শিক্ষকতা জীবনের অবসান, আবেগঘন বিদায় সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষক জহুরুল হক
মো. শাহ্ আলম শফি:
দীর্ঘ সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন গড়ে তোলা এবং আদর্শ মানুষ তৈরির কারিগর হিসেবে নিরলস দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী হাজতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক। দীর্ঘ কর্মজীবনের মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ ৩০ বছর তিনি একই বিদ্যালয়ে অত্যন্ত সুনাম, নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে শিক্ষকতা করেছেন। তাঁর বিদায়কে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন এই গুণী শিক্ষক।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর অবসর উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম ওমর ফারুক সুমন, হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান মিয়াজী, সহকারী প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ আলম খোকন এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান।
বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের নানা স্মৃতি ও অবদানের কথা তুলে ধরে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি ও প্রধান শিক্ষিকা মঞ্জুমা সুলতানা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাজেদা আক্তার এবং শিক্ষার্থী খায়রুল ইসলাম ও মিনহাজ মোস্তাকিম মিনহাজ।
স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম ওমর ফারুক সুমন বলেন, “আমাদের অনুন্নত এলাকাকে তিনি তাঁর মেধা, শ্রম ও আন্তরিকতা দিয়ে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। এলাকার মানুষ তাঁকে আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি যেন অবসর-পরবর্তী জীবনেও আমৃত্যু এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখেন।”
বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক জহুরুল হক দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সহকর্মীদের আন্তরিক সহযোগিতা, শিক্ষার্থীদের ভালোবাসা এবং অভিভাবক ও এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থনের কথা স্মরণ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিনের কর্মস্থল ও প্রিয় শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার মুহূর্তে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মানিত করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জহুরুল হক ১৯৮৩ সালে বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৯ সালে একই কলেজ থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা শেষে তিনি শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণেই সীমাবদ্ধ থাকেননি; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সুশিক্ষায় গড়ে তুলতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে হাজতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ৩০ বছরের সুনামধন্য কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও সার্বিক অগ্রগতিতে রেখেছেন উল্লেখযোগ্য অবদান। তাঁর হাত ধরে গড়ে ওঠা অনেক শিক্ষার্থী আজ দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
একজন শিক্ষকের আনুষ্ঠানিক কর্মজীবনের অবসান ঘটলেও তাঁর হাতে গড়া শিক্ষার্থীদের সাফল্য, ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে বেঁচে থাকবে তাঁর কর্মের স্বাক্ষর। হাজতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসেও জহুরুল হকের দীর্ঘ তিন দশকের নিষ্ঠা, ত্যাগ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে।