All posts by jitu

আজ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু নির্বাচনি প্রচারযুদ্ধ

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ আজ। সোমবার রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেবেন। এর পর আজ থেকেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা। তারা ভোটারদের কাছে যাবেন। ভোট চাওয়া শুরু করবেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, নির্বাচনি প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ৩৪৭ প্রার্থী। তাদের প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৯০২ জন। এর মধ্যে স্বতন্ত্র এবং নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দলের প্রার্থী আছেন। চূড়ান্ত প্রার্থীদের উল্লেখযোগ্য অংশ স্বতন্ত্র। স্বতন্ত্রদের তালিকায় বেশ কয়েকজন বর্তমান সংসদ-সদস্যও আছেন। তারা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসাবে ভোটের লড়াইয়ে নেমেছেন।

রোববার বিকালে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। ওই সময়ের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। আজ সোমবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরই শুরু হবে প্রচারযুদ্ধ। প্রার্থীদের প্রচারের সুবিধার্থে এদিন থেকে ভোটবিরোধী সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

গতকাল রাতে নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের বিষয়ে তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, রিটার্নিং অফিসারদের পাঠানো তথ্য অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সংখ্যা ছিল ২৭১৬। যাচাই-বাছাইয়ে বাতিল হয় ৭৩১। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের হয় ৫৬০টি। আপিলে প্রার্থিতা ফিরে আসে ২৮৬ জনের। আপিল নামঞ্জুর হয়েছিল ২৭৪টি। সারা দেশে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে ৩৪৭টি। স্থগিত আছে ৫টি। প্রত্যাহার শেষে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯৬টি। তিনি বলেন, এখন মোট ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। ২৮টি রাজনৈতিক দলের থেকে একটি দল অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ গেছে। প্রার্থীদের নির্বাচন কমিশনের আচারণবিধি মেনে চলার আহ্বান জানান সচিব।

এদিকে রোববার হাইকোর্টে নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬ জন। বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। প্রার্থিতা ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন-মুন্সীগঞ্জ-২ স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা, টাঙ্গাইল-৬ স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ, মানিকগঞ্জ-২ তৃণমূল বিএনপির মো. জসীম উদ্দিন, লক্ষ্মীপুর-২ স্বতন্ত্র সেলিনা ইসলাম, রাজশাহী-১ স্বতন্ত্র মো. গোলাম রব্বানী ও বগুড়া-৩ স্বতন্ত্র মো. ফেরদৌস স্বাধীন ফিরোজ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ নিবন্ধিত ২৯টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছিল। সেখান থেকে একটি দল বাদ পড়েছে, অপরটির তথ্য পাওয়া যায়নি। বিএনপিসহ ১৫টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচনে অংশ নেওয়া বড় রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয় পার্টি ও ১৪ দলীয় শরিক জোটের দলগুলোকে ৩২টি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই ৩২টি আসনে সরকারি দলের কোনো প্রার্থী থাকছে না। দলীয় প্রার্থীর পরিবর্তে জাতীয় পার্টি ২৬, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ তিনটি, দুটি ওয়ার্কার্স পার্টি এবং একটি জাতীয় পার্টির (জেপি) একজন প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। তাদের সমর্থনে নিজ দলের প্রার্থীদের প্রত্যাহার করে নিয়েছে ক্ষমতাসীন দল। তবে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে নিচ্ছে না আওয়ামী লীগ। এর ফলে বেশিরভাগ আসনেই নিজেদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

জনগণ যাকে ভোটে বেছে নেবে তারাই সংসদে যাবে: ইসি আলমগীর

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মো. আলমগীর বলেছেন, ভোট সব সময়েই উত্তেজনার বিষয়। সে উত্তেজনা আনন্দের। দুর্ভাবনার নয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। নিরপেক্ষভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বেছে নেবে তারাই সংসদে যাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে রোববার বিকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, সুষ্ঠু পরিবেশ ও নিরাপদে ভোট দিয়ে ভোটাররা নির্বিঘ্নে নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য সব ধরনের প্রচার ও ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন তারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ‘আপনারা জানেন সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি নীতিগতভাবে অনুমোদন দিয়েও দিয়েছেন। রিটার্নিং অফিসার যখন মনে করবেন তখনই সেনাবাহিনী আসবে।’

জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার ড. বদিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন নুরুল ইসলাম প্রমুখ।

বিএনপির চরিত্র কখনো বদলাবে না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মাথা নেই, শুধু একটা ধর চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির চরিত্র কখনো বদলাবে না। জনগণের কল্যাণের কথা এরা চিন্তা করে না। নিজেদেরটাই শুধু ভালো বোঝে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে অর্থ-সম্পদ বানানো, বিদেশে পাচার করা, এতিমের অর্থ আত্মসাৎ- এগুলোই করেছে। আর তাদের কাছ থেকে এখন বড় বড় কথা শুনতে হয়। এটাই বাংলাদেশের দুর্ভাগ্য।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে সংলাপের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, যখন ডায়ালগের জন্য ফোন করলাম, যে ধরনের আচরণ করল, আমি অবাক হলাম। এরপরেও নির্বাচন হয়ে গেল। ২০১৮ সালে আবার যখন আহ্বান করলাম, সব দলই কথা বলল, শুধু বিএনপি ছাড়া। কিন্তু তারা নির্বাচনে আসে।

তিনি বলেন, নির্বাচন তারা (বিএনপি) করবে কিভাবে। কারণ, তারা নমিনেশন দেয়- একটা আসে লন্ডন থেকে, একটা আসে পল্টন থেকে, আরেকটা আসে গুলশান থেকে। যখন লন্ডনেরটা আসে, তখন পল্টনেরটা চলে যায়, যখন পল্টনেরটা থাকে তখন গুলশানেরটা যায়। এই করে সকালে একটা নির্বাচন দেয়, বিকালে একটা নির্বাচন দেয়। শেষকালে পল্টনও গেল, লন্ডনও গেল, গুলশানও গেল।

২০১৮ সালের নির্বাচনে বিএনপি কয়েকটা সিট (আসন) পেয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তাদের যারা পার্লামেন্টে সদস্য ছিল, আমরা তাদের সবরকম সুযোগ দিতাম কথা বলার। কারণ, আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমাদের কথা বলতে দেওয়া হতো না। এমনকি ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আলোচনা করার সুযোগ দেয়নি। আমি বিরোধী দলের নেতা হয়েও আমি কোনো দিন মাইকই পেতাম না।

তিনি বলেন, এখন আবার যখন নির্বাচন এসেছে, তখন তাদের নানা কথা, নির্বাচন করবে না। আসলে নির্বাচন করবে কিভাবে। ওই দলের তো মাথা নেই, শুধু একটা ধর চলছে। সেটাও একটা গুলশান, আর একটা পল্টন থেকে। এই দুই জায়গা থেকে তারা চলছে। আর কোনো কোনো অন্ধকার জায়গা থেকে তারা কথা বলে। ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে প্রতিদিন হরতাল ডাকে, অবরোধ ডাকে, মানুষ পুড়িয়ে মারে।

বিএনপির অবরোধে তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে যায় মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা জিয়া তো বছরের পর বছর অবরুদ্ধ। কারণ, ২০১৪ সালে তিনি যে অবরোধের ঘোষণা দিয়েছিল, তা এখনো তোলেনি। এখন আবার অবরোধ দিচ্ছে, হরতাল দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, লন্ডন বসে হুকুম দেয়, আর এখান থেকে আগুন দেয়। এই আগুনের খেলা ভালো না। বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, যারা আগুন দেয় তাদের প্রতিহত করুন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১০ আসরের মধ্যে এককভাবে ৭ বার চ্যাম্পিয়ন হয় ভারত। একবার শিরোপা জিতে আফগানিস্তান। এবার শিরোপা জিতল বাংলাদেশ।

২০১২ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে ফাইনাল ম্যাচটি টাই হওয়ায় ভারত-পাকিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবারের আসরেও হট ফেভারিট ছিল ভারত। তাদেরকে সেমিফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে বাংলাদেশ।

আজ রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দশম আসরের ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ।

যুব এশিয়া কাপের টানা দ্বিতীয় এবং সবমিলে তৃতীয়বারের আয়োজক দেশ আরব আমিরাত। গতবারের মতো এবারও আরিমাতেই অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। স্বাগতিকরা টুর্নামেন্টের ফেভারিট দল পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে বাংলাদেশের কাছে শিরোপা হাতছাড়া করে।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। আগে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি আর রিজোয়ান হোসেন ও আরিফুলের জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

