All posts by jitu

এক মসজিদে ৩৬ বছর খেদমত,মুয়াজ্জিন পেলেন রাজকীয় বিদায় সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি:

সরকারি চাকুরী শেষে ফেয়ারওয়েল আছে, আছে এককালীন আর্থিক সুবিধা ও পেনশন সহ নানা ধরনের সুযোগ-সুবিধা। কিন্তু যারা আল্লাহর ঘর মসজিদে খেদমতের কাজ করেন, দীর্ঘ দিন কাজ করার পরও তাদের ভাগ্য জুটে না কোনো বিদায় সংবর্ধনা। তবে এবার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ একই মসজিদে ৩৬ বছর খেদমত শেষে নোয়াখালীর বেগমগঞ্জে একজন মুয়াজ্জিন পেলেন রাজকীয় বিদায় সংবর্ধনা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তমপুর গ্রামের গুড়াগাজী বেপারী বাড়ি মসজিদে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

জানা যায়, গুড়াগাজী জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল উদ্দিন হুজুর। তিনি একই মসজিদে একটানা ৩৬ বছর, তিন যুগেরও অধিক সময় মুয়াজ্জিন হিসেবে খেদমত করে গেছেন। বয়স এবং কর্মক্ষমতা কমে যাওয়ায় দীঘ কর্মজীবন শেষে তিনি অবসর নেন। তার এই দীর্ঘ খেদমত জীবনকে স্মরণীয় করতে রাখতে মসজিদ কমিটির পরিচালনা পরিষদ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা এক্সপ্রেসের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে এলাকার হাজারো মুসল্লির উপস্থিতিতে তাদের পক্ষ থেকে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা সহ পরিবারের সদস্যদের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে মুয়াজ্জিনকে। এই সময় হাজারো মুসল্লি কয়েকটি পিকআপভ্যান এবং ফুলসজ্জিত একটি মাইক্রোবাসে করে মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল হুজুরকে ফুলেল শুভেচ্ছায় পুরো গ্রাম ঘুরিয়ে নিজ বাড়ীতে পৌঁছে দেন। এইদিকে একজন দীর্ঘদিন মসজিদে খেদমত জীবন শেষে এমন শুভেচ্ছার উদ্যোগকে স্বাগত জানান এলাকার অনেক উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ।

একজন সাধারণ মুয়াজ্জিন হিসেবে এমন বিরল সম্মান পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল হুজুর।

অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন, মসজিদের উপদেষ্টা ও দৈনিক নয়াদিগন্তের নোয়াখালী অফিস প্রধান মুহাম্মদ হানিফ ভুঁইয়া, সাংবাদিক তাজুল ইসলাম মানিক, স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান, সমাজ সেবক শরীফ উল্লাহ, মানবতা এক্সপেসের মনির হোসেন, মনসাদ আলম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকুরী জীবন শেষে এককালীন আর্থিক সুবিধা ও পেনশন সহ নানা সুযোগ-সুবিধা আছে। কিন্তু আল্লাহর ঘর মসজিদের খতিব, মুয়াজ্জিনদের জন্য এ সুবিধা না থাকলেও গুড়াগাজী জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল হুজুরের সম্মানজনক রাজকীয় বিদায় সংবর্ধনার এই উদ্যোগ আগামীতে অন্যান্য মসজিদের খতিব, মুয়াজ্জিনদের সম্মানে নতুন দিগন্ত উন্মেচিত হবে।

ইরাকে মার্কিন হামলা: বেসামরিক নাগরিকসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:

নিজেদের সেনা হত্যার প্রতিশোধ নিতে ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ও দেশটির সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ওপর এই হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় সিরিয়ার পর এবার ইরাক থেকে হতাহতের খবর এল।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ইরাক সরকারের মুখপাত্র জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর চালানো মার্কিন হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩ জন।

এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা চাইতে ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ১৮ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছে বলে এর আগে জানানো হয়। যুদ্ধ পর্যবেক্ষণবিষয়ক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে ইরাক ও সিরিয়ায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন সামরিক বাহিনী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং তেহরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ওপর হামলা চালানোর পরপরই পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ১৮ ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন দেইর এজ্জোর এলাকায়।

দেশীয় অস্ত্র ও ককটেলসহ কিশোর গ্যাং গ্রুপের ১৬ জন আটক

 

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং রতন গ্রুপ এবং ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।

