All posts by jitu

হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এসময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এগিয়ে এলে তিনি মাইক হাতে নিয়ে বলেন, “আমাকে ফুল দিয়ে সংবর্ধিত না করে এই ফুলের টাকাগুলো স্থানীয় দুস্থ মানুষের হাতে তুলে দেবেন। এতে আমি খুশি হবো।

শুক্রবার (১ মে) বিকেলে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আগামী দুই বছরের মধ্যে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে হোমনার রূপ। শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নগুলো খুব দ্রুত গতিতে করা হবে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাদক কারবারিদের কঠোর হুশিয়ারী প্রদান করেন। চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধেও তিনি তার কঠোর হুশিয়ারী প্রদান করেন।

ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ নিলয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম হিমেল ও মো. নুরুজ্জামান মিন্টু, এবং শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার প্রমুখ।

ফতুল্লা থেকে পঞ্চবটী জাহিদ আজমির নেতৃত্বে শ্রমিকদের বিশাল শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও কল-কারখানায় বঞ্চনা নিরসনের অঙ্গীকার নিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। গত শুক্রবার বিকেলে জাতীয় যুবশক্তি ফতুল্লা থানার জাহিদ আজমির নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।

র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে জাহিদ আজমির বলেন , “জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক সজিব হুসেন ইবু ভাইয়ের নেতৃত্বে আমরা একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট গড়ে তুলছি। আমাদের মূল লক্ষ্য হলো শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। নারায়ণগঞ্জের কোনো শিল্পপ্রতিষ্ঠানে যেন কোনো শ্রমিক বঞ্চনার শিকার না হয় এবং প্রত্যেকে যেন তাদের সঠিক পাওনা বুঝে পায়, সেটিই আমাদের সংগঠনের মূল অঙ্গীকার।”

সমাবেশে সংহতি প্রকাশ করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি শ্রমিকদের কল্যাণে এই ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
ঐক্য আগামী দিনে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে পাহাড়সম ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক শাহাবুদ্দিন শান্ত এবং ফয়সাল আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি’র নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারী, যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ। র‍্যালিটি শহরের চাষাড়া এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশস্থলের মাধ্যমে সমাপ্ত হয়।

ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা

শেখ ফরিদ উদ্দিন:

আজ ১ মে। মহান মে দিবস। আন্তর্জাতিক ভাবে দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে । মে দিবসের ইতিহাস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক রক্তঝরা সংগ্রামের কাহিনী। মানব রচিত সমাজ ব্যবস্থার বহু পূর্ব থেকেই ইসলাম শ্রমজীবি মানু্যের অধিকার প্রতিষ্ঠা করে গেছে। ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা নিয়ে বিশদ আলোচনার পূর্বে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবসের বিস্তারিত ইতিহাস ও পালনের সময়কাল তুলে ধরা হলো:

১. মে দিবসের প্রেক্ষাপট ও উৎপত্তির ইতিহাস:
উনিশ শতকের মাঝামাঝি সময়ে শিল্প বিপ্লবের ফলে কল-কারখানার শ্রমিকদের কাজের কোনো সুনির্দিষ্ট সময় ছিল না। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা, এমনকি কখনো কখনো ১৮ ঘণ্টা পর্যন্ত অমানবিক পরিবেশে শ্রমিকদের কাজ করতে হতো। এর বিনিময়ে তাদের দেওয়া হতো সামান্য মজুরি।

এমন অন্যায় ববস্থার বিরুদ্ধে শ্রমিকদের বিদ্রোহ :
শিকাগোর আন্দোলন (১৮৮৬):

শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবীতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে মার্কেটে’ এক বিশাল ধর্মঘটের ডাক দেয়। প্রায় ৩ লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ করে রাজপথে নেমে আসে।

রক্তক্ষয়ী সংঘাত (৩ ও ৪ মে):

৩ মে শিকাগোর ম্যাককরমিক রিপার কারখানার সামনে পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক হতাহত হন।

এর প্রতিবাদে ৪ মে হে মার্কেটে এক বিশাল জনসভা চলাকালীন পুলিশের ওপর একটি বোমা নিক্ষিপ্ত হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করলে অন্তত ১১ জন শ্রমিক শহীদ হন এবং বহু মানুষ আহত হন।

বিচারের প্রহসন ও ফাঁসি:
আন্দোলন দমনের লক্ষ্যে আগস্ট স্পাইসসহ ৮ জন শ্রমিক নেতাকে অভিযুক্ত করা হয়। এক প্রহসনমূলক বিচারের পর ১৮৮৭ সালের ১১ নভেম্বর ৪ জন শ্রমিক নেতাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়।

২. কবে থেকে মে দিবস পালন শুরু হয়েছে?
মে দিবস আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৮৮৯ সালে।

১৮৮৯ সাল: প্যারিসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেসের বৈঠকে ১ মে-কে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়।

১৮৯০ সাল: বিশ্বের অধিকাংশ দেশ এবং যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালিত হয়।

১৮৯১ সাল: দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেস থেকে প্রতি বছর দিনটি পালনের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

শ্রমিকের মর্যাদায় ইসলামঃ
শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামে অনেক কঠিন নির্দেশনা রয়েছে। মানব রচিত সমাজ ব্যবস্থায় শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার প্রায়( ১৪০০) চৌদ্দশত বছর আগেই ইসলাম শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করে। মানবতার মুক্তির দূত ও শান্তির বাহক মহামানব এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রেরিত রাসূল হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের ধনী গরীব, উচু নিচু, দূর্বল সক্ষম এর সমন্বয়ে একে অপরের ওপর নির্বরশীলতার মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে একটি শুখময় শান্তির পৃথিবী। সমাজের সবাইকে একই রকম অবস্থা না দিয়ে একে অপরের ওপর নির্ভরশীল করে দিয়ে আল্লাহ পাক পৃথিবীর সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করেছেন। প্রত্যেকের জন্য অন্যের ওপর কিছু দায়িত্ব ও কর্তব্য নির্ধারন করে দিয়েছেন। যার ফলে পৃথিবীতে অবস্থান কালীন সনয়ে মানুষ দুনিয়ার জীবন ও অনন্ত কালের জীবন আখেরাতের সফলতা অর্জনে সক্ষমতা লাভ করতে পারবে। এমনটাই আশা করেছেন মহানবী (সাঃ)।

ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা বা শ্রম জীবি মানুষের অধিকার ও মর্যাদায় নিম্নে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোকপাত করা হলোঃ

১. শ্রমিকের মর্যাদা ও সাম্যের ভিত্তি: কুরআন মজিদ অনুসারে, আল্লাহ তাআলা পৃথিবীতে ধনী-দরিদ্রের যে বিভাজন করেছেন তা একপক্ষকে অপরপক্ষের ওপর জুলুম করার জন্য নয়, বরং একে অপরের ওপর নির্ভরশীলতার জন্য। সূরা আজ-জুখরুফ (৩২) এবং সূরা আল-বাকারা (২৫১)-তে এর ইঙ্গিত পাওয়া যায়।

২. শ্রমিকের নিয়োগ ও মজুরি নির্ধারণ: রাসূলুল্লাহ (সা.) স্পষ্ট করে দিয়েছেন যে, কোনো শ্রমিকের কাছ থেকে কাজ নেওয়ার আগেই তার মজুরি নির্ধারণ করে দিতে হবে। মুসনাদে আহমদের হাদিস (১১৫৮২) অনুযায়ী, এটি শ্রমিকের অধিকার নিশ্চিত করার প্রথম শর্ত।

৩. শ্রমের বোঝা ও ভ্রাতৃত্ববোধ: সহিহ বুখারির ৬০৫০ নম্বর হাদিস অনুযায়ী, শ্রমিকরা আমাদেরই ভাই। তাদের ওপর এমন কোনো কাজ চাপানো যাবে না যা তাদের সামর্থ্যের বাইরে। যদি কোনো ভারী কাজ দিতেই হয়, তবে মালিককে নিজে তাকে সাহায্য করতে হবে।