দলের হয়ে ১৪৯ বলে ১২টি চার আর একটি ছক্কায় ১২৯ রান করেন আশিকুর রহমান শিবলি। টুর্নামেন্টে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে গত বুধবার শ্রীলংকার বিপক্ষে ১৩০ বলে ১১৬ রানের লড়াকু ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুলে দেন। আজ ফাইনালে শিবলি করেন সেঞ্চুরি। এছাড়া রিজোয়ান ও আরিফুল ৭১ বলে ৬০ আর ৪০ বলে ৫০ রান করে করেন।

যুব এশিয়া কাপের প্রথম শিরোপার লক্ষ্যে ৩০০ বলে ২৮৩ রানের টার্গেট তাড়ায় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আরব আমিরাত। টুর্নামেন্টের স্বাগতিকরা ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ২৪.৫ ওভারে ৮৭ রানে অলআউট হয়।

বাংলাদেশ দলের হয়ে মারুফ মৃধা ও রোহানাত দৌলত বর্ষন ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও শেখ পারভেজ হোসেন জীবন।

ট্রেনে অগ্নিসংযোগ ও রেললাইন কেটে ফেলা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয় : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরে রেললাইন কেটে ফেলার বিষয়ে বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতির নামে মানুষ ও গাড়ি পোড়ানো হচ্ছে। এছাড়া রেললাইন কেটে ফেলা হচ্ছে ও ট্রেনে অগ্নিসংযোগ করা হচ্ছে। এগুলো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) আয়োজিত ‘বিজয়ের ৫২ বছর’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির নামে এই সন্ত্রাস আমাদের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে এবং করছে। সুতরাং দেশকে যদি স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে হয় তাহলে রাজনীতির নামে এই সন্ত্রাস চিরদিনের জন্য বন্ধ করতে হবে। আমরা সেটি বন্ধ করতে বদ্ধপরিকর। সুতরাং আজকে বিজয় দিবসে আমাদের সবার শপথ হওয়া প্রয়োজন এই নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতিকে চিরতরে দেশ থেকে নির্মূল করতে হবে।

তিনি বলেন, আমরা অর্থনৈতিকভাবে এখন আর দারিদ্র্য নই, তবু অনেকের চেয়ে পিছিয়ে। কিন্তু সামাজিক ও পারিবারিক বন্ধন ও মূল্যবোধে আমরা অনেকের চেয়ে এগিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামাজিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা ও দারিদ্র্য জনগোষ্ঠীর জন্য মাতৃত্বকালীন ভাতাসহ নানা ধরনের ভাতা চালু করেছেন। এভাবে দেশকে আমরা একটি মানবিক, সামাজিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে চাই, যেখানে সমস্ত আর্ত-পীড়িত ও দারিদ্র্যদের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।

হাছান মাহমুদ বলেন, আজকে বাংলাদেশ সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। এখন জিডিপিতে আমরা বিশ্বের ৩৫তম আর পিপিপিতে ৩১তম অর্থনীতির দেশ। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ ২৫ কিংবা ২৭তম অর্থনীতির দেশে রূপান্তরিত হবে। এই উন্নয়ন অগ্রগতি আমরা আরও বহুদূর এগিয়ে নিতে পারতাম যদি দেশে ধ্বংসাত্মক, নেতিবাচক ও গুজব ছড়ানোর রাজনীতি না থাকত। কারণ এগুলো দেশের অগ্রগতিকে শ্লথ করেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ডিএফপির মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীর আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে ডিএফপি নির্মিত ‘অপরাজেয় বাংলাদেশ’ গীতিনাট্য চলচ্ছবি প্রদর্শন ও আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পুরোনো ভবনের দুইটি তলা সংস্কার করে একটি শ্যুটিং ফ্লোর এবং ভবনের সামনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরকে জরিমানা

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরকে আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। রোববার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, রোববার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ইসলামপুর এলাকায় আবু জাহেরের পক্ষে রঙিন ব্যানার টানিয়ে নির্বাচনি প্রচারণা চালানোয় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রার্থীর সমর্থক মো. আবির হোসেনকে (৩০) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রঙিন ব্যানারটি অপসারণ করা হয়েছে। এ কাজে সহযোগিতা করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। তিনি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

থার্টিফার্স্ট নাইটে মাঠ পর্যায়ে নিরাপত্তায় কড়া বার্তা আইজিপির

ডেস্ক রিপোর্ট:

খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন।

র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

আইজিপি খ্রিস্টান কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের জন্য খ্রিষ্টান ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ জানান আইজিপি। তিনি বলেন, কেউ নাশকতার চেষ্টা করলে আপনারা তাকে ধরে ফেলবেন। আর ধরতে না পারলে চিনে রাখবেন, পুলিশ তাদের আটক করবে। তিনি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগেরও অনুরোধ জানান।

আইজিপি ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীসহ সারা দেশে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

পুলিশ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে সাইবার মনিটরিং ও পেট্রোলিং বৃদ্ধি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য ট্যুরিস্ট পুলিশকে বিশেষ নির্দেশনা দেন।

সভায় থার্টিফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে পটকা, আতশবাজিসহ ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

সভায় অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, এটিইউর অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও এবং খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আচরণবিধি লঙ্ঘন করায় মাহিকে কঠোরভাবে সতর্ক করলেন আদালত

ডেস্ক রিপোর্ট:

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় কঠোরভাবে সতর্ক করেছেন আদালত।

রোববার নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদের আদালতে কারণ দর্শানোর নোটিশের শুনানি শেষে মাহিয়া মাহি নিজেই বিষয়টি জানিয়েছেন।

মাহি বলেন, প্রতীক বরাদ্দের আগেই আমি ভোটারদের সঙ্গে দেখা করতে গিয়েছি, দোয়া চেয়েছি। এটিও একটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। আমি এর জন্য আদালতকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছি। তারা আমাকে কঠোরভাবে সতর্ক করেছেন যে, পরবর্তী সময়ে যাতে এ রকম না হয়। আমি এটা মেনে চলব।

মাহি আরও বলেন, উনারা (নির্বাচনি অনুসন্ধান কমিটি) আসলে সবার জন্যই সমান। এই আসনের বর্তমান যিনি এমপি, তাকেও শোকজ করা হয়েছিল।

কোন প্রতীকে নির্বাচনে লড়বেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘পছন্দের প্রতীক এখনো বলতে চাই না। আগামীকাল প্রতীক বরাদ্দ হবে। কালই ঠিক হবে আমি কোন প্রতীকটা পাচ্ছি। এর পরেই প্রচার-প্রচারণা। প্রচারণা তো সেই রকমভাবেই করতে হবে। বড় বড় দুটি উপজেলা। মাঠপর্যায়ে আমার অবস্থান খুব ভালো। আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। বাকিটা আল্লাহ ভরসা।’

ভোটের মাঠে এসে কোনো বাধা পাওয়া যাচ্ছে কিনা, জানতে চাইলে ঢাকাই সিনেমার এ নায়িকা বলেন, ‘এখন পর্যন্ত আমাকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি। সরে যাওয়ার কথাও বলা হয়নি।

নির্বাচন যত এগিয়ে আসবে, বিষয়টি আসলে তখন বোঝা যাবে। সরাসরি এখনো কোনো হুমকি আসেনি। প্রচারণার মাঠে গিয়ে আসলে কতটুকু প্রবলেম ফেস করি, সেটি আপনাদের সবাইকে (সাংবাদিকদের) জানাব এবং সহযোগিতা চাইব। যদি দেখি যে আমার কর্মীরা রিস্ক ফিল করছে, তা হলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং সেটি দেশবাসীকে জানাবেন।

শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে মাহি বলেন, নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আগামী নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, শেষ পর্যন্ত লড়ব।’

এর আগে শোকজ নোটিশের জবাব দিতে বেলা সাড়ে ১১টায় আদালতে আসেন মাহিয়া মাহি। দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি চলে। শুনানিতে আদালত মাহির বক্তব্যে সন্তোষ প্রকাশ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। তবে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

আগামী ১৩ ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ

ডেস্ক রিপোর্ট:

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৭ ডিসেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য ছিল। এ দিন খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী জিয়া উদ্দিন জিয়া হাজিরা দেন। এছাড়া মামলার অন্যতম আসামি সেলিম ভূঁইয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৩ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ১৯ মার্চ একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।

বাকিরা হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এর মধ্যে এ কে এম মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেন। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।