Tag Archives: আগাম নির্বাচনের পথ বেছে নিচ্ছেন ইমরান খান !

আগাম নির্বাচনের পথ বেছে নিচ্ছেন ইমরান খান !

 

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব তুলেছে বিরোধীরা। কাল রোববার অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। ভোটাভুটির আগে ইমরান খান গত শুক্রবার বলেন, তাঁকে তিনটি উপায়ের মধ্যে একটি বেছে নিতে বলেছে ‘এস্টাবলিশমেন্ট’। এগুলো হলো—অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া, পদত্যাগ করা অথবা আগাম নির্বাচন দেওয়া।পাকিস্তানের ‘এস্টাবলিশমেন্ট’ মূলত দেশটির ক্ষমতাধর সেনাবাহিনী।

বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তিনি পদত্যাগ করবেন না। তাঁকে ছেড়ে যেসব আইনপ্রণেতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন, বিরোধীরা তাঁদের দিয়ে সরকার চালাতে পারবে না বলে দাবি করেছেন তিনি। ইমরান খান বলেন, তিনি পদত্যাগ বা নতুন সরকার গঠনের বদলে আগাম নির্বাচনের পক্ষে। আগাম নির্বাচন হলেই সবচেয়ে ভালো হবে বলে মনে করছেন তিনি।

ইমরান খান বলেন, ‘আমরা বলেছি, নির্বাচন হলো সবচেয়ে ভালো বিকল্প। আমি পদত্যাগ করার কথা ভাবতেও পারি না। আমি শেষ পর্যন্ত লড়াইয়ে বিশ্বাস করি।’ দলত্যাগীদের নিয়ে সরকার চালানো যায় না দাবি করে তিনি বলেন, ‘আমরা যদি আগাম নির্বাচনের আয়োজন করি, তাহলে সেটাই পাকিস্তানের জন্য ভালো হবে।’

অনাস্থা প্রস্তাব নিয়ে ইমরান বলেন, কাল যখন জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বৈঠক হবে, তখন তিনি আরেকটি চমক নিয়ে আসবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন অধিনায়ক কখনো তার কৌশল কাউকে জানায় না। কিন্তু আমি আবার বলছি, এই অনাস্থা প্রস্তাব বড় একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র।’

‘আমার জীবন হুমকির মুখে’:

ইমরান খান বলেন, তাঁর জীবন এখন হুমকির মুখে। তিনি দাবি করেন, তাঁর সরকার পতনের ষড়যন্ত্র যাঁরা করছেন, তাঁরা এটা ভেবে ভয়ে আছেন, তিনি যদি ক্ষমতাচ্যুত হন তারপরও দেশের মানুষ তাঁকে সমর্থন করে যাবেন। ইমরান বলেন, ‘আমি এ কারণে প্রকাশ্যে এটা বলছি, আমার জীবন এখন হুমকির মুখে আছে।’

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান বলেন, ‘যাঁরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজেদের ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন, তাঁরা এটা জানে যে আমি চুপ করে বসে থাকব না। তাঁরা কী ভাবছেন? তাঁরা দুই থেকে আড়াই হাজার রুপি খরচ করে আমার সরকার পতনের চেষ্টা করবেন আর আমি চুপ করে বসে থাকব? এ কারণে আমি প্রকাশ্যে এসব কথা বলছি।’

গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে তাঁকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন ইমরান। এর প্রমাণ হিসেবে একটি হুমকিমূলক চিঠি পাওয়ার দাবি করেন তিনি। ওই ভাষণে চিঠির বিষয়ে বলতে গিয়ে ইমরান খান ‘মুখ ফসকে’ যুক্তরাষ্ট্রের নাম বলে দেন। তবে তাৎক্ষণিকভাবে তা তিনি শুধরে নেন। পরে বলেন, একটি বিদেশি রাষ্ট্র হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে, যা পাকিস্তানবিরোধী। যুক্তরাষ্ট্র ইমরান খানের এমন অভিযোগ অস্বীকার করেছে।

প্রকাশ্যে সরকার পতনের চিঠির কথা বলার পর ইমরান খানকে হত্যার চেষ্টা চলছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। ইমরান খান তাঁকে হত্যার ষড়যন্ত্রের কথা বলার কয়েক ঘণ্টা আগে ফাওয়াদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চেষ্টা চলছে। ইমরান খান হত্যার হুমকিতে আছেন বলে তাঁদের কাছে গোয়েন্দা তথ্য আছে জানিয়ে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘এ খবর পেয়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

এ সপ্তাহের শুরুতে ইমরান খানের দল পিটিআইর নেতা ফয়সাল ভাওদাও একই অভিযোগ তোলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। ‘দেশ বিক্রি করতে’ অস্বীকার করায় প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে উল্লেখ করে ভাওদা বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান একজন সাহসী ব্যক্তি। তিনি পাকিস্তানের বিষয়ে আপস করবেন না। তিনি কারও কাছে জাতির মাথা নত হতে দেবেন না। ইমরান আগেও জীবননাশের হুমকি পান বলে জানান তিনি।
‘কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে যাব না’:

ইমরান খান সাংবাদিকদের আরও বলেন, তিনি কখনো পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যাবেন না। কোনো অবস্থাতেই সামরিক বাহিনীকে বিতর্কিত হতে দিতে চান না জানিয়à§