,

কুমিল্লায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা: দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

আজকের কুমিল্লা ডট কম :
October 7, 2026
news-image

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে জেলার পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার তদন্ত ও অগ্রগতি, গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে পুলিশি তৎপরতা আরও বাড়ানোর নির্দেশ দেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। এছাড়া কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।