All posts by jitu

৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নেতৃত্বে জিলানী ও শরীফ

৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নেতৃত্বে জিলানী ও শরীফ

স্টাফ রিপোর্টার:

পূর্বের কমিটি স্থগিত করার প্রায় ১১ মাস পর কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও আজমীর হোসেন শরীফকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

২ মে (শনিবার) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি পদে সোলেমান মুন্সী, সহ সভাপতি পদে এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে একরামুল হক ভূইয়া রাসেল এবং সাংগঠনিক সম্পাদক পদে সালাউদ্দিন রকি রয়েছেন।

এর আগে বিগত ২০২৫ সালের ১৫ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে সোলেমান মুন্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজমীর হোসেন শরীফ ও সাংগঠনিক সম্পাদক পদে শাহাদাৎ হোসেন রবিন ছিলেন।

ওই কমিটি ঘোষণার কিছুদিনের মধ্যে পদবঞ্চিতদের আন্দোলনের মুখে ওই বছরের ৪ জুন ওই কমিটি স্থগিত করে দেয়া হয়। এর প্রায় ১১ মাস পর গতকাল রাতে পুনরায় ৫ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

মুরাদনগরে নিজ বাড়িতে গাঁজা চাষ: মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে নিজ বাড়িতে গাঁজা চাষ: মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরের মেটাংঘর গ্রামে নিজ বাড়িতে গাঁজা চাষের অভিযোগে মহিউদ্দিন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মেটাংঘর গ্রামের মৃত সূর্য মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মহিউদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে গোপনে তার বাড়ির ভেতরে গাঁজার গাছ চাষ করে আসছিলেন। পরে, বাঙ্গরা বাজার থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসতবাড়ি থেকে ৪টি গাঁজার গাছ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করে।

এ বিষয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার গাছের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ছেলের

দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ছেলের

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খালিদ হোসেন (৮) নামে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) সকাল ১০ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত খালিদ দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শিশু তার বাবার সঙ্গে দেবিদ্বারের পৌর এলাকার বাবুস সালাম নামে একটি হাফিজিয়া মাদরাসা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে পৌঁছালে ভাঙা সড়কের ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় শিশুটি। পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে তারা বাবা শিশুটির রক্তাক্ত মরদেহ নিয়ে বাড়িতে চলে যান।

দেবিদ্বার বাবুস সালাম মাদরাসার শিক্ষক মো.আবু সাঈদ জানান, খালিদ হোসেনের বাবা মোয়াজ্জেম হোসেন গত সপ্তাহে বাবুস সালাম মাদরাসায় অফিসিয়াল কাজ দেখাশোনার করার জন্য চাকরিতে যোগ দেন। তখন খালিদকেও তার সঙ্গে আসা যাওয়া করত।

রবিবার সকালে মাদরাসার কাজ শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। খালিদ বাবা সঙ্গে এমনি মাদরাসায় আসা যাওয়া করলে সে ভর্তি হয়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানায়, শিশুটি ঘটনাস্থলে মারা গেছে। ঘটনা শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

কুমিল্লায় বিএনপির সভাপতি রেজাউল আটক, থানা ঘেরাও

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে তার অনুসারীরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন।

রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক আটকের বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কী কারণে তাকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

তিনি জানায়, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

চান্দিনায় ধান কাটার শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার

চান্দিনায় ধান কাটার শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় শ্রমিকরা।

রবিবার (৩ মে) সকালে চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বৃদ্ধা সমীরণ বেগম (৬৮) ওই গ্রামের আবদুল বাতেন মোল্লা’র স্ত্রী।

স্থানীয়রা জানান- ধান কাটার জন্য ২৭ এপ্রিল বিকেলে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার শ্রমিকের হাট থেকে ৪জন শ্রমিক ভাড়া আনেন। শনিবার একজন শ্রমিক তাদের পরিবারের একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ায় পর ওই শ্রমিকরা রাতে আরও একজনকে ভাড়া আনেন। শ্রমিকরা তাদের বসত ঘরের মাঝের কক্ষে থাকতেন। একপাশের কক্ষে বৃদ্ধা সমীরণ বেগম ও অপর পাশের কক্ষে তার স্বামী আবদুল বাতেন মোল্লা ঘুমাতেন।

নিহতের ছেলে বশির মোল্লা জানান- প্রতিদিন ভোরে উঠে মা ফজরের নামাজ আদায় করতেন। শ্রমিকরাও খুব সকালে উঠে কাজ শুরু করতো। রবিবার সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি শ্রমিকরা নেই এবং পাশের কক্ষের বিছানায় আমার মায়ের হাত-পা বাঁধা এবং গলায় পর্দার কাপড় প্যাচিয়ে রাখা। আমরা ডাক চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে আসেন।

