All posts by jitu

বরুড়ায় পুলিশের অভিযানে দেশীয় মদ উদ্ধার, আটক ২

বরুড়ায় পুলিশের অভিযানে দেশীয় মদ উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া থানার বিশেষ অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের তত্ত্বাবধানে এবং বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে শুক্রবার (১ মে) সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জিরো পয়েন্ট ডেইলি স্ট্যান্ড সংলগ্ন রবি দাস পাড়ায় অভিযান চালান। এ সময় মনি রবি দাস (৪৫) ও নুপুর রবি দাসের (৩০) বসতঘর থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— মনি রবি দাস (৪৫) ও নুপুর রবি দাস (৩০)। তারা বরুড়া পৌরসভার জিরো পয়েন্ট সংলগ্ন রবি দাস পাড়ার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করা হয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে বরুড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ- কৃষি মন্ত্রী আমিন উর রশিদ

স্টাফ রিপোর্টার:

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের মর্যাদা বৃদ্ধির মধ্য দিয়েই বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।

শনিবার দুপুরে (২ মে) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি শুধু কৃষকের সন্তানই নই, নিজেও একজন কৃষক। একসময় কিছু মানুষ নিজেদের কৃষকের পরিচয় দিতে সংকোচ বোধ করতেন, কিন্তু এখন সেই ধারা বদলে গেছে। আজ মানুষ গর্বের সঙ্গে নিজেকে কৃষকের সন্তান হিসেবে পরিচয় দেয়। এই পরিবর্তনই প্রমাণ করে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং একসময় অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ ও বিশ্ব মানচিত্রে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।

তিনি বলেন, যে যুক্তি দিয়ে কথা বলতে পারে, সে-ই প্রকৃত অর্থে বিতর্ক করতে পারে। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে যুক্তি ও বুদ্ধির মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই সুস্থ বিতর্কের চর্চা অত্যন্ত জরুরি।

মন্ত্রী অতীতের শাসনব্যবস্থার উদাহরণ টেনে বলেন, একসময় পৃথিবীতে রাজতন্ত্র বিদ্যমান ছিল। তখন প্রজারা জানত, রাজা কী চায়—তা সে খাজনা হোক, ফসল হোক বা কখনো অন্যায় দাবি। তখন সাধারণ মানুষের প্রতিবাদ করার সুযোগ ছিল না। আজও বিশ্বের কিছু দেশে বিভিন্ন শাসনব্যবস্থা বিদ্যমান থাকলেও তাদের প্রভাব কমে এসেছে। তবে বর্তমান বিশ্বের ক্ষমতাধর শক্তিগুলোর উদ্দেশ্য সবসময় স্পষ্ট নয়। তারা কখনো সম্পদ, কখনো প্রভাব, এমনকি একটি দেশের সার্বভৌমত্বও চ্যালেঞ্জ করতে পারে।

তিনি আরও বলেন, এই বাস্তবতায় আমাদের অস্ত্র হতে হবে যুক্তি, প্রজ্ঞা ও কৌশল। শক্তির লড়াইয়ে নয়, বরং জ্ঞান ও যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হবে। পূর্বসূরিরা আমাদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে গেছেন। এখন আমাদের দায়িত্ব আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করা।

কৃষকদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে সমালোচনা করেছেন। কিন্তু বাস্তবতা হলো, কৃষকরা অনেক সময় তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই কৃষক কার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে কোন অঞ্চলে কোন পণ্যের চাহিদা কত—তা সহজেই জানা যাবে এবং সেই অনুযায়ী উৎপাদন পরিকল্পনা করা সম্ভব হবে। ফলে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য তৈরি হবে এবং কৃষকরা ক্ষতির মুখে পড়বেন না।

তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর পরিকল্পিত কৃষি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ একদিন খাদ্য নিরাপত্তায় আরও শক্ত অবস্থান অর্জন করবে।

ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।

এসময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সমাজকল্যাণ সম্পাদক ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় সহ অন্যান্যরা।

“সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে” প্রতিপাদ্যে কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দল এবং সেরা বক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তিতাসে চুরি হওয়া পিকআপ ভ্যান ফেনী থেকে উদ্ধার, আটক ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলায় চুরি হওয়া একটি পিকআপ ভ্যান ফেনী জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকাপুর গ্রামের সওদাগর মিয়ার ছেলে মো. জুবায়ের (২৪) এবং একই উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামের আলী হোসেনের ছেলে আল আমিন (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, তিতাস উপজেলার জিয়ারকান্দি ঈদগাহ রোডে একটি পিকআপ পার্কিং করা ছিল। ৩০ এপ্রিল ভোররাতে চোরচক্রটি পিকআপটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিক নাঈম তিতাস থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় মামলার এজাহার ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রযুক্তির সহায়তায় চোরচক্রের অবস্থান শনাক্ত করা হয়। পরে ফেনীর আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া পিকআপসহ দুজনকে আটক করা হয়।

শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাতের আঘাতে শ্রমিক নিহত

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাতের আঘাতে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২ মে) সকাল ১১টার দিকে বুড়িচং পৌরসভার জগতপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাক মিয়া বুড়িচং পৌরসভার জগতপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জগতপুর গ্রামের কনু মিয়া চুক্তিভিত্তিক গাছ কাটার কাজের জন্য একই গ্রামের জসিম, সুমন ও মোস্তাক মিয়াকে বিদ্যালয়ে নিয়ে যান। গাছ কাটার একপর্যায়ে ইলেকট্রিক করাতের নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তাক মিয়ার গলায় গুরুতর আঘাত লাগে। এতে তার গলার বেশিরভাগ অংশ কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার ডা. মোঃ জাহিদ হাসান জানান, ইলেকট্রিক করাতের আঘাতে তার গলার বেশিরভাগ অংশ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ দেখেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট, বাজি ও একটি প্রাইভেটকার জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

১ মে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও বাজিসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দাউদকান্দিতে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

দাউদকান্দিতে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাতেমা নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শনিবার ( ২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নারী হলেন, টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আমিন উদ্দিনের স্ত্রী ফাতেমা (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। তল্লাশী করাকালীন পুলিশের চেকপোষ্ট দেখিয়া বাসের পিছনে হতে ছোট একটি বাঁচ্চাসহ ওই মহিলা দৌড়াইয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে আসামীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগে থাকা ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারি বলেন, শনিবার ভোরে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে পাঠানো হয়েছে।

 

উন্নয়ন অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি ‘আমার স্বপ্ন, আমার কুমিল্লা’ শীর্ষক ১১ দফা কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (২ মে) সকালে নগরীর মনির টাওয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে তিনি বলেন, কুমিল্লাবাসী আস্থা রেখে তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আর সেই আস্থার প্রতিদান দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সংসদে কুমিল্লার বিভিন্ন সমস্যাকে অগ্রাধিকার দিয়ে উপস্থাপন করা হয়েছে।

তিনি জানান, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এখন জেলার মানুষের প্রাণের দাবি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে এবং সংসদে বিষয়টি উত্থাপনের জন্য নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্রুত বিল পাসের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় চলছে।

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার কমবে এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রকল্পে অর্থায়নের আশ্বাস দিয়েছে, এখন শুধু সরকারের সিদ্ধান্তের অপেক্ষা।
পদুয়ারবাজারে ঝুঁকিপূর্ণ ব্যারিকেড অপসারণ ও ওভারপাস সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সংসদে উত্থাপনের পর মন্ত্রণালয় থেকে একটি টিম সরেজমিনে পরিদর্শন করেছে এবং দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ নিয়ে তিনি জানান, স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং টেকনিক্যাল টিম এ বিষয়ে কাজ করছে।

কুমিল্লা ওয়াসা গঠনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই চলছে এবং এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক হয়েছে। সরকার নীতিগতভাবে ওয়াসা গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া ময়নামতি উপজেলা বাস্তবায়ন, আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, নতুন ফায়ার স্টেশন স্থাপনসহ বিভিন্ন উদ্যোগের কাজ এগিয়ে চলছে।

গোমতী নদীর উত্তরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পৃথক ক্যাম্পাস স্থাপনের কাজও চলমান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে অন্তত সাতটি আন্ডারপাস নির্মাণ, সদর দক্ষিণ উপজেলা স্টেডিয়াম (ফুলতলী মাঠ) পুনরুদ্ধার, কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্য খালে ফেলা বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের বিষয় সংসদে উত্থাপন করা হয়েছে।

নগরীর জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে এবং স্থায়ী সমাধানে বৃহৎ পরিকল্পনা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। সাম্প্রতিক ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কোটবাড়ি সমবায় কলেজ ও কেটিসিসির সমন্বয়ে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আবেদন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার ট্রমা ইউনিট এবং মা ও শিশু হাসপাতালে ট্রমা ইউনিট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধে ছুটে গেলেন এমপি নিজেই

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে অর্পিতা রাণী দেবনাথ নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালাম। শুক্রবার দুপুরে উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছে, দেবীপুর গ্রামের বিশ্বজিৎ দেবনাথের মেয়ে অর্পিতা রাণী দেবনাথের বিয়ের প্রস্তুতি চলছিল। আগামী রবিবার (৩ মে) বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। খবর পেয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম সরাসরি ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।

এ সময় তিনি কনের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের আইন অনুযায়ী বাল্যবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।

এমপি আবুল কালাম জানান, আইন অনুযায়ী কোনোভাবেই বাল্যবিবাহ গ্রহণযোগ্য নয়। একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না।

