All posts by jitu

নারী জিম্মিকে ছেড়ে দেওয়ায় হামাসকে ধন্যবাদ জানাল রাশিয়া

ডেস্ক রিপোর্ট:

দুই রাশিয়ান-ইসরায়েলি নারী জিম্মিকে ছেড়ে দেওয়ায় হামাসকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। গতকাল বুধবার রাতে এ দুই নারীকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

জিম্মিদের মুক্তি দেওয়ায় ধন্যবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে তারা বলেছে, ‘আমাদের আবেদনের প্রতি সাড়া দেওয়ায় হামাসের নেতৃবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞ। গাজা উপত্যকায় আরও যেসব রাশিয়ান আটকা আছেন তাদের দ্রুত মুক্তির ব্যাপারে আমরা কাজ করে যাব।’

পশ্চিমা দেশগুলো হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করলেও রাশিয়া হামাসকে দেখে স্বাধীনতাকামী গোষ্ঠী হিসেবে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন। রাশিয়ার সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপরই ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয়।

পশ্চিমারা হামাসের নিন্দা জানালেও; রাশিয়া এখন পর্যন্ত নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। এর বদলে হামাসের জ্যেষ্ঠ নেতাদের রাজধানী মস্কোতে বৈঠকের জন্য ডেকেছিল তারা।

হামাসের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেভাবে বিনাশর্তে অস্ত্র ও সহায়তা দিয়ে গেছে; সেটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া।

এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছে মস্কো।

এর আগে হামাস জানিয়েছিল, ফিলিস্তিনের প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের কৃতজ্ঞতা স্বরূপ রাশিয়ান-ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে তারা।

সূত্র: আলজাজিরা

তফসিল পুর্নির্ধারণের কোনো সুযোগ নেই

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই।

তবে কি বিএনপিকে ছাড়াই আরও একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আপনারা বুঝে নেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মলনে ইসি সচিব এসব কথা বলেন।

চান্দিনায় মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ

 

চান্দিনা   প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি। তিনি এই আসনের পাঁচ বারের সাবেক সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার মরহুম অধ্যাপক আলী আশরাফ এর ছেলে। এছাড়া তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান পরিচালক।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সাথে উপজেলা আওয়ামী লীগ সাধারণ এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন সিআইপি, শ্রম বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মো. আবদুর রব।

মনোনয়ন পত্র জমা দেয়ার পর তিনি চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মাঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, শাহাদাৎ হোসেন মজুমদার, অধ্যক্ষ মামুন পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, মোখলেছুর রহমান দুলু মাস্টার, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ্ ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ.বি ছিদ্দীক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ মো. মহিউদ্দিন, উপজেলা যুবলীগ আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল জলিল, সহ-সভাপতি কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুস ছালাম, মোজাম্মেল হক, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, উপজেলা তাঁতী লীগ আহ্বায়ক মো. আবদুল হালিম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, সাবেক সহ-সভাপতি সাকিব মাহমুদ ভূইয়া তানিন, সালেহ্ মাহমুদ ভূইয়া লেনিন, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যাঙ্কিংয়ে পেছাল ব্রাজিল, আর্জেন্টিনা শীর্ষে

ডেস্ক রিপোর্ট:

মাঠের ফুটবলে সময়টা একেবারেই ভাল কাটছে না ব্রাজিলের। অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে নিজেদের সবশেষ তিন ম্যাচেই হারের মুখ দেখেছে সেলেসাওরা। এমনকি নিজেদের ইতিহাসে তারা প্রথমবারের মতো ঘরের মাঠে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচও হেরেছে। সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। ব্রাজিলের এই টানা হারের প্রভাব পড়েছে তাদের র‍্যাঙ্কিংয়েও।

এর আগে দীর্ঘদিন ধরে সেরা তিনে থাকলেও অবশেষে আরও পিছিয়ে পড়তে হয়েছে তাদের। সবশেষ ফিফা উইন্ডোর পর দুই ধাপ নেমে ৫ম স্থানে আছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে শীর্ষস্থান ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এছাড়া ব্রাজিলের এই অবনমনে র‌্যাঙ্কিংয়ের উপরে উঠে এসেছে ইংল্যান্ড এবং বেলজিয়াম। ইংল্যান্ড আছে র‍্যাঙ্কিংয়ের ৩য় স্থানে আর বেলজিয়ামের অবস্থান ৪র্থ।

টানা হারের পর এক ধাক্কায় ২৫ এর বেশি রেটিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। বর্তমানে তাদের রেটিং ১৮১২.২। অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে থাকা আর্জেন্টিনা রেটিংও বাড়িয়ে নিয়েছে। বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের কাছে হারলেও ব্রাজিলের বিপক্ষে ঠিকই জয় তুলে নিয়েছিল লিওনেল মেসির দল। এরপর তাদের রেটিং বেড়েছে ৯। ১৮৬১.২৯ রেটিং নিয়ে সবার উপরে থাকা আরও পোক্ত করল আলবিসেলেস্তেরা। আর ১৯৫৩.১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স।

এছাড়া এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ছয় ও সাতে অবস্থান নেদারল্যান্ডস ও পর্তুগালের। তবে এরপর বাকি তিনদলের অবস্থান পরিবর্তন হয়নি। র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে ৮-১০ এ আছে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার দুই জায়ান্ট দল ব্রাজিল-আর্জেন্টিনা উভয়কেই হারিয়েছে উরুগুয়ে। যার সুবাদে তারা চার ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছে।

