All posts by jitu

মেঘনায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবাসহ মো. মিনহাজ ওরফে মিরাজ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার রাধানগর ইউনিয়নের রতনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে গতকাল দুপুরে মেঘনা থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মানিকারচর ইউনিয়নের আব্দুল্লাহর মোড় থেকে নতুন সড়ক হয়ে ছিদ্দিকের বাড়ির দিকে যাওয়ার পথে একটি আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রি করছে।

এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিনহাজ পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজ দীর্ঘদিন ধরে এলাকায় উঠতি বয়সী তরুণদের কাছে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া তার বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানাসহ মেঘনা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, মিনহাজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য আমরা আগে থেকেই নজরদারিতে রেখেছিলাম। অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল ও ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ হত্যা মামলার আসামী মোকবল হোসেন মুকুল চেয়ারম্যানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার গুনাইঘর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং গুলিতে আহত অবস্থায় একমাস পরে মারা যায় ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ। ওই দুই মামলায় এজহার নামীয় আসামী করা হয় ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে। আন্দোলনে সরকার পতনের পর তিনি পালিয়ে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মাহমুদকে। সোমবার তিনি ইউনিয়ন পরিষদে আসার খবর পেয়ে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, মোকবল হোসেন মুকুল বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলাসহ সকল মামলার এজহারভুক্ত আসামী। সোমবার সকলে তাকে আটক করা হয়েছে এবং আজকেই তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ; আটক ৪

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ; আটক ৪

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করেছে সংঘবদ্ধ একটি চক্র। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪জনকে আটক করেছে।

রবিবার (৩ মে) দিনগত রাত ১২টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে ওই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেন এর ছেলে মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) ও মৃত জয়নাল আবেদীন এর ছেলে মো. ইসমাইল (৩৭)।

জানা যায়- কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাসিন্দা দম্পতি রবিবার রাত ৯টায় ব্যাটারি চালিত একটি অটোরিক্সা যোগে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। রাত অনুমান ১০টায় অটোরিক্সাটি মাদারপুর গ্রামের পাশ্ববর্তী কামারখোলা গ্রামে আসার পর ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা অটোরিক্সাটি ঢেলে রওয়ানা করে। এসময় মোটরসাইকেল যোগ তিনজন যুবক এসে তাদের পথরোধ করে।

ভূক্তভোগীর স্বামী জানান- মোটরসাইকেল যোগে তারা তিনজন এসেই আমাদের সাথে খারাপ আচরণ শুরু করে। তারা ফোন করে আরও ২জনকে আনে। তাদের মধ্যে কয়েকজন আমার স্ত্রীকে জোর পূর্র্বক টেনে হেঁচরে মাঠের একটি ভূট্টাক্ষেতে নিয়ে যায়। একজন আমাকে আরও দূরে নিয়ে রাতের অন্ধকারে ছেড়ে দেয়। এসময় আমি পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে।

ভূক্তভোগী নারী এক সন্তানের জননী (২৭) জানান- আমাকে তারা জোর পূর্বক ভূট্টক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ শুরু করে। আমি তাদের পায়ে ধরেছি, চিৎকার করে কান্না করেছি। কিন্তু কেউ আসেনি। এ কথা বলেই বাকরূদ্ধ হয়ে কান্না শুরু করে ওই নারী।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- সংঘবদ্ধ ওই চক্রের সাথে পাঁচজন জড়িত। তাদের মধ্যে ২জন সরাসরি ধর্ষণ করে বাকিরাও অপেক্ষমান ছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বাকিরা সুযোগ পায়নি। আমরা ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করেছি। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভূক্তভোগী নারীর ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় ট্যাক্স বা হাসিল লাগবে না: প্রাণী সম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় কোনো ধরনের ট্যাক্স বা হাসিল লাগবে না। এমন কথা জানান কৃষি মন্ত্রী আমিনুর রশিদ। ক্রেতাদের অনলাইনমুখী করতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে যোগ করেন মন্ত্রী।

রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, এবার কোরবানির জন্য দেশে প্রায় ১ কোটি পশুর চাহিদা রয়েছে। দেশীয় খামারেই চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত থাকায় আমদানির প্রয়োজন হবে না।

তিনি জানান, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। হাটে চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে মাঠ প্রশাসন সক্রিয় থাকবে এবং কঠোর মনিটরিংয়ের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখা হবে।

গরু মোটাতাজাকরণে ক্ষতিকর ভ্যাকসিন বা অবৈধ পদ্ধতি ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।

এ ছাড়া কোরবানির পর জনদুর্ভোগ কমানো ও পরিবেশ সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চৌদ্দগ্রামে মহাসড়ক অবরোধ করে বশির হত্যার বিচার দাবী

‎‎চৌদ্দগ্রাম প্রতিনিধি:

‎কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত বশিরের হত্যার বিচারের দাবীতে থানার সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রবিবার(৩মে) উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চৌদ্দগ্রাম মডেল থানার সামনে ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এসময় থানার অফিসার ইনচার্জ বিক্ষোভকারীদের আশ্বস্ত করে হত্যাকারীদের গ্রেপ্তারে। উল্টোদিকে বিক্ষোভকারীরা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মিছিল শেষে বাজারের হায়দার মার্কেটের সামনে মানববন্ধন করে।

‎এ সময় থানার ভেতর থেকে বের হয়ে আসেন অফিসার ইনচার্জ মো: আরিফ হোসেন। তিনি হত্যাকারীদের আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। এরপর নেতৃত্ব দিয়ে মিছিলসহকারে মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নেন ওসি আরিফ হোসেন।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন, মোশাররফ হোসেন, সাইদুল হোসেন সাব্বির, সাজিন, বেলাল প্রমুখ। এসময় তারা বলেন, বশির ও রাহাত হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দুই হত্যাকারীরা একই পরিবারের। হত্যা করেও তারা কীভাবে প্রকাশ্যে ঘোরে এই প্রশ্ন তোলেন তারা। যদি ৭২ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আরো বড় আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দ্যেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মৃত বারেক মিয়ার ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদির এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় নাদির এর পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আবু রশিদ এর দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে এসে নাদির এর পক্ষের লোকজনের উপর হামলা করে। হামলায় বশির গুরুতর আহত হয়। হামলায় বশির এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার দিবাগত রাতে বসির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বসির এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর রাতে বিক্ষুব্ধরা আবু রশিদ এর দুইটি বাড়ীতে অগ্নিসংযোগ করে। এতে তাদের দুইটি বসতঘর পুড়ে যায়। ওই ঘটনায় ৬ পুলিশ আহত হয়।

রাজধানীর বাড্ডায় এলপিজি সিলিন্ডার গোডাউনে অগ্নিকাণ্ড: ২ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ এলাকায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।!

গত ১ মে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ২ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক।

জিডি সূত্রে জানা যায়, ‘মুক্তিযোদ্ধা এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। আগুনে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার, নগদ ২১ লাখ টাকা, মোটরসাইকেল এবং অফিসের প্রয়োজনীয় ইলেকট্রনিক সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বাড্ডা থানা জিডি নং ৪৮ তারিখ : ১/ ৫/ ২০২৬।

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে নির্মানাধীন ঘরের টিনের চাল চাপা পড়ে একজনের মৃত্যু

মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন একটি টিনের ঘরের চাল ও খুঁটি ভেঙে পড়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের চাল ও খুঁটি তার ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। পর্যায়ক্রমে জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

রোববার (৩ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানকালে পুলিশ সুপারের বাসভবনের উত্তর পাশ, ওয়ারলেস বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন এলাকা, ওয়ারলেস সবজি বাজার, গোশতের বাজার এবং ওয়ারলেস মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এর আগে সড়ক বিভাগ থেকে সংশ্লিষ্ট এলাকায় নোটিশ প্রদান এবং মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী জানায়, এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ এবং সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলবে। জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশের ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের আওতায় আনা হয়েছে।

