All posts by jitu

ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বসত ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে জেসমিন আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (১৮ অক্টোবর) রাতে আনুমানিক ১০ টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জেসমিন আক্তার (২৩) ছোটধুশিয়া গ্রামের মৃত জুজু মিয়ার মেয়ে। এছাড়া সে একই উপজেলার শিদলাই ইউনিয়নের দক্ষিণ শিদলাই গোলাবাড়িয়া গ্রামের আবু জাহেরের ছেলে মো. আকতার হোসেনের স্ত্রী।

নিহতের বড় ভাই আবুল বাশার জানান৷ গত প্রায় পাঁচ বছর পূর্বে গোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা আকতার হোসেন (২৮) সঙ্গে আমার বোন জেসমিন আক্তারের সামাজিক ও আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয়। আমার বোন জেসমিন আক্তারের একটি কন্যা সন্তান রয়েছে।

তিনি জানান, বিবাহের পর হইতে আমার বোন জেসমিন আক্তার এবং তাহার স্বামী ও পরিবারের লোকজনের মধ্যে সাংসারিক বিষয় নিয়া মাঝেমধ্যে ঝগড়া বিবাদ হইত। যাহার কারণে আমার বোন জেসমিন আক্তার বেশিরভাগ সময় আমার বাড়িতে বসবাস করিত। মাঝেমধ্যে স্বামীর বাড়িতে যেত। জেসমিন আক্তারের স্বামী ঢাকায় দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করে।

গত বুধবার (১৮ অক্টোবর) আনুমানিক বেলা ১১ টার সময় আমার বোন জেসমিন আক্তার তাহার স্বামীর বাড়িতে যায় ও সেখানে সে না থেকে একইদিন বিকেলে আমাদের বাড়িতে চলে আসে। ওইদিন রাত আনুমানিক ৯টা প্রতিদিনের ন্যায় জেসমিন আক্তার রাতের খাবার খাওয়ার পর আমাদের অপর একটি বসত ঘরে ঘুমানোর উদ্দেশ্যে যায়। পরবর্তীতে রাত আনুমানিক ১০ টার সময় হঠাৎ আমার ভাগ্নী মোসা. জান্নাত আক্তার (আড়াই বছর) কান্নাকাটি শুনে বাড়িতে থাকা অন্যান্য লোকজন ওই ঘরে গিয়ে দেখে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করা। এসময় আমার বোন সোহানা আক্তার ডাক-চিৎকারে করিলে বাড়ির লোকজন এসে জানালার খিল ভেঙে ঘরের ভিতরে গিয়ে দেখে আমার বোন জেসমিন আক্তার বাঁশের তীরের সাথে তার নিজের ব্যবহৃত ওড়না দিয়া গলায় ফাঁস লাগাইয়া ঝুলন্ত অবস্থায় আছে। আমি চিৎকার চেঁচামেচি শুনে দোকান থেকে বাড়িতে গিয়ে ঘটনাটি জানতে পারি।

পরে ঘটনার বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে মোবাইল ফোনের মাধ্যমে জানাইলে স্থানীয় চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে কর্তব্যরত পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়ে আমার বোন জেসমিন আক্তারের লাশ বাঁশের তীর থেকে নামিয়ে থানায় নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের বড় ভাই মো. আবুল বাশার থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ধসে পড়েছে গাজার ঐতিহাসিক মসজিদ

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ধসে পড়েছে গাজার ঐতিহাসিক মসজিদ

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ধসে পড়েছে গাজা উপত্যকার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ। গাজার উত্তরাঞ্চলে অবস্থিত মসজিদটি ধ্বংস হওয়ার তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক মাইক্রো ব্লগিং সাইট এক্সে শুক্রবার একটি পোস্টে মসজিদটির তিনটি ছবি প্রকাশ করেছে।

ছবিগুলো দেখে যা বোঝা যাচ্ছে, যেখানে নামাজ আদায় করা হতো সেখানে বোমা ফেলা হয়েছে। তবে মসজিদটির মিনার ও গম্বুজটি অক্ষত আছে। ছবিগুলোতে সবুজ রঙের গম্বুজ ও সাদা রঙের মিনারটি দেখা যাচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের এ নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যাই ১ হাজার ৫০০ জনের বেশি।

যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামাসের যোদ্ধাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার বেসামরিক মানুষ।

