Tag Archives: বার্সেলোনা

রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ

রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা

রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট:

গত ক্লাসিকোর ব্যর্থতা ভুলে শুরুতেই কিলিয়ান এমবাপের গোল এনে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে স্বপ্নময় সূচনা। কিন্তু সেই স্বপ্ন খুব বেশিক্ষণ টিকলো না। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দাপুটে ফুটবলে রিয়ালকে বিধ্বস্ত করে বার্সেলোনা।

সৌদি আরবের জেদ্দায় রোববার রাতের ফাইনালে ৫-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড কাতালান দলটি আরও সমৃদ্ধ করলো ১৫তম ট্রফি জিতে।

গত অক্টোবরে মৌসুমের প্রথম ক্লাসিকোয় লা লিগায় রিয়ালের মাঠে দ্বিতীয়ার্ধের চার গোলে ৪-০ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা।

এবার শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোলে স্কোরলাইন ৫-১ করে ফেলে তারা। খানিক বাদে তাদের গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর রদ্রিগোর গোলে পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পারে রিয়াল।

গত ক্লাসিকোয় বার্সেলোনার চার গোল করেছিলেন আক্রমণভাগের তিন তারকা রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও লামিনে ইয়ামাল মিলে। এবারও জালের দেখা পান এই তিন জনের প্রত্যেকে। জোড়া গোল করেন রাফিনিয়া, একটি করে লেভানদোভস্কি, ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে।

নিজেদের ইতিহাসে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি ক্লাসিকোয় অন্তত ৪ গোল করে করল বার্সেলোনা। ১৯৬৩ সালে রেয়ালের (৫-১ ও ৪-০) পর প্রথমবার ক্লাসিকোয় দেখা গেল এমন কিছু।

স্প্যানিশ সুপার কাপের গত আসরের ফাইনালে সৌদি আরবেই রেয়ালের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার মাদ্রিদের দলটিকে গুঁড়িয়ে মধুর প্রতিশোধও নিল তারা।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ তৈরি করে বার্সেলোনা। থিবো কোর্তোয়ার নৈপুণ্যে রক্ষা পায় রিয়াল। বক্সের বাইরে থেকে ইয়ামালের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন বেলজিয়ান গোলরক্ষক। চতুর্থ মিনিটে গাভির ক্রসে কাছ থেকে রাফিনিয়ার হেডও ঠেকান তিনি।

পরের মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই এমবাপের চমৎকার গোলে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে ভিনিসিউস জুনিয়রের পাস ধরে এগিয়ে যান ফরাসি ফরোয়ার্ড। ডিফেন্ডার বাল্দের বাধা এড়িয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ক্যারিয়ারের প্রথম ক্লাসিকোয় বার্সেলোনার ‘হাইলাইন’ ডিফেন্সে আটবার অফসাইডের ফাঁদে আটকা পড়লেও, এবার শুরুতেই গোল করলেন বিশ্বকাপ জয়ী তারকা।

বারবার রিয়ালের রক্ষণে ভীতি ছড়ানো বার্সেলোনা সমতায় ফেরে ২২তম মিনিটে, ইয়ামালের চমৎকার গোলে। লেভানদোভস্কির থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে আরও দুজনের মধ্যে দিয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার।

পায়ে অস্বস্তি অনুভব করায় ২৯তম মিনিটে মাঠ ছাড়েন বার্সেলোনা ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। তার জায়গায় নামেন রোনাল্দ আরাউহো।

৩৬তম মিনিটে সফল স্পট-কিকে বার্সেলোনাকে এগিয়ে নেন লেভানদোভস্কি। রেয়ালের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সে গাভিকে ফাউল করলে শুরুতে সাড়া না দিলেও, ভিএআরের সাহায্যে মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে ২৬ গোল করলেন ৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার।

তিন মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে চালকের আসনে বসে বার্সেলোনা। ডান দিক থেকে জুল কুন্দের ক্রসে বক্সে চমৎকার হেডে বল জালে পাঠান রাফিনিয়া।

