All posts by jitu

বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখল করে, ২০০৮ সালের নির্বাচনে সেটি প্রমাণিত : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মানুষের শিক্ষা, অন্ন, বস্ত্র ও বাসস্থানসহ সবকিছুর জন্য কাজ করে এবং মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই, আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে এটা আমার কথা না, হাইকোর্টের রায় আছে যে, বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখল করে। যাদের ক্ষমতা দখল অবৈধ, তারাই ভোট চুরি করে। তারা ভোট চুরি ছাড়া জিততে পারে না। ২০০৮ সালের নির্বাচনে সেটি প্রমাণিত হয়েছে।

রাজধানীর কলাবাগান মাঠে সোমবার বিকালে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, অস্বাভাবিক সরকার হলে তাদের মূল্য বেড়ে যায়। আমরা নাকি তাদের মূল্য বুঝি না। কার কত মূল্য তা মেপে দেখতে হবে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা নির্বাচনে হেরে যাবে বলে ভোট বানচালের ষড়যন্ত্র করছে। বিদেশিদের ধর্না ধরছে। আন্দোলনের নামে নাশকতা করছে। নির্বাচন বন্ধ করবে এতো সাহস তাদের নেই।

প্রধানমন্ত্রী সবাইকে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। বলেন, সকাল সকাল ভোট দেবেন। কোনো ষড়যন্ত্র আমাদের উন্নয়ন অগ্রযাত্রা দমিয়ে রাখতে পারবে না।

শেখ হাসিনা এ সময় ঢাকার সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি সবাইকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা সোমবার দুপুরে এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিপক্ষ এক নম্বর আসামির বিষয়ে প্রশংসা সূচক বক্তব্য উপস্থাপন করেন। যেখানে তাকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নোবেল জয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন। কিন্তু এই আদালত নোবেল জয়ী ইউনূসের বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে তার বিচার হচ্ছে।

এর আগে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক ৮৪ পৃষ্ঠার এ রায় ঘোষণা শুরু করেন।

এরও আগে দুপুর ১টা ৪৫ মিনিটে ড. ইউনূসসহ চার আসামি আদালতে হাজির হন।

এ মামলার অভিযোগের মধ্যে প্রধান হলো অনিয়মের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের মধ্যে বণ্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের পাঁচ শতাংশ না দেওয়া এবং ১০১ জন শ্রমিকের চাকরি স্থায়ী না করা।

এছাড়া গণছুটি না দেওয়া, শ্রমিকদের কল্যাণ তহবিল ও অংশগ্রহণ তহবিল গঠন না করাও অন্যতম অভিযোগ এ মামলার।

নির্বাচনের দিন ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক পুরোদমে সচল থাকবে : ইসি সচিব

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারা দেশের মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ পুরোদমে সচল থাকবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

কতগুলো ভোটকেন্দ্র মোবাইল নেটওয়ার্কিংয়ের আওতায় আনা হয়েছে এমন প্রশ্নের উত্তর তিনি বলেন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবার সাথেই কথা হয়েছে। সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমেও নির্বাচনের দিন যাবতীয় তথ্য উপাত্ত পাওয়া যাবে। অ্যাপটি এরইমধ্যে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে উপলব্ধ করা হয়েছে।

এছাড়াও ভোটের সার্বিক দিক নির্দেশনা ও পরিস্থিতির বিষয়ে আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসি সচিব।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্মসচিব আবদুল বাতেন, এনআইডির মহাপরিচালক একেএম হুমায়ুন কবির।

দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থী আজাদকে জরিমানা, ম্যাজিষ্ট্রেটের গাড়ি ভাংচুরের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী আচরণ বিধি লংঘণে কারনে জরিমানা করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো রায়হানুল ইসলাম এর উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে ৷

রবিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের পৌর এলাকার ভিংলাবাড়ির উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে জরিমানা করলে তার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে এ হামলা করে বলে জানা গেছে। ঘটনায় দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ভিংলাবাড়িতে রাত ৯ টায় মাইক ব্যবহার করে নির্বাচনী সভা করছিলো স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা৷ এসময় সেখানে যান দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো রায়হানুল ইসলাম। এসময় আচরণ বিধি লংঘনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে। এসময় সভার জনতা ক্ষিপ্ত হয়ে ম্যাজিষ্ট্রেটের এর উপর হামলার চেষ্টা করেন ও ইটপাটকেল ছুঁড়ে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের গাড়ীর সামনের গ্লাস ভেঙে যায়৷

