কুমিল্লায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
হাবিবুর রহমান মুন্না:
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।
পরে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ মোকাবিলা ও নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত বিষয়ে বিভিন্ন মহড়ার প্রদশর্ন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অংশ নিয়ে দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয়, নিরাপদে সরে যাওয়া এবং আগুন নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তার। বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ।। এতে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী।
আয়োজনে শিক্ষার্থীদের দুর্যোগ সম্পর্কে সচেতন করা এবং ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তাবিধি অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে প্রস্তুতি এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।