তিনি অর্পিতার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন।

তিনি আরো বলেন, তার নির্বাচনী এলাকায় কোনোভাবেই বাল্যবিবাহ সহ্য করা হবে না এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানায় তিনি।

এ সময় ইউএনও নার্গিস সুলতানা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, প্রশাসন ও জনপ্রতিনিধির তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে কিশোরীটির জীবন ঝুঁকির মুখে পড়ত। তারা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, অতীতের মতো ষড়যন্ত্র চলছে। ১২ তারিখ যখন তারা সফল হয়নি, তখন তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশকে বন্ধুহীন করতে।

আজ শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি হয়।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে শ্রমিকদের ৭২ জন শহীদ হয়েছেন। তাদের স্মরণ করছি।’

তিনি অভিযোগ করেন, স্বৈরাচারের সময় স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাত ধ্বংস করার মাধ্যমে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।

২০২৪ সালে মানুষ স্বৈরাচারকে বিদায় দিয়েছে। এখন দেশ গড়ার পালা।

বিএনপি জনগণের সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক মাস আগে নির্দেশনা দিয়েছি- কত দ্রুত আমরা কলকারখানা চালু করতে পারবো। এই সপ্তাহে আবার মিটিং করবো। বাংলাদেশের যেসব কলকারখানা বন্ধ হয়ে গেছে, পর্যায়ক্রমে চালু করবো। এর বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

শ্রমিক ও কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিক-কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।

হকারদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যানজট ও দুর্ভোগের কারণে হকার উচ্ছেদ করা হয়েছে। তারা যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারেন, আমরা সেই উদ্যোগ নিয়েছি এরই মধ্যে।’

তারেক রহমান বলেন, ‘আড়াই বছর আগে ৩১ দফা দিয়েছিলাম, কীভাবে আমরা দেশ মেরামত করতে চাই। এখানে প্রত্যেক মানুষের কথা আছে। এই সরকার কী করতে চায়, তার বিবরণ ৩১ দফায় আছে। সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করছি। কৃষি ঋণ মওকুফ করেছি, কৃষক কার্ড দিয়েছি।’

এছাড়া তিনি বলেন, ‘জিয়াউর রহমান যেমন নতুন কুঁড়ি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভাবানদের তুলে আনতেন, আমরাও সে কাজ শুরু করছি।’

খাল খনন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘খাল খনন শুরু করেছি। এটি কৃষক ভাইদের সেচ, মানুষের পানির চাহিদা পূরণ করবে। সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশকে এগিয়ে নিতে পারলে দেশের ভাগ্যের পরিবর্তন হবে।

তিনি জানান, যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছিল, ধীরে ধীরে দেশ ‘ইমার্জিং টাইগার’ খ্যাতি পেয়েছিল।

অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতের মতো ষড়যন্ত্র চলছে। ১২ তারিখ যখন তারা সফল হয়নি, তখন তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশকে বন্ধুহীন করতে। কিন্তু বিশ্ব দরবার দেখছে, এই সরকার জনগণের নির্বাচিত। তারা গণতান্ত্রিক সরকারের সঙ্গে কথা বলছে, বিনিয়োগ করতে চায়। আমাদের বিশ্ব দরবারের সুযোগ গ্রহণ করতে হবে।’

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চোখ-কান খোলা রাখতে হবে। সবাইকে সজাগ হতে হবে। জেগে উঠতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের খাতায় নিজের নাম এবং অন্য মন্ত্রীদের নাম লেখাতে চাই।’ পাশাপাশি প্রত্যেককে দেশ গড়ার শ্রমিক হিসেবে নাম লেখানোর আহ্বান জানান তিনি।

বিগত আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, নয়াপল্টনকেন্দ্রিক যেসব কর্মসূচি হয়েছে, সেসব কর্মসূচিতে বিগত স্বৈরাচার সরকারের হামলা হয়েছে। এসময় নয়াপল্টনের বাসিন্দা ও ব্যবসায়ীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এসময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এগিয়ে এলে তিনি মাইক হাতে নিয়ে বলেন, “আমাকে ফুল দিয়ে সংবর্ধিত না করে এই ফুলের টাকাগুলো স্থানীয় দুস্থ মানুষের হাতে তুলে দেবেন। এতে আমি খুশি হবো।

শুক্রবার (১ মে) বিকেলে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আগামী দুই বছরের মধ্যে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে হোমনার রূপ। শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নগুলো খুব দ্রুত গতিতে করা হবে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাদক কারবারিদের কঠোর হুশিয়ারী প্রদান করেন। চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধেও তিনি তার কঠোর হুশিয়ারী প্রদান করেন।

ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ নিলয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম হিমেল ও মো. নুরুজ্জামান মিন্টু, এবং শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার প্রমুখ।