কুমিল্লায় বিষাক্ত কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে আড়ৎকে ৫০ হাজার টাকা জরিমানা
হাবিবুর রহমান মুন্না:
কুমিল্লায় অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল দিয়ে পাকানোর অভিযোগে একটি কলার আড়ৎকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রাসায়নিক দিয়ে পাকানো কলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে ‘হালিমের কলার আড়ৎ’ নামের প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় আড়ৎটিতে অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে পাকানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। পাশাপাশি জনসম্মুখে মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়।
অভিযান চলাকালে এলাকার মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলোও তদারকি করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
সোমবার বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।