প্রথমার্ধের ৯ মিনিট যোগ করা সময়ে বক্সের ভেতর থেকে বাল্দের কোনাকুনি শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান কোর্তোয়া। খানিক পরই জালের দেখা পান ২১ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার। প্রতিপক্ষের ভুলের সুযোগে শাণানো প্রতি-আক্রমণে রাফিনিয়ার পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

প্রথমার্ধে ৬২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। এই সময়ে রিয়ালের ৮ শটের কেবল ২টি লক্ষ্যে ছিল।

৪৭তম মিনিটে রদ্রিগোর একটি শট পোস্টে লাগে। পরের মিনিটে আবার রিয়ালের জালে জড়ায় বল। নিজেদের অর্ধ থেকে মার্ক কাসাদোর পাস ধরে এগিয়ে যান রাফিনিয়া, বক্সে একজনকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৯টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ১০টি।

বক্সের বাইরে এসে এমবাপেকে ফাউল করে ৫৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোলিশ গোলরক্ষক স্ট্যান্সনি। ভিএআরের সাহায্যে মনিটরে রিপ্লে দেখে এই সিদ্ধান্ত দেন রেফারি।

গাভিকে তুলে নিয়ে ইনিয়াকি পেনিয়াকে পোস্ট সামলানোর জন্য নামান বার্সেলোনা কোচ। একই সঙ্গে ইয়ামালের বদলি নামেন দানি ওলমো। ওই ফ্রি-কিকেই ব্যবধান কমান রদ্রিগো। বল পেনিয়ার হাত ছুঁয়ে পোস্টে লাগে জালে জড়ায়।

 

বাকি সময়ে বার্সেলোনার ওপর চাপ বাড়ায় রিয়াল। তবে গোলের দেখা পায়নি তারা কিছুতেই। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে বার্সেলোনা।

এই মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নিয়ে প্রথম ফাইনালেই শিরোপার স্বাদ পেলেন জার্মান কোচ ফ্লিক। মৌসুমে দারুণ শুরুর পর গত বছরের শেষ দিকে ব্যর্থতা জেঁকে ধরেছিল তাদের। তবে নতুন বছরের শুরুটা হলো দারুণ। বছরে প্রথম তিন ম্যাচের সবকটি জিতলো তারা।

বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক:

আবারও ছন্দে ফিরল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রবিবার লা লিগার ম্যাচে রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এতে শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছল বার্সেলোনা।

আগে থেকেই শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে ছিল বার্সা। তবে মাঝে ছন্দ হারিয়ে ফেলেছিল ক্লাবটি। রবিবারের আগে শেষ পাঁচ ম্যাচে পেয়েছিল তিনটি জয়। তবে রবিবার ছন্দে ফেরে স্প্যানিশ জায়ান্ট। রিয়াল বেতিসকে নিয়ে স্রেফ ছেলেখেলা করল জাভি হার্নান্দেজের দল।

এদিন বার্সার হয়ে রবার্ট লেভানডোভস্কি, রাফিনহো ও আন্দ্রেস ক্রিস্টেনসন একটি করে গোল করেন। অন্য গোলটি ছিল আত্মঘাতী।

ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বার্সেলোনা। আর তাতে ফলও মেলে দ্রুত। ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। রাফিনহোর চমৎকার এক ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন আন্দ্রেস ক্রিস্টেনসন। বার্সেলোনার হয়ে ডেনিশ এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

৩৩তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বেতিস।

দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গনসালেস। এর তিন মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বেতিস। জুলস কুন্দের চমৎকার ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডোভস্কি। চলতি আসরে এটি তার ১৯তম গোল।

৩৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রাফিনিহো। সার্জিও বুসকেটসের বাড়ানো বলে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন বার্সার এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ৮২তম মিনিটে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। আনসু ফাতির শট বেতিসের রদ্রিগেসের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে।

এই জয়ে ৩২ ম‍্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৬৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।

বার্সেলোনায় উন্মোচিত হলো রিয়েলমি’র সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি ২ প্রো

 