৪. সময়মতো পারিশ্রমিক ও মানবিক আচরণ: ইবনে মাজাহ-এর বিখ্যাত হাদিস (২৪৪৩) অনুসারে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পাওনা মিটিয়ে দিতে হবে। এছাড়া অধীনস্থদের সাথে কোনোভাবেই গালমন্দ বা গালিগালাজ করা যাবে না। রাসূল ( সা.) কাজের লোককে দিনে সত্তরবার ক্ষমা করার নির্দেশ দিয়েছেন।

সবশেষে বলতে চাই , একে অপরের ওপর নির্ভরশীল পৃথিবীতে ইসলামের নির্দেশনামত প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকি, তা হলেই এই পৃথিবী হবে একটি সুখময় বাসস্থান।

শেখ ফরিদ উদ্দিন
লেখক : সাংবাদিক ও কলামিস্ট।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকান্ডের ঘটনায় শিক্ষামন্ত্রীর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

তদন্ত কমিটি গঠনের নির্দেশ, ঘটনার পেছনে নাশকতামূলক কোন কর্মকাণ্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা প্রদান এবং ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন প্রদানে পুলিশকে তাগিদ। এমন সব উদ্যোগ গ্রহন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী আজ (১ মে) মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শনকালে ঘটনার প্রকৃত কারন খোঁজে বের করার লক্ষ্যে সংশ্লিষ্টদের এমন সব নির্দেশনা প্রদান করেন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। ‌আজ ভোরে (আনুমানিক ৫ টার দিকে) এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা যায়। অগ্নিকান্ডে অধিদপ্তরের প্রয়োজনীয় অনেক নথিপত্র পুড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি এ ঘটনার পেছনে নাশকতামূলক কোন কর্মকাণ্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা প্রদান করেন। ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন প্রদানের জন্যও পুলিশকে তাগিদ প্রদান করেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

কুমিল্লায় প্রতিষ্ঠিত হবে ক্রীড়া কমপ্লেক্স- ক্রীড়া প্রতিমন্ত্রী

কুমিল্লায় প্রতিষ্ঠিত হবে ক্রীড়া কমপ্লেক্স- ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া কমপ্লেক্স, জাতীয় সংসদের লবিতে অনুষ্ঠিত কুমিল্লার মন্ত্রী এমপিদের সাথে উচ্চ পর্যায়ের একটি সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী এমনটাই জানিয়েছেন ।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এমপি, ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, কুমিল্লা-৯ সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি, চাঁদপুর-৫ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি,কুমিল্লা-৫ সংসদ সদস্য জসিম উদ্দিন এমপি, কুমিল্লা-১০ সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি।

এ সভায় উপস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক সকলের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দেন যে, ক্রীড়া কমপ্লেক্সটি কুমিল্লায় প্রতিষ্ঠিত করা হবে।

৩০ এপ্রিল জাতীয় সংসদের লবিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী এমনটাই জানিয়েছেন।

এসময় উপস্থিত কুমিল্লা ও চাঁদপুরের এমপিগন এমন প্রতিশ্রুতি প্রদানে ক্রীড়া প্রতি মন্ত্রী আমিনুল হক কে বৃহত্তর কুমিল্লাবাসীর পক্ষে আন্তরিক ধন্যবাদ জানান।

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে গার্মেন্টসের দুই শ্রমিকের মৃত্যু, আহত ১

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে গার্মেন্টসের দুই শ্রমিকের মৃত্যু, আহত ১

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আমির শাটর্স্ লিঃ গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনায় গুরুতর আহত তিনজনের মধ্যে দুই শ্রমিক মারা গেছেন।

শুক্রবার (১লা মে) দুপুর আনুমানিক ১১ঘটিকায় ঢাকা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একরাম হোসেন (৩৫) নামে এক শ্রমিক। নিহত একরাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের মৃত মহসীন ভুইয়ার ছেলে। সে আমির শার্টস এর বয়লার অপারেটর (ইলেকট্রিশিয়ান) হিসেবে কর্মরত ছিল।

এর আগে গত বৃহস্পতিবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজ্জাদ হোসেন নামে এক নিরাপত্তা কর্মী। নিহত সাজ্জাদ পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী কাজীবাড়ির বাসিন্দা।

বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনায় আহত আরেক শ্রমিক ওয়েল্ডার রবিউল হোসেন ঢাকা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল আনুমানিক ৭.৫০ ঘটিকায় বয়লার অপারেটর একরাম গার্মেন্টসের বিদ্যুতের মুল সুইচ অন করে। এসময় হঠাৎ করেই গার্মেন্টসের বৈদ্যুতিক লাইনে শর্ট-সার্কিট ঘটে। এতে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার সৃষ্টি হলে আমির শার্টস্ গার্মেন্টসের সিকিউরিটি কর্মী মোঃ সাজ্জাদ, বয়লার অপারেটর একরাম এবং ওয়েল্ডার রবিউল আহত হন। দুর্ঘটনার পর সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা বার্ন হাসপাতালে প্রেরণ করে এ প্লাস গার্মেন্টস কর্তৃপক্ষ।

আমীর শার্টস লি: গার্মেন্টসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক জানান, গত বুধবার সকালে ফেক্টরী চালু করার জন্য সুইস অন করার সময় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দ্বারা গুরুতর আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেলে এবং পরে ঢাকা বার্ন হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যায়। কোম্পানির রুলস এবং বিজিএমইএ এর সকল রুলস অনুযায়ী নিহত এবং আহতদের সকল ধরনের ক্ষতিপূরণ প্রদান করা হবে। এর বাইরে তাদের পরিবারের সদস্যদের পড়ালেখার দায়িত্বসহ নানান সহযোগিতা প্রদান করবে কর্তৃপক্ষ।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার মাহিন

স্টাফ রিপোর্টার:

ওয়ার্ল্ড অল-স্টাইল কারাতে ফেডারেশনের কর্তিক আয়োজিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর দলগত ইভেন্টে রৌপ্য পদক এবং একক কাতা ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছেন কুমিল্লার কৃতি সন্তান মোফাজ্জল মাহিন চৌধুরী।

গত ২৫ ও ২৬ এপ্রিল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দলগত ইভেন্টে মাহিনের সাথে বাংলাদেশের হয়ে আরও অংশ নিয়েছেন, মো. হাবিব সরকার, মাসুক মেহেদী, ও মো. জাহিদুল ইসলাম জুবায়ের।

প্রতিযোগিতায় বাংলাদেশ, আর্মেনিয়া, ইরান, রাশিয়া, রোমানিয়া ও ইথিওপিয়ার প্রতিযোগীরা অংশ নেয়।

স্বর্ণপদক জয়ী মাহিনের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়। কুমিল্লা হাইস্কুল থেকে এসএসসি ও কুমিল্লা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে তিনি ‘দ্য রয়েল কারাতে-দো অ্যাসোসিয়েশন’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এটা আসলে আমার জন্য এবং আমার দেশের জন্য অনেক বড় অর্জন। আমি অনেক গর্বিত যে আমি আমার দেশের হয়ে স্বর্ণপদক অর্জন করতে পেরেছি।

আমি আশাবাদী আমার এই অর্জন বাংলাদেশকে গর্বিত করবে এবং আমার নিজ জেলা কুমিল্লাকে বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা হিসেবে পরিচিত করে তুলবে। আমার এই পথচলায় আমাকে সবসময় সহযোগিতা করেছেন আফসু ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ একরামুল হক। আমি আমার স‍্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‘‘পাশাপাশি যারা আমাকে বিভিন্ন সময় সমর্থন করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। কারাতে একটি আত্মরক্ষামূলক কৌশল। এই কৌশল যাতে দেশের ছাত্রছাত্রীরা নিজেদের আত্মরক্ষার জন্য আয়ত্ত করতে পারে আমি এই চেষ্টা করবো। আমি যেন আগামীতে এমন আরও অর্জনে নিজেকে যুক্ত করতে পারি সেইজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’’

উল্লেখ্য, মাহিন ২০২৫ সালে যুক্তরাজ্যের রিচমন্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায়ও একমাত্র বাংলাদেশী হিসেবে স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত এশিয়ান সাবাতে চ্যাম্পিয়ানশিপে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন মাহিন।

চৌদ্দগ্রামে বন্ধুদের সাথে গল্পের মাঝেই বিষধর সাপের ছোবল, নিহত যুবক

ডেস্ক রিপোর্ট:

বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন মামুনুর রশিদ ইমন নামের এক তরুণ। আড্ডার সময় বিষধর সাপ তাকে ছোবল দিলেও তিনি বুঝতে পারেননি। যখন বুঝলেন ততক্ষণে তার জীবনের আড্ডার সমাপ্তি হয়ে গেল। চিরতরে চলে গেলেন পরিবার, বন্ধু, আত্মীয়স্বজনসহ সবাইকে রেখে।

বৃহস্পতিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন কিং সোনাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত মামুনুর রশিদ ইমন (২২) একই গ্রামের রং মিস্ত্রি হারুন রশিদের ছেলে।

প্রতিবেশী আনসার ভিডিপি কমান্ডার রশিদ আহমেদ জানান, ইমন কয়েকজন বন্ধুসহ বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় কিং সোনাপুর গ্রামের কবরস্থানের পাশে কালভার্টের উপরে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিয়ে চলে যায়। আধাঘণ্টা বন্ধুদের সাথে কথা বলে সে বাড়ি চলে যায়। রাত এগারোটার সময় তার শ্বাস-প্রশ্বাসের কষ্ট হলে তাকে সাপে ছোবল মেরেছে বলে সন্দেহ হয়।

পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাপের কামড়ের কথা নিশ্চিত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন বলেন, সাপের কামড়ে আহত ইমনকে সব ধরনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। পরে সেখানে তিনি মারা যান।

কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট:

প্রায় দুই বছর ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসান অবশেষে বাংলাদেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে কথা বলেছেন। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ দেশে ফিরতে পারবেন বলে তিনি আশাবাদী।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি সাকিবের। আওয়ামী লীগ সরকারের সময় মাগুরা-২ আসনের সংসদ সদস্য হওয়ায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক আইনি জটিলতা তৈরি হয়। এরপর থেকেই তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম ২০২৬’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে ভারতীয় গণমাধ্যম ‘স্পোর্টস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সাকিব।

তিনি বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত- আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত তা ঘটতে পারে।

সাকিব আরও জানান, আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব। কিভাবে ঘটবে জানি না। তবে আমি সত্যিই আশাবাদী।

চলতি বছরের শুরুতে সাকিবকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড তার আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র সংগ্রহ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছিল।

সে সময় বিসিবির কয়েকজন কর্মকর্তা জানিয়েছিলেন, পাকিস্তান সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরতে পারেন সাকিব। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

সাকিবের দাবি, আগের বোর্ড ফেরানোর আগ্রহ দেখালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু মুখে বলা আর সেটাকে বাস্তবায়িত করা- দুটির মধ্যে অনেক পার্থক্য থাকে। এখনও আমি শুনি যে সবাই আমাকে ফেরাতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো- সত্যিকার অর্থে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি।

এদিকে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালও সাকিবের দেশে ফেরার বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন। মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে যেমন আলোচনা হচ্ছে, আমাদের আরও দুই সাবেক অধিনায়ক মাশরাফি ও দুর্জয় ভাইও একই অবস্থায় আছেন। তাদের নিয়েও ভাবা উচিত।’

তামিম আরও বলেন, ওর যে বিষয়টা আছে, ক্রিকেটিং যেকোনো সুযোগ-সুবিধার জন্য আমাদের দুয়ার সবসময় খোলা। আইনগত বিষয়গুলো আমাদের মন্ত্রী (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী) মহোদয় দেখছেন, তারা নমনীয় হওয়ার কথা বলেছেন। আইনি সমস্যা সমাধান করে তারা ফিরলে আমরা তাদের দুই হাত বাড়িয়ে স্বাগত জানাব।

বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি তিনি। তবে এর আগে একাধিকবার দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

কুমিল্লায় মহান মে দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আজ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপিত হয়েছে।

আজ শুক্রবার সকালে এ উপলক্ষে নগরীর টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লার উপপরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস মোহাম্মদ আবুল বাসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান ভূঁইয়া এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশের নিরাপত্তা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

কুমিল্লা জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।