শ্রমিকদের নাম ও পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- তাদের কারও নামই আমাদের জানা নেই বা তারাও বলেনি। তবে তাদের বাড়ি চাঁদপুর ও ঢাকা জেলায় বলে জানান।

ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন সরকার জানান- বাতেন মোল্লা আমাদের এলাকার বেশ সম্পদশালী। এক ছেলে ও তিন মেয়ে তার। প্রতি বছর ক্যান্টনম্যান্ট থেকে শ্রমিক এনে কাজ করান। প্রতিবারের ন্যায় এবারও শ্রমিক আনার পর শ্রমিকরা বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার পর নগদ প্রায় ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও অনেক মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ওই বাড়িতে আসি এবং পুলিশে খবর দেই।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান- প্রাথমিক তদন্ত শ্রমিকরাই ওই বৃদ্ধাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যান্টনমেন্ট থেকে শ্রমিক আনতে সকলেই সতর্ক থাকা প্রয়োজন। প্রত্যেক শ্রমিকের আইডি কার্ড ও ছবি রাখা জরুরী বলে মনে করেন ওই পুলিশ কর্মকর্তা।

কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ (১) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কুমিল্লা জেলায় হাম উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ছয়জনে।

শনিবার দিনগত রাত সাড়ে ৮টায় হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে সে মারা যায়। আরশ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর হয়ে ওঠে। এতে শারীরিক জটিলতা বেড়ে গেলে শিশুটির মৃত্যু হয়।

গত ১৮ এপ্রিল থেকে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত ৮৮ জন শিশু ভর্তি রয়েছে।

কুমিল্লায় এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

একই সময়ে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

প্রাইভেট মাদ্রাসা শিক্ষকদের মানোন্নয়নে চাঁদপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মাসুদ হোসেন, চাঁদপুর:

প্রাইভেট মাদ্রাসার শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়নে চাঁদপুরে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর প্রেসক্লাবস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আ ন ম ফখরুল ইসলাম মাছুম। কর্মশালা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাওলানা আহম্মদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি তার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ রুশদীর প্রতিষ্ঠিত শাহতলী জিলানী চিশতী, শাহতলী কামিল মাদ্রাসার কথা স্মরণ করে বলেন, শিক্ষার প্রসারে তাদের পরিবারের অবদান দীর্ঘদিনের।

তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন-ভাতা ও আর্থিক অসচ্ছলতা একটি বড় বাস্তবতা। শিক্ষকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করা হবে, ততই শিক্ষার মান উন্নত হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে চাঁদপুরের প্রাইভেট মাদ্রাসাগুলো ভালো ফলাফল অর্জন করছে, যা অত্যন্ত ইতিবাচক দিক।

তিনি বলেন, আগামী ১৬মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর আসবেন। এটা চাঁদপুরবাসীর জন্য বিশাল সুখবর। চাঁদপুরের খাল খনন, সুধী সমাবেশে অংশ নিবেন। চাঁদপুরের উন্নয়নে প্রধানমন্ত্রীর আগমন পজিটিভ বার্তা বয়ে আনবে বলে আমরা আশাবাদী। তিনি মাদ্রাসাগুলোর উন্নয়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও সংরক্ষিত নারী আসনের এমপি রাশেদা বেগম হীরার কাছে সমস্যাগুলো তুলে ধরার জন্য। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন।

আর‌ও বক্তব্য রাখেন প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যান্য সদস্যগণ। দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় পর্বে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ওস্তাদ শায়েখ ডক্টর মোহাম্মদ হেদায়েত উল্লাহ। প্রথম পর্বে প্রশিক্ষণ দেন লেখক ও গবেষক মাওলানা মোঃ খাইরুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান। সঞ্চালনায় ছিলেন চাঁদপুর প্রাইভেট মাদ্রাসা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সরকারি সেক্রেটারি মাওলানা আহম্মদ উল্যাহ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মাদ্রাসার প্রধান, শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের তরুণ প্রজন্ম সামাজিক অবক্ষয়ের শিকার হয়েছিল: চাঁদপুরে শিক্ষামন্ত্রী