তিনি আরো জানায়, উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জানান, অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া

অদিতি করিম:

আমাদের শিশু কিশোররা এখন এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শিশুদের বিকাশে এখন সবচেয়ে বড় বাধার নাম সোশ্যাল মিডিয়া। ছোট শিশুদের হাতে আমরা বইয়ের বদলে তুলে দিচ্ছি স্মার্ট ডিভাইস। শিশুরা আসক্ত হয়ে পড়ছে মোবাইলে। যা খুশি দেখতে পারছে অবাধে। লেখাপড়ার বদলে সারাক্ষণ তাদের চোখ ডিভাইসে।

এটা একদিকে যেমন তার মানসিক বিকাশের উপর প্রভাব ফেলছে অন্যদিকে তার নানা রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। কিশোর বয়সে এসে মোবাইল তাকে মাদকে আসক্ত করছে, কিশোরদের প্রলুব্ধ করছে সহিংসতায়।

মোবাইল ডিভাইসে অশ্লীল কনটেন্ট দেখে কিশোররা ইভ টিজিংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। একসময় কিশোর বয়সেই তারা ফেসবুক আর টিকটকের কারণে হয়ে যাচ্ছে কিশোর গ্যাং। এভাবেই একটার পর একটা প্রজন্ম চলে যাচ্ছে বিপথে। সোশ্যাল মিডিয়ার কারণে ধ্বংস হচ্ছে আমাদের শিশু কিশোরদের সুন্দর ভবিষ্যৎ।

‘আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের হামলা’ এ রকম ঘটনার খবর আমরা হরহামেশাই শুনে থাকি। হামলায় কিশোর নিহতের খবরও নতুন নয়। প্রতিটি হামলার ঘটনায় থাকছে সর্বনিন্ম ৩০-৪০ জনের একটি সংবদ্ধ কিশোর দল।

কোথায়ও কোথাও হামলায় শতাধিক কিশোরও দেখা যায়। কিন্তু প্রশ্ন মুহূর্তে এত কিশোর এক সাথে জোর হচ্ছে কিভাবে? এমন প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে এলো ভয়ংকর তথ্য! কিশোর অপরাধ বৃদ্ধির একটি বড় কারণ তথ্য-প্রযুক্তির অপব্যবহার। প্রত্যেক হামলার পেছনেই ব্যবহার হচ্ছে তথ্য-প্রযুক্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে গ্রুপ খুলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাই মুহূর্তেই খবর পৌঁছে যাচ্ছে বিভিন্ন স্থানে থাকা গ্রপের অন্য সদস্যদের নিকট। যার ফলে স্বল্প সময়ের ব্যবধানে তারা এক জায়গায় জড়ো হয়ে হামলা, ভাঙচুর ও খুনের মত ঘটনা ঘটাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম উন্মুক্ত ও নিয়ন্ত্রণহীন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সেখানে নানা ধরনের আচরণ ও কার্যকলাপ শিশুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য ক্ষতিকর। প্রতারণা ও হয়রানি ঝুঁকির পাশাপাশি শিশুরা অনলাইন বুলিংয়েরও শিকার হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ ব্যবহারের আরেকটি চিন্তার বিষয় হলো অতিরিক্ত স্ক্রিন টাইম। বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, এসব অ্যাপ এমনভাবে তৈরি করা হয় যাতে ব্যক্তিগত অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীর মনোযোগ সর্বোচ্চ সময় ধরে রাখা যায়। ফলে সব বয়সের ব্যবহারকারীই দীর্ঘ সময় ডিভাইসে কাটাতে বাধ্য হন। শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি বাজে ফলাফল, ঘুমের অভাব এবং সামাজিক যোগাযোগ কমে যাওয়ার কারণও হতে পারে।