বিদায় নিতে যাওয়া নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলো। আর ইউরোপের দেশগুলো খেলছে ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপের বাছাই। সবমিলিয়ে নভেম্বর জুড়ে ফিফাভুক্ত দেশগুলো মোট ১৮৮টি ম্যাচ খেলেছে। জার্মানির মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ ইউরোতে মোট ২৪টি দল খেলবে। স্বাগতিক জার্মানিসহ ইতোমধ্যে সেই যোগ্যতা অর্জন করেছে ২১টি দেশ। আর মাত্র তিনটি দলের যোগ্যতা নিশ্চিতের সুযোগ রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া ২০২৪ কোপা আমেরিকায় ১৬টি দেশ অংশ নেবে। যদিও লাতিন আমেরিকার দেশগুলো বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ের ব্যস্ত সূচি পার করছে। ইতোমধ্যে মহাদেশটির ১০টি দলই ম্যাচ খেলেছে ৬টি করে। যেখানে পাঁচটি জয়ে আর্জেন্টিনা অবস্থান করছে টেবিলের শীর্ষে। দুটি জয় ও এক ড্রয়ে ব্রাজিলের অবস্থান ছয় নম্বরে। আলবিসেলেস্তেদের পরে যথাক্রমে অবস্থান উরুগুয়ে, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও ব্রাজিলের।

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মদ, ফেন্সিডিসলসহ মাদক সম্রাট ইদু গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে  ৪০ বোতল ফেন্সিডিল, ৬০ বোতল এসকাপ সিরাপ, ২০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ও ২০ বোতল বিয়ারসহ মাদক সম্রাট ইয়াকুব প্রকাশ ইদু মিয়া (৫০) গ্রেফতার হয়েছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ০২ ঘটিকায় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই লিটন চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন চিওড়া ইউনিয়নের চট্টগ্রাম টু ঢাকামুখী মহাসড়ক সংলগ্ন চরপাড়া পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী ইদু মিয়া উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের মোঃ আবদুল মমিনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের ৬টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, আটককৃত ইয়াকুব প্রকাশ ইদু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৩১৪০ জন প্রার্থী

ডেস্ক রিপোর্ট:

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাবেন ৩ হাজার ১৪০ জন প্রার্থী। গত ১০টি বিসিএসের হিসাবে এবারই রেকর্ড সংখ্যক পদে বিজ্ঞপ্তি দেওয়া হলো। এরমধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৭৪টি পদ স্বাস্থ্য ক্যাডারে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা এ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এছাড়া বিজ্ঞপ্তির পদ পরবর্তীতে বাড়তে পারে বলেও জানিয়েছে পিএসসি। এ নিয়ে পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

পিএসসি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৬তম বিসিএসে জনবল চাহিদা পাঠানো হয়। সেখানে ৩ হাজার ১০০ পদের কথা উল্লেখ ছিল। তবে বৃহস্পতিবার সকালে পিএসসির এক সভায় ৪০টি ক্যাডার পদ বাড়ানো হয়। এতে মোট ৩ হাজার ১৪০টি ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার ড. শিরীন শারমিন

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসানের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন স্পিকার।

মনোনয়নপত্র জমাদানের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রংপুর-৬ আসনে নির্বাচনের জন্য নৌকার প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দিয়েছি। পীরগঞ্জবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে গত নির্বাচনে এই আসন থেকেই নির্বাচিত হয়েছিলাম। আগামী নির্বাচনেও পীরগঞ্জবাসীর সমর্থন কামনা করছি।

স্পিকার বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং অধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য। একাধিক রাজনৈতিক দল নির্বাচনে তাদের প্রার্থী দেবে। প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নেবে।

পীরগঞ্জের জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন জানিয়ে শিরীন শারমিন বলেন, পীরগঞ্জের জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি। জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি মকবুল হোসেন সরদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, উপজেলা প্রশাসনের সদস্যরা, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৪টি ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পান প্রত্যক্ষদর্শীরা। এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার এসআই শফিকুল ইসলাম।

তিনি জানান, বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ মো. জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়েছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হঠাৎ কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়ই গাছের ওপরের দিকে বিকট শব্দ হয়। এরপরই চারপাশে ধোঁয়া দেখা যায়। এ সময় আমরাসহ উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ি।

বিস্ফোরণের পর পুরো এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এদিকে বৃহস্পতিবার সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা ১২ ঘণ্টার হরতাল চলছে। এর মধ্যেই দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমার কাজ চলছিল। একইসঙ্গে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ।

দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম জানান, শেষ দিনে এখন পর্যন্ত ৫৩টি মনোনয়ন ফরম জমা পড়েছে।

আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

ডেস্ক রিপোর্ট:

আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। ২৮ অক্টোবর মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এ নিয়ে নবম দফায় অবরোধের ডাক দিল দলটি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকার পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন।

রিজভী বলেন, আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা-মামলা ও নির্যাতন অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেছেন রিজভী।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে। এরপর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালন করছে দলটি।

রায় বাতিল, হাইকোর্টে জিতলেন ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট:

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের শ্রমিকদের ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে, নিম্ন লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায়টিকে অবৈধ বলেও ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বে গঠিত দ্বৈত বেঞ্চ রুল খারিজ করে এ আদেশ দেন। ১০৬ শ্রমিক চাইলে শ্রম আদালতে গিয়ে মামলা করতে পারবেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে হাইকোর্টের দেওয়া রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।

গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ পরিশোধ করতে গত ৩ এপ্রিল রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

পরে সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ মে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট।