Tag Archives: চাঁদপুরে

টাকা না পেয়ে চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকে গ্রাহকদের তালা

টাকা না পেয়ে চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকে গ্রাহকদের তালা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

টাকা না পেয়ে চাঁদপুর সোশ্যাল ইসলামী ব্যাংকে ঘেরাও করে তালা মেরে দিয়েছে গ্রাহকরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্স ভবনে টাকার জন্য চেক নিয়ে গ্রাহকরা জড়ো হন। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ টাকা লেনদেন বন্ধ রাখলে উত্তেজিত গ্রাহকরা প্রবেশ গেটে তালা মেরে দেয়। এদিকে পরিস্থিতি অস্বাভাবিক হলে নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়। পরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসে গ্রাহকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চাঁদপুর জেলা শাখায় ২২ হাজার গ্রাহক। বর্তমানে ১০০ গ্রাহকের টাকাও দিতে পারছে না ব্যাংক। এছাড়া জেলার বিভিন্ন শাখায় টাকা সংকটের কারণে চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছে না গ্রাহকরা। এতে টাকা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভোগান্তির শিকার গ্রাহকরা। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পুরোদমে সোশ্যাল ইসলামী ব্যাংকের টাকা লেনদেনের জটিলতা শুরু হয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও স্বাভাবিক হয়নি ব্যাংক লেনদেন। বর্তমানে জেলার এই ব্যাংকে ৫ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দিতে পারছে। টাকা সংকটে এখনো খুড়িয়ে খুড়িয়েই চলছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখাগুলো।

বেশ কয়েকজন গ্রাহক বলেন, দুই সপ্তাহ ধরে ব্যাংকে এসে টাকা নিতে পারছি না। ব্যাংকে আসলে তারা বলে সামনের সপ্তাহে আসেন ঠিক হয়ে যাবে। আজকে ব্যাংকে এসে দেখি কোন টাকা দিচ্ছে না। সকল গ্রাহকরা জড়ো হয়ে গেইটে তালা মেরে দিয়েছে। আমরা আমাদের টাকা চাই।

ব্যাংকের ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, রোববার ও সোমবার লেনদেন চালু ছিল। ওইদিন গ্রাহকদেন সাধ্যমত টাকা দিতে পারিনি। আজ ব্যাংকের পুরোপুরি লেনদেন বন্ধ রাখা হয়। যার কারণে গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে বাইরে দিয়ে তালা মেরে দেয়। আমরা প্রধান কার্যালয়ে কথা বলেছি ওনারা আমাদেরকে ২০ লাখ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আশা করি টাকাগুলো গ্রাহকদের ৫ থেকে ১০ হাজার টাকা করে দিতে পারবো। আমি গ্রাহকদের বলবো, আপনারা একটু ধৈর্য্য ধরুন। ধৈর্য্য ধরলে ব্যাংক অবশ্যই আগের মত দাঁড়িয়ে যাবে। ব্যাংকের পরিস্থিতি স্বাভাবিক হতে আমাদের কিছুদিন সময় দিতে হবে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আমরা খবর পাই সোশ্যাল ইসলামী ব্যাংকে এসে দেখি গ্রাহকরা ভিড় জমাচ্ছেন, তারা তাদের টাকা পাচ্ছেন না। পরে থানা থেকে টহল পার্টি ব্যাংকে পাঠানো হয়। পরিস্থিতি আরও অবনতি হলে তখন আমি নিজে এসে পরিস্থিতি স্বাভাবিক করি। আমি ব্যাংকের ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে কিছু টাকা আনার ব্যবস্থা করি। আশা করছি গ্রাহকদের আপাতত সন্তুষ্ট করা যাবে।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চাঁদপুরে শেষ হল তিন দিনব্যাপী ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চাঁদপুরে শেষ হল তিন দিনব্যাপী ইজতেমা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের সূরা প্রধান মাওলানা মনির বিন ইউসুফ। শনিবার (১৯ অক্টোবর) আখেরি মোনাজাতে প্রায় ২০ সহস্রাধিক মুসল্লি অংশ নেন।

বেলা ১২টা ৩ মিনিটে শুরু হয় মোনাজাত। এতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সেই সাথে দ্বীনের পরিবেশ কায়েম করার পাশাপাশি নবী করিম (সাঃ) এর সুন্নতের তরিকা অনুযায়ী চলার তৌফিক কামনা করা হয়। দুনিয়ার সকল মক্তব, মাদ্রাসা, দ্বীনই প্রতিষ্ঠানের হেফাজত এবং সবাইকে খেদমত করার তৌফিক এনায়েত করেন। বিশ্বের মানুষের হেদায়েতে কাজ করতে তৌফিক কামনা করেন। মুসলমানদের হেফাজতে আল্লাহর সাহায্য কামনা এবং কাফের, মুশরিকদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য কামনা করেন। ২৫ মিনিটের মোনাজাতে মুসল্লিরা আমন আমিন বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

তিন দিনব্যাপী তাবলিগ জামাতের এই ইজতেমা চাঁদপুর শহরের পুরানবাজার স্টার আলকায়েত জুট মিলের উল্টো দিকে বালুর মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই জেলা ইজতেমায় আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ফ্রান্স, মালয়েশিয়া, শ্রীলংকা, ফিলিস্তিন, সিঙ্গাপুর, মিশর ও মরক্কো থেকে আসা মেহমানরাও অংশগ্রহণ করেন।

তাবলিগ জামাতের চাঁদপুরের মুরুব্বী হযরত মাওলানা আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। ইজতেমায় ঈমানের ওপর আল্লাহর একত্মবাদ এবং রাসুল পাক (সা.) এর রেসালাত, আখলাক আখেরাতের আলোচনা করা হয়। তিনি আরো জানান, ইজতেমায় আসা মুসল্লিদের মাধ্যমে প্রায় ২০টির অধিক জামাত তৈরি হয়েছে। তারা দ্বীনের দাওয়াতে দেশের বিভিন্ন এলাকা সফর করবেন।

চাঁদপুরে ৬ শতাধিক শিক্ষকের পদ শূন্য

চাঁদপুরে ৬ শতাধিক শিক্ষকের পদ শূন্য রেখেই চলছে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম

চাঁদপুরে ৬ শতাধিক শিক্ষকের পদ শূন্য রেখেই চলছে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলার ২৮৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এছাড়া ৩৩০ জন সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে চাঁদপুরের ২৮৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি না দেয়ায় এবং অবসরের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা যায়। তবে সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে উক্ত স্কুলগুলোতে। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের নিয়মিত পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম। নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় অনেক দাপ্তরিক কাজে ব্যাঘাত সৃষ্টি ও জটিলতা তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের পাঠদানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ও দায়িত্বহীনতা এড়াতে জরুরী ভিত্তিতে এসব বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন অভিভাবক মহল। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা ও পাঠদানে সমস্যা তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। অভিভাবকরা বলছেন, মানসম্পন্ন শিক্ষার পূর্ব শর্ত হলো- প্রয়োজনীয় শিক্ষক, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও উপযুক্ত পরিবেশ। এসবের কোনো একটির কম হলে মানসম্পন্ন শিক্ষায় সংকট দেখা দেয়। বিশেষ করে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক না থাকলে পাঠদানে সমস্যা সৃষ্টি হয়।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ৮ উপজেলার ১১৫৬ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৮৯ টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। জেলায় প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মোট শিক্ষক রয়েছে ৮ হাজার ১৩০ জন, ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে ৩ লক্ষ ১২ হাজার ৩৫০ জন। ক্লাস্টার রয়েছে ৪৬ টি, সাব- ক্লাস্টার ২২৫টি, ভর্তির হার ৯৯.৯৮% ও ঝরে পড়ার হার ৮.৭৩%।

এদিকে সহকারি শিক্ষকের ৩৩০ টি পদ শূন্য নিয়েই চলছে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে শিক্ষা অফিসগুলোতে প্রায় ৫৫ টি পদ শূন্য রয়েছে। শূন্য পদের মধ্যে উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী,

অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক সহ বিভিন্ন পদে ৫৫ টি পদে জনবল শূন্য রয়েছে। এসব পদে নতুন প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। শূন্য পদে প্রধান শিক্ষক পদায়ন হবে পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির মাধ্যমেই বেশি নিয়োগ হবে। বছরে জেলার প্রতি বিদ্যালয়ে সর্বনিম্ন ৫০হাজার এবং উর্ধ্বে ৭০হাজার দৈনন্দিন খরচ করার জন্য বরাদ্দ দেয়া হয়। স্কুল বুঝে বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দে মূলত চক, ডাস্টার, খেলাধুলাসহ বিভিন্ন অফিসিয়াল আনুসাঙ্গিক খরচ করা হয়। যা স্লিপের মাধ্যমে দেয়া হয়। এই ক্ষেত্রে অভিযোগ আছে কিছু স্কুলে এই বরাদ্দ পুরোপুরি খরচ করা হয় না।