বোমা হামলার পাশাপাশি গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করেছে ইসরায়েল। এরমাধ্যমে ছোট এই উপত্যকায় খাদ্য, পানি, জ্বালানিসহ সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ রেখেছে তারা। আর অতিপ্রয়োজনীয় এসব পণ্যের অভাবে এখন গাজায় মানবিক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

বুড়িচংয়ে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, অফিসার ইনচাজ আবুল হাসানাত খন্দকার,

উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকতা আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কমকতা ফৌজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কমকতা ফাতেমা তোজ জোহরা , অধ্যক্ষ মফিজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কমকতা আব্দুল আউয়াল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবপাস্থক এম হাবিবুর রহমান, বিজিপি প্রতিনিধি , মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সীলের প্রতিনিধী আব্দুস সালাম খন্দকার, ইসলামি ফাউন্ডেশন ফিল্ডসুপার ভাইজার আব্দুর রহিম, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান এড.ইস্কান্দার আলী আমির ভূইয়া প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চতুর্থ চালান

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চতুর্থ চালান

ডেস্ক রিপোর্ট:

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েলের (ইউরেনিয়াম) চতুর্থ চালান পৌঁছেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইউরেনিয়াম গাড়ি প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মকর্তারা স্বাগত জানান।

রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ ও প্রশাসন বিভাগের প্রধান অলক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাশিয়া থেকে পূর্ববর্তী তিনটি চালানের মতোই বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায় ইউরেনিয়াম। শুক্রবার ভোরে ইউরেনিয়ামের এ চালান ঢাকা থেকে সড়কপথে রওনা হয়। সাড়ে ৯টার দিকে রূপপুরে পৌঁছায়।

ঈশ্বরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চতুর্থ চালান সড়কপথে রূপপুরে আনা হয়েছে। সড়কপথে ইউরেনিয়ামের চালানবাহী গাড়িবহর আসার সময় কিছুক্ষণের জন্য সড়কে অন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।

গেলো ২৯ সেপ্টেম্বর প্রথম, ৬ অক্টোবর দ্বিতীয় এবং ১৩ অক্টোবর ইউরেনিয়ামের তৃতীয় চালান কড়া নিরাপত্তায় ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছায়। মোট সাতটি চালানের মধ্যে পর্যায়ক্রমে আরও তিনটি চালান দেশে আসবে।

বিচ্ছেদের ঘোষণা শিল্পা শেঠির স্বামী রাজের

বিচ্ছেদের ঘোষণা শিল্পা শেঠির স্বামী রাজের

ডেস্ক রিপোর্ট:

২০২১ সাল থেকেই সময়টা খারাপ যাচ্ছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার। দীর্ঘ ১৪ বছরের সংসার জীবন তাদের। এই তারকা দম্পতির সংসারে দুই সন্তান রয়েছে। হঠাৎ করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন শিল্পা শেঠির স্বামী।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এমন বার্তায় রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। বিষয়টি নিয়ে নানান জল্পনা-কল্পনা তৈরি হয়েছে নেটদুনিয়ায়।

তবে কি ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন রাজ-শিল্পা? এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে এই তারকা দম্পতির ভক্তদের মনে।

সম্প্রতি নিজের টুইটারে রাজ লিখেছেন, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এই বার্তার পর শুরু হয়েছে জোর চর্চা। তবে এ বিষয়টি স্পষ্ট করে কিছু বলেননি রাজ। এমনকি নিশ্চুপ রয়েছেন শিল্পাও।

এদিকে রাজের এই বার্তাকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন শিল্পার অনুরাগীরা। নেটিজেনদের একাংশের দাবি, রাজের আসন্ন সিনেমা প্রচারের ফিকির হিসেবেই নেটমাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি।

জানা যায়, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে রাজ অভিনীত সিনেমা ‘ইউটি৬৯’। গল্পে হাজতবাস করা একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেন তিনি।

 

সরকার পতনে আর কয়েকটা দিন: মির্জা ফখরুল

সরকার পতনে আর কয়েকটা দিন: মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্ট:

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনে আর কয়েকটা দিন আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘তিনি বলেন, কয়েকটা দিন আছে। এখন কিন্তু মাসও নেই। সেই দিনগুলোতে বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে…মারবে তো মারবেই, এগিয়ে যাবো। মারছেই তো, গত ১৫ বছরে আমাদের হাজারো নেতা-কর্মীকে মেরে ফেলেছে। গুম করেছে। আমাদের ৫০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সরকারি হিসাবে গতকালও ৭৭ জনকে গ্রেপ্তার করেছে।’

শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি: সরকারের অব্যবস্থাপনা- কৃষক এবং জনগণের নাভিশ্বাস শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সোনালী দল, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

মির্জা ফখরুল জানান, কোনো কথা নয়, আসুন আজকে আমরাই সবাই ঐক্যবদ্ধ হই। একটা জিনিস কিন্তু আশা জোগাবে, সাহস জোগাবে, আজকে দেশের সকল মানুষ এক হয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে। বাম ডান সবাই একটা কথাই বলছে, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। হতে পারে না।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছে। আমরা খালি হাতে আছি। আমাদের হাতে তো বন্দুক নেই যে আপনাকে ভয় দেখাব, গ্রেপ্তার করে নিয়ে আসবো। ডিবিতে নিয়ে গিয়ে অত্যাচার নির্যাতন করবো। সেই ক্ষমতা তো আমার নেই। তাই সবাইক রাস্তায় বেরিয়ে আসতে হবে।

ফখরুল বলেন, আমাদের একটাই ক্ষমতা আছে। মানুষকে সংগঠিত করা, মানুষকে বলা এই অবস্থা থেকে বেরোতে চাইলে, মুক্তি পেতে চাইলে রাস্তায় বেরিয়ে আসতে হবে। এই রাস্তায় বেরিয়ে আসাই তো বড় কথা। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন বিএনপির নেতাকর্মীরা রাস্তায় কি করছে। সবাইকে রাস্তায় বেরিয়ে আসতে হবে।

বিএনপি সন্ত্রাসী দল-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এখন নতুন সুর শুরু করেছেন—বিএনপি সন্ত্রাসী দল! গতকালও প্রধানমন্ত্রী বলেছেন, তো বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কী? আপনারা তো সন্ত্রাসের বাবা।

আওয়ামী লীগ রাষ্ট্রকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছে দাবি করে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি সন্ত্রাসের রাজত্ব বানিয়ে দিয়েছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে মন্তব্য করে তিনি বলেন, এখন একেবারে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নজিরবিহীন। সব দেশেই কিছু কিছু দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে যেটা বেড়েছে এটা অবিশ্বাস্য ও নজিরবিহীন। এর পেছনে কারণ অনেকগুলো। মূল কারণ জবাবদিহিহীন সরকার। তাকে কোথাও কোনো জবাবদিহি করতে হয় না। ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারছে। তাদের দুঃশাসন-দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের নাভিশ্বাস উঠেছে।

তিনি বলেন, সাধারণ মানুষ ডিম, ডাল কিনতে পারছে না। শাক কিনতে পারছে না কিন্তু নির্বাচনে ঘুষ দেওয়ার জন্য ইউএনও ও ডিসিদের জন্য ৩৬৫ কোটি টাকা দিয়ে নতুন গাড়ি কেনা হচ্ছে। তাদের টাকা দেওয়া হচ্ছে আলাদা করে। শোনা যাচ্ছে ইতোমধ্যে যারা ডিসি-এসপি, যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের কাছে টাকা পৌঁছে গেছে।

বর্তমান পরিস্থিতির উত্তরণে সরকারকে সড়ানো ছাড়া বিকল্প কিছু নেই বলেও মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই না। জনগণের নূন্যতম অধিকার ফেরত পেতে চাই।

খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করে বিএনপি মহাসচিব। বলেন, তাকে চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে না।

বর্তমান নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন একটা বানিয়েছে। এটার তো কোনো কিছুই ঠিক নেই। তারা বলছে যদি পরিবেশ অনুকূলে হয়, তাহলে পরিবেশ অনুকূলে নয়! এখনো পরিবেশ অনুকূলে হয়নি। দরকার কি বাবা, পদত্যাগ করো না, আসো আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আসো।

শেষবারের মতো সরকারের কাছে অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, শেষ বারের মতো সরকারকে বলতে চাই দয়া করে পদত্যাগ করুন। শান্তিতে আপনারা নিরপেক্ষ নির্দলীয় সরকারে হাতে ক্ষমতা দিয়ে চলে যান। দেশের মানুষকে বাঁচতে দেন।

ময়মনসিংহের বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের সভাপতি অধ্যাপক গোলাম হাফিজ সেমিনারে সভাপতিত্ব ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনা সেমিনারে আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরি এস এ ইসলাম ও আব্দুস সালাম প্রমুখ।

সূত্র: ঢাকাপোষ্ট

হিন্দুদের পূজামণ্ডপ-বাড়িঘর পাহারার নির্দেশ ওবায়দুল কাদেরের

হিন্দুদের পূজামণ্ডপ-বাড়িঘর পাহারার নির্দেশ ওবায়দুল কাদেরের

ডেস্ক রিপোর্ট:

দুর্গাপূজা চলাকালে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও বাড়িঘরে পাহারা দিতে সারাদেশে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকের কাছে দলীয় এ নির্দেশনার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, কুমিল্লার সহিংসতার ঘটনাটি দলের গোচরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর উদ্বেগের সঙ্গে নিজেই খোঁজখবর নিয়েছেন। দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরের একই পরিণতি হবে ২৮ অক্টোবরে।

দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

শারদীয় দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, এখন একটি নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেয়। সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। এই ধরনের গুজব যারাই ঘটাচ্ছেন সঙ্গে সঙ্গে না হলেও দ্রুত সময়ের মধ্যে আমরা শনাক্ত করে ফেলছি। কাজেই সেটা করেও তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সবদিকেই খেয়াল রাখছে।

শুক্রবার সকালে পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে এসে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুটিকয়েক মানুষ যারা সবসময় বাংলাদেশ সৃষ্টিতও বিরোধিতা করেছে এবং যা কিছু ভালো কাজ তার বিরুদ্ধে তারা আছে। বঙ্গবন্ধুকেও কিন্তু শাহাদাতবরণ করতে হয়েছিল। কাজেই আমি বলতে চাই এ সমস্ত দুষ্কৃতকারী সংখ্যায় খুবই কম তারপরও এরা ঘটনা ঘটিয়ে থাকে। সেজন্যই আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকে।

এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এসময় ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদসহ পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট:

অধিকৃত পশ্চিমতীরের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। এ ছাড়া গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া ক্যাম্পে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে ইসরাইল পশ্চিমতীরে এ হামলা চালায়। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দুই ফিলিস্তিনি সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে জড়িত সন্দেহে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার বাসিন্দারা, যারা পশ্চিমতীরে কাজ করছে, তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরাইলে ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বাহিনী ইতোমধ্যে ৮৫০ জনেরও বেশি গ্রেফতার করেছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া ক্যাম্পে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, জাবালিয়া ক্যাম্পের আনোয়ার আজিজ মসজিদ স্কোয়ারে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় বিপুলসংখ্যক মানুষও আহত হয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে কামাল আদওয়ান হাসপাতালে (উত্তর গাজার) সিভিল ডিফেন্স এবং মেডিকেল টিমগুলোকে নিহতদের উদ্ধারের পাশাপাশি আহতদের সেবা দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুর সংবাদদাতাকে বলেছেন, ‘হামলার পর বিস্তৃত ধ্বংসযজ্ঞের মধ্যে কয়েক ডজন আহত মানুষ ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।’

ইসরাইল-হামাস সংঘাতের বিস্তার ঘটলে পরিণতি হবে ভয়াবহ: যুবরাজ সালমান

ইসরাইল-হামাস সংঘাতের বিস্তার ঘটলে পরিণতি হবে ভয়াবহ: যুবরাজ সালমান

ডেস্ক রিপোর্ট:

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এক বৈঠকে এমন হুশিয়ারি দেন।

ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের অংশ হিসেবে একই দিন তেলআবিব সফরে গিয়ে ইসরাইলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর সৌদি আরব সফরে যান ঋষি সুনাক।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যুবরাজ সালমান জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইল যেভাবে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে তা স্পষ্টতই গর্হিত অপরাধ। গাজার বেসামরিক নাগরিকদের নিশানা করে ইসরাইলের বোমা বর্ষণকে সৌদি আরব পাশবিক হামলা হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে গাজায় এসব নিরীহ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংঘাতের বিস্তার ঠেকাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার ওপর জোরারোপ করেন সৌদি যুবরাজ। তিনি বলেন, এই সংঘাতের যাতে বিস্তার যাতে না ঘটে, সেটা নিশ্চিত করতে হবে। কারণ এটা নিশ্চিত না করা গেলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এর পরিণতি হবে বিপজ্জনক।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, ইসরাইল ও গাজায় গত দুই সপ্তাহ ধরে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি যে ভয়ংকর এক ঘটনা এ ব্যাপারে দুই রাষ্ট্রনেতা একমত হয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ গাজায় পানি, খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্য পৌঁছানোর বিষয়েও জোরারোপ করেছেন তারা।