সুপার জানান, শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর সার্কিট হাউস মোড় এলাকায় কিশোরদের গ্যাং রতন গ্রুপ এবং ঈগল গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে দুজন আহতও হয়। সেই সঙ্গে এ সময় উভয় গ্রুপের ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল রাতভর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুই গ্রুপের ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই কিশোর। ককটেল বিস্ফোরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য কিশোরদের গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, নাজমুল হাসান রাফি, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ দীনেশ বড়ুয়াসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিতে চায় কানাডা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে অধিকৃত পশ্চিম তীরের চরমপন্থি ও সংঘাতে উসকানিদাতা ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চায় কানাডা।

স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। জেরুজালেম পোস্ট

অন্টারিও প্রদেশের ওয়াটারলু শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, কানাডা পশ্চিম তীর অঞ্চলে সহিংসতার অবসান চায়। এজন্য এ পদক্ষেপটি আমাদের বিবেচনাধীনে রয়েছে।

মূলত জর্ডান নদীর পশ্চিমাংশের ৫ হাজার ৬৫৫ বর্গকিলোমিটার আয়তনের ভূখণ্ডটি ‘পশ্চিম তীর’ নামে পরিচিত।

নিজেদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে গত ৭৫ বছর ধরে ফিলিস্তিনের জনগণ যে আন্দোলন সংগ্রাম করছেন, সেই রাষ্ট্রের রূপরেখার মূল অংশে রয়েছে এই ভূখণ্ডটি। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের সুযোগ নিয়ে ১৯৬৭ সালে পশ্চিম তীর দখল করে ইসরাইল। পরে সেখানকার বিভিন্ন শহর-গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের পাঠানো শুরু করে দেশটি।

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে সেখানকার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী চার ইসরাইলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পশ্চিম তীরে সহিংসতা ‘অসহনীয় পর্যায়ে’ পৌঁছেছে।

নিষেধাজ্ঞার আওতায় ওই চার ইসরাইলি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন। তবে যে চার ইসরাইলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের নাম প্রকাশ করা হয়নি।

জাতীয় পার্টির বিষয়ে মানুষের ধারণা ভালো নয়: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট:

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, অনেকে বলেছে আমাদের দল ভাগ হয়ে যাবে। দল ভাগ হওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে, এই প্রেক্ষিতে দেখছি না। এরশাদ সাহেবের নাম ও আদর্শ দিয়ে আরও ১০টি দল যে কেউ গঠন করতে পারে। কিন্তু, আমাদের দল থেকে ভেঙে নিয়ে আরেকটি দল গঠন করার পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে দেখছি না। তবে, একটা জিনিস আমি বলতে চাই, আমাদের দলের ব্যাপারে মানুষের পারসেপশন (উপলব্ধি) কিন্তু ভালো নয়।

শনিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।
জি এম কাদের বলেন, আমরা অন্য দলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছি, সেটা পার্শিয়ালি কারেক্ট। আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দলের মধ্যে ব্যাপকভাবে সংশোধন হওয়ার দরকার আছে। আমরা যদি সেটা না করতে পারি তবে সামনের দিকে দল ভাঙবে না, তবে দলের অস্তিত্ব থাকবে না। দলকে মানুষ ভালোবাসবে না, দলের প্রতি মানুষের আস্থা থাকবে না।

জি এম কাদের বলেন, সরকারি দলের মন্ত্রীদের বক্তব্যে মনে হয় আমরা মধ্যযুগীয় ব্যবস্থায় চলে যাচ্ছে কিনা। হয়তো সাধারণ মানুষ এটি খেয়াল করে না। শ্রদ্ধেয় আইনমন্ত্রী সেদিন একটি কথা বললেন, সাগর-রুনির হত্যাকাণ্ডের বিষয়ে ১০৭ বার সময় নেওয়া হয়েছে, ১২ বছর চলে গেছে। তারপর উনি বলেছেন আরও ৫০ বছর লাগলে দিতে হবে। এটাকে আমি দেখেছি মধ্যযুগীয় ব্যবস্থার মতো। মধ্যযুগে পেশিশক্তির মাধ্যমে সবকিছু নির্ণয় করা হতো। অর্থাৎ জোর যার মুল্লুক তার। বিচারব্যবস্থা যদি বিলম্ব হয় তার মানে হচ্ছে, সে বিচার আর পাওয়া যাবে না। এই বিচার যদি আরও ৫০ বছর বিলম্ব হয় তাহলে এটি তো বিচারহীনতা হলো। তাহলে আমরা কি দেশকে বিচারাধীনতা উপহার দিতে যাচ্ছি?