ডেস্ক রিপোর্ট:
২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) উপলক্ষে বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এর দু’টি প্রিমিয়াম হাই-এন্ড স্মার্ট ডিভাইস জিটি ২ প্রো ও বিশ্বজুড়ে উৎপাদিত স্মার্টফোনের মধ্যে সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তি সম্পন্ন (১৫০ ওয়াট চার্জিং ক্ষমতা বিশিষ্ট) জিটি নিও ৩ লঞ্চ করেছে।

হাই-এন্ড বাজারে প্রবেশ ও উদ্ভাবনী প্রযুক্তি এবং রূপান্তরিত নকশার মাধ্যমে বিশ্বব্যাপী বিপুল সংখ্যক ব্যবহারকারীদের চমকে দিচ্ছে রিয়েলমি। এ প্রচেষ্টার ধারাবাহিকতায়, স্মার্টফোনপ্রেমীদের জন্য সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি ২ প্রো ও বিশ্বের গণ উৎপাদিত স্মার্টফোনের মধ্যে সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তি সম্পন্ন রিয়েলমি জিটি নিও ৩ ঘোষণা করলো রিয়েলমি।

জিটি ২ প্রো রিয়েলমি’র সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস, যেখানে কোয়ালকমের সর্বাধুনিক ও দ্রুতগতির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১, বিশ্বের প্রথম ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে ও বিশ্বের প্রথম ১৫০ ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

‘গ্রেটার দ্যান ইউ সি’ প্রতিপাদ্যে উদ্বুদ্ধ হয়ে, রিয়েলমি জিটি ২ সিরিজে শুধুমাত্র দৃশ্যমান পরিবর্তন (দ্রুত গতির সিপিইউ পারফরমেন্স সহ উন্নত নকশা ও প্রিমিয়াম ডিসপ্লে) নিয়ে আসেনি, বরং অদৃশ্যমান পরিবর্তনও নিয়ে এসেছে (পণ্য বিকাশের পেছনে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার উদ্ভাবন)।

সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্ল্যাটফর্ম ভিত্তিক রিয়েলমি জিটি ২ প্রো’তে সেরা অ্যান্ড্রয়েড ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, যা সুপার রিয়েলিটি ডিসপ্লেকে সমর্থন করে এবং যার মাধ্যমে অবিশ্বাস্য ডিটেইলের বাস্তবিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করা যায়। এলটিপিও ২.০ প্রযুক্তিসহ বিশ্বের প্রথম ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে সমৃদ্ধ সুপার রিয়্যালিটি ডিসপ্লে-টি ৪.৫ মিলিয়নেরও বেশি পিক্সেল এবং প্রতি ইঞ্চিতে বড় আকারের ৫২৫ পিক্সেলসহ ৬.৭ ইঞ্চি ই৪ অ্যামোলেড ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই সুপার রিয়্যালিটি ডিসপ্লে সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেগুলোর মধ্যে অন্যতম, কারণ এই ডিসপ্লে ১৪০০ নিটসের আউটডোর ব্রাইটনেসে পৌঁছাতে পারে। এলটিপিও ২.০ প্রযুক্তিসহ সুপার রিয়্যালিটি ডিসপ্লে স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ রেট ১ থেকে ১২০ হার্টজে সমন্বয় করতে পারে এবং প্রায় ১.৭ ঘণ্টা বেশি ব্যাটারি লাইফ নিশ্চিত করতে সক্ষম। ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীতল করার মাধ্যমে রিয়েলমি জিটি ২ প্রো’র চিপের কার্যকারিতা সর্বাধিক করার জন্য, এই ফোনে রয়েছে বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল হিট ডিসিপেশন এরিয়া (৩৬৭৬১এমএম২)।