এই সমস্যাটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারাবিশ্বে শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া এখন সবচেয়ে বিপজ্জনক পথ। বিশ্বের বিভিন্ন দেশ একারণেই শিশু কিশোরদের জন্য ফেসবুক, টিকটক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করেছে।

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স ,ডেনমার্কের, স্পেন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশশিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধের ঘোষণা দিয়েছে। গত বছরের ১০ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১৬ বছরের কমবয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে। যুক্তরাজ্যও এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।

দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস ২১ জানুয়ারি ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয়। বিষয়টি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের ওপর অস্ট্রেলিয়ার মতো কঠোর হতে মারাত্মক চাপ তৈরি করেছে। অন্যদিকে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ফ্রান্স ও ডেনমার্কও বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে।

নরওয়ে বর্তমান বিধিনিষেধগুলো কাজ করছে না বলে স্বীকার করেছে। দেশটি আরও কার্যকর তদারকি ব্যবস্থা তৈরির কাজ করছে। চীন শিশুদের জন্য সবচেয়ে কঠোর ডিজিটাল নিয়ন্ত্রণব্যবস্থাগুলোর একটি প্রয়োগ করে। ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য দৈনিক স্ক্রিনটাইম ৪০ মিনিটে সীমাবদ্ধ করেছে। তাদের জন্য স্থানীয় সময় রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ডিজিটাল প্রবেশাধিকার সম্পূর্ণভাবে বন্ধ করেছে।

যুক্তরাষ্ট্রে ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে শিশু ও কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। লস অ্যাঞ্জেলসে গত ২৬ জানুয়ারি এই মামলাটি দায়ের হয়, যেখানে এই তিন জনপ্রিয় প্ল্যাটফর্মের মূল প্রতিষ্ঠান মেটা, অ্যালফাবেট ও বাইটড্যান্সের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা শিশুদের সোশ্যাল মিডিয়ায় আসক্ত করে তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। মামলায় উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ব্যবহারকারীদের মনোযোগ ধরে রাখে এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কনটেন্ট প্রচার করে। বাদী পক্ষ বলছে, প্রতিষ্ঠানগুলো তাদের প্ল্যাটফর্মের এলগরিদম এমনভাবে তৈরি করেছে যা শিশুদের আসক্ত করে ফেলে।

বৈশ্বিক এই উদ্যোগগুলো এ কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যে ক্ষতি হচ্ছে, তার পুরো দায় শুধু মা–বাবার ওপর দেওয়া সঠিক নয়; বরং যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শিশুদের মনোযোগ ধরে রাখার বিনিময়ে কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করছে, এ ক্ষতির দায় তাদেরও বহন করতে হবে।

একসময় ভাবা হতো, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিশু-কিশোরদের ওপর বাবা-মা ঠিকভাবে নজর রাখলেই সমস্যা হবে না; কিন্তু এখন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, নরওয়ে, তুরস্কসহ অনেক দেশেই সরকারগুলো বলছে, শুধু অভিভাবকের তদারকিই যথেষ্ট নয়। এর মানে এটা নয় যে অভিভাবক হিসেবে মা–বাবা বা সরকার দায়মুক্ত। শিশুদের সুরক্ষায় পরিবার অনস্বীকার্য। ভূমিকা রয়েছে রাষ্ট্রেরও। তবে এখন স্পষ্ট হচ্ছে যে শিশুদের অনলাইন নিরাপত্তার দায় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এড়াতে পারে না।