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তিকর একটি স্টেটমেন্ট দিয়েছে। তারা বলেছে আওয়ামী লীগের ২৬টা সিট ছেড়ে দিলাম জাতীয় পার্টির ফেভারে। কিন্তু তারা সেসব ছাড়ে নাই, সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। আমাদের অনেক প্রার্থী বিভ্রান্ত হয়েছে। অনেকে এটাকে মহাজোট বলেছেন, আবার অনেকে এটাকে সিট ভাগাভাগির কথা বলেছেন। আমি প্রথম দিন থেকে বলেছি, এটা মহাজোট হয়নি। সিট ভাগাভাগিও হয়নি। এটা বিভ্রান্তিকর, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে করেছে। এটি না হলে আমাদের ফলাফল এর চেয়ে আরও ভালো হতো।

জি এম কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে টেকাতে হলে সবাইকে একলাইনে থাকতে হবে। আমরা যদি ব্যর্থ হই তবে দল মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা ভাঙন নিয়ে চিন্তিত নই। কিন্তু, আমাদের নিজেদের মধ্যে যে ত্রুটি আছে, সেগুলো সারিয়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, ঢাকা মহানগর উত্তরের আহ্বা‌য়ক বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান, সদস্য সচিব মো. সুলতান আহমেদ সেলিম প্রমুখ।

খেলাধুলার প্রসারের মাধ্যমে সন্ত্রাস, মাদক মুক্ত সমাজ গড়তে চাই: আবদুস সবুর এমপি

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে। খেলাধুলা মানুষের মনকে যে ভালো রাখে স্বাস্থ্যও ভালো রাখে। খেলাধুলার প্রসার ঘটানোর মাধ্যমে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চাই।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেঃ জেনারেল মো. মাইনুল ইসলাম।

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বলেন,
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভাবান ছেলে-মেয়েরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসূচি, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এমনকি উপজেলা পর্যায়েও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান করেছেন।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, নিরাপদ দাউদকান্দি, নিরাপদ তিতাস, উন্নত দাউদকান্দি, উন্নত তিতাস, স্মার্ট দাউদকান্দি, স্মার্ট তিতাস গড়তে চাই। আমরা চাই সবাইতে নিয়ে দাউদকান্দি-তিতাসকে সারা দেশের মধ্যে মডেল উপজেলা গড়তে চাই। এজন্য তরুণদের কাজ করতে হবে।

পিআইবির সাথে কুবি সাংবাদিক সমিতির মতবিনিময়

চাঁদনী আক্তার,কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর সদস্যদের সাথে মতবিনিময় করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) কুবিসাসের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় কুবিসাস’র সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার মতিন আবদুল্লাহ, কালেরকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন , কালবেলার মফস্বল সম্পাদক নাজমুস সাকিবসহ মোট ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ক্যাম্পাস সাংবাদিকতা, অনুসন্ধানী, বস্তুনিষ্ঠতা, ডিজিটাল সাংবাদিকতার গুরুত্ব, সময়ের সাথে তালমিলিয়ে চলা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। এছাড়াও ক্যাম্পাস সাংবাদিতার চ্যালেঞ্জ মোকাবেলা ও অধ্যায়নের প্রতি গুরুত্বরোপ করেন। পরে উভয়ের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য এসময় আরও উপস্থিত ছিলেন পিআইবির মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ শামসুদ্দিন, নূরে আলম, মোহাম্মদ লুকমান হোসেন, মোহাম্মদ পারভেজসহ কুবিতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সদস্যরা।

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাট্স এর ১২তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১২তম ব্যাচের বিদায় উপলক্ষে দোযা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ) বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা নগরীর রামমালা রোড ঠাকুরপাড়ায় প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডাঃ সৈয়দ আশরাফ হোসেন,ডাঃ সাইফুল ইসলাম,
সহকারী অধ্যাপক আলী আহসান টিটু,শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের হিসাব রক্ষন কর্মকর্তা মোহাইমিন রাফি, প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম,অফিস সহকারি তপন, রাজেশ প্রমুখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের অতিথিবৃন্দ সম্মাননা স্মারক প্রদান করেন।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন।

আলোচনা সভায় বক্তারা আরো বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ-প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগগুলোর ব্যবস্থাপনা ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সূচকগুলোর ব্যাপক অগ্রগতিতে স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়ে নিয়েছে বহুদূর।