এ স্মার্টফোনটিতে এ খাতের প্রথমবারের মতো বায়ো-ভিত্তিক পলিমার ডিজাইন ব্যবহার করা হয়েছে। বিশ্বের সুপরিচিত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়া এর সাথে সহযোগিতায় জিটি ২ প্রো’র ডিজাইন পেপার আর্টের টেকসই ধারণার ওপর ভিত্তি করে নকশা করা হয়েছে। এ ফোনটিতে তিনটি ক্যামেরা সেট-আপ ব্যবহার করা হয়েছে, যেখানে বিশ্বের প্রথমবারের মতো ১৫০ ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ৪০এক্স মাইক্রো লেন্স ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে ডিটেইল ছবি তোলা যাবে। ৬৫ ওয়াটের সুপার ডার্ট চার্জ, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি, উন্নত অ্যানটেনা ম্যাট্রিক্স সিস্টেম ও ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার ও অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ এর মতো আকর্ষণীয় সব ফিচারের জন্য রিয়েলমি জিটি ২ প্রো ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসে পরিণত হয়েছে।

রিয়েলমি সত্যিকারভাবে জিটি ২ ও জিটি ২ প্রো দু’টি ডিভাইসে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে বিভিন্ন উপায়ের সন্ধান করেছে। জিটি ২ সিরিজ হলো বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে এর পুরো রিয়ার প্যানেলের জন্য বায়োপলিমার ব্যবহার করা হয়েছে, যা এর উৎপাদনের সময় কার্বন নিঃসরণ ৩৫.৫ শতাংশ হ্রাস করেছে। পুরোপুরি পেট্রোলিয়াম ভিত্তিক উপকরণ ব্যবহারের তুলনায়, প্রতি কিলোগ্রামের জন্য এ বায়োপলিমার ২ কেজি’র কম কার্বন নিঃসরণ করে।

গণউৎপাদন শুরু হওয়া রিয়েলমি জিটি নিও ৩ বিশ্বের প্রথম দ্রুতগতির ১৫০ ওয়াটের চার্জিং স্মার্টফোন, যা মাত্র ৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। রিয়েলমি এমডব্লিউসি ২০২২ এ বিশ্বের প্রথম ১০০-২০০ ওয়াট স্মার্ট ডিভাইস চার্জিং আর্কিটেকচার- আল্ট্রাডার্ট চার্জিং আর্কিটেকচার ঘোষণা করেছে। ইউডিসিএ অসাধারণ সুরক্ষা ও ব্যাটারির স্থায়ীত্ব প্রদান করবে এবং স্মার্টফোনগুলোকে নির্ভরযোগ্য আল্ট্রা ব্যাটারি প্রটেকশন দেবে। তিনটি প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ইউডিসিএ ১০০ থেকে ২০০ ওয়াটের মধ্যে চার্জিং পাওয়ারকে সমর্থন করবে। এর মধ্যে রয়েছে দ্রুত গতি, সুরক্ষা ও ব্যাটারির স্থায়ীত্ব। ইউডিসিএ’র অধীনে রিয়েলমি জিটি নিও ৩ হবে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির চার্জিং স্মার্টফোন, যেখানে ১৫০ ওয়াটের চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটির ইতোমধ্যে গণউৎপাদন শুরু হয়েছে। এছাড়া রিয়েলমি আরও দুটি নতুন এআইওটি ডিভাইস উন্মোচন করছে – ১১-জেনারেশনের ইন্টেল কোর আই ৫ প্রসেসরের রিয়েলমি বুক প্রাইম এবং রিয়েলমি বাডস এয়ার ৩ যাতে রয়েছে টিইউভি রেইনল্যান্ড সার্টিফাইড ৪২ ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন।
হাই-এন্ড ফোন বাজারে নিয়ে আসার পাশাপাশি, রিয়েলমি তরুণ ক্রেতাদের জন্য বিভিন্ন এআইওটি পণ্য নিয়ে আসবে কারণ, ‘১+৫+টি’ কৌশলের সাথে রিয়েলমি এআইওটি ২.০ বিকাশের ধাপে প্রবেশ করেছে।

কাল মুখোমুখি হচ্ছে মেসি-রোনালদো

 

স্পোর্টস ডেস্কঃ

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও য়্যুভেন্তাস। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ দুই ক্লাবের লড়াই ছাপিয়ে ম্যাচের মূল আকর্ষণ সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একসময় নিয়মিত দুই মহাতারকার লড়াই হলেও, এখন আর সেটি নিয়মিত হয় না। সামনে আবার হবে কিনা, তারও কি নিশ্চয়তা!

চ্যাম্পিয়ন্স লিগে দুই ক্লাব একই গ্রুপে থাকায় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন সম্ভবত বিশ্বের কোটি ফুটবলপ্রেমী। মেসি-রোনালদো দ্বৈরথ দেখার অপেক্ষাটা অবশ্য বেড়েছে তাদের। অক্টোবরে গ্রুপপর্বের ১ম লড়াইয়ে ছিলেন না রোনালদো। করোনা পজিটিভ থাকায় সেবার খেলতে পারেননি পর্তুগিজ মহাতারকা। বার্সার বিপক্ষে ম্যাচে খেলার জন্য তার আকুতিটা সেবার টের পেয়েছিলেন সবাই।

এবার শঙ্কায় মেসির খেলা নিয়ে। কারণ চ্যাম্পিয়ন্স লিগে এরইমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলায়, আগের দুটি ম্যাচে ক্ষুদে জাদুকরকে বিশ্রামে রেখেছিলেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। এই ম্যাচে কি দলের সেরা তারকাকে নামাবেন এই ডাচ কোচ?

নামানোরই কথা। দুই বিশ্বসেরার লড়াই দেখতে সবার আগ্রহের কথা নিশ্চয়ই মাথায় আছে তারও।

পেশাদার ফুটবলে অবশ্য এমন আবেগ চলে না। বাস্তবেও অবশ্য কোম্যানের হাতে অপশন নেই মেসিকে ছাড়া। কারণ ফরোয়ার্ড লাইন নিয়ে খুব একটা স্বস্তিতে নেই কোম্যান। দুই তরুণ ফরোয়ার্ড দেম্বেলে এবং আনসু ফাতি ইনজুরির কারণে মাঠের বাইরে। গ্রিজম্যান-ব্র্যাথওয়েট এবং ত্রিনকাওকে নিয়ে একাদশ সাজাতে পারেন কোম্যান। কিন্তু মেসিকে কি এই ম্যাচেও বাইরে রাখতে চাইবেন তিনি?

মৌসুমে বার্সার অবস্থা তথৈবচ। ক্লাবেরও, মেসিরও। ভেতরে-বাইরে নানা গুঞ্জন। মাঠে দুর্দশা। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মহাযুদ্ধ কি সব ছাপিয়ে তাতিয়ে তুলবে তাকে?

৬ বারের ব্যালন ডি অর জয়ী বনাম ৫ বারের ব্যালন ডি অর জয়ীর লড়াই। ২০১৮ সালে রন রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই দু’জন আলাদা লিগে। দু’জনের একই লিগে খেলার সম্ভাবনাও আর নেই। দু’জনকে তাই তাকিয়ে থাকতে হবে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের দিকে।

দু’জন এর আগে মুখোমুখি লড়েছেন ৩৫ বার। তবে দ্বৈরথ থেমে গেছে ২০১৮ সালের মে মাসে। শেষবার ম্যাচটা ড্র হয়েছিল ২-২ স্কোরলাইনে। তার আগে ১৬ বার জিতেছেন মেসি। ১০ বার রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগে ৫ বার মুখোমুখি হয়েছেন দু’জন। ২বার জয় মেসির, রোনালদোর নামের পাশে জয় আছে ১টি ম্যাচে।

তবে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি লড়াইয়ে গোল করায় এগিয়ে মেসি। ৫ ম্যাচে ৩ বার রোনালদোর দলের জালে বল পাঠিয়েছেন তিনি। রোনালদো পারেন নি একবারও।

ব্যক্তিগত অর্জনের হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে লড়াই চলছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। ৫ বার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা উঁচিয়ে ধরেছেন রোনালদো। ৪ বার লিওনেল মেসি।

৬ বার ইউসিএলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিপরীতে ৭ বার টপ স্কোরার পর্তুগিজ মহাতারকা।

