শুরু হয় ৬৭টাকা। এরমধ্যে ওই বাজারের অধিকাংশ মুদি ও পাইকারী দোকান বন্ধ করে মালিক এবং কর্মচারীরা পালিয়ে যায়।

গত (১৩ মার্চ) দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকি কালে এই ঘটনা ঘটে। মহামায়া পশ্চিম বাজারে সবচাইতে বড় পাইকারী মুদি দোকান হচ্ছে সালাউদ্দিন স্টোর। এই দোকানে অভিযানের টের পেয়ে মূল্য তালিকা সরিয়ে রাখে। ওই তালিকায় পেঁয়াজের মূল্য প্রতিকেজি ৯৫ টাকা। কিন্তু দোকানে তাৎক্ষনিক ২৮ কমিয়ে পেঁয়াজ বিক্রি শুরু হয় ৬৭ টাকা।

এই সুযোগে অনেক ক্রেতা ওই দোকান থেকে ২ থেকে ৩ কেজি করে পেঁয়াজ ক্রয় করতে শুরু করেন। ওই সময় পাশের মোহাম্মদ স্টোরে প্রতকেজি পেঁয়াজ বিক্রি হয় ৭০টাকা এবং খোঁজ নিয়ে জানাগেল আজ শহরের পুরান বাজার আড়ৎগুলোতে প্রতিকেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৭ থেকে ৬৮টাকা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান। অনেক ব্যবসায়ীকে সতর্ক করে দেয়া হয়েছে। আবার অনেক পাইকারী ও মুদি ব্যবাসয়ী অভিযানের টের পেয়ে দোকান রেখে পালিয়েছে।

তিনি আরও বলেন, ওই বাজারে আজ মূল্য তালিকা না থাকায় ১টি মুদি দোকানকে ১ হাজার টাকা ও ১টি রেস্টুরেন্টকে ১ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় একটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকি অভিযানে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস পুলিশ দল সার্বিক সহযোগিতা করেন।

রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেপ্তার করছে নাইজেরিয়া পুলিশ

ডেস্ক রিপোর্ট:

বছর ঘুরে আবারও শুরু হয়েছে রহমত, মাগফেরাত আর নাজাতের মাস মাহে রমজান। রোজা ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম এবং এই কারণে সারা বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রোজা পালন করে থাকেন।

এমন অবস্থায় নাইজেরিয়ায় পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেপ্তার করছে দেশটির ইসলামিক পুলিশ। মূলত আফ্রিকার এই দেশটির একটি প্রদেশে রোজার মাসে দিনের বেলা খাবার খেতে দেখার পর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের ইসলামিক পুলিশ গত মঙ্গলবার ১১ জন মুসলমানকে গ্রেপ্তার করেছে। তাদেরকে রমজানের রোজার সময় খাবার খেতে দেখা গেছে।

বিবিসি বলছে, কানোতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা রয়েছে এবং এখানে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি ইসলামি আইনি ব্যবস্থা অর্থাৎ শরিয়া আইনও কার্যকর রয়েছে। আর ইসলামিক পুলিশ ‘হিসবাহ’ নামে পরিচিত এবং প্রতি বছর রমজান মাসে তারা খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে।

গত মঙ্গলবার গ্রেপ্তারকৃত ১১ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং একজন নারী। বিবিসি বলছে, গ্রেপ্তারের পর তারা ইচ্ছাকৃতভাবে আর একটি রোজাও মিস করবে না বলে শপথ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

হিসবাহের মুখপাত্র লওয়াল ফাগে বিবিসিকে বলেছেন, ‘আমরা মঙ্গলবার ১১ জনকে পেয়েছিলাম যার মধ্যে একজন নারীও ছিলেন, যিনি চিনাবাদাম বিক্রি করছিলেন এবং তাকে তার জিনিসপত্র থেকে খেতে দেখা গেছে এবং পরে কিছু লোক আমাদের এই বিষয়টি জানায়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্য ১০ জন ছিলেন পুরুষ এবং শহরজুড়ে বিশেষ করে বাজারের কাছাকাছি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।’

তিনি বলছেন, অনুসন্ধান ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। তবে অমুসলিমরা এই অভিযানের আওতার বাইরে।

লওয়াল ফাগে বলছেন, ‘আমরা অমুসলিমদের গ্রেপ্তার করি না কারণ এটি (রোজা) তাদের পালন করার বিষয় নয় এবং শুধুমাত্র একটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেই আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করি। আর তা হচ্ছে, যাদের রোজা রাখার কথা সেই সব মুসলমানদের কাছে বিক্রি করার জন্য যারা খাবার রান্না করে।’

যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সম্পর্কে ইসলামিক পুলিশের এই মুখপাত্র বলেন, তারা এখন থেকে রোজা রাখা শুরুর প্রতিশ্রুতি দিয়ে মুক্তি পেয়েছে এবং ‘তাদের মধ্যে কারও কারও পরিবার যেন তাদেরকে পর্যবেক্ষণ করে সে জন্য আমাদের তাদের আত্মীয় বা অভিভাবকদেরও ডাকতে হয়েছিল’।

বিবিসি বলছে, মাত্র দুই দশক আগে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইনও চালু করা হয়েছিল। এসব প্রদেশের সবকটিতেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা রয়েছে।

উল্লেখ্য, রমজান ইসলামি ক্যালেন্ডারের নবম মাস। ইসলামে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসেই পবিত্র কোরআনের প্রথম আয়াত মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর কাছে অবতীর্ণ হয়েছিল।

এছাড়া ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।