All posts by jitu

চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চৌৗদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়ন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। সে পাশ্ববর্তী দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

বুধবার (০৬ই মে) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১ঘটিকায় জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা।

এ সময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নয়নের চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। নয়নের অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় বুধবার ভোরে মারা যায়।

নিহতের বোন কহিনুর আক্তার জানান, নয়নের অবস্থা গুরুতর দেখে ডাক্তারের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেও অক্সিজেনের সংকট থাকায় বেসরকারী একটি হাসপাতালে নেয়ার পথে নয়ন মারা যায়। নয়ন ব্যক্তিজীবনে ১ ছেলে, ২মেয়ে ও স্ত্রী, মাতা ও ভাই-বোন রেখে যান। নয়নের মৃত্যুতে পুরো পরিবার এখন অভিভাবকহীন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যমতে একই এলাকার একটি পক্ষের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল আনোয়ার হোসেনের। মৃত্যুর খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

নিহতের লাশ এখনো ঢাকা থেকে চৌদ্দগ্রাম আসেনি। আমরা নিহতের লাশের ময়নাতদন্ত এবং অভিযোগের প্রেক্ষিতে খুনের প্রকৃত কারণ বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

হোমনায় তদন্তের নামে ৭৮ বছরের বৃদ্ধা নারীকে থানার ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদ; ভিডিও ভাইরাল

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় তদন্তের নামে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে থানার ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে হোমনা থানার উপ পুলিশ পরিদর্শক এসআই তাপস কুমার সরকারের বিরুদ্ধে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার শ্রীমদ্দি গ্রামের মৃত শহিদ উল্লাহর স্ত্রী শামসুলের নেছা (৭৮) পারিবারিক বিরোধ সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনা উল্লেখ করে শনিবার( ২ মে) তারিখ হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা তাপস কুমার সরকার বৃদ্ধাকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখা যায়। সেখানে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার হাতে সিগারেট নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলতে শোনা যায়, “মামলা করে কী করবেন, আপনিই তো ঘটনাটি বাড়িয়েছেন। সামাজিকভাবে মিটমাট করে ফেলেন।” এমন বক্তব্য জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগ, তাকে থানার ছাদে ডেকে নিয়ে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি এক পর্যায়ে তাকে একটি রাজনৈতিক দলের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত বলেও তিনি বলে করেন।

এদিকে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তবে এ বিষয়ে অভিযুক্ত এসআই তাপস কুমার সরকারের সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। অবশ্যই তদন্ত সাপেক্ষেন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে নেওয়ার সময় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালালেন আসামি

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে নেওয়ার সময় মাদক মামলার এক আসামি পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন। এ ঘটনায় পলাতক আসামিকে ধরতে সন্ধ্যা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত ছিল।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম মো. শাহীন মিয়া।

তিনি জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার জালাল মিয়ার ছেলে। একই সময় ওই এলাকার হাসেম মিয়ার ছেলে সজলও পালানোর চেষ্টা করেন। তবে উপস্থিত লোকজনের সহায়তায় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আদালতে তোলার আগে দুই আসামি পালানোর চেষ্টা করেন।

এ সময় একজনকে আটক করা গেলেও অপরজন কৌশলে পালিয়ে যান।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানায়, সোমবার বিকেলে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ শাহীন ও সজলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হলে গাড়ি থেকে নামানোর সময় শাহীন পালিয়ে যান।

পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাম্প্রদায়িক সম্প্রীতির সুরক্ষা করতে পারলে ভারতে নির্বাচন পরবর্তী নেতিবাচক শংকা থাকবে না : হাসনাত আবদুল্লাহ

ইমতিয়াজ আহমেদ জিতু:

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনৈতিক ভাবে সংখ্যালঘু মনে করা হয় তাদের অধিকার রক্ষায় আরেও বেশি সচেষ্ট হতে হবে, যেন বৈশ্বিক একটা বার্তা দেয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে একটা প্রচেষ্টা রয়েছে, আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে একটি বার্তা দেওয়া যে, বাংলাদেশ সকল মতের, সকল ধর্মের একটি নিরাপদ ভূমি। এটি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শংকাটি রয়েছে তা থাকবে না।

মতবিনিময় সভায় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ বলছে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে ক্রাইম রিপোর্টগুলো ছিল সকল সীমা অতিত্রম করেছে এই সময়ে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় চান্দিনা-দেবিদ্বার মহাসড়কটি প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় পর্যায়ে অংশীজনদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগনের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোন মধ্যস্বত্যভোগী থাকবে না। প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় সড়কের কৌশলগত বিষয় তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সফিকুল  ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান

কুমিল্লা সীমান্তে ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। আজ মঙ্গলবার (০৫ মে) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ বিজিবির অধীনস্থ আনন্দপুর বিওপির একটি টহল দল অভিযান শুরু করে। ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে নানকড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ ৩৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানান, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৫জন আটক

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৫জন আটক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে পাঁচজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার মধ্যরাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চালায়। অভিযানে উপজেলার গৌরীপুর বাজারের ফার্নিচার পট্টির মরিচা গলির ছাত্তার মিয়া মার্কেটের শরিফ ডেকোরেটর এন্ড সংগীত ঘর নামক দোকানের সামনে থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন- তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের শেখ ফরিদের ছেলে দেলোয়ার হোসেন(২৮) ও দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হারিয়ালা গ্রামের পীর বক্স এর ছেলে সুমন(৩৭)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এদিকে একইরাতে পৃথক অভিযানে পুলিশ পরোয়ানাভূক্ত আরও তিনজনকে আটক করে। তাদের মধ্যে মোঃ ফারুক, পিতা-মৃত করিম মিয়া, উপজেলার আউটবাগ ভেলানগর গ্রামের মৃত করিম মিয়ার ছেলে ফারুক, পেন্নাই গ্রামের মিজান মিয়ার ছেলে ইয়াসিন ও সরকাপুর গ্রামের কাসেম খানের ছেলে বোরহান খান।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আব্দুল বারি জানান, ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে এবং পরোয়ানাভূক্ত আরও তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত পাঁচজনকেই আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ কমাতে কী পদক্ষেপ নিচ্ছেন এবং ভবিষ্যতে কী উদ্যোগ নেয়া হবে, তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি।

ভারতের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য জানান, রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয়, সেসব জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আমাদের আরও সচেষ্ট হতে হবে। এর মাধ্যমে বৈশ্বিকভাবে একটি ইতিবাচক বার্তা দেয়া সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ যে সব মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি, তা বিশ্বকে জানাতে হবে।

সেবামূলক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।’ প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা নেয়ারও আহ্বান জানান তিনি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় মহাসড়ক প্রশস্তকরণের কৌশলগত বিষয়গুলো উপস্থাপন করেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা।

সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান।

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৮

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ পৃথক পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মরতা (ওসি) ফারুক হোসেন।

থানা পুলিশ জানা সুত্রে গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মো: আল আমিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (পুকুরপাড়) এলাকার অলি হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মো: অলি হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়।

অপরদিকে, সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) সৈক্ত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ আরেকটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। উপজেলার ৩ নম্বর চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় টানা ব্রিজের পূর্ব পাশে মাসুদ খাঁনের দোকানের সামনে টানা ব্রিজ-মন্দবাগ সড়কে অভিযান চালিয়ে মোসা: মরিয়ম বেগম (৩৫) ও মোসা: সাথী আক্তারকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে মো: সোহেল আজাদকে (২৩) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মো: ইয়াছিনকে (১৯) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে আরো তিনজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠান হয়েছে।

দেবিদ্বারে গরুর মলমূত্র ফেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে গরুর মলমূত্র ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৪ মে) রাতে উপজেলার ছোটশালঘর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর মলমূত্র নির্দিষ্ট স্থানে ফেলা নিয়ে প্রতিবেশী দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হন আমির হোসেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে ইসমাইল হোসেন (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) রাত ৮টার দিকে পৌরসভার মোল্লাকনা সেনের খীল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন দুর্গা ঘাটা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেনের স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে পাশের গ্রাম মোল্লাকনা সেনের খীল গ্রামে আবুল হাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় স্ত্রী রাবেয়া আক্তার ডিশের লাইন মেরামত করছিলেন। এ সময় সে বিদ্যুৎস্পর্শে চিৎকার করলে ইসমাইল হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন।

আরও জানা যায়, এর কিছুক্ষণ পর স্বামী ইসমাইল হোসেন পুনরায় ওই ডিশের লাইন মেরামতের কাজ শুরু করেন। এ সময় একইভাবে ইসমাইলও বিদ্যুৎস্পর্শে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই ইসমাইলের মৃত্যু হয়েছে।