All posts by jitu

রাজপথ থেকেই সরকারের বিদায় ঘণ্টা বাজাবে বিএনপি: মঈন খান

ডেস্ক রিপোর্ট:

রাজপথ থেকেই সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে বলে হুংকার দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুংকার দেন।

মঈন খান বলেন, সরকারের বিদায় ঘণ্টা বাজাতে রাজপথে নেমেছে বিএনপি। শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে কর্মসূচি পালন করা হয়েছে। কালো পতাকার কালো আধারে বিদায় নিতে বাধ্য হবে ক্ষমতাসীনরা।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারি রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নির্বাচন করেছে সরকার। এর মধ্যদিয়ে জনগণের নৈতিক পরাজয় হয়েছে।

দিল্লির শাসনে বাংলাদেশ চলতে পারে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, উপনিবেশ কায়দায় দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

নোয়াখালীতে কিশোরীকে এক মাস আটকে রেখে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে সৌরভ হোসেন আলিফ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নোয়াখালীর বিচারিক আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার সৌরভ বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

মামলার বাদী ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত ২০ ডিসেম্বর সকালে আলিফ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায়। পরে চট্টগ্রামের একটি বাসায় এক মাস ছয় দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে বিয়ে না করে গতকাল শুক্রবার দুপুরে মেয়েকে বাড়ি পাঠালে বিস্তারিত জানতে পারি। পরে রাতেই থানায় মামলা করি।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘মামলা দায়েরের পর রাতেই আলিফকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

আইসিজের আদেশের পরও থামছে না ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলকে গাজায় হামলা বন্ধের আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)। তবে এ আদেশের পরও থামছে না দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটির সেনাবাহিনীর বর্বর হামলায় গাজায় ১৭৪ জন নিহত হয়েছেন। একই সময়ে আহতের সংখ্যা ৩১০।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে ১১৩ দিনের ইসরাইলি হামলায় মোট নিহত হয়েছেন ২৬ হাজার ২৫৭ জন। আর আহত হয়েছেন ৬৪ হাজার ৭৯৭ ফিলিস্তিনি।

শুক্রবার ইসরাইলের বিরুদ্ধে আইসিজের আদেশে বলা হয়েছে, এ আদেশের পর গাজায় গণহত্যা থামাতে ইসরাইল কী কী পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারে এক মাসের মধ্যে আদালত বরাবর একটি প্রতিবেদন দাখিল করতে হবে।

এদিকে আইসিজের এ আদেশে এখনো সন্তুষ্ট নয় গাজার নিপীড়িত মানুষ। বাস্তুহারা অনেকে বলছেন, আইসিজের এ আদেশ ইসরাইলকে বর্ববরা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।

গাজার বাসিন্দা আহমেদ আল জিনাতি বলেন, আইসিজের উচিত ছিল গাজায় দ্রুত যুদ্ধবিরতি করতে ইসরাইলকে আদেশ দেওয়া। কিন্তু তা তারা করেননি। তাই আমরা চরমভাবে হতাশ।

এদিকে আদেশের পর শুক্রবার একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরাইল এমন একটি যুদ্ধ লড়ছে, যা অন্য কোনো যুদ্ধের মতো নয়।

তিনি আরো বলেন, ইসরাইল আন্তর্জাতিক আইন মেনে দেশ ও নাগরিকদের রক্ষা করে যাবে।

দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির আদালতের রায়ের পর এক টুইটবার্তায় আইসিজেকে উপহাস করেছেন।

ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে গত ডিসেম্বরে ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা।

চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুই দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরাইলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন।

জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পদক্ষেপ ঘোষণা করা জরুরি বলেও উল্লেখ করা হয়।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার :

দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে বায়োজিত হোসেন শুকতা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২৪শে জানুয়ারী বুধবার বাংলাদেশ সময় ভোররাত ৩টায় কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুকতা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পৌরসদরের কিং শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মমিন ড্রাইভারের ছেলে। সুকতা চৌদ্দগ্রাম বয়েজক্লাবের সাবেক কৃতি ফুটবলার।

পরিবার সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকার কেপটাউনের কিম্বানী এলাকায় গত রবিবার রাত সন্ধ্যা ৯টায় (আফ্রিকান সময়) সন্ত্রাসীরা বায়োজিত আহমেদ শুকতার উপর গুলিবর্ষন করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কিং ভ্যালি হাসপাতালে নেয়া হলে টানা তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।

নিহতের ভাই জাবেদ হোসেন ও বোন সুমি আক্তার জানার, গত রবিবার রাতে সুপার শপের ক্যাশে বসা ছিল বায়োজিত। এসময় অজ্ঞাত সন্ত্রাসীরা বায়োজিদকে অন্তত ৫রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

দেবিদ্বারে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি, রাজনৈতিক হামলা-মারধর অবাধে চলছে

