কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল সম্মাননা পেলেন দেবিদ্বার এএসপি শাহীন
সাইফুল ইসলাম ফাহাদ:
কুমিল্লা জেলা পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল (দ্বিতীয়) নির্বাচিত হয়েছে দেবিদ্বার সার্কেল। এ স্বীকৃতির জন্য দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ শাহীনকে সম্মাননা ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নির্বাচিত কর্মকর্তাদের হাতে সম্মাননা ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
সভায় কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সব পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার কর্মকর্তাদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন, বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব সম্পাদন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সেপ্টেম্বর মাসের কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে) মোঃ কামরুজ্জামান এবং শ্রেষ্ঠ সার্কেল (দ্বিতীয়) হিসেবে দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন নির্বাচিত হন।
এ ছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুল আনোয়ার এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (দ্বিতীয়) হিসেবে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম নির্বাচিত হন।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের হাতে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ভবিষ্যতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাদের উৎসাহিত করেন। পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে অর্থ পুরস্কারের পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।
দেবিদ্বার সার্কেল শ্রেষ্ঠ সার্কেল (দ্বিতীয়) নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ স্বীকৃতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেবিদ্বার সার্কেলের চলমান কার্যক্রমে আরও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ বিভিন্ন সার্কেলের কর্মকর্তা ও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।