নতুন ২ সুবিধা আসছে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। এর মূল কারণ এর সহজ ব্যবহারের সুবিধা। শুধু বার্তা বিনিময় নয়, অডিও এবং ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। ফলে ব্যবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ প্রায়ই নতুন ফিচার নিয়ে আসে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ভিডিও কলে ফিল্টারস এবং ব্যাকগ্রাউন্ডস নামে দুটি নতুন ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারগুলো ব্যবহার করে ভিডিও কলের সময় স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের ফিল্টার এবং পটভূমি নির্বাচন করা যাবে। ফলে ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে আরো মজাদার ও স্বচ্ছন্দে ভিডিও কল করতে পারবেন।
এই ফিচারগুলো শিগগিরই সবার জন্য উন্মুক্ত হবে। ফিল্টার ফিচারের মাধ্যমে ভিডিও কলে বিভিন্ন রঙ যোগ করা যাবে এবং ১০ ধরনের ফিল্টার ব্যবহার করা যাবে।
ব্যাকগ্রাউন্ডস ফিচারের মাধ্যমে ভিডিও কলের সময় আপনার পেছনের দৃশ্য পরিবর্তন করা সম্ভব হবে। ফিল্টারসের মতো ব্যাকগ্রাউন্ড ফিচারেও ১০ ধরনের দৃশ্যের মধ্যে থেকে আপনার পছন্দমতো একটি নির্বাচন করা যাবে, যা ভিন্ন ভিন্ন পরিবেশ তৈরি করতে সহায়ক হবে।
তাছাড়া হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচার আসছে, যা ব্যবহারকারীদের বিরক্তির অন্যতম কারণ — অপরিচিতদের মেসেজ থেকে রক্ষা করবে। এই ফিচারটি চালু করলে অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে, ফলে ব্যবহারকারীদের কোনো ধরনের বিভ্রান্তি বা বিরক্তিতে পড়তে হবে না।
এই ফিচারটি চালু করতে হলে ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করতে হবে। যারা অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা ভার্সন (2.24.20.16) ব্যবহার করছেন তারা হোয়াটসঅ্যাপের ‘থ্রি ডট’ মেনুতে গিয়ে সেটিংস-এ ক্লিক করে প্রাইভেসি অপশনটি নির্বাচন করুন। সেখানে অ্যাডভান্সড নামে একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করলে ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ নামে একটি ফিচার পাবেন। এটি সক্রিয় করলে অপরিচিত নম্বর থেকে আর কোনো মেসেজ আপনার কাছে আসবে না।