Tag Archives: এতিমখানা

দেবিদ্বারে মসজিদ থেকে প্রায় ৪ লাখ টাকা মুল্যের বৈদ্যুতিক তার চুরি

দেবিদ্বারে মসজিদ থেকে প্রায় ৪ লাখ টাকা মুল্যের বৈদ্যুতিক তার চুরি

 

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বারে প্রজাপতি এলাকায় একটি নবনির্মিত মসজিদ ও এতিমখানার ভবন থেকে প্রায় ৫০ কয়েল বিআরবি কোম্পানির বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি গ্রামে ২০২৩ সালের শেষ দিকে “প্রজাপতি হক এন্ড ইসলাম” নামে মসজিদ ও এতিমখানার নির্মান কাজ শুরু হয়। দুবাই প্রবাসী সাইফুল ইসলাম সরকারে অর্থায়নে প্রায় দুই কোটি খরচে মসজিদ ও এতিমখানাটি নির্মান করা হয়। প্রায় আট মাস আগে মসজিদের বৈদ্যুতিক কাজের দায়িত্ব দেওয়া হয় মো: খলিল নামের এক ঠিকাদারকে। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় কাজ শেষ করে শ্রমিকরা চলে যায়। পরদিন সকালে শ্রমিকরা কাজে এসে দেখে মসজিদের সম্পূর্ণ ওয়ারিংকৃত প্রায় ৫০ কয়েল বৈদুতিক তার চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। ঘটনা জানাজানি হলে শ্রমিক ও এলাকাবাসী আশপাশের সকল স্থানে খোঁজাখুজি করেও তারের কোনো সন্ধান পাননি। পরে বুধবার (২২ অক্টোবর) সকালে ইদ্রিস সরকার বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ইউনুছ মিয়া সরকার জানান, গ্রামের উন্নয়নের স্বার্থে আমার দুবাই প্রবাসী ভাতিজা সাইফুল ইসলামের অর্থায়নে মসজিদ ও এতিমখানাটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু গত ১৯ অক্টোবর রাতে কেবা কাহারা মসজিদের বৈদুতিক তার চুরি করে নিয়ে যায়, এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাঈনউদ্দিন জানান, মসজিদের চুরি ঘটনায় আমাদের কাছে অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছে। চুরি হওয়া বৈদ্যুতিক তার উদ্ধারে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

পূর্ব শত্রুতার জেরে এতিমখানা পুড়িয়ে ছাই করে দিল দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরের সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি এতিমখানার খাবারঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে মাদরাসা কর্তৃপক্ষ দাবি করছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার মান্দারীর যাদৈয়া গ্রামের মাওলানা আহম্মদ উল্লাহ মাদরাসা কমপ্লেক্স ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানায়, ভোরে প্রতিদিনের মতো মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠেন। এ সময় খাবার ঘরে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে মাদরাসার বাইরে অজ্ঞাত মানুষের কথাবার্তাও শোনা যায়।

পরে শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষকরা আগুন নেভাতে চেষ্টা করেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম মাদরাসায় এসে ফায়ার সার্ভিসে খবর দিলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এর আগেই চাল-তরকারি, ফ্রিজ ও আসবাবপত্রসহ খাবার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। মাদরাসার নিরাপত্তা দেয়ালের ওপর থেকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয় বলে দাবি করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী সাইফ উদ্দিন, আবদুল মালেকদের সঙ্গে রাস্তা নির্মাণ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সাইফ উদ্দিনরা মাদরাসার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করার চেষ্টা করেন। এতে বাধা দিলে মাদরাসা পরিচালক মনিরের ওপর একাধিকবার হামলা চালানো হয়।

এছাড়া মাদরাসার দুটি গাছ রাস্তা নির্মাণের জন্য সাইফ উদ্দিনরা জোরপূর্বক কেটে ফেলেন। এসব ঘটনায় মাদরাসার পরিচালক মনির বাদী হয়ে আদালতে দুটি মামলা করেন। ইতোমধ্যে আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) একটি মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছে।

মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ মনির হোসেন বলেন, কে বা কারা আগুন দিয়েছে আমরা দেখিনি। তবে রাস্তা নির্মাণ নিয়ে সাইফ উদ্দিন ও আবদুল মালেকদের সঙ্গে বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে তারাই আগুন লাগিয়েছে।

অভিযোগ অস্বীকার করে সাইফ উদ্দিন বলেন, আমি ঢাকায় আছি। মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনাটি আমার জানা নেই। আমরা মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে টাকা পাই। ওই টাকা চাওয়ায় আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ আনছে মাদরাসা কর্তৃপক্ষ।