বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন এক সপ্তাহের মধ্যে ঘোষণার দাবি
নিজস্ব প্রতিবেদক:
বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদ রেজি. নং-১৯৩৩ (সিবিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের সাংগঠনিক নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারী নেতারা। একই সঙ্গে সংগঠনের সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান তাঁরা।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের সিবিএ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী জসিম মান্না।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, কুমিল্লা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও আমার দেশ পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মো. শাহ্ আলম শফি। এ ছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক খন্দকার রাশেদুল ইসলাম রিপন ও সদস্য সচিব জালালউদ্দিন উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্য মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংসদের সহসভাপতি আজিজুল ইসলাম ও শাহানুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন এবং অর্থ সম্পাদক সহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।
সভায় বক্তারা বলেন, একটি শ্রমিক সংগঠনের শক্তি ও গ্রহণযোগ্যতা নির্ভর করে সদস্যদের মতামত, অংশগ্রহণ এবং ভোটাধিকার নিশ্চিত করার ওপর। শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে সংগঠনের নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা জরুরি। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
বক্তারা আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভোটাধিকার হরণ ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি কোনো শ্রমিক সংগঠনে দেখতে চান না তাঁরা। বাখরাবাদে এমন পরিস্থিতি তৈরি হোক, যেখানে সাধারণ শ্রমিক-কর্মচারীরা তাঁদের পছন্দের নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হবেন-তা কাম্য নয়। তাঁরা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে সংগঠনের সদস্যদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষা, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সদস্যদের আস্থা ধরে রাখার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট নেতৃত্বের প্রতি আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে কাজী জসিম মান্না বলেন, একটি চক্র কালো টাকার প্রভাব খাটিয়ে শ্রমিক-কর্মচারীদের ভোটাধিকার হরণ করার চেষ্টা করেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, “আমি আমার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রমিক-কর্মচারীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অচিরেই আপনারা ভোট দিতে পারবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।”
তিনি আরও বলেন, শ্রমিক-কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তাঁরা কাজ করে যাচ্ছেন। সদস্যরা যেন তাঁদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সংগঠন পরিচালনার সুযোগ পান, সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় শ্রমিক-কর্মচারীদের অধিকার সুরক্ষা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।