মাসুদ হোসেন, চাঁদপুর:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের তরুণ প্রজন্ম সামাজিকভাবে অবক্ষয়ের শিকার হয়েছিল এবং তাদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে। তবে সে সময় কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠানে এসে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের জন্য আনন্দমুখর শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে জীবনযাপন নিশ্চিত করতে কাজ করছেন। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক উন্নয়ন ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগে এই ধরণের কালচারাল অনুষ্ঠান করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেখান থেকে সারা বাংলাদেশের উদীয়মান কালচারাল যারা ছিল, তারা বেরিয়ে এসেছিলেন। এবার তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস সারা বাংলাদেশে আয়োজন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনসহ খেলোয়াড়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।

শিক্ষার মানোন্নয়নে আমূল পরিবর্তন প্রয়োজন: সেমিনারে ড. আব্দুল লতিফ মাছুম

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের উদ্যোগে ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংকট: শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  ( ২ মে) জাতীয় প্রেসক্লাবের একটি মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার গভীর সংকট নিরসনে একগুচ্ছ বাস্তবসম্মত সুপারিশ তুলে ধরা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরেণ্য শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী ড. আব্দুল লতিফ মাছুম। তিনি তাঁর প্রবন্ধে বর্তমান শিক্ষা ব্যবস্থার বহুমুখী সমস্যাবলী চিহ্নিত করেন এবং মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।

শিক্ষার সংকটে প্রধান সমস্যাসমূহ:
ড. আব্দুল লতিফ মাছুম তাঁর উপস্থাপিত মূল প্রবন্ধে কয়েকটি মূল সংকটের কথা উল্লেখ করেন:

কারিকুলামের অসামঞ্জস্যতা: যুগের চাহিদার সাথে বর্তমান শিক্ষাক্রমের যোজন যোজন দূরত্ব।

মানহীন মূল্যায়ন পদ্ধতি: কেবল পরীক্ষানির্ভর ও জিপিএ-কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কারণে প্রকৃত মেধার বিকাশ ঘটছে না।

শিক্ষক সংকট ও প্রশিক্ষণ: দক্ষ শিক্ষকের অভাব এবং প্রয়োজনীয় উন্নত প্রশিক্ষণের অপ্রতুলতা।

অবকাঠামোগত সীমাবদ্ধতা: বিশেষ করে গ্রামীণ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক সুযোগ-সুবিধার অভাব।

মানোন্নয়নে সুপারিশমালা:
সেমিনারে শিক্ষার মান বৃদ্ধিতে কতিপয় বাস্তবসম্মত সুপারিশ উপস্থাপন করা হয়:

১. যুগোপযোগী শিক্ষাক্রম: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি ও জীবনমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করা।
২. গবেষণা ও বরাদ্দ বৃদ্ধি: শিক্ষা খাতে জাতীয় বাজেটের উল্লেখযোগ্য অংশ বরাদ্দ নিশ্চিত করা এবং উচ্চশিক্ষায় গবেষণাকে অগ্রাধিকার দেওয়া।
৩. শিক্ষকদের মর্যাদা ও বেতন কাঠামো: মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে স্বতন্ত্র বেতন স্কেল এবং উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৪. রাজনৈতিক প্রভাবমুক্ত ক্যাম্পাস: শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের লেজুড়বৃত্তি ও নেতিবাচক রাজনীতি বন্ধ করা।
৫. তথ্যপ্রযুক্তির সমন্বয়: কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) সহ আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা যাতে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা লাভ করতে পারে।

সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার এই সংকট শুধু কোনো একটি নির্দিষ্ট মহলের নয়, এটি জাতীয় সংকট। ড. মাছুমের সুপারিশগুলো আমলে নিয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা করা হয় অনুষ্ঠান থেকে।

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ জানান, এই সুপারিশমালাগুলো স্মারকলিপি আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। শিশিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের সভাপতি প্রিন্সিপাল শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব ও সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ব বিদ্যালয়েরব সন্গীত বিভাগের চেয়ারময়ান ড. প্রিয়াঙ্কা গোপ, বুয়েটের সাবেক অধ্যাপক ড.মোঃ রফিকুল্লাহ্, প্রিন্সিপাল নুর হোসেন, অধ্যাপক ফরিদা ইয়াসমিন, অধ্যাপক শামীমা ইয়াসমিন, যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা মোঃ মামুন ভুঁইয়ারসহ প্রমুখ। তাছাড়া সেমিনারে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গবেষক, সাংস্কৃতিক সংঠক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও বৃহত্তর কুমিল্লা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন।

ব্রাহ্মণপাড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি গাঁজার গাছসহ আবুল কাসেম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার ষাইটশালা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত কাসেম ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে। ​

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ষাইটশালা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামির হেফাজত থেকে একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করা হয়।

​ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

​শনিবার সকালে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।