চিকিৎসা বিদ্যা একটি মহান ও মহৎ পেশা। একজন রোগী সৃষ্টিকর্তার পর একজন ডাক্তার তথা চিকিৎসকে বিশ্বাস করে সবকিছু তার ওপর ছেড়ে দেন।

পেশাগত জীবনে চিকিৎসা সেবা এক মহান পেশা এবং জনসেবার এক উত্তম আদর্শ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন হাফেজ তামিম আহমেদ।

কক্সবাজারের বীচ পার্ক হোটেল চলছে নানা অফার

স্টাফ রিপোর্টার :

কক্সবাজার যাচ্ছেন, পছন্দের শীর্ষে থাকতে পারে হোটেল ‘বিচ পার্ক’। কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটন রাজধানী। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। কক্সবাজার গেলে সকাল-বিকেল সমুদ্রতীরে বেড়াতে মন চাইবে। সাগরের বিশালতার টানেই হোক কিংবা অবকাশ যাপন, জেলাটি সবসময় মুখর থাকে পর্যটকদের অভিবাদনের ব্যস্ততায়। বিপুল পর্যটকদের রাত্রিযাপন নিশ্চিত করতে সমুদ্র সৈকতের কাছে তৈরি করা হয়েছে অসংখ্য আবাসিক হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজ।

ছুটির দিনগুলোতে পর্যটকরা রুম পর্যন্ত পান না। অনেক হোটেলে আছে নানা সমস্যা-সুবিধা। এসবের ভিড়ে হোটেল ‘বিচ পার্ক’ থাকবে আপনার পছন্দের শীর্ষে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বিচ পার্ক’ কক্সবাজারে তিন তারকা মানের হোটেল। নিরাপত্তা, সার্ভিস সু্যােগ-সুবিধাসহ তাদের আছে নানা আয়োজন। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে গড়ে তোলা হয়েছে হোটেলটি। সেখানে তাঁরা ভেলেন্টাইন ডে উপলক্ষে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারী তাঁরা দিয়েছেন বিশেষ অফার কাপল প্রতি রাত ৩৯০০ টাকায় পাবেন বুফে ব্রেকফাস্ট, সেট লাঞ্চ ও সেট ডিনার।

এছাড়া ও পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে থাকবে নানা অফার,থাকছে ৩০% ডিসকাউন্ট। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হোটেল বিচ পার্ক কক্সবাজারের প্রাইম লোকেশনে অবস্থিত। সুগন্ধা ও কলাতলী বিচ থেকে ৫ মিনিট হাঁটার পথ। কলাতলী মেইন রোডে হওয়ার কারণে হোটেল থেকে সহজে যে কোনো গন্তব্যতে যাওয়া সহজ ও সুলভ। দুজনের জন্য কাপল রুম, চার জনের জন্য কানেক্টিভ রুম আছে। আবার কিছু রুম থেকে সমুদ্র দেখার সুযোগ তো আছেই। আছে নিজস্ব রেস্টুরেন্ট ও হলরুম সুবিধা। রুম বুকিং ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সবসময় ২৪ ঘণ্টা ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। রুম ভাড়া ৩ হাজার থেকে শুরু করে মানভেদে ৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। রুমের সাথে রুম অ্যামিনিটিস, বুফে ব্রেকফাস্ট, ফ্রুট বাস্কেট কমপ্লিমেন্টারি থাকে।

এ ছাড়াও, কমপ্লিমেন্টারি সার্ভিসসমূহের মধ্যে রয়েছে- ওয়েলকাম ড্রিংকস, ব্রেকফাস্ট (বুফে), এসি ও গিজার ফ্যাসিলিটি, আনলিমিটেড ওয়াই-ফাই, ইন রুম মিনারেল ওয়াটার এবং অন্যান্য সুবিধা, সন্তোষজনক নিরাপত্তা ব্যবস্থা (প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী দ্বারা নিয়ন্ত্রিত), পার্কিং সুবিধা, রেস্টুরেন্ট সার্ভিস ও রুম সার্ভিস ২৪ ঘণ্টাসহ অন্যান্য সুবিধা; যা আপনি-আপনার ভ্রমণকে করবে নিরাপদ, আনন্দদায়ক ও আরও মনোমুগ্ধকর। যোগাযোগ: ০১৩ ১৮ ২৫ ৯৭ ৬৭