এ ঘটনায় সহকারী কমিশনার রায়হানুল ইসলামের অফিস সহকারী মো আলাদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেন।

এই বিষয়ে জানতে নির্বাহী মেজিস্ট্রেট মো রায়হানুল ইসলামকে একাধিক বার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি৷

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নয়ন মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, ‘আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে জরিমানা করায় হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে৷ দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে’।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা খন্দকার মু: মুশফিকুর রহমান জানান, এ বিষয়টি অবহিত আছি। পরে বিস্তারিত জানাবো।

নতুন বছরে রাজত্ব ছাড়ার ঘোষণা ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথের

ডেস্ক রিপোর্ট:

নতুন বছরে অবাক করা খবর নিয়ে টেলিভিশনে হাজির হয়েছিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে। টেলিভিশনে নতুন বছর শুরুর ভাষণ দিতে গিয়ে সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মার্কিন বার্তা সংস্থা এপি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করবেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেতে। এদিন তার সিংহাসনে আরোহণের ৫২ বছর পূর্ণ হবে।

দীর্ঘ ৫২ বছর ক্ষমতায় থাকার পর তিনি আগামী ১৪ জানুয়ারি সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছে। তার স্থলে স্থালাভিষিক্ত হবে তার বড় ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডিরিক। ইউরোপের মধ্যে তিনি সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রানি।

৮৩ বছর বয়সি এই রানি ১৯৭২ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন। রোববার নববর্ষের আগে নিজের ঐতিহ্যবাহী বক্তৃতার সময় লাইভ টিভিতে আশ্চর্যজনক এই ঘোষণা দেন তিনি। নববর্ষ উপলক্ষ্যে দেওয়া রানির এই ভাষণ প্রতিবছরই ডেনমার্কের বহু মানুষ দেখে থাকেন।

ওই ভাষণে তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারি তার পিঠে একটি সফল অপারেশন হয়। এর পরই তিনি ভবিষ্যতের বিষয়ে চিন্তিত হয়ে পড়েন। এজন্য পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তা করছেন।

তিনি বলেন, আগামী ১৪ জানুয়ারি আমি আমার প্রিয় বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর, আমি ডেনমার্কের রানি হিসেবে পদত্যাগ করব। আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি।

২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হয়ে যান। আর গত বছরের জুলাই মাসে তিনি ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হন।

এদিকে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের জন্য দ্বিতীয় রানি মার্গ্রেথেকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

তিনি বলেন, ‘রানি মার্গ্রেথে ডেনমার্কের মূর্ত প্রতীক।’

নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয়েছে বিশ্বকে দেখাতে হবে : সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখাতে হবে নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার (১ জানুয়ারি) তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: জাগোনিউজ২৪

এবার ওয়ানডেকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের বিপক্ষে ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায়ের সময় জানিয়ে দিলেন এই অজি ব্যাটার।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন ওয়ার্নার। বছরের প্রথম দিনেই এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সি এই তারকা ক্রিকেটার।

এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়ার্নার বলেন, আমি নিশ্চিতভাবেই ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিচ্ছি। এটা এমন একটি সিদ্ধান্ত ছিল যা আমি বিশ্বকাপের মধ্যেই বলেছিলাম, এমন সিদ্ধান্তের মধ্য দিয়েই বিশ্বকাপ খেলেছি। ভারতে এটি (বিশ্বকাপ) জেতা, আমি মনে করি এটি একটি বিশাল অর্জন।

ওয়ার্নার বলেন, আমি আজ সেই সিদ্ধান্ত নেব, সেই ফরম্যাটগুলো থেকে অবসর নেওয়ার, যা আমাকে বিশ্বের আরও কিছু লিগ খেলতে সুযোগ করে দেয় এবং ওয়ানডে দলকেও ভালো কিছুর দিকে এগিয়ে যেতে দেয়। আমি জানি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। যদি আমি দুই বছরের মধ্যে ভালো ক্রিকেট খেলি এবং তাদের (দলের) প্রয়োজন হয়, আমি দলের জন্য সহজলভ্য থাকব।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ওয়ার্নার। এখন পর্যন্ত ১৬১ ওয়ানডেতে ৪৫.৩০ গড়ে এই বাঁহাতি ব্যাটার রান করেছেন ৬ হাজার ৯৩২। এর মধ্যে ২২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটি সাবেক ক্রিকেটার রিকি পন্টিংয়ের। তিনি ২৯টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শতক হাঁকানোর দিক থেকে এর পরেই ওয়ার্নারের অবস্থান।

