কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) ২৫ হাজারের বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে, যা ৫ ভাগের ১ ভাগ। গতবছরের চেয়ে এবার ঝরে পড়ার সংখ্যা কমেছে, তবে হার প্রায় একই। গতবছর ঝরে পড়েছিল ২৯ হাজার ২০৪ জন।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে।
জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ছয় জেলা কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী।
কুমিল্লা বোর্ড থেকে জানা যায়, চলতি বছর কুমিল্লা বোর্ডে ১ লাখ ২৭ হাজার ১৯০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ২৫ হাজার ৪৪০ জন। পরীক্ষার আগে এত বড় সংখ্যায় শিক্ষার্থীর বাদ পড়ে যাওয়া শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ অবস্থার বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
এ বছর মোট ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৯২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪২ হাজার ৭৪১ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৯ জন। ছাত্রী ৫৯ হাজার ৯ জন। ছাত্রীর সংখ্যা বেশি। বিভাগ অনুযায়ী মানবিকে সবচেয়ে বেশি অংশ নিচ্ছেন ৪৭ হাজার ৯৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ২৭ হাজার ৫৫৪ এবং বিজ্ঞান বিভাগে সবচেয়ে কম ২৬ হাজার ২৩৮ জন।
কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম জানান, অনেক শিক্ষার্থী বিদেশে চলে গেছে। কেউ কেউ পারিবারিক কারণে—যেমন বিয়ে কিংবা আর্থিক সমস্যার জন্য পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ কারণে ফরম পূরণ না করেই তারা বাদ পড়েছে।
সূত্র: কালবেলা