সবমিলিয়ে ইউরোপ সেরার মঞ্চে রোনালদোর গোল ১৭৩ ম্যাচে ১৩২টি। ১৪৬ ম্যাচে ১১৮ গোল মেসির।

এল ক্ল্যাসিকোয় দেখা হয়েছে বেশি বার। তবে দু’জনের দেখা হয়েছে জাতীয় দলের জার্সি গায়েও। ৩বার দেখা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্সেলোনা ম্যাচে।

তবে দিন যে ফুরিয়ে আসছে! ৩৫ বছর বয়সী রোনালদো আর ৩৩ বছর বয়সী মেসির দেখা হয়না ২ বছর। এবার না হলে আবার কতোদিন অপেক্ষা করতে হবে, তার কোন নিশ্চয়তা নেই। এমনকি আর কখনো নাও হতে পারে!

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে বার্সার ১০ নাম্বার জার্সি ছাড়তে হবে মেসিকে

 

স্পোর্টস ডেস্কঃ

প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা আহ্বান জানিয়েছেন, তার বাবার সম্মানে যেন বার্সেলোনার ১০ নাম্বার জার্সিটা অবসরে পাঠানো হয়, যেটি বর্তমানে ক্লাবের আরেক কিংবদন্তি লিওনেল মেসি পরেন!

১৯৮২-৮৪ মৌসুমে বার্সেলোনায় খেলেছিলেন ম্যারাডোনা। সেসময় ১০ নাম্বার জার্সিটা গায়ে জড়াতেন তিনি।

সাধারণত দলের সেরা ফুটবলারের গায়ে চাপে ১০ নাম্বার জার্সিটা। সে হিসেবেই ম্যারাডোনার যোগ্য উত্তরসূরী মেসির গায়ে দীর্ঘদিন ধরেই এই জার্সি। তবে দিয়েগোর ছেলের আবদার মানতে গেলে, মেসির কাছ থেকে কেড়ে নিতে হবে জার্সিটা!

চলতি সপ্তাহেই প্রয়াত কিংবদন্তিকে বার্সার জার্সিতে গোল করে শ্রদ্ধা জানিয়েছেন মেসি। দু’জনেরই সাবেক ক্লাব নিওয়েল ওল্ড বয়েজের জার্সিতে তাকে সম্মান জানান এলএমটেন।

এর আগে ফরাসী ক্লাব অলিম্পিক মার্শেইয়ের কোচ আন্দ্রে ভিলাস বোয়াস পরামর্শ দেন, ম্যারাডোনার সম্মানে বিশ্বের সব দলেরই উচিত ১০ নাম্বার জার্সিটা তুলে রাখা।

তবে অতকিছু চান নি ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা। তবে তার বাবার সাবেক ক্লাব যেন অন্তত তার প্রতি এই সম্মান জানায়, সেই আহ্বান তিনি জানিয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেয়া সাক্ষাৎকারে অবশ্য লিও’র শ্রদ্ধাজ্ঞাপনেও আপ্লুত হবার কথা স্বীকার করেন সিনাগ্রা।

তিনি বলেন, দিনগুলো বেশ আবেগপূর্ণ ছিল। লিও’র উৎসর্গ করার ঢংটা ছিল স্পেশাল। খুব সুন্দর। এটা দেখে আমি কেঁদেছি।

তিনি আরো বলেন, বার্সাসহ যেসব ক্লাবে তিনি খেলেছেন, সেসব ক্লাবের ১০ নাম্বার জার্সিটা তুলে রাখা উচিত।

বার্সার ন্যু ক্যাম্পের নাম বদলে রাখা হবে মেসির নামে

 

স্পোর্টস ডেস্কঃ

সাম্প্রতিক সময়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সম্পর্কের একটা স্পষ্ট টানাপোড়েন দেখা যাচ্ছে। চলতি মৌসুম শুরুর আগেই ক্লাব ছাড়ার ইচ্ছা জানানো থেকে শুরু করে, ক্লাব ম্যানেজম্যান্টের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন মেসি।