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনের পরদিন থেকে  অবাধে  হামলা-ভাংচুর, মারধর  চলছে। ফলে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এ উপজেলায়। এ আসনে নৌকা প্রতিকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল পরাজিত হওয়ার পর তার নেতাকর্মীদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। প্রশাসনের রহস্যজনক নিরবতার জন্যই এসব হামলা-মারধর অব্যাহত রয়েছে বলে নৌকা প্রতিকের নেতাকর্মীরা জানান।

৮ জানুয়ারি থেকে অদ্যাবধি নৌকা সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের উপর প্রায় শতাধিক হামলা-মারধরের ঘটনা ঘটেছে। বর্তমান এমপি আজাদের লোকজন এসব ঘটনায় জড়িত বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ২৩ জানুয়ারি ভোরে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময়  রাজামেহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিককে বর্তমান সাংসদ আবুল কালাম আজাদের লোকজন  অতর্কিতভাবে হামলা করে  কুপিয়ে আহত করে। এ সময় সন্ত্রাসীরা বলে যায় আর করবিনি নৌকা । মানিক এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

২৩ জানুয়ারি সন্ধ্যায় রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো: ইউনুস বাহাদুরকে মারধর করে রক্তাক্ত আহত করা হয়। প্রথমে তাকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার নিউমার্কেট এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি সাদ্দাম হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ের দরজা ভেঙ্গে প্রবেশ করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় ল্যাপটপ, মোবাইল, নগদ টাকাসহ অনেক জিনিসপত্র নিয়ে যায়।

ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ আনিল নৌকার পক্ষে কাজ করায় শনিবার তাকে মারধর করে। সে প্রাথমিক চিকিৎসা নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। একই দিন ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের জৈনুদ্দিন বাড়ির মোহাম্মদ ইউনুস মিয়া, ছাড়া বাড়ির মোঃ রফিক ও দুয়াগাজীর বাড়ির মোহাম্মদ খোরশেদকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ঈগলের সমর্থকরা।

এছাড়া মিথ্যা মামলা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানীর অভিযোগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও তার সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচনের দিন বিকেলে খলিলপুর গ্রামের জসিম উদ্দিন নামে এক ব্যক্তির খড়ের স্তুপ পুড়ানো, গালিগালাজ ও হুমকির অভিযোগে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক সহ ৭৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়৷ যাদের সবাই আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ৪ ইউপি সদস্য।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার জানান, বর্তমান সরকার আওয়ামী লীগের। অথচ প্রতিদিন নৌকার লোকদের মারধর করে রক্তাক্ত করা হচ্ছে। যা খুবই লজ্জাকর।

এ বিষয়ে জানতে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়ার মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

 

কুবিতে চৌদ্দগ্রাম অ্যাসােসিয়েশনের নতুন কমিটি: সভাপতি মামুন ও সম্পাদক আরিফুল

 

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২৫ শে জানুয়ারি) বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

নবগঠিত এই কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুন মজুমদার ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম।

এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন হাবিবুর রহমান (পরিসংখ্যান ১২ তম আবর্তন),জহিরুল ইসলাম পারভেজ (মার্কেটিং ১২ তম আবর্তন), ইকবাল হোসাইন (আইন ১২ তম আবর্তন), আকরাম হোসাইন (এআইএস ১২ তম আবর্তন), জয়নাল আবেদীন জিহাদ (ফার্মেসী ১২ তম আবর্তন), নুরুন্নবী (এমসিজে ১২ তম আবর্তন), আসিফ এয়াকুব (নৃবিজ্ঞান ১২ তম আবর্তন), হাবিবুর রহমান (অর্থনীতি ১৩ তম আবর্তন)।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়াজ আল মাসুম (আইসিটি ১৩ তম আবর্তন), ফারহানা সুলতানা (অর্থনীতি ১৩ তম আবর্তন), ইসরাত জাহান তানহা (অর্থনীতি ১৩ তম আবর্তন), শায়লা রহমান চৈতী (নৃবিজ্ঞান ১৩ তম আবর্তন), মেহেদী হাসান শরীফ (ম্যানেজমেন্ট ১৪ তম আবর্তন), উম্মে সায়মা উষা (ম্যানেজমেন্ট ১৩ তম আবর্তন), মোঃ নাহিদুল ইসলাম আকাশ (মার্কেটিং ১৩ তম আবর্তন)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রুপম দাস, রিফাত হোসেন, রিমন মাহমুদ, রুবায়েত শারমিন, আব্দুর রহমান, কামরুজ্জামান, মরিয়ম মজুমদার, শাহাদাৎ তানভীর রাফি, মাহমুদ সাকিব, ইমরান হোসাইন, রাহাত ভুইঁয়া, মাহমুদ জুবায়ের, সালাউদ্দিন পাটোয়ারি।

অর্থসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাহিম ফারসি, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহাদাৎ হোসেন জামিম , উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতাউল মাহমুদ শাওন , প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এনায়েত হোসেন , উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাঈদ আহমেদ রিফাত, ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আফসার আহমেদ বিশাল।

ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন তানজুম আক্তার খাদিজা, আনিকা তাবাস্সুম সাদিয়া, সুমাইয়া চৌধুরী, রাবেয়া আক্তার, জান্নাতুল ফেরদাউস মিমি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন তাইয়্যেব তোহা।
কার্যনির্বাহী সদস্য হয়েছেন শিহাব সজিব, আদনান, সাবের হোসেন, জেরিন সুলতানা স্মৃতি,মাহমুদা সুলতানা আবরার।

সংগঠনটির উপদেষ্টা হিসাবে আছেন কুমিল্লা বিশ্বিবিদ্যালয়ে কর্মরত চৌদ্দগ্রামের সকল শিক্ষক এবৎ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ ব্যাচের চৌদ্দগ্রামের সকল শিক্ষার্থী আজীবন সদস্য হিসেবে রাখা হয়েছে।

আগামী এক বছর এ কমিটি তাদের দায়িত্ব পালন করবে।

চান্দিনায় যুবলীগ নেতাকে আটক করে ২ মামলার আসামি করলেন পুলিশ !

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৭(চান্দিনা) সংসদীয় আসনে নির্বাচন পরবর্তী সহিংসতা, গ্রেফতার-মামলা ও হয়রানি চলছেই। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্তাকিম আশরাফ টিটুর পক্ষে কাজ করা আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়মিত হয়রানি-নির্যাতন ধারাবাহিকভাবে চলছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে  নিজ বাড়ি থেকে শুহিলপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন সরকারকে আটক করে নিয়ে যায় থানা পুলিশ। তাকে পূর্বের দুটি পেন্ডিং মামলায় অজ্ঞাত আসামির তালিকায় আসামি করে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। নাছির উদ্দিন শুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছোট ভাই।

নাছির উদ্দিনের পরিবার জানায়, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আমাদের পরিবারের উপর হামলা-হুমকি চলছে। অনেকবার পুলিশ আসছে। আজ নাছিরকে পুলিশ কোন কারণ ছাড়াই ধরে নিয়ে গেছে। তার নামে কোন মামলা, অভিযোগ নেই। অভিযোগ একটাই-কেন টিটুর পক্ষে নির্বাচনে কাজ করলো।

এ বিষয়ে বুধবার রাত সাড়ে ১০ টায় চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সনজুর মোরশেদ জানান, সে স্যারের (এমপি ডা: প্রাণ গোপাল) বিরুদ্ধে অনেক  অশোভন কথা বলেছে। তাই আটক করে থানায় আনা হয়েছে।

সংসদ সদস্য ডা: প্রাণ গোপালের বিরুদ্ধে কথা বলায় তাকে আটক করা হলেও আজ (বৃহস্পতিবার) তাকে পুর্বের দুটি মামলায় আসামি করে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন নবনিযুক্ত হুইপরা

ডেস্ক রিপোর্ট:

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে নবনিযুক্ত হুইপরা শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

অন্য হুইপরা হলেন— ইকবালুর রহিম (দিনাজপুর-৩ আসন), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২ আসন), মো. নজরুল ইসলাম বাবু ( নারায়ণগঞ্জ-২ আসন), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মুর্তজা (নড়াইল-২ আসন)।

গত মঙ্গলবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত ২টি আলাদা প্রজ্ঞাপনে জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেয় সংসদ সচিবালয়।

খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলেই আইনি ব্যবস্থা : পরিবেশমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকায় খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বায়ুদূষণ বন্ধ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। যেটা এতদিন ছিল না। যারা বায়ুদূষণের জন্য দায়ী তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জরিমানার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।

সাবের হোসেন চৌধুরী বলেন, বায়ুদূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা ভেঙে ফেলবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ঢাকার চারপাশে অবৈধ ইটভাটার সংখ্যা আছে একহাজার। আর সারা দেশে আছে দুই হাজার অবৈধ ইটভাটা। এগুলো ধীরে ধীরে সব ধ্বংস করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু উন্নয়ন ও জীববৈচিত্র্য উন্নয়নে আর্থিক এবং কারিগরি সহায়তা করবে ফ্রান্স। বাংলাদেশের যে কোনো প্রয়োজনে বন্ধু হয়ে পাশে থাকবে দেশটি।

বাংলা‌দেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের অবস্থানের পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলা‌দেশ সরকার ও রাজনৈ‌তিক দলগু‌লোর সঙ্গে কাজ করে যাবে।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষা‌ৎ করতে আসেন ব্রিটিশ হাইক‌মিশনার। মন্ত্রীর সঙ্গে বৈঠ‌ক শেষে এ কথা জানান কুক।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আমাদের দুই পক্ষের সম্পর্ক আরও শ‌ক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। বা‌ণিজ্য, বি‌নিয়োগ, নিরাপত্তা অংশীদা‌রিত্ব, জলবায়ু সংকট, অ‌ভিবাসন ও রো‌হিঙ্গা ইস্যুতে আলোচনা করেছি।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ৮ জানুয়া‌রি একটি বিবৃতি প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। সেই প্রসঙ্গ টেনে ব্রিটিশ হাইকমিশনার বলেন, নির্বাচন নিয়ে আমরা ৮ জানুয়া‌রি বিবৃতি দিয়ে‌ছি। মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাব।

গত ৮ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি। আর নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।