তবে ওয়ানডেকে বিদায় বললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ওয়ার্নার। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোতে নিজেকে সরব রাখতে চান এই অজি ক্রিকেটার।

২০০৯ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের। ১৫ বছরের ক্যারিয়ারে দুটি বিশ্বকাপ জিতেছেন তিনি। সবশেষ ২০২৩ সালের বিশ্বকাপ জয়ে দারুণ অবদান রেখেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। ১১ ম্যাচে ওয়ার্নার করেছেন ৫৩৫ রান। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ১৬৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।

 

বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এবার নৌকায় ভোট দেবে : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সারা দেশে নির্বাচনের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারে বিএনপির নেতাকর্মীরাও শামিল হয়েছে। বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এই নির্বাচনে ভোট দিতে যাবে এবং তারা নৌকা মার্কায় ভোট দেবে।

রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের রামগতির হাটে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন তিনি বেতাগীর বড়ুয়াপাড়া, মির্জাখীল, বালুচর এলাকায়ও গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী আসনটি (চট্টগ্রাম-৭) থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

তথ্যমন্ত্রী জানান, ‘নির্বাচনকে বানচাল করার জন্য এখন ঢাকা-চট্টগ্রাম শহরে লিফলেট বিতরণ করা হচ্ছে। কিন্তু এই লিফলেট কেউ দেখেও না, কেউ পড়েও না। বিএনপির যারা লিফলেট বিতরণ করে, তারা হঠাৎ বিতরণ করে, আবার হারিয়ে যায়। লিফলেট বিতরণকারীরা এখন ভয়ে আছে। তারা ভয়ে ভয়ে লিফলেট বিতরণ করে, জনগণ কখন তাদের ধাওয়া করে।’

তিনি জানায়, ‘বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করে, পেট্রোল বোমা মারে এবং রেললাইন উপড়ে ফেলে অপচেষ্টা চালিয়েছিল নির্বাচনকে ভন্ডুল করার জন্য। কিন্তু সেটি তারা করতে পারেনি। এখন চেষ্টা করছে কোনো কোনো প্রার্থীর ওপর হামলা করার জন্য, যাতে নির্বাচন ব্যাহত হয়। সেটিও কখনো সফল হবে না। কারণ জনগণ তাদের সঙ্গে নেই। এই অপরাজনীতিতে জনগণ কখনো সাড়া দেয়নি, দেবেও না।’

মন্ত্রী বলেন, ‘নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। শেখ হাসিনা সেগুলোকে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সে কারণে ষড়যন্ত্রকারীরা আজকে গর্তের মধ্যে ঢুকে গেছে। বিএনপি গর্তের মধ্য থেকে মাঝে মাঝে উঁকি দিয়ে প্রেস ব্রিফিং করে। ডক্টর মঈন খাঁনসহ কয়েকজন কথা বলেন। বিএনপি কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সমগ্র বাংলাদেশে এই পরিস্থিতি। আমি জিজ্ঞেস করলাম বিএনপি নেতারা কই? বলল, কেউ লুকিয়ে গেছে, কেউ চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়া গেছে। এই হচ্ছে এদের পরিস্থিতি।’

নিজ নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘গত ১৫ বছর ধরে আমি রাঙ্গুনিয়ার জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করার জন্য চেষ্টা করেছি। যারা ভোট এলে লম্বা লম্বা কথা বলেন, তাদের জিজ্ঞাসা করতে হবে যে, আওয়ামী লীগ সরকারের করা রাস্তাঘাটে যেসব গর্ত হয়, তারা সেইগুলো ভরাট করতে পারবে কি না। তাদের গর্ত ভরাট করার সামর্থ্যও নেই। প্রতিটি মসজিদ, মন্দির ও প্যাগোডা ৫ থেকে ৭ বার করে বরাদ্দ পেয়েছে। দেশের দশ কোটির বেশি মানুষ ১৮ ধরনের ভাতা পাচ্ছেন।’

