,

‎মেঘনায় চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল ডাকাতি মামলায় গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2026
news-image

‎মেঘনা প্রতিনিধি:

‎কুমিল্লার মেঘনা উপজেলায় বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহমুদ রুবেলকে (৩২) মানিকগঞ্জের সাটুরিয়া থানায় করা একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎রোববার (১২ অক্টোবর) ভোররাতে উপজেলার রামপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুবেল ওই গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।
‎
‎সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় সড়ক অবরোধ করে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন ভুক্তভোগী সাটুরিয়া থানায় একটি মামলা করেন, যার নম্বর ১৫। মামলার অভিযোগ অনুযায়ী, ডাকাতির ঘটনায় লুট হওয়া ৩০০টি গ্যাস সিলিন্ডার রুবেল কিনেছিলেন। লুট হওয়া মালামাল কেনার অভিযোগে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
‎
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মেঘনা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে রাত যাপন করতেন এবং চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আগে হুন্ডি ও বিয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
‎
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাটুরিয়া থানা থেকে আসা পুলিশ সদস্যরা তাঁদের অবহিত করে ভোররাতে রুবেলকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন।