,

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
October 15, 2026
news-image

সাইফুল ইসলাম ফাহাদ:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি কালো ব্যাগ থেকে এসব গাঁজা উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় যুবদল নেতা মাহবুবুল আলম।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর তেতাভূমি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) রূপম কুমার সরকার, এএসআই (নিঃ) কামরুজ্জামান সোহাগসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

অভিযানের একপর্যায়ে হরিমঙ্গল থেকে বাগড়া বাজারগামী পাকা সড়কের পাশে স্থানীয় সালাম মিয়ার বসতঘরের উত্তর দিকে একটি জঙ্গলের ভেতর পড়ে থাকা কালো রঙের ব্যাগ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে ব্যাগটি তল্লাশি করে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা শাহাজ উদ্দিন সাজু, শশীদল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলমসহ এলাকার কয়েকজন উপস্থিত ছিলেন।

পুলিশের এ মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে শশীদল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মাহবুবুল আলম আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন, যাতে কোনো পরিবার মাদকের কারণে ক্ষতিগ্রস্ত না হয়।

স্থানীয় সচেতন মহলের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক সরবরাহের উৎস শনাক্ত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণ সক্রিয় ভূমিকা পালন করলে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর হবে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”