আমাদের দেশের অনেক অভিভাবক শিশুদের আবদারপূরণ ও ‘বিরক্ত করা’ থেকে বাঁচতে শিশুদের হাতে মুঠোফোন তুলে দেন। অনেক সময় তাদের খাওয়ানো কঠিন হয়ে পড়ে। এসব ‘ঝামেলা’র শর্টকাট সমাধানের জন্য মুঠোফোন হাতে তুলে দেওয়াই স্বস্তিকর। এটি হয়তো সাময়িক একটি সমাধান; কিন্তু এটিই শিশু-কিশোরের মারাত্মক আসক্তি তৈরির সুযোগ করে দেয়। যা তাকে ভবিষ্যতে এমন একটি জালে আটকে দেয়, যেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন। এই ডিজিটাল জগৎ তাদের জন্য যতটা আকর্ষণীয়, ততটাই ঝুঁকিপূর্ণ। উদ্বেগ, বিষণ্নতা, ঘুমের সমস্যা, আসক্তি—এসব এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রশ্ন হলো, এই ক্ষতির দায় কার? এক্ষেত্রে অভিভাবকদের একা দাঁড় করানো বাস্তবসম্মত নয়। একটি পরিবার কীভাবে ট্রিলিয়ন ডলারের অ্যালগরিদমের সঙ্গে প্রতিযোগিতা করবে?
সারাবিশ্ব শিশুদের সুরক্ষার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও বাংলাদেশ এখন পর্যন্ত এ বিষয়ে একেবারেই উদাসীন। সাম্প্রতিক সময়ে পুলিশের তথ্য বলছে, ক্রমবর্ধমান কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি বাল্যবিবাহ নিয়ে কাজ করা একটি উন্নয়ন সংস্থার গবেষণায় উঠে এসেছে যে, সোশ্যাল মিডিয়ার কারণে বাল্যবিবাহ বেড়েছে। অন‍্য একটি গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ার কারণে নারী বিশেষ করে কিশোরীদের উপর যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে। কিশোরদের প্রেমের ফাঁদে ফেলে তাদের অশ্লীল ভিডিও করে ব্ল্যাকমেইল করার ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে।

গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরে সোশ্যাল মিডিয়ার কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে অন্তত ২০৯টি। আমাদের শিশু কিশোরদের বই পড়ার অভ্যাস কমে গেছে। তাদের মনোসংযোগ নষ্ট হয়েছে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া কেড়ে নিচ্ছে আমাদের শিশু কিশোরদের জীবনী শক্তি। এই বিষয়টি আমরা যত উপেক্ষা করবো, সমস্যা ততই ঘনীভূত হবে। তাই এক মুহূর্ত দেরি না করে এখনই সোশ্যাল মিডিয়াকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এটাই হওয়া উচিত সরকারের অন্যতম অগ্রাধিকার।

অদিতি করিম
লেখক: লেখক ও নাট্যকার
ইমেইলঃ auditekarim@gmail.com

নাহিদ ও প্রিমুর নেতৃত্বে কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৯৩ জনের আংশিক কমিটি ঘোষণা

নাহিদ ও প্রিমুর নেতৃত্বে কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৯৩ জনের আংশিক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:

প্রায় এক বছর পর কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৯৩ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে নাহিদ রানা ও সাধারণ সম্পাদক পদে ফায়াজ রশিদ প্রিমু যথারীতি রয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে ২৮ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৫৯ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৪৫ জন এবং সহ-সংগঠনিক সম্পাদক পদে ৫৪ জন জায়গা পেয়েছেন।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে রয়েছেন আবুল কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আরমানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ইসমাইল হোসেন।

শুক্রবার (১ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৯৩ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। যদিও কমিটি গতকাল ২ মে রাতে প্রকাশ করা হয়।

এর আগে বিগত ২০২৫ সালের ১৫ মে (বৃহস্পতিবার) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়। মহানগর কমিটির অন্যান্য পদে ছিলেন সিনিয়র সহ সভাপতি পদে শাহাবুদ্দিন ভূইয়া হাসিব, সহ সভাপতি পদে তারেক আজিম ভূইয়া রাজন ও সহ সভাপতি পদে শরিফুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরমানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইয়াছিন উল আজিম কাফি,আহসানুল রাব্বি, ওসমান রহমান, ফারদিন মজুমদার, রকিবুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক পদে ইসমাইল হোসেন।

এই কমিটিকে এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হলেও প্রায় গত এক বছর ধরে এই কমিটি পূর্নাঙ্গ হয়নি।