All posts by jitu

নির্বাচনী দায়িত্ব পালনে কুমিল্লা ও চাঁদপুরে নামছে বিজিবির ৭৫০ সদস্য

স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কুমিল্লা ও চাঁদপুর জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী দায়িত্ব পালনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে মোট ৭৫০ জন সদস্য মোতায়েন করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, সরাইল রিজিয়নের আওতাধীন কুমিল্লা সেক্টরের অধীনস্থ ১০ বিজিবি কুমিল্লা জেলার ৯টি এবং চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার থেকেই বিভিন্ন উপজেলায় বিজিবি সদস্য মোতায়েন শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে।

বিজিবি আরও জানায়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে দায়িত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রগুলোতে রেকি কার্যক্রম শুরু হবে এবং ৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় কমপক্ষে দুটি করে প্লাটুন মোতায়েন থাকবে। তবে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে তিনটি করে প্লাটুন দায়িত্ব পালন করবে।

সব মিলিয়ে কুমিল্লা ও চাঁদপুর জেলার ২২টি উপজেলায় ২২টি বেজ ক্যাম্পের মাধ্যমে মোট ৪৭টি প্লাটুন মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্ব পালনে প্রতিটি প্লাটুনে ‘বডি ওর্ন ক্যামেরা’ বা মোবাইল ফোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। পাশাপাশি মনিটরিং সেলের মাধ্যমে পুরো কার্যক্রম তদারকি করা হবে।

নির্বাচনপূর্ব সময়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানিয়েছে বিজিবি।

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে ইসির নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনি প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার। নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।

নির্বাচনি প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক পোস্টার ব্যবহার না করাসহ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার প্রতিপালন এবং নির্বাচনি পোস্টার মুদ্রণ না করার জন্য প্রিন্টিং প্রেসকে নির্দেশনা প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল রিটার্নিং অফিসারদেরকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট:

১১-দলীয় জোট ক্ষমতায় গেলে কুমিল্লা বিভাগ এক মাসের মধ্যেই ঘোষণা হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকায় ‘মুক্তিযুদ্ধ চত্বরে’ এনসিপির নির্বাচনী পথসভায় তিনি এই কথা বলেন।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচনী পদযাত্রার এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসিফ মাহমুদ। বক্তব্যের আগে দেবীদ্বার সদরে ক্যারাভানে করে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুধু একটি ঘোষণার অপেক্ষা মাত্র। ১১-দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে, ইনশা আল্লাহ।

স্থানীয় বিএনপি এবং মুরাদনগরের বিএনপির প্রার্থীর সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন, ‘আমি যখন দায়িত্বে ছিলাম, তখন দেবীদ্বার বিএনপি ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের প্রার্থী কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম যাতে না হয়, সেই জন্য প্রধান উপদেষ্টাকে পর্যন্ত বলেছেন। ১১–দলীয় ঐক্য জোট ক্ষমতায় গেলে আমরা তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। যেই তরুণেরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারও দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না।

তরুণদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুধু গার্মেন্টস বা রেমিট্যান্সের ওপর নির্ভর না করে তরুণদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। আমরা কার্ডের ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করতে চাই না, বরং কাজের সুযোগ করে দেব।

তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন: ড.খন্দকার মারুফ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের আপীল বিভাগের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,ধানের শীষ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, মানুষ সুখে-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

তিনি আজ বুধবার দিনব্যাপী মেঘনা উপজেলার কান্দারগাঁও, বড়কান্দা, হরিপুর, রামপুর, সোনাকান্দা, সাতানি, চন্দনপুর ও বড় সাপমারা প্রভৃতি স্পটে কুমিল্লা -১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে গণসংযোগ ও উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়ে তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। এখন দেশে ফিরে এসে বিএনপির হাল ধরেছেন। নির্বাচনে জনগণের সমর্থন পেলে ইনশাআল্লাহ তারেক রহমান দেশেরও হাল ধরবেন। তিনি ফিরে আসায় জনগণ আশাবাদী হয়ে উঠেছে, তিনিই পারবেন, একটি উন্নত নতুন বাংলাদেশ গড়ে তুলতে। দেশে এখন ধানের শীষের গণজোয়ার। মাঠে ঘাটে,হাটবাজারে শুধুই ধানের শীষের জয়গান।

ড.খন্দকার মারুফ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের জন্য কৃষি কার্ড, যা দিয়ে সাশ্রয়ী দামে সার,বীজ,কীটনাশক, কৃষি সরঞ্জাম ও সহজে কৃষি ঋণ পাবেন। মা-বোনেরা পাবেন ফ্যামিলী কার্ড। এই কার্ডে সংসার চালানোর জন্য নগদ সহায়তা পাবেন। এছাড়াও কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে থাকবে অবারিত সুযোগ সুবিধা। এই জন্য তিনি ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এইসব স্থানে গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বায়েজিদ,বিএনপি নেতা মো.রমিজউদ্দিন লন্ডনী,মো.আজহারুল হক শাহীন,আবদুল অদুদ মুন্সি,মো.মিজানুর রহমান,সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন,আবু ইউসুব নয়ন,ভিপি শাহাবউদ্দিন ভুইয়া,রোমান খন্দকার প্রমুখ।

কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বরুড়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এই সংঘর্ষ ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে মো. রবিউল (৪৫)।

স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের জয়নাল ডাক্তারের ছেলে কবিরের সঙ্গে রবিউলের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধের জেরে আজ দুপুরে রবিউলের নিজ বাড়ি ও শফিকের চায়ের দোকানের সামনের এলাকায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রবিউল গুরুতর আহত হন। এ সময় আরও দুজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কুমিল্লায় র‌্যাব-১১ এর পৃথক দুই অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন গোয়ালগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এরপর পৃথক আরেকটি অভিযানে বুধবার (২৮ জানুয়ারি) সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ দল কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন দূর্গাপুর উত্তর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আব্দুর রহমান রনি (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুর রহমান রনি ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সুভাড্ডা গ্রামের মোঃ দুলালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদকদ্রব্যের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দাউদকান্দিসহ চার উপজেলায় ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলা এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর গৌরীপুর আঞ্চলিক কার্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চার উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

কর্তৃপক্ষ জানায়, উল্লিখিত সময় ওই এলাকার সব শ্রেণির গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে মো. সবুজ মিয়া (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ব্রাহ্মণপাড়া সেনা ক্যাম্পের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে ওই এলাকায় মো. সবুজ মিয়া নামে একজন ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত সবুজ মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মোট ১৫টি মাদক মামলা রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টহল দল নির্ধারিত স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, যৌথবাহিনির অভিযানে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

৩০ জানুয়ারি কুমিল্লায় আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) কুমিল্লা সফর করবেন। তার এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। নেতারা আশা প্রকাশ করেছেন, এই সমাবেশে কুমিল্লা মহানগরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে এক লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে।

এ উপলক্ষে ২৮ জানুয়ারি (বুধবার) সকালে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি বলেন, জামায়াতে আমিরের আগমনকে ঘিরে জনসভা সফল করতে সাংগঠনিক, নিরাপত্তা ও শৃঙ্খলাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কুমিল্লা সফরের অংশ হিসেবে পরদিন ৩১ জানুয়ারি জামায়াতে আমির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আরও একটি জনসভায় অংশগ্রহণ করবেন।

নেতারা জানান, উভয় জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।

কুমিল্লায় বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ও সৌদিআরব বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহমেদ সোহেল এর মাতা মোমেনা বেগম (৯০) গতকাল রাতে ইন্তিকাল করেছেন। (ইন্না-লিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন)। আজ ২৬জানুয়ারী মঙ্গলবার বাদ জোহর মরহুমর নামাজের জানাজা শহরের রাণীর বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মোমেনা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬সংসদীয় আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহম্মদ,কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির,মরহুমার কনিষ্ঠ জামাতা রানীর বাজারের সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার খুরশিদ সাঈদী, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন সহ মহানগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম উলামারা।

জানাজার নামাজের ইমামতি করেছেন মাদ্রাসা গুলজারে মদিনার মুহতামিম ও মরহুমার দৌহিত্র মুফতি আশ্রাফ আলী মামুন।।