Tag Archives: আটক পুত্রবধূ

ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন, আটক পুত্রবধূ

সাইফুল ইসলাম ফাহাদ:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি আরজিনা বেগমকে মারধর করে অচেতন করে ফেলার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ লিমা আক্তারের ( ২১ ) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লিমা আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার ( ২১ অক্টোবর ) সকাল ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক অভিযুক্ত লিমা আক্তার গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বার বাড়ির আবু ইউসুফ ভুট্টর স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার সকালে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূ লিমা আক্তারকে আটক করে। এ সময় আহত শাশুড়ি আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কুমিল্লার আদর্শ সদরে চিকিৎসক দম্পতিকে হত্যা, আটক পুত্রবধূ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আদর্শ সদরে হোমিওপ্যাথি চিকিৎসক দম্পতিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে (২৫) আটক করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) মধ‌্যরাতে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, মীর বাড়ির হোমিওপ্যাথি চিকিৎসক সৈয়দ বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

স্থানীয় পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘নিহতের স্বজনরা জানিয়েছেন, রোববার মধ্যরাতে সাত থেকে আট জনের একটি দল ঘরে ঢুকে ওই দম্পতির কাছে কিছু একটা চেয়েছিলো। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মারধর করে শ্বাসরোধে হত‌্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।’

এদিকে, বিষয়টি তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, পিবিআই ও সিআইডির সদস্যরা।

নাম প্রকাশ না করার শর্তে নিহতদের এক প্রতিবেশী বলেন, ‘প্রায় দুই মাস আগে সৈয়দ বিলাল হোসেনের বাড়িতে ডাকাতি হয়। ওই সময় লুট হওয়া মালামাল কিছুদিন পরে পুত্রবধূ শিউলী বেগমের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে শিউলি স্বীকার করেন, ডাকাতির ঘটনা তিনি সাজিয়েছিলেন। এরপর এমন কাজ আর কখনও করবেন না জানিয়ে শিউলি ফের শ্বশুরবাড়িতে আসেন। স্থানীয়দের ধারণা, হত্যাকাণ্ডের পেছনেও তিনি জড়িত থাকতে পারেন।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পুত্রবধূ শিউলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’