হাছান মাহমুদ জানান, ‘দেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সমগ্র বাংলাদেশে হাটে-ঘাটে, মাঠে আজকে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। একেবারে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে, যার যার ভোট সেই লাইন ধরে দেবে। সেই ভোটে সবাইকে অংশগ্রহণ করতে হবে।’

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, মেয়র শাহজাহান সিকদার, আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন বাবুল ও ইদ্রিছ আজগর উপস্থিত ছিলেন।

আজ রাতে ফানুস-আতশবাজি বা গুলি ছুড়লেই ব্যবস্থা : ডিবি হারুন

ডেস্ক রিপোর্ট:

আজ রাতে ফানুস-আতশবাজি বা গুলি ছুড়লেই ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ডিএমপি কমিশনার থার্টি ফাস্ট নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা স্বত্বেও যদি কেউ ফানুস ওড়ায়, আতশবাজি ফাটায় বা অস্ত্র দিয়ে গুলি ছোড়ে তাহলে নির্দেশনা অনুযায়ী অ্যাকশন নেওয়া ছাড়া উপায় থাকবে না। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতি বছরই থার্টি ফার্স্ট নাইটের আগে বলা হয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রায় প্রতিটি বাসার ছাদে আতশবাজি ফাটানো হয়ই। তাহলে নিরাপত্তার বিষয়টি কেমন থাকছে?

জানতে চাইলে মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ঢাকা শহরে পুলিশের সদস্য সংখ্যা হলো ৩৩ হাজার। আর ঢাকায় বসবাসকারী নাগরিকের সংখ্যা প্রায় আড়াই কোটি। আমরা মনে করি, পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে নগরবাসীকে সতর্ক করা হয়। কিন্তু কিছু মানুষ যদি না মানে, আইন তোয়াক্কা না করে। তাহলে তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় দেখি না।

তিনি জানায়, যদি কাউকে বলা হয়, এটা অন্যায়, এটা করা যাবে না, ইলিগ্যাল কাজ তারপরও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আইনের বাইরে গিয়ে করে থাকে। আইন মানতে চায় না। আমরা তো অপরাধকে অপরাধ বলছি। এরপরও অপরাধ করা হচ্ছে। আমরা যদি তথ্য পাই তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় থানায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নাশকতা রোধে নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনে নাশকতার কোনো আগাম তথ্য নেই। তবে নাশকতা রোধে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর। এ ছাড়া গুপ্তহত্যা রোধে গোয়েন্দা বাহিনী সতর্ক রয়েছে।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আগাম সতর্কতা নেই জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত তেমন কিছু আসেনি। আমাদের গোয়েন্দা বাহিনী যেসব তথ্য দিচ্ছে, সেগুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর আসেনি।

‘বিএনপি গুপ্তহত্যা চালাতে পারে’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন আশঙ্কার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক পরিবহণ মন্ত্রী ও আমাদের পার্টির সাধারণ সম্পাদকের কাছে অবশ্যই খবর আরও বেশি থাকে। কারণ, তিনি রাজনীতি করেন। তার কাছে যথেষ্ট তথ্য থাকে। সে তথ্যের ভিত্তিতেই তিনি বলেছেন। তবে আমাদের কথা হলো, আমাদের গোয়েন্দা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের ঘটনা ঘটাতে গেলে কিংবা ঘটনার আগেই আমরা তাদের ধরার চেষ্টা করে যাচ্ছি।

নির্বাচন কমিশন নির্বাচনবিরোধী প্রচার-প্রচারণা নিষিদ্ধ করলেও তা বাস্তবায়ন হচ্ছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন যেন না হয়, নির্বাচনে যেন কেউ অংশগ্রহণ না করে- সে ধরনের প্রচারণা শুরু করেছে বিএনপি নামক একটি রাজনৈতিক দল। তারা ভাঙচুর করছে, মানুষ হত্যা করছে, সম্পত্তি বিনষ্ট করছে, হরতাল-অবরোধ কতকিছুই করে যাচ্ছে। কিন্তু মানুষ কোনো কিছুতেই তাদের এসব কাজে মনযোগ দিচ্ছে না। মানুষ মনে করছে এগুলো অযৌক্তিক, সেজন্যই মানুষ এগুলোতে কর্ণপাত করছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাদের সঙ্গে নাম না জানা আরও দুই-একটি দল এ ধরনের লিফলেট ছড়াচ্ছে। তবে সেগুলো খুবই সামান্য পরিসরে। মাঝে মাঝে দুই-এক জায়গায় লিফলেট বিতরণের খবর পাচ্ছি। আমাদের পুলিশ, বিজিবি, গোয়েন্দা বাহিনী এগুলো ধৈর্য সহকারে দেখছে। এগুলো নিশ্চয়ই আমাদের নির্বাচন কমিশনও দেখছে। এগুলো যদি মাত্রা ছাড়িয়ে যায়, তবে নিশ্চয়ই নির্বাচন কমিশন থেকে একটা নির্দেশনা আসবে, তখনই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, এখন আমরা যা দেখছি দুই-একজন করছে কিংবা ঘোষণা দিচ্ছে। এগুলো অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার শামিল, নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে, সেটার বিপরীতমুখী কর্মকাণ্ড। এগুলো নির্বাচন বানচালের কর্মকাণ্ড, এগুলো অবশ্যই গর্হিত অপরাধ। আমি মনে করি, এগুলো যদি সীমা অতিক্রম করে নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

ভোটগ্রহণকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা আছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সবসময় নাশকতা করে আসছে। নাশকতা দিয়েই তাদের জন্ম। কাজেই তারা এগুলো করবেই। আমাদের নিরাপত্তা বাহিনী সে বিষয়ে সজাগ রয়েছে। আমাদের গোয়েন্দা বাহিনীও কাজ করছে। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো যথাযথভাবে কাজ করছে বলেই নাশকতাকারীরা তেমন প্রভাব ফেলতে পারেনি। নাশকতাকারীদের দেশের জনগণ প্রতিহত করবে। জনগণ তাদের কোনোরকম আশ্রয়-প্রশ্রয় দেবে না। জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা দুই-একটা লিফলেট দিয়ে সেখান থেকে দ্রুত সরে যাচ্ছে। নিশ্চয়ই তারা এসব বন্ধ করবে। এখন পর্যন্ত তারা ব্যাপক হারে এটি করছে না। আমরা সজাগ আছি, যদি আরও বেশি করে, তখন আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কমিশন শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে পারবে কিনা- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, একটা সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। দেশে এখন নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে। সব জায়গায় নির্বাচনমুখী উৎসবের আমেজ। কাজেই একটা সুন্দর নির্বাচন হবে, এটাই আশা করি। কেউ বলল নির্বাচন করতে দেবে না, তাতেই দেশের জনগণ বসে থাকবে না। এদেশের জনগণ আগামী ৭ তারিখে তাদের যে কাজ সেটা অবশ্যই করবে।

ভোটের টার্ন আউট (ভোটের হার) কেমন হবে বলে মনে করছেন- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই ভালো টার্ন আউট হবে। পৃথিবীর দিকে যদি তাকান, এখন উন্নত দেশের টার্ন আউটগুলো দেখবেন, সেগুলোর ফিগার কী রকম আসে। জাপান এবং অন্য দেশগুলো যদি দেখেন, সেখানে টার্ন আউট কেমন, এর থেকে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি হবে।

আইন ও সালিশ কেন্দ্র থেকে বলা হয়েছে, ২০২৩ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২০ জন। মানবাধিকার পরিস্থিতি অস্বস্তিকর বলছেন তারা- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে একটা মানবাধিকার কমিশন রয়েছে। তারা কী বলে সেটা লক্ষ্য রাখবেন। বিদেশ থেকে কী বলল, কোথা থেকে কী বলল- তথ্যভিত্তিক কথা অনেক সময়ই আসে না। এর আগে ৭৮ জন গুম হয়েছে বলে আমাদের কাছে খবর পাঠিয়েছিল। আমরা দেখেছি এরমধ্যে ২৫ জন বিএনপির রাজনীতি করছে কিংবা কারাগারে আছে, আত্মগোপন করেছে, বিদেশে পালিয়ে আছে। অনেককে আমরাই খুঁজছি, এগুলো গুম নয়। এরা অনেক সময় তথ্যের বাইরে কিছু কথা বলে থাকে।