মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কালবৈশাখী ঝড়ে কুমিল্লার ৪ উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৮, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কালবৈশাখী ঝড়ে কুমিল্লার চান্দিনা উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলায় ভেঙ্গে গেছে বৈদ্যুতিক খুঁটি। এতে বিকল হয়ে গেছে বৈদ্যুতিক ট্রান্সফরমার, বিচ্ছিন্ন হয়ে গেছে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক লাইন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে চান্দিনাস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন চারটি উপজেলা।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারের বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে যায় চান্দিনাসহ আশপাশের কয়েকটি উপজেলার বৈদ্যুতিক লাইন।

টানা ২ ঘণ্টার তাণ্ডবে ভেঙে পড়েছে মানুষের ঘরবাড়ি, গাছপালা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বৈদ্যুতিক লাইনে।

সরেজমিনে চান্দিনা উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, কোথাও ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি, কোথাও ছিঁড়ে গেছে তার, কোথাও বিকল হয়ে গেছে বৈদ্যুতিক ট্রান্সফরমার, কোথাও আবার ঘরের মিটার পর্যন্ত আছড়ে পড়েছে।

চান্দিনাস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে চান্দিনা উপজেলাসহ পার্শ্ববর্তী দেবীদ্বার, মুরাদনগর ও বরুড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

ওই সমিতির অধীনে আসাবিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহক মিলে প্রায় ৬ লাখ ৬২ হাজার। প্রায় ৮ ঘন্টা বিদ্যুৎহীন থাকে সব গ্রাহক। পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি টিমের তৎপরতায় বিকাল সাড়ে ৫টায় জাতীয় গ্রীডের প্রধান সংযোগটি সংস্কার করে চান্দিনা বাজার এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হলেও বাকিসংযোগ চালু করা সম্ভব হয়নি।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাসেদুজ্জামান জানায়, প্রচন্ড ঝড়ে আমাদের বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা প্রায় ৮ ঘন্টা পর জাতীয় গ্রীডের সংযোগটি চালু করেছি।

ঝড়ের পর থেকে আমাদের টিম সব জায়াগায় কাজ করছে। আগামী ২/১ ঘন্টার মধ্যে অধিকাংশ সংযোগ চালু করতেও সক্ষম হবো বলে আশা করছি। যেসব স্থানে বেশি ক্ষতি হয়েছে সেই স্থানগুলো রাতের মধ্যে কাজ শেষ করে সকালের মধ্যে চালু করার চেষ্টা করবো।