এদিকে শিক্ষক সংকটের কারণে জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পূর্ব ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে একজন শিক্ষক দিয়ে। এতে চরমভাবে পড়ালেখায় বিঘ্ন ঘটছে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের। বর্তমানে এ স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ১০৮জন। দুই শিফটে ৬শ্রেণির নিয়মিত ১০০থেকে ১০৫ জন শিক্ষার্থীর উপস্থিতি থাকলেও বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন একজন। যার ফলে ব্যাহত হচ্ছে পাঠদান ব্যবস্থা। এ বিদ্যালয়ে মাত্র ৪ জন শিক্ষকের মধ্যে দু’জনের অবসরগ্রহণ এবং একজন ছুটিতে থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি।

বিদ্যালয় শিক্ষক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শিক্ষক সংকটে থাকা এই বিদ্যালয়টিতে ৭ জন শিক্ষক থাকার কথা থাকলেও ৪ জন দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান। এ স্কুলের প্রধান শিক্ষক শান্তি রানী ধর অবসরে গেলে ৩ শিক্ষক মিলে বিদ্যালয়ের পাঠদান চালান। এ তিনজনের মধ্যে নুরুন্নাহার নামে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও গত ৩ মাস পূর্বে মারা যান। দুইজন সহকারি শিক্ষক মিলে বিদ্যালয়টির হাল ধরলেও তানিয়া আক্তার নামের একজন শিক্ষিকা শারীরিক অসুস্থতা জনিত কারণে অবসরে চলে যান। যার ফলে বিদ্যালয়টিতে শিক্ষকের সংখ্যা দাঁড়ায় একজন।

বর্তমানে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক ফাতেমা আক্তার শিক্ষার্থীদের পাঠদান করাতে গিয়ে হিমশিম খান। তিনি বলেন, এমন প্রেক্ষাপটে একজন অস্থায়ী শিক্ষককে আনা হয়। শিক্ষক না থাকায় সকালে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস শুরু করেন। পর্যায়ক্রমে অস্থায়ী শিক্ষকের সহযোগিতায় সব কটি শ্রেণিকক্ষে পাঠদান করাতে হয় তাদের। স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, অভিভাবকের সহায়তায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসলেও বিদ্যালয়টিতে শিক্ষক না থাকায় শিশুদের প্রাথমিক শিক্ষা নিয়ে হতাশা দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের গুরুত্বসহকারে নজর দেয়া জরুরি।

এ নিয়ে ফরিদগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুব আলম বলেন, বিদ্যালয়টির মাত্র একজন শিক্ষক রয়েছে সত্য। তবে এমন পরিস্থিতিতে একজন অস্থায়ী শিক্ষককে আনা হয়। বিদ্যালয়টিতে শিক্ষক দিতে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হবে। এই বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল বলেন, বিদ্যালয়টির শিক্ষক সংকট আমার জানা ছিল না। আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলে ওই বিদ্যালয়ে শিক্ষক দেয়ার ব্যবস্থা করব।

অন্যদিকে সাম্প্রতিক কালের বন্যায় জেলার ১৬৯টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। এতে ১ কোটি ৬ লক্ষ ২৫ হাজার টাকার ক্ষতি হয়। যা কাটিয়ে উঠতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ইতিমধ্যে অনেক স্কুল মেরামত কাজ সম্পন্ন করেছেন। অনেক গুলোতে কাজ চলছে বলে জানা যায়।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ জনবল সংকট রয়েছে। সহকারী শিক্ষক পদে শূন্য রয়েছে ৩৩০ জন। সহকারী শিক্ষক পদে নিয়োগ হবে এবং প্রধান শিক্ষক পদে প্রমোশন হবে বলে জানান। উচ্চমান সহকারী, অফিস সহকারী পদে নিয়োগ হবে। পদোন্নতি কার্যক্রমের মাধ্যমে প্রধান শিক্ষকের পদ পূরণ হলে প্রাথমিক শিক্ষা আরও বেগবান হবে বলে তিনি জানিয়েছেন।

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বাঁশ বাগান থেকে ১টি নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদারের বাড়ীর রাস্তার পাশে বাঁশবাগানের পরিত্যাক্ত অবস্থায় নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে নিহত হয় আলোচিত চাঁদপুর সদর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রযোজক সেলিম খান।

ওই সময় বালু খেকো সেলিম খানের খোয়া যায় নাইন এমএম পিস্তল ও গুলি।

সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানায় চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন পিএসসি, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম একটি প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য জানান।

প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়াসহ যৌথ বাহিনী ও চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

চাঁদপুরে সাংবাদিকদের সাথে

চাঁদপুরে সাংবাদিকদের সাথে বিদায়ী পিবিআই পুলিশ সুপারের মতবিনিময়

চাঁদপুরে সাংবাদিকদের সাথে বিদায়ী পিবিআই পুলিশ সুপারের মতবিনিময়

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বিপিএম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বাবুরহাটস্থ পিবিআই পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বিপিএম।

তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে দায়িত্বকালীন সময়ের কথা আমার অনেক দিন মনে থাকবে। এখানকার মানুষের ভালোবাসা অকৃত্রিম, আবেগ অপরিসীম। কর্মকালীন এই সময়ে যথাসাধ্য চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার। আর এই কাজ করতে গিয়ে অনেক সহযোগিতা পেয়েছি চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের। তাদের সহযোগিতায় আমার কাজগুলো করতে খুবই সহজ হয়েছে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার পরবর্তী কর্মস্থল নারায়ণগঞ্জ জেলায়। সেখানেও কাজ করতে আপনাদের দোয়া কামনা করছি। পরিশেষে আমি সকলের সু স্বাস্থ্য কামনা করছি।

এসময় আরো বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোঃ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ জাকির হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চাঁদপুর প্রতিনিধি নেয়ামত উল্যাহ, চাঁদপুর প্রেসক্লাব সদস্য মিজান লিটন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাঈদ হোসেন অপু চৌধুরী, বিডি কারেন্ট নিউজ পোর্টালের সম্পাদক শেখ মহসিন। এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে মেঘনা নদী

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ খবর পেয়ে নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় আংশিক পচন ধরা মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুর চন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিজান ছৈয়ালের বাড়ির পেছনে মেঘনা নদীর পাড়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। সকাল পৌনে ১১টায় ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে চাঁদপুর সদর নৌ থানার এসআই আরশ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

চাঁদপুর সদর নৌ থানার এসআই আরশ আলী বলেন, খবর পেয়ে দুপুরে মেঘনা নদীর পাড়ে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা আংশিক পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তার পরনে জিন্সের প্যান্ট ও টি শার্ট ছিল।

চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাত লাশটির সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মরদেহের পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে।

চাঁদপুরে ইলিশের দাম বৃদ্ধিতে

চাঁদপুরে ইলিশের দাম বৃদ্ধিতে ক্রেতা সেজে মাছ ঘাটে ভোক্তার কর্মকর্তা

চাঁদপুরে ইলিশের দাম বৃদ্ধিতে ক্রেতা সেজে মাছ ঘাটে ভোক্তার কর্মকর্তা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ভারতে ইলিশ রপ্তানির খবর ও আগামী ১৩ অক্টোবর থেকে ইলিশ ধরার বন্ধের কারনে চাঁদপুর বেড়েছে এই মাছের দাম। তাই চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ফের অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বেশি দামে ইলিশ বিক্রির অভিযোগে মাছঘাটের সব আড়তে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ে সরকারী পরিচালক নূর হোসেন।

এ সময় মাছঘাটে ইলিশের অতিরিক্ত দাম রাখায় এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এদিকে অভিযানের খবরে পুরো মাছঘাটে ইলিশ দাম ১৫০-২০০ টাকা কমে যায়।

কিছুক্ষণ আগেও যে ইলিশ ১৭০০-১৮০০ টাকা বিক্রি হয়েছে অভিযানের পর সে ইলিশ ১৫০০-১৬০০ টাকায় নেমে আসে। যদিও ভোক্তা অধিদপ্তরের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের দামে হাঁকানো হয় ইলিশের দাম। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সরকারী পরিচালক নূর হোসেন বলেন, মূলত ইলিশের দাম বৃদ্ধির কারণে অভিযান হয়েছে। আমরা ক্রেতা সেজেও ব্যবসায়ীদের কাছে গিয়েছি। কেনাদাম থেকে একজন বেশি মুনাফা করতে চেয়েছে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, আড়তদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা সবাইকে ভাউচার রেখে ন্যায্য দামে ইলিশ মাছ বিক্রি করতে বলা হয়। কেউ অন্যায়ভাবে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে।

চাঁদপুরে বিএনপির দু’পক্ষের

চাঁদপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চাঁদপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুমিল্লা ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দফায় দফায় চলে রাতভর। সংঘর্ষ চলাকালীন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ২-৩ জনের নিহত হওয়ার গুঞ্জন শোনা গেলেও পুলিশ এখনও কোনো মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

স্থানীয়দের মতে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় টোরাগড় এবং মকিমাবাদ সর্দার বাড়ির বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়, যার ফলে কয়েকজন আহত হন। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সন্ধ্যায় পুনরায় সংঘর্ষ বাধে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, সেনাবাহিনী ও পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের আটক করতে যৌথবাহিনীর অভিযান চলছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।