আবাসিক ও বিদ্যালয় সংলগ্নে ডিজেল চালিত অবৈধ করাতকলে অতিষ্ঠ এলাকাবাসী
কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক এলাকা ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় স্থাপিত অনুমোদনবিহীন ডিজেল চালিত স’মিল এর শব্দ ও বায়ু দূষণে অতিষ্ঠ এলাকাবাসী ও শিক্ষার্থীরা। উপজেলার বাতিসা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় খোকন টিম্বার এন্ড স মিলের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে পরিবেশ অধিদপ্তরসহ সরকারের বেশ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী এক পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে উল্টো স’মিল পরিচালক আবুল কাশেম ওই ব্যক্তির ঘরের সামনে আরো একটি স’মিল স্থাপনের উদ্যোগ নিয়েছে। উপজেলা বন কর্মকর্তা জানিয়েছেন স-মিলটি অবৈধ। ইতোপূর্বে স মিলটিতে অভিযান পরিচালিত হয়েছে।
অভিযোগ প্রাপ্তির তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন।
অভিযোগে জানা যায়, উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামে বাতিসা-উল্লাপাড়া সড়কের পাশে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাসিব আহমেদ চৌধুরীর বাড়ি। রাস্তার পাশে তার ঘর সংলগ্ন’ই স্থাপন করা হয়েছে ডিজেল চালিত খোকন টিম্বার এন্ড স’মিল। ওই ডিজেল চালিত মেশিনের উচ্চশব্দ, কালো ধোঁয়া ও কাঠের সুরকিতে পরিবেশ হয়ে পড়েছে বসবাস অযোগ্য। আশপাশের অতিষ্ঠ বাসিন্দারা মৌখিকভাবে দফায় দফায় মালিককে জানালেও তিনি ডিজেল চালিত মেশিন পরিবর্তন করতে রাজি নন। উল্টো ওই স’মিল এর মিস্ত্রী ও পরিচালক আবুল কাশেম হাসিব চৌধুরীর ঘরের সামনে অন্য পাশে আরেকটি স’মিল স্থাপনের উদ্যোগ নেন।
মঙ্গলবার দুপুরে সরজমিন ঘুরে দেখে যায়, হাসিব চৌধুরীর বাড়ির সামনে ডিজেল চালিত খোকন টিম্বার এন্ড স’মিল এর বিকট শব্দে প্রকম্পিত চারপাশ। কাঠের সুরকি উড়ছে চারপাশে, সাথে কালো ধোঁয়ায় ধূসর চারপাশের পরিবেশ। পরীক্ষা শেষে পাশ দিয়ে যাওয়ার সময় বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এমদাদ, বেলাল ও আবু বক্কর বলেল, প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় এই জায়গায় কালো ধোঁয়ার দুর্গন্ধ ও কাঠের সুরকি থেকে বাঁচতে নাক চেপে ধরে হাঁটতে হয়। পাশ্ববর্তী বাড়ির জিয়াউদ্দিন মাসুদ বলেন, এদেরকে বারবার নিষেধ করার পরেও তারা কারো কথা কর্ণপাত করেনা। তারা অনুমোদন ছাড়া জোরপূর্বক এই জায়গায় স’মিল স্থাপন করে।
স’মিল এর পাশে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, আ’লীগ সরকারের আমলে জোরপূর্বক এখানে ডিজেল চালি শ্যালো ইঞ্জিন দিয়ে এই জায়গায় স’মিল বসানো হয়।
স’মিল সংলগ্ন বাসিন্দা অভিযোগকারী হাসিব চৌধুরী বলেন, ‘পরিবার নিয়ে বসবাস করি এই বাড়িতে। এখানে অনুমোদন ছাড়া উচ্চ শব্দ করা ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে স’মিল স্থাপন করে মালিক। আমি প্রতিবাদ করায় তারা আমাকে উচ্ছেদের উদ্দেশ্যে পাশেই উল্টো আরেকটি ডিজেল চালিত স’মিল স্থাপনের উদ্যোগ নিয়েছে। আমি প্রশাসনের কাছে দ্রুত এই অবৈধ স’মিল উচ্ছেদের আবেদন জানাই।’
এ বিষয়ে জানতে খোকন টিম্বার এন্ড স’মিল এর মালিক খোকনকে বার-বার কল করলেও তিনি রিসিভ করেননি।
চৌদ্দগ্রাম বন কর্মকর্তা শাহিন আলম বলেন, খোকন টিম্বার এন্ড স’মিল এর কোনো অনুমোদন নাই। গত মাসে কাগজপত্র দেখার জন্য অভিযানে গেলে মালিক খোকন দরজা জানালা বন্ধ করে পালিয়ে যায়।’