ধারণা করা হচ্ছে, বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া মাত্রই আগামী মৌসুমে নতুন কোনো দলে চলে যাবেন মেসি। তবে এর ঠিক বিপরীত ভাবনা বার্সেলোনার প্রেসিডেন্ট পদপ্রার্থী এমিলি রৌসাদের। তার মতে, বার্সার সঙ্গে মেসির সম্পর্ক সবসময়ই থাকবে অটুট।

শুধু তাই নয়, ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে মেসির জন্য আরও অনেক বড় সম্মানের অঙ্গীকারও দিয়েছেন রৌসাদ। জানিয়েছেন বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পের নাম বদলে রাখা হবে লিওনেল মেসির নামে। তবে এ বিষয়ে সবার অনাপত্তি নিশ্চিত করতে একটি গণভোটের আয়োজন করবেন রৌসাদ।

গত মাসে বার্সেলোনার প্রেসিডেন্টের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জোসেফ মারিয়া বার্তেমেউ। তার সঙ্গে পদত্যাগ পুরো বোর্ডও। আগামী জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য বার্সেলোনার ক্লাব নির্বাচন। যেখানে লড়বেন রৌসাদও। নিজের জয়ের সম্ভাবনা বাড়ানোর জন্য নানান পরিকল্পনার কথা জানাচ্ছেন তিনি।

এরই অংশ হিসেবে বার্সেলোনার ন্যু ক্যাম্পের নাম মেসির নামে বদলে দেয়ার কথা বলেছেন রৌসাদ। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘চলতি মৌসুম শেষে মেসির চুক্তি শেষ হয়ে যাবে ঠিক। তবু তিনি বার্সার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবেন। আমরা ন্যু ক্যাম্পের নতুন নাম ন্যু ক্যাম্প লিও মেসি রাখার জন্য একটি গণভোটের আয়োজন করব।’

শুধু ক্লাবের স্টেডিয়ামের নাম পরিবর্তন নয়, দলের শক্তি বাড়াতে অন্তত দুজন তারকা খেলোয়াড়কে কেনার কথাও বলেছেন রৌসাদ। যার মধ্যে একজন হলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে এক্ষেত্রে আগে বার্সার ওপর করা মামলাটি তুলে নিতে হবে নেইমারকে।

রৌসাদ বলেন, ‘আমরা দুজন শীর্ষ খেলোয়াড়কে দলে নেবো। একজন হলেন নেইমার। তিনি যদি বার্সার ওপর করা মামলাটি তুলে নিতে রাজি হন, তাহলে তাকে দলে ফেরাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া অন্য যাকে আনতে চাই, শিগগিরই তার নাম জানাতে পারব আশা করি।’

ম্যানসিটির পর এবার বার্সেলোনার একাডেমিতে আমন্ত্রণ পেল বাংলাদেশের ‘ক্ষুদে মেসি’

 

স্পোর্টস ডেস্কঃ

এবার ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে ট্রায়ালের আমন্ত্রণ পেল বাংলাদেশের ক্ষুদে মেসি খ্যাত রাইয়ান আবদুল্লা। এর আগে তাকে মালয়েশিয়ায় ইংলিশ ক্লাব ম্যানসিটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বার্সেলোনা তারকা লিওনেল মেসির ছোটবেলার সঙ্গে রাইয়ানের মিল খুঁজে পান অনেকেই। বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ বা প্রতিপক্ষের ফুটবলারদের নাস্তানাবুদ করতে জুড়ি নেই তার। তবে মাঠে বল পায়ে যতটাই সরব, কথা বলায় ঠিক ততটাই নীরব রাইয়ান।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইয়ানের ভিডিও দেখে যোগাযোগ করেন বার্সেলোনার ভারতের কান্ট্রি ম্যানেজার আইতোর ওলমো। ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে যোগ দিতে রাইয়ানকে ট্রায়াল দেয়ার আমন্ত্রণ জানান তিনি।

এর আগে মালয়েশিয়ায় ম্যানচেস্টার সিটির টেলেন্ট হান্টের আমন্ত্রণ পেয়েছিল রাইয়ান। প্রশংসা পেয়েছিল ইউরোপের বড় ক্লাবগুলোর।