চৌদ্দগ্রামে ইউএনও’র হস্তক্ষেপে শতবর্ষী বৃদ্ধার ঠাঁই হলো প্রবাসী ছেলের নতুন ভবনে
স্টাফ রিপোর্টার :
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেনের হস্তক্ষেপে শতবর্ষী মা ছামেনা খাতুনকে প্রবাসী ছেলের নতুন দালান ঘরে তুলে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১জুন) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেনের হস্তক্ষেপে পুত্রবধূ রুমা বেগম তাঁকে ঘরে তুলে নেন।
এর আগে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ছামনা খাতুনের পুত্রবধূ রুমা বেগম শাশুড়িকে নতুন ভবন থেকে বের করে দেন। গতকাল বুধবার এ বিষয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন মিডিয়ায় “ছেলের নতুন ভবনে ঠাঁই হলো না শতবর্ষী মায়ের” বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হয়।
শাহাদাৎ হোসেন বলেন, “গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। আজ সকালে আমি আলকরা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানকে বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছি।”
আলকরা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল বশর বলেন, “ইউএনও স্যার আমাকে শতবর্ষী ছামেনা খাতুনের বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব দেন। আমি ইউনিয়ন পরিষদের সব সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে লক্ষীপুর গ্রামে ঘটনাস্থলে আসি। সেখান থেকে ছামেনা খাতুনকে নিয়ে ছেলে ফয়েজ আহাম্মদের নতুন বিল্ডিং ঘরে নিয়ে যাই।”
আবুল বশর আরও বলেন, এ সময়ে পুত্রবধূ রুমা বেগম আগের ঘটনার জন্য অনুতাপ প্রকাশ করেন এবং অদূর ভবিষ্যতে ছামেনা খাতুনের সঙ্গে আর কোনো অন্যায় হবে না বলে লিখিত মুচলেকা দেন।